Chapter 68 of 109
বউ - নির্মলেন্দু গুণ
1 min read
কে কবে বলেছে হবে না? হবে,বউ থেকে হবে । একদিন আমিও বলেছিঃ 'ওসবে হবে না ।' বাজে কথা। আজ বলি, হবে, বউ থেকে হবে । বউ থেকে হয় মানুষের পুনর্জন্ম, মাটি,লোহা, সোনার কবিতা, ---কী সে নয়?
গোলাপ, শেফালি, যুঁই, ভোরের আকাশে প্রজাপতি, ভালোবাসা, ভাগ্য, ভাড়াবাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি । ছড়িয়ে ছিটিয়ে ছিল, দুইজন্ম এবার মিশেছে, দেখা যাক ।
হতচ্ছাড়া ব্যর্থ প্রেম, গাঁজা, মদ, নৈঃসঙ্গ আমার ভালোবেসে হে তরুণ, তোমাকে দিলাম, তুমি নাও । যদি কোনদিন বড় কবি হও, আমার সাফল্য কতদূর একদিন তুমি তা বুঝিবে ।
আমি কতো ভালোবাসা দু'পায়ে মাড়িয়ে অবশেষে, কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে । আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে ।
তার শয্যাপাশে আমার হয়েছে স্থান, মুখোমুখি, অনায়াসে আমি তা বলি না, বলে যারা জানে দূর থেকে । আমি কাছে থেকে জানি, বিনিময়ে আমাকে হয়েছে দিতে জীবনের নানা মূল্যে কেনা বিশ্বখানি, তার হাতে তুলে । অনায়াসে আমিও পারিনি । ক্রমে ক্রমে, বিভিন্ন কিস্তিতে আমি তা দিয়েছি, ফুলে ফুলে ভালোবেসে যেভাবে প্রেমিক ।
প্রথমে আত্মার দ্যুতি, তারপর তাকে ঘিরে মুগ্ধ আনাগোনা । স্বর্গের সাজানো বাগানে পদস্পর্শে জ্বলে গেছি দূরে, তারপর পেয়েছি বিশ্রাম । আজ রাত সম্পর্কের ভিতরে এসেছি ।
সবাই মিলবে এসে মৌন-মিহি শিল্পে অতঃপর, তোমার প্রদত্ত দানে পূর্ণ হবে পৃথিবী আমার ।