Chapter 25 of 109
১৩৩৩ - জীবনানন্দ দাশ
4 min read
তোমার শরীর ,- তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা,- হয়েছে মলিন চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি ,- পৃথিবীর পথ হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে ! কত দেহ এল,- গেল, - হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব;- সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে ব’সে আছি,- সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া ! তোমার শরীর,- তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে,-ফ’লে গেছে কতবার, ঝ’রে গেছে তৃণ !
আমারে চাও না তুমি আজ আর,- জানি ; তোমার শরীর ছানি মিটায় পিপাসা কে সে আজ ! – তোমার রক্তের ভালোবাসা দিয়েছ কাহারে ! কে বা সেই !- আমি এই সমুদ্রের পারে ব’সে আছি একা আজ ,- ঐ দূর নক্ষত্রের কাছে আজ আর প্রশ্ন নাই ,- মাঝরাতে ঘুম লেগে আছে চক্ষে তার ,- এলোমেলো রয়েছে আকাশ ! উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা !- তারি তলে পৃথিবীর ঘাস ফ’লে ওঠে ,- পৃথিবীর তৃণ ঝ’রে পড়ে ,- পৃথিবীর রাত্রি আর দিন কেটে যায় ! উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা,- তারি তলে হায় !
জানি আমি – আমি যাব চ’লে তোমার অনেক আগে; তারপর ,- সমুদ্র গাহিবে গান বহুদিন,- আকাশে আকাশে যাবে জ্ব’লে নক্ষত্র অনেক রাত আরো নক্ষত্র অনেক রাত আরো !- ( যদিও তোমারো রাত্রি আর দিন শেষ হবে একদিন কবে ! ) আমি চ’লে যাব,- তবু,- সমুদ্রের ভাষা রয়ে যাবে,- তোমার পিপাসা ফুরাবে না,- পৃথিবীর ধুলো – মাটি – তৃণ রহিবে তোমার তরে , রাত্রি আর দিন রয়ে যাবে ;- রয়ে যাবে তোমার শরীর , আর এই পৃথিবীর মানুষের ভিড় ।
আমারে খুঁজিয়াছিলে তুমি একদিন,- কখন হারায়ে যাই – এই ভয়ে নয়ন মলিন করেছিলে তুমি !- জানি আমি;- তবু ,এই পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ ; দেহ ঝরে , ঝ’রে যায় মন তার আগে ! এই বর্তমান ,- তার দু’পায়ের দাগে মুছে যায় পৃথিবীর’পর একদিন হয়েছে যা – তার রেখা ,- ধূলার অক্ষর ! আমারে হারায়ে আজ চোখ ম্লান করিবে না তুমি,- জানি আমি ;- পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ ;- দেহ ঝরে ,তার আগে আমাদের ঝ’রে যায় মন!
আমার পায়ের তলে ঝ’রে যায় তৃণ ,- তার আগে এই রাত্রি দিন পড়িতেছে ঝ’রে! এই রাত্রি,- এই দিন রেখেছিলে ভ’রে তোমার পায়ের শব্দে ,- শুনেছি তা আমি ! কখন গিয়েছে তবু থামি সেই শব্দ !- গেছ তুমি চ’লে সেই দিন-সেই রাত্রি ফুরায়েছে ব’লে! আমার পায়ের তলে ঝরে নাই তৃণ ,- তবু সেই রাত্রি আর দিন প’ড়ে গেল ঝ’রে!- সেই রাত্রি- সেই দিন- তোমার পায়ের শব্দে রেখেছিলে ভ’রে !
জানি আমি, খুঁজিবে না আজিকে আমারে তুমি আর ;- নক্ষত্রের পারে যদি আমি চ’লে যাই, পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই যদি আমি ,- আমারে খুঁজিতে তবু আসিবে না আজ; তোমার পায়ের শব্দ গেল কবে থামি আমার এ নক্ষত্রের তলে ।- জানি তবু- নদীর জলের মতো পা তোমার চলে;- তোমার শরীর আজ ঝরে রাত্রির ঢেউয়ের মতো কোনো এক ঢেউয়ের উপরে ! যদি আজ পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই যদি আমি চলে যাই নক্ষত্রের পারে,- জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে !
তুমি যদি রহিতে দাঁড়ায়ে !- নক্ষত্র সরিয়া যায়,- তবু যদি তোমার দুপায়ে হারায়ে ফেলিতে পথ-চলার পিপাসা !- একবার ভালোবেসে – যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালবাসা! আমার এখানে এসে যেতে যদি থামি !- কিন্তু তুমি চ’লে গেছ, তবু কেন আমি রয়েছি দাঁড়ায়ে ! নক্ষত্র সরিয়া যায়,-তবু কেন আমার এ পায়ে হারায়ে ফেলেছি পথ-চলার পিপাসা ! একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা !
চলিতে চাহিয়াছিলে তুমি একদিন আমার এ-পথে ,- কারণ , তখন তুমি ছিলে বন্ধুহীন । জানি আমি,- আমার নিকটে তুমি এসেছিলে তাই । তারপর,- কখন খুঁজিয়া পেলে কারে তুমি !- তাই আস নাই আমার এখানে তুমি আর! একদিন কত কথা বলেছিলে ,- তবু বলিবার সেইদিনো ছিল না তো কিছু ;- তবু সেদিন আমার এ পথে তুমি এসেছিলে ,- বলেছিলে যত কথা,- কারণ , তখন তুমি ছিলে বন্ধুহীন ; আমার নিকটে তুমি এসেছিলে তাই ; তারপর- কখন খুঁজিয়া পেলে কারে তুমি,- তাই আস নাই!
তোমার দু’চোখ দিয়ে একদিন কতবার চেয়েছ আমারে । আলো –অন্ধকারে তোমার পায়ের শব্দ কতবার শুনিয়াছি আমি ! নিকটে – নিকটে আমি ছিলাম তোমার তবু সেইদিন,- আজ রাত্রে আসিয়াছি নামি এই দূর সমুদ্রের জলে! যে-নক্ষত্র দেখ নাই কোনোদিন , দাঁড়ায়েছি আজ তার তলে ! সারাদিন হাঁটিয়াছি আমি পায়ে পায়ে বালকের মতো এক,- তারপর,- গিয়েছি হারায়ে সমুদ্রের জলে , নক্ষত্রের তলে ! রাত্রে,- অন্দজকারে ! -তোমার পায়ের শব্দ শুনিব না তবু আজ,- জানি আমি,- আজ তবু আসিবে না খুঁজিতে আমারে !
তোমার শরীর ,- তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা,- হয়েছে মলিন চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি ,- পৃথিবীর পথ হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে ! কত দেহ এল,- গেল, - হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব;- সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে ব’সে আছি,- সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া !