Chapter 25 of 37
দ্য ব্যাড হাজবেন্ড - শামসুল আরেফিন শক্তি
36 min read
(১)
তিথিটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। আড্ডা, ফুচকা-চটপটি-আইসক্রীম, হ্যাং আউট, শপিং। কোথায় গেল সেসব। তোতাপাখির মত কথা বলায় ওর ক্লান্তি আসতনা। বসুন্ধরায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে ওর জুড়ি ছিলনা। এফবিতে পিকগুলো পর্যন্ত ডিলিট করে দিয়েছে মেয়েটা। ওর সুন্দর সুন্দর ঘণ্টা ধরে বেছে কেনা পোশাকগুলো আজ কালো অন্ধকারে ঢাকা। চোখগুলো দেখা যায় অতিকষ্টে। সেদিন ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা কত করে ধরল সিনেপ্লেক্সে যাওয়ার জন্য। এতটা অনমনীয় হওয়া ওর মোটেও উচিত হয়নি।
তিন বছরের চেনা তিথিটা এভাবেই অন্য মানুষ হয়ে যায়। বাইরে কথাই বলেনা, মেয়েদের কণ্ঠেরও নাকি পর্দা আছে [i]। অবশ্য রুমে ঢুকলেই আবার আগের তিথি ফেরত আসে। সেই কাকাতুয়া তিথি।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এখানে সংশয়ের বীজ বুনে সার-সেচ দিয়ে চাষ করা হয়। নাস্তিক্যবাদের মালীরা ক্লাসে এসে পড়ায়-- সূরা নিসার আলোকে নারীর অবস্থান। এটা নাকি জার্নালিজমের টপিক। পর্দানশীন মেয়েরা এখানে এসে ৪ বছর পর ওড়না পরতেও ভুলে যায়। সারা জীবন নামায কাযা না হওয়া ছেলেটা বেমালুম ভুলে যায় সূরা ফাতিহা। তিথির ব্যাপারটায় স্যাররা বেশ বিরক্ত। এক ম্যাডাম তো প্রতি ক্লাসেই দশ মিনিট করে চুলকোয় তিথি এ্যালার্জিতে।
-
‘এই মেয়ে, তোমার পোশাকের মত তোমার ভবিষ্যতটাও অন্ধকার। পাশ করে করবেটা কী?’, ক্লাসে উনার কিছু বাঁধা চেলা লুফে নেয় টিটকারিগুলো।
-
ম্যাডাম, অনলাইন জার্নালিজমে ক্যারিয়ার গড়তে চাই। পেশা হিসেবে লেখালেখিও করতে চাই।
-'হবেনা, তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা। রান্নাঘরে স্বামীর সেবাদাসী হওয়াটাই তোমার ক্যারিয়ার', কেউ দেখল না নিকাবের আড়ালে অপমানের লালিমা। শুধু একজন দেখলেন। যিনি সব দেখেন। চৈতি চেনে তিথিকে। মুখের আগায় ওর রেডিই থাকে ধারাল জবাব। অবাক চৈতির সামনে এরকম কতদিন গেছে। একবারও উত্তর দেয়না মেয়েটা। কোথা থেকে এলো ওর এত ধৈর্য্য, এত দৃঢ়তা।
-
কীরে তিথি, তুই প্রতিদিন ওই মহিলার কথা সহ্য করিস কেন?
-
জবাব দিয়ে কি লাভ। সাবেরী ম্যাডামদের জবাব বুঝার যোগ্যতা তো আপাতত ইউরোপ-আমেরিকায় বন্ধক আছে। শুধু শুধু।
-
দাঁড়া, এর পরদিন আমিই দু’কথা শুনিয়ে দেব। বুঝেছি,তুই কিছুই বলবিনা।
সেদিন কি হল জানেন? জোবায়েদ ফেরদৌস স্যার তো একটু বেশিই করে ফেললেন।
- ‘এই মেয়ে, তুমি এতো পড়াশুনো করে কী করবে। একটা মোল্লাকে বিয়ে করে হাঁড়ি ঠেলা শুরু করে দাও। আর মোল্লা তো তোমাকে লাঠি দিয়ে পিটাবে দৈনিক দুইবেলা। কুরআনে তো বউ পেটানোর লাইসেন্স দেয়াই আছে’।
হাসির রোল পড়ে যায় ক্লাসে।
- ‘স্যার,আমরা সবাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছি— জার্নালিজম শিখতে’। চৈতি দাঁড়িয়ে প্রতিবাদ করল। ‘আপনার এই কথাগুলো প্রাসঙ্গিক মনে হচ্ছেনা’।
খাটো মানুষরা একটু রাগী প্রকৃতির হন। স্যারের রাগতে একটু সময় লাগল। ধাক্কা সামলে নিয়ে বললেন, ‘ আমার ক্লাসে আমি কি বলব না বলব— তা নিতান্তই আমার ব্যাপার। বোথ অফ ইউ গেট আউট অফ মাই ক্লাস’।
আরো ৩/৪ জন ছেলেমেয়ে প্রতিবাদ করে উঠল। পদলেহীবৃন্দ পদলেহনমূলক বক্তব্য প্রদান করতে লাগলেন। বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হল কিছুক্ষণের জন্য। স্যার বললেন, ‘আজ সূরা নিসার আলোকে ইসলামে নারীর অবস্থান নিয়ে আলোচনা করব। যদি কারো আপত্তি থাকে, লিভ দ্য ক্লাস’। জনা পনেরো ছেলেমেয়ে বেরিয়ে গিয়েছিল সেদিন। বাকিরা যোগ দিল খিস্তি-খেউড়ে।
নিজের কাপড় ইস্ত্রী করছে তিথি। চৈতি নিজের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছে। সামনে সেমিস্টার ফাইনাল। পড়ার চেয়ে পড়ার আয়োজনটা এখন বেশি জরুরী ও সময়সাপেক্ষ।
-
আচ্ছা তিথি, সাবেরী ম্যাম-জোবায়েদ স্যার যে মাঝে মাঝেই বলে যে, ইসলাম নারীকে পরিবারে হেয় করেছে। স্বামীর দাসীতে পরিণত করেছে। এই এক রেকর্ড শুনতে শুনতে কান পচে গেল। আসলে ব্যাপারটা কী রে?
-
আসলে ব্যাপার কিছুই না। উনারা একটু বেশি শিক্ষিত তো, তাই বাপকে বলে চাষা।
-
মানে কি?
-
মানে হল, ব্রিটিশরা ১৯০ শাসন করে যে কামাইটা করেছে তা হল কয়েক প্রজন্ম মনদাস তৈরি করেছে। আমরা মানসজগতে এখনো ব্রিটিশের দাস।
তাই হানাদার পাকিস্তানকে ঘৃণা করি, কিন্তু হানাদার ইংল্যাণ্ডে-ইউরোপে সেটেল হওয়ার জন্য পাগল।
বাংলা বলতে গেলে তোতলাই, দু’কলম দরখাস্ত লিখতে পারিনা; কিন্তু IELTS এ ভর্তি হই।
ইউরোপ আমাদের জান্নাত, ওদের মিডিয়া আমাদের জন্য ওহী।
ভার্সিটি বা অন্য কোন সেবার নামে ইউরোপিয়ান-আমেরিকান এসব শব্দ থাকলেই আমরা ভাল খাই।
ইসলামকেও আমরা ওদের চশমাতেই দেখি। ওদের মন্তব্যেই ইসলামকে বিচার করি।
অথচ ইসলামের জন্মলগ্ন থেকেই পশ্চিম ইসলামের শত্রু। ১১ টা ক্রুসেডের ৯ টা তে জিতে [ii] আমরা এখন হেরে গেছি মনস্তাত্বিক ক্রুসেডে। এখন শত্রুর চোখে নিজেদেরকে দেখে সন্দেহ-হতাশা ছড়াই। বুঝলি কিছু?
-
হুমমম, তাহলে পরিবারে স্বামী-স্ত্রী সম্পর্কটা কী ইসলামে— একটু খুলে বলবি?
-
আচ্ছা, শোন তাহলে। একটা মজার ইনফরমেশন দিয়ে শুরু করি। বাংলা গৃহিণী আর ইংরেজি Housewife শব্দটার ভাব একই। যে ঘরে থাকে। ‘সন্ন্যাসী’র বিপরীত শব্দ কী পড়েছিলাম মনে আছে?
-
‘গৃহী’। তাইতো, যে ঘরে থাকে সে গৃহী, আর যে মহিলা ঘরে থাকে সে গৃহিণী। [iii]
-
ঠিক ধরেছিস। Housewife ও একই। যে wife থাকে Houseএ [iv]। শব্দ দুটোর মধ্যে একটা অকর্মা, কিছুই করেনা— জাতীয় একটা ভাব লক্ষ্য করেছিস? ইদানীং নারীবাদীদের প্রচেষ্টায় Housewife এর স্থলে Home-maker শব্দের চল হয়ে অকর্মা ভাবটা দূর হয়েছে।
-
তো কি বলতে চাচ্ছিস?
-
আরবি ভাষার ব্যাকরণ গঠিত হয়েছেই কুরআনকে কেন্দ্র করে, আর প্যাগান আরব সংস্কৃতিকে ঢেলে সাজিয়েছে ইসলাম। মানে বর্তমান আরব ভাষা-সংস্কৃতি পুরোটাই ইসলাম থেকে উৎসারিত। আরবি ভাষায় স্ত্রীকে দেয়া উপাধি হল “রাব্বাইতুল বাইত”। মানে হল ঘরের প্রতিপালক, মানে যিনি ঘরের বিষয়াদি চালান-পরিচালনা করেন-ম্যানেজ করেন। আল্লাহর একটা গুণবাচক নাম “রব্ব”,প্রতিপালক। এই শব্দটার স্ত্রীবাচক শব্দ “রাব্বাইতুন”। আল্লাহপাক যেভাবে সারা সৃষ্টিজগত দেখভাল করেন, প্রতিপালন-পরিচালনা করেন। নারীও ঘরের দেখভাল করে, পালন ও চালনা করে। শব্দটার মধ্যে কর্মব্যস্ততা, সৃষ্টিশীলতা, ক্ষমতা,দায়িত্ব, সম্মান— কী নেই। [v]
-
‘দারুণ তো। শব্দটা থেকেই ইসলামে নারীর পারিবারিক অবস্থান আঁচ করা যায়’। চৈতির চোখেমুখে উত্তেজনা।
-
কুরআনের যে আয়াতটা নিয়ে উনারা বেশি চুলকান সেটা হল সূরা নিসার ৩৪ নম্বর আয়াত। তবে এই আয়াতটা বুঝার আগে আমাদের সূরা বাকারার ২২৯ নম্বর আয়াত বুঝতে হবে। আর বুঝতে হবে নবীজী সাঃ যেভাবে বুঝিয়েছেন সেটা। পশ্চিমা গবেষকদের বুঝ বুঝলে মনদাসদাসী হয়ে যেতে হবে। কুরআন এবং কুরআনের বুঝ-ব্যাখ্যা দুটোই তাঁর উপর নাযিল হয়েছে। আল্লাহ বলেছেনঃ আপনাকে কষ্ট দেয়ার জন্য আমি ……[vi]
-
আচ্ছা। বেশ।
-
তো সূরা বাকারার ঐ আয়াতে আল্লাহ বলছেন...তার আগে একটা কথা—
কুরআন বাইবেলের মত ইতিহাসবিবরণী নয়, বেদ-ত্রিপিটকের মত মন্ত্র-শ্লোকের বই নয়। কুরআন বিধানের কিতাব। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন সংবিধান; তেমনি রাষ্ট্রীয়-সামাজিক-অর্থনৈতিক-পারিবারিক-ব্যক্তিগত মোটকথা মানবজীবনের সব সেক্টর পরিচালনার সংবিধান হল কুরআন। শুরুতেই কুরআন নিজের পরিচয় দিয়ে নিচ্ছে যে এটা কিসের বই। “হুদাল লিল মুত্তাক্বীন”— যারা মুত্তাক্বী, ইসলামী আদর্শবাদী তাদের পথনির্দেশ এটা, ডিরেকশন, বিধান। [vii] আমার পুরো আলোচনা জুড়ে এটা মনে রাখবি।
-
বুঝলাম। আচ্ছা।
-
এই আয়াতে আল্লাহ নারীর অধিকার সংরক্ষণের জন্য পুরুষকে বিধান দিচ্ছেন। আর পরের আয়াতে পুরুষের অধিকার সংরক্ষণের জন্য নারীকে বিধান দিচ্ছেন। পুরুষকে বলে দিচ্ছেন, যদি স্ত্রীসহবাস না করার প্রতিজ্ঞা করে বসো, তবে চার মাসের মধ্যে মিটমাট করে নাও, বছরের পর বছর সেপারেশনে রেখে স্ত্রীকে কষ্ট দেয়া চলবেনা। চার মাস পেরিয়ে গেলে নতুন করে বিয়ের হাঙ্গামা করতে হবে কিন্তু। আর যদি তালাক দিয়েই দিতে চাও তবে অন্তরের খবর কিন্তু আমি জানি। আর স্ত্রীকে বলে দিচ্ছেন, যদি তোমার তালাক হয়েই যায় তবে ৩ মাসিক পর্যন্ত অপেক্ষা করো যাতে বুঝা যায় আগের স্বামীর সন্তান তোমার গর্ভে নেই। এরপর নতুন স্বামী গ্রহণ করো। নাহলে আবার আগের স্বামীর সন্তান পরের স্বামীর ঘাড়ে এসে পড়বে।
এরপর আল্লাহ বলছেন- ‘আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, তেমনি নিয়মানুযায়ী স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষের উপর’, তার মধ্যেই একটা অধিকার আগে আলোচনা হল যে, সেপারেশন অনির্দিষ্টকাল হবেনা, সর্বোচ্চ ৪ মাস । পারিবারিক বিষয়ে সমানাধিকার ডিক্লেয়ার করে আল্লাহ এখন বলছেন কিভাবে এই সমানাধিকার নিশ্চিত করা হবে?
পুরুষ তো গায়ের জোরে নিজেরটুকু আদায় করে ফেলবে, স্ত্রী তো গায়ের জোর খাটাতে পারবেনা। তো সমাধান হল পরের কথাটা— ‘আর নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে’। উভয় পক্ষের অধিকার ও কর্তব্য সমান হওয়া সত্তেও পুরুষকে এক স্তর বেশি মর্যাদা দেয়া হয়েছে। এর অর্থ লুকিয়ে আছে পরের অংশে— ‘আল্লাহ তোমাদের (উভয়ের উপরে) মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়’।
এই একস্তর বেশি মর্যাদা অধিকারের নয়, সতর্কতার। যেহেতু স্ত্রীরা জোর খাটিয়ে সমানাধিকার আদায় করতে পারবেনা, তাই তাদের অধিকার আদায়ের জিম্মা বা দায়িত্ব পুরুষের অতিরিক্ত। যদি স্ত্রীলোকের পুরুষের অধিকার আদায়ের ব্যাপারে গাফলতি হয়ে যায় তবে পুরুষ তা সহ্য করে নেবে, কিন্তু যখন স্ত্রীর অধিকার আদায়ের প্রশ্ন আসবে তখন মোটেই অবহেলা করবেনা [viii]।
আবার মনে করিসনা যে নারীবাদীদের তোপের মুখে হুজুররা এই ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এটাই কুরআন ব্যাখ্যাকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সাহাবী ইবনে আব্বাস রাঃ এর ব্যাখ্যা— নারীবাদের জন্মেরও হাজার বছর আগের ব্যাখ্যা। নারীর উপর পুরুষের এই মর্যাদা খবরদারি আর শাসনের নয়, বরং দায়িত্ব আর স্যাক্রিফাইসিং মেন্টালিটির জন্য দেয়া হল। [ix](মাআরেফুল কুরআন)
-
ছোটবেলায় কোন খেলনা যখন একইসাথে আমি আর আমার ছোটভাই চাইতাম তখন বাবামা খেলনাটা ছোটভাইকে কিনে দিতেন আর আমাকে বলতেন— ছিঃ চৈতি, জেদ করেনা, তুমি না বড়। তখন আমি বড় এটা ভেবে স্যাক্রিফাইস করাটা সহজ হত। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক একই কাজ করলেন।
-
ওয়াও চৈতি, দারুণ বলেছিস। পুরুষকে এভাবেই আল্লাহ একস্তর মর্যাদা স্মরণ করিয়ে স্যাক্রিফাইস নিলেন। আর দুর্বল নারীর সমানাধিকার নিশ্চিত করলেন পুরুষকে দিয়েই। কত সুন্দর। অথচ এ বিষয়টা নিয়ে কত কথা— ইসলাম খারাপ, হ্যানত্যান।
আচ্ছা শোন, ১২টা বেজে গেছে। গোসল নামায শেষ করে নিই। খেয়েদেয়ে বলব,সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে কী আছে, ঠিক আছে?
একজনের চোখের কোণা চিক চিক করছে।
ময়লা আবর্জনা ধুতে একটু পানি তো লাগেই, না?
(২)
পরিবেশ। সারাউন্ডিংস। চরিত্র-বিবেক-মানসিকতা গঠনের সবচেয়ে বড় ফ্যাক্টর। যদি বলি একমাত্র ফ্যাক্টর, তবে ভুল হলেও খুব বেশি ভুল হবেনা। একজন ডাক্তারকে যদি ক্যান্টনমেন্ট ঘুরিয়ে আনা যায় তবে আর্মিদের ঠাঁটবাট দেখে একবার হলেও হৃদয়ের কোণে চর জাগার মত জেগে উঠবে, আর্মি অফিসার হলে নেহাত মন্দ হতোনা, বড় ছেলেটাকে আর্মি অফিসার বানাবো। আবার আর্মির বড় অফিসারকে হাসপাতাল বা লম্বা সিরিয়ালওয়ালা প্রফেসারের চেম্বার ঘুরিয়ে আনলে তারও মানসপটে ভেসে উঠেই হারিয়ে যাবে— বাহ, কত মানুষের সেবা করছে,আমিও যদি পারতাম। প্রচুর অর্থসমাগম, সাথে মানুষের সেবা, আবার সম্মানও। ছোট মেয়েটাকে ডাক্তারি পড়াতেই হবে, নিজে পড়িনি তো কি হয়েছে।
সঙ্গদোষে লোহা ভাসে। উপাদানগতভাবেই মানুষ পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। হিউম্যান নেচার। কিচ্ছু করার নেই। কত মদখোর পরিবেশে গিয়ে তাহাজ্জুদগুজার হয়,আবার কত তাহাজ্জুদ্গুজার পরিবেশের কারণে তুলে নেয় সুরাপাত্র— তার ইয়ত্তা নেই। যিনি মানুষ বানিয়েছেন তিনি খুব ভালো করেই জানেন আমি এদের কি দিয়ে বানিয়েছি। সমাধানটাও বলে দিয়েছেন— কুনু মাআস সদিক্বীন, সত্যবাদীদের নেককারদের সাথে থাকো। আমলওয়ালাদের পরিবেশে থাকো, পাঁচবার দৈনিক পরিবেশে ঢোকো, স্মরণকারীদের মজলিসে যাও। নবীজী বলে দিয়েছেন— একাকী থেকোনা, একা বকরী বাঘে খায়। জামাতবদ্ধ জীবন ছেড়োনা। পরিবেশ।
মাসুদ এত তাড়াতাড়ি বদলে যেতে চায়নি। ভেবেছিল ইসলামের বিধান অনুযায়ী চলার চেষ্টা করবে, কিন্তু বিয়েশাদীর পর,এখনই না। কেবল দামাল ছেলেদের কমিটি হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। ৪টা বছর এই কমিটির জন্য গাধার মত শ্রম দিলাম, এখনমাত্র পোস্ট পেয়েছি, এখন একটু হালকা রংবাজি-স্টান্ডবাজি-হম্বিতম্বি না করলে কেমন হয়। তাছাড়া কো-এডুকেশনে এতো অপ্সরীদের মাঝে ইসলাম অনুযায়ী চলা? অসম্ভবেরও এক কাঠি উপরে। এখন যা চলছে চলুক, একবারে বিয়ে করে দরবেশ হয়ে যাব। প্ল্যান ছিল এটাই।
কিন্তু ওই যে পরিবেশ। ফাইনালের পর অদৃশ্য কেউ প্রায় অর্ধচন্দ্র দিয়ে ওকে পাঠিয়ে দিল পরিবেশে। চার মাস। আজব এক পরিবেশ। আজব এক অনুভূতি। যার তুলনা কিছুর সাথে নেই। প্রতি নিশ্বাসে মিন্ট ফ্লেভার, প্রতি অশ্রুতে থাকে হাসি, প্রতি হাসিতে সুখের মত ব্যথা। বুকটা যেন ভরা, যেন শূন্যতার শূন্যতা। যেন আমি সব পেয়ে গেছি। আসলেই তো সে আমার তো সারা দুনিয়া আমার। পরিবেশ থেকে ফিরে ছেলেটা একেবারেই বদলে গেল। মেয়েবন্ধুরা ইয়ার্কি করে সালাম দেয়া শুরু করল। চরম মেয়েঘেঁষা ছেলেটা নতুন কেনা জুতোর রূপ দেখতে দেখতে নারীশংকুল এলাকা ক্রস করে এখন। ইন্টার্নীতে স্যার-ম্যাডাম-বড়ভাইরা চোখ কপালে তুলে— এই তুমি মাসুদ না, ওই যে শর্টফিল্মে অভিনয় করেছিলে? তোমার এই অবস্থা কিভাবে? আর সিস্টাররা ডাকে ‘হুজুর স্যার’। হুজুরও, স্যারও। ইজ্জত আল্লাহর হাতে, যাকে ইচ্ছা দান করেন।
নতুন রুমে মাসুদ, জাহিদ আর সাগর ভাই। শুধু আগের ব্যাচের বলে সাগর ভাইকে ভাই ডাকে ওরা। নইলে হেতে তো বন্ধুর চেয়েও বেশি। জাতীয় ছয় নেতা ২১২ নম্বর রুম ছেড়ে ৩ রুমে ভাগ হয়ে গেছে। জাহিদ নিরুপদ্রব মানবশিশু। আর সাগরভাই দিন বিশেক পরিবেশে ছিলেন। পরে এসে বিপরীত পরিবেশে ফিরে গিয়ে আগের লাউ এখন কদু হয়েছেন। তবে ফ্রেশ মনের মানুষ, আল্লাহ আবার ফিরিয়ে আনবেন আশা করা যায়। তখন সময়টা টালমাটাল প্র্যাক্টিসিং মুসলিমদের জন্য। ব্লগ বলে যে একটা জিনিস আছে, সেখানে ইসলাম ও নবীজীকে নিয়ে ভাষার ইতিহাসে কুৎসিততম শব্দগুলো দিয়ে বাক্য রচনা করা হচ্ছে— এ বিষয়গুলো আলোচনার তুঙ্গে। কেউ প্রতিবাদী, কেউ বাদী, কেউ বিবাদী।
জাহিদ কোথা থেকে কী পড়ে এসে আজ জিজ্ঞেস করেছে সূরা নিসা নিয়ে। ইসলাম নারীকে ছোট করেছে, পুরুষের অধীন করে দিয়েছে, মারার অধিকার দিয়েছে ইত্যাদি ইত্যাদি। মাসুদ পরিবেশ থেকে এসেই তাফসীর আর নাজেরা পড়া শুরু করেছে মসজিদের মুফতি ইয়াকুব সাহেবের কাছে। সূরা নিসা শেষ করেছে বেশিদিন হয়নি। জাহিদের উত্তরগুলো তাই ছবির মত মাথায় সাজানো। মাত্র সাগর ভাইও যোগ দিলো।
-
আচ্ছা। এই হল সূরা বাকারার ২২৯ নম্বর আয়াত। তাহলে পুরুষের যে ধরনের কর্তৃত্বের কথা ইসলাম বলছে সেটা কিছুটা বুঝেছিস হয়ত।
-
হুমমম, কিছুটা।
-
তাহলে আসো সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে।
ইসলামপূর্ব পৃথিবীতে নারী ছিল অবমানব, দ্বিতীয় শ্রেণীর মানুষ। আরেকদিন বলব ডিটেইলস। কুরআন তো সমাধান নিয়েই এসেছে। তাই পৃথিবীর অর্ধেক জনসংখ্যার এই ম্যাসিভ নিগ্রহ অবশ্যই একটা বড় সমস্যা। তাই একটা আলাদা চ্যাপ্টারই দেয়া হল— অধ্যায়ঃ নারী, সূরা নিসা।এই সূরার প্রথম থেকে ৩৪ নম্বর আয়াত আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে তার অধিকাংশ নারীর অধিকার সম্পর্কিত বিধান।
. মানবজাতির উৎস হিসেবে নারীর মর্যাদা দিয়ে শুরু। Respect the womb that bore you.এ ধরনের একটা মেসেজ।[x]
. এতীমের ব্যাপারে বিধান[xi]
. এতীম মেয়েদের বিয়ের ব্যাপারে বিধান[xii]
. বহুবিবাহ সীমিতকরণ, আগে ছিল লাগাম ছাড়া। এখন লাগাম দেয়া হল। [xiii]
. একবিবাহ উদ্বুদ্ধকরণ [xiv]
. স্ত্রীর মোহর পাবার অধিকার ( সিকিউরিটি মানি হিসেবে)[xv]
. নারীর সম্পত্তিতে উত্তরাধিকার প্রবর্তন, আগে কিছুই পেতনা। [xvi]
. নারীর উপর ব্যভিচারের মামলা কঠিন করা হল যাতে চাইলেই অপবাদ দেয়া না যায় নারীকে। [xvii]
. নারী মৃতব্যক্তির সম্পত্তি গণ্য হত। ওয়ারিশ তাকে জোর করে বিয়ে করত বা টাকার বিনিময়ে অন্যত্র বিয়ে দিত। পুরুষ নিজেকে নারীর জানমালের মালিক ভাবত। এটাকে এবং এই মানসিকতা থেকে যত জুলুম হতে পারে সেগুলো হারাম করা হল।[xviii] (আবু দাউদ ২০৮৯,২০৯০)
. কোন কোন নারীকে বিবাহ করা যাবেনা সে বিধান দেয়া হল। আগে সৎমাকে বিয়ে করার ন্যাক্কারজনক রীতি ছিল।
. এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এসব অধিকার লঙ্ঘন হলে তীব্র শাস্তির হুমকি এবং অধিকার আদায় করলে লোভনীয় অফার দেয়া হল।[xix]
-
পড়ে দেখতে হবে তো পু্রোটা।
-
ওরা তো শুধু ওই আয়াতটাই লিখবে? তাহলেই বুঝে নাও এতো কিছু বাদ দিয়ে ঐ আয়াতটাই তোমার সামনে আনা হচ্ছে। কারা আনছে? কেন আনছে? চিন্তার বিষয় আছে কিনা?
-
‘হুমমম। তারপর?’ জাহিদ বেশ উৎসুক।
-
এগুলো কিন্তু নারীকে উদ্দেশ্য করে বলা হয়নি। এতক্ষণ পুরুষকে শোনানো হল যে নারীর কি কি অধিকার তোমার উপর আছে। এখন পুরুষকে বলা হচ্ছে ৩৪ নম্বর আয়াতে— তোমরা না বড়, তোমরা না কর্তৃত্বে, তাই তোমরাই স্যাক্রিফাইস করে হলেও নিশ্চিত করবে ওদের এসব অধিকার।[xx]
-
জোশ, কুরআনের এই জায়গাটার ভাবটা দারুন লেগেছে, মাসুদ। একদম মাবাপের মত। যেন কত আপন কোন অভিভাবক বলছেন এভাবে। তাইনা জাহিদ?
-
হ ভাই।
-
আল্লাহ তো আমাদের অভিভাবকই। বাবামায়ের চেয়েও আপন। আরো কাছের। আমরাই চিনতে পারিনা, চিনতে চাইওনা। এরপর আল্লাহ জানাচ্ছেন পুরুষকে যে, তোমাদের কর্তৃত্বে দিলাম। কিন্তু কেন দিলাম?
এক, তোমাদের প্রভাব-প্রবল বৈশিষ্ট্য ওদের চেয়ে বেশি দিয়েছি। শক্তি, প্রতিকূল পরিবেশে কর্মদক্ষতা ও কর্মধারাবাহিকতায় শারীরিকভাবেই অ্যাডভান্টেজ পায় পুরুষ। বিশেষ বিশেষ সময়ে পিরিয়ডের সময়, প্রেগন্যান্সির সময়, মেনোপজের পর নারীর কর্মদক্ষতা, মানসিক দক্ষতা হ্রাস পায়; পরনির্ভরশীলতা এসে পড়ে। স্বাভাবিকভাবেই, যেটা পুরুষের আসেনা।[xxi]
দুই, যেহেতু নারীদের যাবতীয় প্রয়োজনের নিশ্চয়তা নিজের অর্জিত সম্পদের দ্বারা দিতে তোমাদের বাধ্য করেছি। আমরা স্ত্রীদের খরচ দিতে বাধ্য, আমাদের জন্য ওয়াজিব [xxii]। কিন্তু মেয়েদের সম্পদ সেটা বাবার বাড়ি থেকেই পাক, মোহরানা হিসেবে পাক,আর নিজেই উপার্জন করুক, সংসারে জন্য খরচ করতে স্ত্রীরা বাধ্য না [xxiii]। এ আলোচনা আরেকদিন হবে।
-
কিন্তু, দোস্ত...
-
প্রশ্ন পরে করতে দেব। আগে শুনে নে।
আর এর পরের আয়াতে নারীদেরকে বলা হচ্ছে— তোমাদের সব অধিকার পুরুষরা দেবে, দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। যেহেতু তোমরা জোর করে আদায় করতে পারবেনা, তার দরকারও নেই। তোমরা শুধু ওদের অনুগত থেকো, কর্তৃত্ব মেনে নিলেই সব পাবে,ব্যবস্থাটা সেভাবেই করেছি। তোমাদের উপর ওদেরও অধিকার আছে যে, তোমরা নিজের ইজ্জত ও স্বামীর সম্পদের হেফাজত করবে— এটা করো। তোমরা তোমাদের কাছে থাকা ওদের অধিকার পুরো করো, খিয়ানত করোনা। ওরাও ওদের কাছে থাকা তোমাদের অধিকার নষ্ট করবেনা। ব্যালেন্স। সুবহানাল্লাহ।
এরপর বলা হচ্ছে যদি এই ব্যালেন্স নষ্ট হয় তখন কি করণীয়। যেহেতু পুরুষকে অ্যাডমিন করা হল এখন কর্মপদ্ধতি বলে দেয়া হচ্ছে। যদি মেয়ের কারণে ব্যালেন্স নষ্ট হয় তখন পরিবার বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হবেঃ
এক, স্ত্রীকে বুঝাও, মোটিভেট করো।
দুই, এতে কাজ না হলে স্ত্রীর বিছানা পৃথক করে দাও। এটা তার জন্য সতর্কীকরণ। টেম্পোরারি সেপারেশান।
তিন, এতেও সে সতর্ক হচ্ছেনা সীমিত আঘাতের অনুমতি দেয়া হল পরিবার বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। সেই সীমা হল, আঘাতের প্রতিক্রিয়া প্রকাশ পাবেনা, দাগ হবেনা। তাহলে কি নামেমাত্র মার হল সেটা একটু ফুলবেওনা, একটু ব্যথাও হবেনা, একটু লালও হবেনা।
-
এটা আবার কেমন মার হলো রে।
-
আরে হ্যাঁ ভাই, এই নিয়েই তো এত কথা। এই নাম কা ওয়াস্তে মারকেও নবীজী বললেনঃ ভাল লোক এমনটাও করেনা। [xxiv] আবু দাঊদ ২১৪২-২১৪৭
শেষে পুরুষকে আবার একটা ধমকি আছে যদি কর্তা পুরুষের কারণে ব্যালেন্স নষ্ট হয়। যেভাবে যা বলা হল এতে বাড়াবাড়ি করোনা কর্তৃত্ব পেয়েছো বলে । আল্লাহ তোমাদের উভয়ের উপর কর্তৃত্ববান, শ্রেষ্ঠ। এমন কোন মর্যাদা দেই নি যে যা খুশি তাই করবে। খবরদার। [xxv]
এই হল সূরা নিসার ৩৪ নম্বর আয়াত। এখন জাহিদ, তোর প্রশ্নগুলো কর।
-
এখন একটু চা-বিড়ি হলে কেমন হয়? দাঁড়া একটু। জাহিদের বাচ্চা, হাজারীরে ফোন লাগা। আমি একটু কাদিয়ানী অফিস থেকে আসি। খবরদার শুরু করিসনা যেন।
-
কাদিয়ানী অফিস মানে? কই যান ভাই?
-
আরে টয়লেটে। তুই হাজারীরে ফোন দিয়ে ৩ টা চা আর একটা বেনসন লাইট পাঠাতে বল।
-
‘দিচ্ছি’, আলাদীনের চেরাগ বের হল। টিপলেই চা-বিড়ি-নুডলস এলে হাজির হয়। নেতাগিরি করে নাও। ডাক এলো বলে।
দম ফুরালে আর নেতারা কেউ থাকবেনা, শুধু হুজুররা থাকবে। আজরাইল হুজুর, মুনকার নাকীর হুজুর, সব ফেরেশতারাই হুজুর। নন-হুজুর কেউ নেই। হুজুরদের সাথে যেমন মনোভাব, যেমন সম্পর্ক, মরার পর হুজুরেরাও তেমন ব্যবহার করবে। হুজুর দেখলে যদি ভয় লাগে, ওপারের হুজুরেরাও তবে ভয়ই দেখাবে। হুজুর দেখলে যদি ভালোবাসা আসে, তবে ওনারাও ভালোবাসবে। আর সবচেয়ে নিরাপদ হল নিজেই হুজুর হয়ে যাওয়া। কিন্তু কবে? মরার পর?না মরার ঠিক আগে? কবে মরবেন জানা আছে তো?
(৩)
দিন চারেক পর। ঐদিন আর বসা হয়নি। আর ৩ দিন পর সেমিস্টার ফাইনাল। কাঁহাতক এই বই আর ক্লাসনোটের অত্যাচার সহ্য হয়। ধূমায়িত কফি হাতে ওরা ছাদে এসে বসল। রাত জাগাই লাগবে বোধ হয় আজ। সিনিয়র কিছু আপুরা এদিকে সেদিকে বসে হেঁটে ফোনে কথা বলছে বাসায়। উম্মত সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। গীবত, অহংকার, রাগ— জবানের যত গুনাহ আছে তাদের মাস্টার কী হল— বদ ধারণা। যার কাছে এই মাস্টার কী থাকবে তার জন্য জবানের গুনাহের দরজা খুলে যাবে।
-
তিথি।
-
বলে ফেলো, সখী।
-
তোর সেদিনের আলোচনা থেকে অনেক কিছুই ক্লিয়ার হয়েছিলাম। বাট দু’একটা বিষয়ে একটু খটকা আছে।
-
কি খটকা, শুনি।
-
আমার প্রথম প্রশ্ন হল, স্বামী পরিবারের কর্তা তার কারণ হিসেবে বলা হল, স্বামী উপার্জন করে খরচ করে। এখন তো মেয়েরাও সমান ভাবে উপার্জন করে। তাহলে স্বামীকে কেন কর্তা মেনে নিতে হবে? অনেক পরিবারে তো আর্নিং মেম্বারই নারী। তাহলে সে পরিবারে কর্তা মেয়েটা হবেনা কেন?
-
জানতাম এই প্রশ্নটাই তুই করবে?
যে পরিবারে শুধু নারী ইনকাম করে তার ক্ষেত্রে বলছি—
প্রথমত, পুরুষের কামাই করা ও পরিবারের উপর খরচ করা ওয়াজিব। বিনা কারণে ঘরে বসে থাকা নাজায়েয। [xxvi]
তাই পুরুষ কামাই না করে ঘরে বসে থাকবে বা ঘরে খরচ দেবেনা এই সুযোগ ইসলাম দেয়নি। এখন নেশাখোর স্বামী সংসারে খরচ না দিয়ে নেশা করবে আর রোজগেরে স্ত্রীর উপর খবরদারি করবে— এর সাথে ইসলামকে সম্পর্কিত করাটা উদ্দেশ্যমূলক। ইসলাম তো নেশাখোরকে নারীর কর্তৃত্ব দেয়নি। স্বামীর নেশার টাকা দিতে ইসলাম বলেনি,যৌতুক দিতে বলেনি— হারাম কাজে কোন আনুগত্য নয়। [xxvii]
আর দ্বিতীয়ত, ঘরের পুরুষ অসুস্থ বা বৃদ্ধ থাকতে পারেন, এজন্য নারী উপার্জন করে সংসার চালান। এখানে বলে দিতে হয়না সেই পরিবারে কার হোল্ড বেশি থাকবে। যে আয় করে তার কথাই গুরুত্ব পায়, এটাই স্বাভাবিক। পুরুষও মেনে নিবে, কারণ উপায় নেই। তবুও এখানে একটা ব্যাপার আছে। দুজনই ইনকাম করে- আগে এই জবাবটা দিয়ে নিই, তাহলে বুঝবি।
-
আসলে আমার মনে হয় দোস্তো, ইসলাম নারীকে অনেক সুযোগ দিয়েছে যেটা আমরা জানিনা বলেই পুরুষের নির্যাতনের স্বীকার হতে হয়।
-
আসলেই, ঠিক বলেছিস চৈতি।
স্বামী নির্যাতন করে, যৌতুক আনতে বলছে, নেশা করে— তালাক চেয়ে নাও। ইসলাম কি বলেছে কামড়ে পরে থাকো। আল্লাহর নাফরমান স্বামীর ঘর করতে আমি বাধ্য না। আরেকটা বিয়ে কর।
ডিভোর্সী মেয়েকে অবিবাহিত ছেলেরা বিয়ে করবেনা এটাই স্বাভাবিক। এখানেই একের অধিক বিবাহের বিষয়টা আসে। একের অধিক বিবাহ প্রচলিত থাকলে নারীর জীবন আরো সহজ হত। পারিবারিক জীবনে নারীর অসহায়ত্ব কমে যেত, স্বামী কোন কথা বলার আগে দু’বার ভাবত, স্ত্রীও নিজেকে এই স্বামীর হাতেই আটক, যেকোন মূল্যে এই স্বামীরই ঘর করতে হবে- এটা ভাবতো না। ইসলামের এই সীমিত একাধিক বিবাহের অনুমতি— এটাও নারীবাদী বিধান, নারীর জন্যই, বিধবা আর ডিভোর্সী নারীর পক্ষে। আরেকদিন বলবো। [xxviii]
-
আচ্ছা, স্বামী-স্ত্রী দুজনই কামাই করে সে পরিবারে কর্তা কেন পুরুষ হবে?
-
আচ্ছা, তোর সবচেয়ে অপছন্দের প্রাণী কি?
-
উমমমমম, মাকড়সা।
-
তেলাপোকা, টিকটিকি, কেন্নো,সাপ— এগুলো ভালো লাগে?
-
টিকটিকি অতটা ভয় লাগেনা। কিন্তু কেন্নো, সাপ? ইইইইক।
-
তুই তো বিড়ালও ভয় পাস, হা হা হা ।
-
হ্যাঁ, আর আপনি তো বীর বাহাদুর।
-
‘তো যেটা বলছিলাম’, হাসি থামিয়ে তিথি বলে চলে,
‘আমরা তেলাপোকা, মাকড়সা এসব নিরীহ কিন্তু বদখদ জিনিস দেখে ভয় পাই, রক্ত দেখে ভয় পাই অজানা আশঙ্কায়। মেডিকেল ছাত্রীদের কথা আলাদা। ৯৯ ভাগ নারী প্রকৃতিগত ভাবেই ৯৯ ভাগ পুরুষের তুলনায় ভীতিপ্রবণ।
এটা কিন্তু তার দুর্বলতা নয়, এই ভীতিই তার অস্ত্র । প্রজন্ম টিকিয়ে রাখার জন্য আল্লাহ বিভিন্ন জীবকে বিভিন্ন অস্ত্র বা কৌশল দেন,সেকুলারীয় ভাষায় বললে- প্রকৃতি দেয়; যা দিয়ে তারা সন্তানদের রক্ষা করে প্রজন্মের টিকে থাকা নিশ্চিত করে। নারীর এই ভয় হল মানবপ্রজাতি টিকিয়ে রাখারই একটা কৌশল। যাতে করে ছোট ছোট বিষয়ে, বিপদের ক্ষুদ্রতম আভাসে নারী সতর্ক হয়, উতলা হয় এবং আগলে ফেলে সন্তানকে। যেমন লক্ষ্য করলে দেখবে, সব প্রাণীর মায়েরা সন্তান জন্ম দেবার পর বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বাচ্চাওয়ালী মুরগীর পাশ দিয়ে হেঁটে গেলেই আপনি তাড়া খাবেন। বাচ্চাওয়ালী কুকুর,ডিমওয়ালা সাপ বেশি অ্যাগ্রেসিভ থাকে। নারীর এই ভীতিপ্রবণতাও তেমনি স্রষ্টাপ্রদত্ত অস্ত্র, দুর্বলতা নয়।
-
ওকে ফাইন।
-
এই ভীতি বা উতলা ভাবের (ইনসিকিউরিটি) কারণে নারীরা পুরুষের তুলনায় বেশি সিদ্ধান্তহীনতায় বা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এটা অস্বীকার করার কিছু নেই। এই ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কা নারীর মমতা, মাতৃত্ব আর সন্তানবাৎসল্য থেকে উৎসারিত। এটাই নারীত্ব। যে উদ্দেশ্যে প্রকৃতি তাকে বানিয়েছে সে উদ্দেশ্য পূরণের জন্য এই বৈশিষ্ট্যগুলো তাকে দেয়া হয়েছে। মূল উদ্দেশ্য প্রজাতির ধারা বজায় রাখা। এটা স্বীকার করে নিলে নারী ছোট হয়না। নারীত্বের পূর্ণতাই নারীর মহিমা।
-
লজিক্যাল মনে হচ্ছে।
-
এবার পুরুষের ব্যাপারটা।
পুরুষ স্বভাবগতভাবে বেপরোয়া। এটাও প্রকৃতিগত ভাবেই তার ভেতর আছে। ভীতু পুরুষ বা সাহসী নারী যে নেই তা আমি বলছিনা। আমি ইন-জেনারেল লৈঙ্গিক মনোজগতের বৈশিষ্ট্য বলছি।
এর প্রয়োজনটাও সেই প্রজাতি টিকিয়ে রাখার কৌশল। যেকোন কিছুকে বিপজ্জনক মনে করলে সে লাভ-ঝুঁকি সাত-পাঁচ কম ভাববে, বেপরোয়া সিদ্ধান্ত নিবে, এবং পরিবার রক্ষায় পেশীশক্তি ব্যবহার করবে যা তাকে দেয়া হয়েছে। এই কাজ নারী জাতিও করে, কিন্তু পরে, শেষ মুহূর্তে। আর পুরুষ করে আগেই। এই বেপরোয়া ভাব পুরুষের প্রথম অস্ত্র, আর নারীর শেষ অস্ত্র— প্রজাতি বাঁচানোর।
আরেকটু সহজ করে বলি। ধর, ঘরে একটা সাপ ঢুকলো। এরপর কি ঘটনাগুলো ঘটবে, চিন্তা কর। স্ত্রী চিৎকার করে বাড়ি মাথায় তুলবে, বাচ্চাগুলোকে সামলাবে, নিয়ে খাটের উপর উঠবে। আর স্বামীটা লাঠিটাঠি কিছু একটা নিয়ে সাপ মারার চেষ্টা করবে। এটাই কাম্য এবং স্বাভাবিক সিনারিও। তাই না? না কি উল্টোটা?
-
‘না না , এটাই। স্বামী বাচ্চাকাচ্চা নিয়ে খাটের উপর উঠে বসে আছে। আর বউ ঝাঁটা দিয়ে লাফঝাঁপ দিয়ে সাপ মারার চেষ্টা করছে। এটা খুবই হাস্যকর। হা হা’। দুজন খুব করে হেসে নিলো।
-
দেখলি, কতটা উদ্ভট।
-
‘হাসি থামাতে পারছিনা...হি হি...। আরো কিছুক্ষণ হেসে থামল হাসির দমক।
-
বেশ। পরিবার একটা প্রতিষ্ঠান। যেটা স্বামী-স্ত্রী পরামর্শে চলে,বিকশিত হয়, উন্নতি করে। পরামর্শ খুব ইম্পর্টেন্ট। কুরআনে সন্তানের দুধ ছাড়ানোর মত বিষয়েও স্বামী-স্ত্রী পরামর্শ করে নিতে বলেছে। আর এই ছোট একটা বিষয়ে পরামর্শের গুরুত্ব উল্লেখ করে বড় বড় বিষয়েও পরামর্শ করার প্রচ্ছন্ন আদেশ রয়েছে। মনে যা চায় তাই করলাম, এটা ইসলাম অনুমোদন দেয়না। দ্বীনদার স্বামী অবশ্যই খামখেয়ালি হবেনা, সব বিষয়ে স্ত্রীর পরামর্শ নেবে। পরামর্শ করার পর সিদ্ধান্তের বিষয় আসে। সিদ্ধান্ত নিতে হবে একজনকে। সিদ্ধান্তদাতা দুজন হতে পারেনা। কারণ, যে বিষয়ে একমত হওয়া গেলোনা সে বিষয়েও তো সিদ্ধান্তে আসতে হবে। কে হবে? যে হবে, সেই পরিবারের কর্তা।
মানুষের প্রতিটি সিদ্ধান্তের, প্রতিটি বিষয়ের মেরিটস-ডিমেরিটস আছে। যে সিদ্ধান্তটা সবচেয়ে পারফেক্ট, সবার ঐক্যমতে, তারও কিছু মন্দ দিক রয়ে যায়। কিন্তু সবার মতে ঐ সিদ্ধান্তটাই সবচেয়ে বেশি ভালো দিক সম্পন্ন। কোন বিষয়ে সার্বিক লাভ-ক্ষতি বিচার করে ‘কিছু ক্ষতি সত্ত্বেও’ একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হয় লাভের দিকটা বেশি রেখে। মানে বলতে চাচ্ছি, যখন আমরা লাভের দিক বেশি বিবেচনায় কোন সিদ্ধান্ত নেই তখন কিন্তু ‘ডিমেরিটসটাও রয়ে যায়’। এজন্য লাভ বেশি দেখে ঐ ঝুঁকিটুকুকে অগ্রাহ্য করতে হয়। ফাইনাল সিদ্ধান্তটা নিতে হয় বেপরোয়া হয়ে। কিছুটা ড্যাম কেয়ার ভাব না নিলে শেষ মুহূর্তে কোন সিদ্ধান্তে আসা যায়না।
বুঝলাম। এই শেষ মুহূর্তের বেপরোয়াগিরির জন্য পুরুষকে লাগবে, তাই তো?
- এখানে আল্লাহ চমৎকার একটা ব্যালেন্স করেছেন।
সেটা হল, যেকোন সিদ্ধান্তে নারী তার স্বভাবগত ভীতি ও দ্বিধা দিয়ে কোন সিদ্ধান্তের লাভ-ঝুঁকি তুলে ধরবে। আর পুরুষ তার স্বভাবগত বেপরোয়া ভাব দিয়ে ঝুঁকি বরদাশত করে লাভের দিকে চোখ রেখে সিদ্ধান্ত নিয়ে নিবে ও ঝুঁকি প্রথম ফেস করবে। এভাবেই দুজনের সম্মিলিত মিটিং-এ পরিবার নামক প্রতিষ্ঠান চলবে ও এগিয়ে যাবে।
আচ্ছা যদি উল্টোটা হয়। যদি নারী ডিসিশান মেকার হয়। পুরুষ বেপরোয়া অপশন দিবে তার স্বভাবসুলভ, আর নারী আরো কনফিউজড হয়ে যাবে, সেই সাথে স্বভাবসুলভ দ্বিধা ও সিদ্ধান্তহীনতা তো আছেই। ফলে সিদ্ধান্তটা কেমন হবে?
এজন্যই ইসলাম পুরুষকে পরিবার নামক প্রতিষ্ঠানের কর্তা বানিয়েছে। এটা ৯৯ ভাগ পরিবারের কথা বললাম। ২-১ জন কর্পোরেট আইকন মহিলা সমগ্র নারী জাতির প্রতিনিধিত্ব করেন না।
-
ওহ হো, রবীন্দ্রনাথের একটা গল্পে নারীর মনোবিশ্লেষণ এভাবেই ছিল—
-
রবিঠাকুরকে তো নারীনিগ্রহ মামলা দেয়া দরকার রে। ইসলামকে নারীবিরোধী বলে দিলে রবিজীকে আবার মাথায় তুলে নাচা কেন? ডাবল স্ট্যান্ডার্ড এখানেও।
আর দু’জন আয় করলেও আমি আমার ইনকাম সংসারে দিতে বাধ্য নই। আমার স্বামী তার আয় সংসারে দিতে বাধ্য। তাই সেই থাকবে কর্তা। আমি যদি সংসারে দিই সেটা আমার সিদ্ধান্ত। স্বামী দাবিও করতে পারবে না, জেরাও করতে পারবেনা। ইসলামের বিধান এটাই। [xxix]
রিস্ক নেবার বেপরোয়া পুরুষালি স্বভাব, দ্বিধাহীনতা, পরিপূর্ণ অবাধ (আনহ্যাম্পার্ড) কর্মক্ষমতা আর অর্থব্যয়ের বাধ্যবাধকতার জন্য পুরুষই পরিবারের কর্তা হবার বেশি উপযুক্ত। আর ঠিক বিপরীত কারণে নারী কর্তা হবার জন্য কম উপযুক্ত। আর তা হল— ভীতি প্রবণতা থেকে উৎসারিত দ্বিধা, শারীরিক নির্ভরশীলতা, প্রাকৃতিকভাবেই বাধাপ্রাপ্ত কর্মদক্ষতা। যেটা আমরা জোর করে অস্বীকার করলেই, তা থেকে মুক্ত হতে পারব না।
সবচেয়ে বড় কথা, স্বামীস্ত্রী দ্বীনদার হতে হবে। এটাই সব সমস্যার সমাধান। প্র্যাক্টিসিং হতে হবে। ইসলাম প্র্যাক্টিস করার জিনিস,নিজের জীবনে প্রয়োগ করার জিনিস। শুধু ফর্ম ফিল-আপ এর সময় লিখলাম ধর্ম ইসলাম। এজন্য ইসলাম দেয়া হয়নি। যে স্বামী আল্লাহকে ভয় করে তাকে স্ত্রীর অধিকার বলে দিতে হবেনা। সে অধিকার আদায় করে আরো বেশি করার সুযোগ খুঁজবে। আর স্ত্রী যদি আল্লাহকে ভয় করে চলে সেও স্বামীর অধিকার আদায় করে তো চলবেই, উল্টো আরো স্বামীর সাহায্য করবে। বল তো, একটা সংসারে দু’জনই দুজনের উপকার-সাহায্য করতে চাচ্ছে, সে সংসারে কলহ হবে কিভাবে?
আর অনুগত স্ত্রী স্বামীর ভালবাসাও বেশিই পায়। আর অনুগত থাকবো না কেন। দ্বীনদার স্বামী তো এমন কোন অন্যায় দাবিই করবেনা যে আমাকে প্রতিবাদ করতে হবে। এমন দ্বীনদার স্বামী তো আর পথে ঘাটে মেলেনা। দুআ করে চেয়ে নিতে হয়। সবার আগে নিজে যদি দ্বীনদার হই, তাহলে দ্বীনদার ছেলের মনে আল্লাহ আমার জন্য পছন্দ ঢেলে দেবেন। আর নিজে বদদ্বীন হলে, ঐরকম বদদ্বীনই ভাগ্যে জুটবে যে ইসলামের দাম্পত্য নিয়মও মানেনা। ঝগড়াঝাটি, নির্যাতনে জীবন বিষিয়ে উঠবে। আফসোস ছাড়া আর কিছুই করার থাকবেনা। এজন্যই নবীজী বিয়ের সময় সবার আগে দ্বীনদারি দেখতে বলেছেন।
এখন চলো গো কন্যা, পড়তে যাই। এমনিতেই ডিপার্টমেন্ট আমাদের দেখতে পারেনা।
- হ্যাঁ হ্যাঁ, চল উঠি।
চৈতির বিয়ের কথা চলছে। পরীক্ষার পর ঈদের ছুটি। সব ঠিক থাকলে ঈদের ছুটিতেই বিয়ে হবার কথা।
(৪)
আড্ডা আর চা বোধ হয় সমার্থক শব্দ। মগজের গোড়ায় (মাথা আর মুখ তো কাছাকাছিই) দু’চুমুক চা ঢেলে দিলেই বিপ্লব গজিয়ে ওঠে। ছেলেরা আবার বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধোঁয়ায় ছেয়ে গিয়ে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সাগর ভাই দুটোই দিচ্ছেন বেশ। জাহিদ মনোযোগ দিয়ে মাসুদের ক্লাস করছে। মাঝে মাঝে প্রশ্নও করছে। জানার প্রথম দরজা প্রশ্ন করা। কিন্তু নাস্তিক প্রজাতি জানার জন্য প্রশ্ন করার চেয়ে জানানোর জন্য প্রশ্ন করাকে স্বভাব হিসেবে নিয়েছে। আবার তোরা মানুষ হ, ভাই।
-
আমার দ্বিতীয় প্রশ্ন, ইসলাম নারীকে মারধোরের অনুমতি দিয়েছে, হোক সেটা সীমিত। কিন্তু এই সীমিত সুযোগটাই নিয়ে পরিবারে নারী নির্যাতন, দাম্পত্য ভায়োলেন্স গুলো হচ্ছে। এটা কেমন হল না, দোস্ত? প্রহার পুরোপুরি নিষেধ করলেই কি আরো ভালো হতো না?
-
প্রথমটা তো ক্লিয়ার। এবার তোর দ্বিতীয় প্রশ্নের জবাব।
তোকে আমার প্রশ্ন, যারা বউ পেটায় বলে পত্রিকায় রিপোর্ট আসে, ইসলাম অনুমতি দিয়েছে তাই তারা পেটায়, নাকি নিজের স্বভাবের কারণে পেটায়? অমুসলিম পরিবারের ভায়োলেন্সও কি ইসলামের এই অনুমতির কারণেই?
উত্তরটা হল— না। দাম্পত্য নির্যাতনের ঘটনাগুলোর জন্য ইসলামের নামমাত্র অনুমতি দায়ী নয়। যারা স্ত্রী নির্যাতন করে তারা নিজ স্বভাবের জন্যই করে। তারা অমুসলিম হলেও বউ পেটাতো।
দেখো শারীরিকভাবে নারী দুর্বল। কোন বিষয়ে যখন স্ত্রী প্রতিবাদ করবে তখন পুরুষ নিজের মত প্রতিষ্ঠার জন্য স্বাভাবিকভাবেই তাদের উইক পয়েন্ট খুঁজে নেবে। প্রতিপক্ষকে ঘায়েল করার নিয়মই হল তার দুর্বলতায় আঘাত করা। স্ত্রীরা সংসারজীবনে নিজেকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালেই পুরুষ প্রাকৃতিক নিয়মেই নিজের শারীরিক প্রবলতাকে কাজে লাগাবে। ইসলাম যখন ছিলনা তখনো এটাই হয়েছে, হয়ে আসছে, সামনেও হবে। কারণ এটাই স্বভাবনিয়ম।
ইসলাম এসে যে কাজটা করেছে সেটা হল পুরুষের এই টেন্ডেন্সিকে, এই পেশীশক্তি খাটিয়ে নারীকে ডোমিনেট করার প্রবণতাতে লাগাম দিয়ে দিয়েছে।
- কীভাবে?
প্রথমত, ইমোশনালি পুরুষকে তিরস্কার করে—
. ছিঃ, তুমি না পুরুষ, তুমি না কর্তা, তুমি না বড়। [xxx]
. হাদিসে এমন এসেছে, তোমাদের কেউ কেন স্ত্রীকে দাসীর মত বেত্রাঘাত করে, অখচ রাতে আবার তার কাছেই ফিরতে হবে? নবীজী লজ্জা দিলেন বউপেটানো স্বামীদের। দিনে মারো, রাতে নির্লজ্জের মত তাদের কাছেই সহবাস প্রার্থনা কর।[xxxi]
আর দ্বিতীয়ত, পুরুষকে বাধ্য করে—
. কখনো তার মুখমণ্ডলে আঘাত করবেনা, অশ্লীল গালমন্দ করবেনা...।[xxxii]
. নবীজী কোন খাদেমকে বা কোন স্ত্রীকে মারপিট করেননি, বা অন্য কাউকে প্রহারও করেননি। [xxxiii]( ঐ, ১৯৮৪)
আর তৃতীয়ত পুরুষের কিছুটা লাগাম স্ত্রীদের হাতে তুলে দিয়ে যাতে পুরুষও স্ত্রীর বাধ্য থাকে—
. তোমাদের মধ্যে সে উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে বেশি উত্তম তোমাদের মধ্যে। [xxxiv](ইবনে মাজাহ ১৯৭৭)
. তোমাদের মধ্যে উত্তম লোক তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।[xxxv] (ঐ,১৯৭৮)
. সে উত্তম মুমিন যার চরিত্র সবচেয়ে উত্তম, আর তার চরিত্রই সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।[xxxvi]
-
মানে নারীর পারিবারিক ক্ষমতায়ন? হি হি।
-
হ্যাঁ, তাই। আসলে এ বিষয়গুলো আমরা জানিনা। আমাদের পুঁজিবাদী শিক্ষাব্যবস্থা আমাদেরকে ভাল কেরানী হয়ে পুঁজিবাদকে সার্ভিস দেয়াই শিখায়। ভাল মানুষ, ভালো স্বামী-স্ত্রী, ভালো বাবা-মা হওয়া শেখায় না। বিয়ে কি জীবনের একটা মেজর ইভেন্ট না? সন্তান জন্ম দেয়া কি বড় একটা ঘটনা না জীবনের? তাহলে এগুলোর জন্য আমাদের তৈরি করা হয়না কেন? পাঠ্যসূচিতে এ বিষয়গুলো আসবেনা কেন।
-
ঠিক বলেছিস, মাসুদ।
-
আর ইসলামে যে এই বিষয়গুলো ডিটেইলস আছে, এটাকে লুকিয়ে রাখা হয়। এমনকি অস্বীকারও করা হয়। পতনের পর সমাজতন্ত্র এখন হাত মিলিয়েই চলে, পুঁজিবাদের মূল শত্রু তো এখন ইসলামই। শুধু চাকুরি মানে ক্যারিয়ারকেই একমাত্র লক্ষ্য হিসেবে দাঁড় করাতে চাচ্ছে। পুঁজিবাদের সেবা করাই সব মানুষের একমাত্র উদ্দেশ্য। এজন্য বাকি সব ত্যাগ কর। পরিবার, সন্তান সব।
নারীর প্রকৃত ক্ষমতায়ন, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত মুক্তি দিয়েছে ইসলামই। নারীকে দিয়েছে দায়িত্বহীন সুবিধা, আক্ষরিক অর্থেই রাণীর জীবন। আরেকদিন আলোচনা হবে।
-
আচ্ছা। তো ইসলাম স্ত্রীকে প্রহার করাটা একেবারে উঠিয়ে দিলনা কেন?
-
প্রথমে দেখ, স্ত্রীকে নামেমাত্র প্রহার করার প্রশ্ন আসে কখন? শুধুমাত্র আল্লাহর নাফরমানি করলে আর আল্লাহপ্রদত্ত যে স্বামীর অধিকার তা লঙ্ঘন করলে। এছাড়া এই ‘নামেমাত্র প্রহার’ উচ্চারণও হবেনা। ধর স্ত্রী প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত [xxxvii], . প্রথমে বুঝাও,
. না বুঝলে বিছানা টেম্পোরারি সেপারেশনে যাও, কিন্তু ঘর সেপারেশান না। ভালোবাসার মানুষের এই বিচ্ছেদের কষ্টে হয়ত মতি ফিরবে।
. এতেও না হলে হালকা প্রহার যাতে জখম হবেনা, দাগ হবেনা, মারের প্রতিক্রিয়া হবেনা, মুখে মারা যাবেনা। উদাহরণ দেয়া হয় মিসওয়াক দিয়ে মারার। উদ্দেশ্য, ভালোবাসার মানুষটা তার উপর কতটা নারাজ তা বুঝানো। যাতে ভালোবাসার মানুষকে রাজি করার তাগিদে হলেও ফিরে আসে। এই হালকা আঘাতের উদ্দেশ্য আর কি হতে পারে ‘ভালোবাসা উস্কে দিয়ে সংশোধন’ করা ছাড়া? ( ইবনে মাজাহ.১৮51)
-
দারুণ। একেই বলে ‘প্রেমের আঘাত’।
-
এখন কেউ যৌতুকের জন্য চড় দিয়ে স্ত্রীর কান ফাটিয়ে দিল। বা লাঠি দিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিল। এজন্য কি ইসলাম দায়ী না ‘ইসলামী শিক্ষা না থাকা’ দায়ী, তুমিই বলো? এজন্যই ইসলামে এলেম অর্জন নর ও নারী উভয়ের উপর ফরজ। [xxxviii] বিবাহের আগে বিবাহের এলেম অর্জন করা ফরজ। ইসলাম যার জীবনে নাই তার কর্মকাণ্ডের জন্য ওরা ইসলামকে কেন দায়ী কর। সে তো ইসলামকে জীবনে স্থানই দেয়নি। যে দায়িত্ব নারীকে দেয়া হয়নি, সে দায়িত্বের জন্য স্ত্রীকে ঐ মৃদু আঘাতও স্বামী করতে পারবেনা।
যৌতুক স্বামীর প্রাপ্য না, সংসারে খরচ দিতে স্ত্রী বাধ্য না, স্বামীর পরিবারে কাজ করতে স্ত্রী বাধ্য না, এমনকি স্বামীর সন্তানকে দুধ পান করানোও স্ত্রীর দায়িত্বে দেয়নি ইসলাম। ইসলাম নারীকে দিয়েছে রাণীর জীবন। [xxxix]
-
বলিস কিরে ?
-
ওরা যে ঘরে কাজ করে,শ্বশুর শাশুড়ির খেদমত করে,সন্তানকে বড় করে-এগুলো স্বামীর দায়িত্ব লোক রেখে করানো। [xl]
-
হায় হায়। এগুলো জানলে তো বউরা ঘরে আর কাজ করবেনা।
-
করবে ভাই। মেয়েরা এমনিতেই এগুলো করে। ওরা আমাদের মত ময়লা আবর্জনার মধ্যে থাকতে পারেনা। দেখেন এই আমাদের রুম। আপনি সারা রুমে সিগারেটের ছাই আর ফিল্টার দিয়ে ভরে রেখেছেন, এর মধ্যেই জাহিদ তার মোজা-কাপড়চোপড় ফেলে রেখেছে। মেয়েরা এসবের মধ্যে থাকতে পারেনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ওদের সহজাত । আর সন্তান পালন যদিও ইসলাম তাদের দায়িত্ব দেয়নি, মমতার কারণেই ওরা এগুলো করে। মায়ের জাত বলে কথা।
-
আচ্ছা মাসুদ, ধর দ্বীনদার কোন মেয়ে বিয়ে করলাম যে এগুলো খুব ভালো করে জানে। বলেই দিল যে এগুলো করতে পারবনা। তখন কি হবে?
-
দ্বীনদার মেয়েরা এগুলো করে ভালোবাসার তাগিদে, ভালোবাসার মানুষটার যাতে ভার কমে, কিছু টাকা বাঁচে। এবং পরকালে সওয়াবের নিয়তে ওরা এগুলো করেই যাবে। ভয়ের কিছু নেই। কিন্তু আমাদের ঠিক হতে হবে। স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় করে আরো এহসান করে, স্ত্রীও স্বামীর হক আদায় করার পরও আরো এহসান করবে।
তবে যদি কেউ এগুলোর কোন একটা করতে না চায়, স্বামীর কি প্রহারের অধিকার আছে? না। এজন্য যদি কেউ প্রহার করে তার দায় কি ইসলামের? না। তার দায় ইসলামের না বরং ‘ইসলামকে মানুষের কাছে থেকে লুকিয়ে রাখা’টাই এজন্য দায়ী।
ঈদের দু’সপ্তাহ পর গাইনী বিভাগে ইন্টার্নী প্লেসমেন্ট। এর আগেই বিয়ের জন্য দুআ করেই যাচ্ছে মাসুদ। মুফতি সাহেব কিছু আমলও বাতলে দিয়েছেন বিয়ের জন্য। সূরা ফুরক্বানের ৭৪ নম্বর, সূরা ইয়াসীনের নম্বর আয়াত, আর আল্লাহুম্মা ইয়া জামিউ’ ১১১১ বার আগে পিছে দরুদ শরীফ ১১ বার করে। আর তাহাজ্জুদে কান্নাকাটি তো আছেই।
জাহিদ একবার জিজ্ঞেস করেছে অবশ্য যে , বিয়ের জন্য এতো কান্নাকাটির কী আছে।
- আছে আছে বন্ধু। বিয়ে তো অনুষ্ঠান নয়। বিয়ে হল একটা আমল। অনেক বড় একটা সুন্নাত আমল। বিয়ে হল দ্বীনের অর্ধেক। এই এক জিনিসের কারণে দুনিয়া জান্নাত হতে পারে, আবার এই কারণেই দোযখ হয়ে যেতে পারে পৃথিবী। তাই খুব কেঁদেকেটে আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নিতে হয়। এতো সহজ না রে বোকা।
হে মালিক, নেককার দ্বীনদার স্ত্রীর ফয়সালা করে দাও। একসাথে জান্নাতে থাকবো এমন বিবির ফয়সালা কর। তুমি বলেছ, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য। আমার তাওবা কবুল করে নাও। আমি নাপাক, আমাকে পবিত্র করে আমার জন্য এক পবিত্র নারীর ব্যবস্থা করে দাও।
রাব্বি ইন্নী লিমা আনঝালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর। ইয়া রাব্বি, আপনি আমাকে যা দিবেন ঐটাই আমার দরকার।
ওদিকে আরেকজনও চোখের পানিতে একসা হচ্ছে। ইয়া আল্লাহ আমার বুজুর্গকে আমার কাছে এনে দাও। দ্বীনদার তাকওয়াবান স্বামীর ফয়সালা করে দাও।
ভাবছেন, কী মেয়েরে বাবা। লজ্জা শরমের মাথা খেয়েছে। লজ্জার কী আছে। তাঁর কাছে সব বলা যায়, সব চাওয়া যায়। এই কেমিস্ট্রি রূপালি পর্দায় পাবেননা। রূপালি পর্দায় দুজন রাত জেগে দুজনের জন্য বালিশ ভেজায়। আর এখানে কেউ কাউকে দেখেনি, চেনেনা, জানেনা। দুজনই রাত জেগে চোখের জলে দু’জনকে চাচ্ছে এক মহাসত্তার কাছে, যিনি সব দেন, বেহিসাব দেন, কমে না যে তাঁর।
(পাঁচ)
তিথিদের পরীক্ষা শেষ। পরীক্ষা চলাকালে একটা সময় পরীক্ষা কেমন হল এটা ব্যাপার থাকেনা। পরীক্ষা শেষ হওয়াটাই ব্যাপার হয়ে দাঁড়ায়।
-
শোন চৈতি, ছেলের দ্বীনদারি কেমন দেখবি। ছেলের পেশা, বংশ, টাকা এসব সুখের ডিটারমাইনার না। সুখের পূর্বশর্ত হল দ্বীন। দ্বীনদার ছেলে যদি তোকে ভালোবাসে তবে তোকে রাণী করে রাখবে। মানুষের মন তো, যদি কোনদিন তোর প্রতি কোন কারণে ভালোবাসা চলেও যায় তবু আল্লাহর ভয়ে তোর অধিকার আদায় করতে থাকবে, কষ্ট দেবেনা, জুলুম করবেনা। আর যে ছেলে ব্যক্তিগত জীবনে বেদ্বীন, সে তো পারিবারিক জীবনেও ইসলাম মানবেনা।
-
হুমমম। কিন্তু আমি নিজেই তো প্র্যাক্টিসিং না। পর্দা করিনা। নামায ঠিকমতো পড়িনা।
-
এখন থেকে করবি। একবার খাঁটি তওবা করলে বান্দা এমন হয়ে যায় যেন সে গুনাহ করেইনি। কিন্তু ভবিষ্যতে আর না করার সংকল্প থাকতে হবে। আল্লাহকে তো আর ফাঁকি দেয়া যায়না, তাই না?
-
এখন থেকে নামায পড়ব ইনশাআল্লাহ।
-
আর স্বামীর মর্যাদা অনেক উঁচুতে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বলে একটা টার্ম আছেনা। ইসলাম ঐটাই শিখিয়েছে। স্ত্রীকে শিখিয়েছে স্বামী কত বড়। আর স্বামীকে শিখিয়েছে স্ত্রী কত বড়।
স্বামীর সাথে আমরা মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করি। স্বামীর গীবত করি, না-শোকরি মানে অকৃতজ্ঞতা করি, এক মুহূর্তে স্বামীর সব অবদান ভুলে যাই যে বেচারা আমার জন্য কত কষ্ট করে। ছেলেরা উপরে উপরে রাফ অ্যান্ড টাফ ভাব দেখালেও,আসলে কিন্তু খুব বউপাগল। বউয়ের সুখের জন্য ওরা সবকিছু করে, এমনকি সুদ-ঘুষ-দুর্নীতি পর্যন্ত করে বউ-সন্তানকে সুখে রাখার জন্য। বউয়ের কাছ থেকে কষ্ট পেলে তাই ওদের মাথা ঠিক থাকেনা।
-
বুঝলাম। আমি পর্দা করতে চাই। কিন্তু হিম্মত পাচ্ছিনা।
-
শুরু করে দে। আল্লাহ বাকি সহজ করে দেবেন। কেউ হারাম রেখে হালালের উপর চলতে চায়, আর আল্লাহ তাকে সাহায্য করবেন না এটা হতেই পারেনা।
আর স্বামীর খেদমত করবি। নম্র নারী স্বামী সোহাগিনী হয়।
. নবীজী বলেনঃ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদাহ করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদাহ করতে।
. আরও এসেছেঃ স্বামী খুশি থাকা অবস্থায় কোন স্ত্রী মারা গেলে সে জান্নাতি।
তুই তো কাল সকালের টিকিট কেটে ফেলেছিস। নাহলে কাল তোকে নাদিয়া আপুর কাছে নিয়ে যেতাম। ঢাকা মেডিকেলে পড়েন। ওনার কথা শুধু শুনতেই ইচ্ছে করে।
-
আজকেই নিয়ে চল না হয়।
-
ওনার বাসা তো চিনিনা। আমি যে বাসায় সপ্তাহে একদিন তালিমে যাই ওখানে উনি আসেন। ছুটি শেষ করে আয়। তোকে নিয়ে যাব একদিন। এখন ব্যাগট্যাগ গুছিয়ে নে।
তিথির কান্না পাচ্ছে। প্রিয় বান্ধবীর বিয়ে। না জানি কার সাথে লেখা আছে ওর ভাগ্য। ও সুখী হবে তো। কষ্টে-পেরেশানিতে ভরে যাবেনা তো ওর জীবনটা। দুআ করল অনেকক্ষণ তিথি আজ। নিজের জন্য না। চৈতি শুনে ফেলেছে তিথি কি চাইছিল। এরা কেমন মানুষ। অন্যের জন্য এদের কেন এত মায়া, এদের কথায় কেন এতো মধু। আমিও এমন হতে চাই। মায়াবতী, মধুমতী।
(৬)
ঈমান কি এতোই দুর্বল জিনিস। একটুতেই হারিয়ে যায়?
যার কাছে একটা হীরা আছে, তার হারানোর ভয় আছে, টেনশন আছে। যার হীরা নাই, তার টেনশনও নাই। একটা নাজায়েয পলকে ছুটে যায় তাহাজ্জুদের তৌফিক, দরুদের মিষ্টি স্বাদ। একটা নাজায়েয সংলাপে ছুটে যায় তিলওয়াতের মজা, যিকিরের মিন্ট ফ্লেভার। বেনামাযী জানে সারারাত হলিউড মুভি দেখার মজা, প্রিমিয়ার লীগের জন্য জাগে রাতের পর রাত। আহ, যদি সবাই জানত রাতে মাওলার সামনে লম্বা সূরার মজা, লম্বা সিজদায় পড়ে হেঁচকি তুলে কাঁদার মজা, হেসে কেঁদে বুঝে কুরানে বুঁদ হয়ে থাকার মজা। তাহলে খোদা কি কসম, তোমাদের রাত কাটত টিভি-ল্যাপটপের সামনে না, জায়নামাযে।
গাইনী প্লেসমেন্টের আগে বিয়ে না হলে বিপদেই পড়ে যাবে মাসুদ। সব শেষ হয়ে যাবে। চার মাসের সব কামাই শেষ হয়ে যাবে এক পলকেই। নিচের দিকে তাকিয়ে কতক্ষণ থাকা যায়। ওয়ার্ডে, ইউনিট রুমে, ওটিতে সবখানে নন-মাহরাম। আজ শেষ রমজান সম্ভবত। মাসুদ পাঁচশ’ টাকা নিয়ে বের হয়েছে রাস্তায়। গরীব খুঁজে খুঁজে দান করে দিয়েছে। আর দুআ করেছে।
ইয়া আল্লাহ, শাওয়াল মাসে বিয়ে করা তোমার হাবীবের সুন্নাত। আমাকে এই সুন্নাত আমল থেকে মাহরুম করোনা মালিক। আমার ঈমানের হেফাজত করো, ইয়া হাফিয।
দানের সাথে দুআ কবুল হয় দ্রুত। এতো দ্রুত হবে মাসুদ ভাবেনি। ওর মা-বোন গিয়ে মেয়ে দেখে এসেছে। বোনের খুব পছন্দ। ভাইয়া, চোখগুলো এইইইইইইই রকম। চোখের কোণা টেনে দেখায় বোন। মা শোনায় চুল কত বড়, হাসি কত সুন্দর। মাসুদ ইস্তেখারা করে।
আপনি ভবিষ্যত জানেন, আপনি ভবিষ্যতের স্রষ্টা, এই মেয়ে যদি আমার জন্য কল্যাণের হয় আমাকে দান করেন, আর যদি অকল্যাণের হয় তবে আমাকে হেফাজত করেন।
দ্বীনী বড়ভাই ডাঃ রাশেদ বিবাহ বিষয়ে অনেকগুলো কথা বলেছেন। মুফতি ইয়াকুব হুজুরও বিবাহ বিষয়ক মাসাআলাগুলো শিখিয়েছেন। সব কথা তো মনে নেই। টেনশনে সব গুলিয়ে খেয়ে বসে আছে। কিছু মনে আছেঃ
. প্রথমে বিয়ের নিয়ত ঠিক করে নিতে হবে। এ বিয়ে আমি গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সুন্নাত আমল পালনের উদ্দেশ্যে আদায় করছি।
.‘তালাক’ শব্দটা হাসি তামাশা করেও উচ্চারণ করা যাবেনা।
. দু’রাকাআত নামায পড়ে দুআ করে নতুন জীবন শুরু করবে।
. এক প্লেটে, এক গ্লাসে খাবে; তাহলে দ্রুত ভালোবাসা হবে।
.পাত্রীর দ্বীনদারিকে প্রাধান্য দেয়া উচিৎ। সংসারে শান্তি একমাত্র দ্বীনের উপর নির্ভর করে। মেয়ের শিক্ষা, রূপ,বংশ— এগুলোর ভিতর শান্তির গ্যারান্টি নেই।
. রূপের দিকেও খেয়াল রাখা দরকার। হুজুররা টিভি দেখেনা, রাস্তায় মেয়েদের দিকে তাকায়না। একমাত্র নিজের বউকে দেখে, প্রাণভরে দেখে। তাই সুন্দরী হওয়াও জরুরী নিজের ঈমানের হেফাজতের জন্য।
. স্ত্রীকে আপনি করে বলো। তাহলে ঝগড়াটাও আপনির পর্যায়েই থাকবে।
. প্রতিদিন একবার বলবে- আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি।
. সংসার জীবনে রাগারাগি হতেই পারে। তবে দুজন একসাথে রাগা যাবেনা। রাগের সময় দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসা থাকলে শুইয়ে পড়বে, চুপ থাকবে। পারলে ওযু করে নেবে।
. বাসর রাতেই বিড়াল মেরে ফেলতে হবে এটা জরুরি না। বিড়াল মারার কিছু নেই, বিড়াল মরবেই একসময়, একা একাই।
রাশেদ ভাইয়ের একটা কথা কানে বাজতেই আছে, বাজতেই আছেঃ
তোমার স্ত্রী কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, গিফট। তুমি অনেক কেঁদে, অনেক চেয়ে তাকে পেয়েছো। সবসময় এই গিফটের কদর করবে,তার শুকরিয়া আদায় করবে। আল্লাহ যদি দেখেন তুমি কদর করছোনা, ছিনিয়েও নিতে পারেন। সাবধান।
আর ঘরে ঢুকার সুন্নাত শিখিয়েছেন হুজুর। ওটা বেশ মনে আছে দেখছি। ভেবেছিল মনেই থাকবেনা।
. ডান পায়ে ঢুকা
. জোরে সালাম দেয়া
. দরুদ পড়া
. সূরা ইখলাস পড়া
. স্ত্রীর সাথে মুসাফাহা করা, দুইহাতে করমর্দন।
. স্ত্রীর সাথে মুয়ানাকা করা, বুকে জড়িয়ে নেয়া।
. ছোট হলেও তার জন্য গিফট নিয়ে ঢুকা, একটা চকলেটই হোক।
. স্ত্রীর প্রশংসা করা
এই ক’টা যদি কোন স্বামী করে সেই পরিবারে ঝগড়া কিভাবে হবে? আপনারাই বলেন।
আজ মাসুদ আর সেই মেয়ে পরস্পরকে দেখবে। নবীজী বলেছেন বিয়ের আগে ছেলেমেয়ে যেন পরস্পরকে দেখে নেয়। এতে সংসারে ভালোবাসা বাড়ে (আবু দাউদ ২০৮২)। তবে অবশ্যই নির্জনে না। মেয়ের একজন আত্মীয় থাকবেন সেখানে। হার্ট এখন আর বিট করছেনা। ঘোড়া দৌড়াচ্ছে। সিনেমা টিনেমা আসলেই প্রতারণা। ওসব ছাতামাথা কিচ্ছু হয়না। হাওয়া চলেনা, পাখি গায়না, নদী বয়ে যায়না। শুধু সে যখন হেঁটে এলো, হৃদপিণ্ডমশাই একপাশ থেকে আরেকপাশ ফিরল। আর কয়েক সেকেণ্ডের জন্য সাইলেন্ট মোডে চলে গেল মাসুদের দুনিয়া। বাস, এটুকুই। ফিল্মটিল্ম পুরাই ভুয়া। আর মনে হল— ওহ হো, এ মেয়েকে তো আমি চিনি, আমার কত পরিচিত। যদিও কখনো দেখিনি। আসলে ঐ যে উনি, যার সাথে যার লিখে রাখেন, তার সামনে গেলে এমন পরিচিতই মনে হয়। আগে থেকে পাঁচ বছর গুনাহ কামানো লাগেনা।
সালাম বিনিময়ের পর মাসুদ কেঁপে হেঁপে জিজ্ঞেস করেঃ আমার সম্পর্কে আপনি কিছু জানতে চান কি? ওপাশ থেকে কোন জবাব নেই। মেয়ের বড়ভাই বসা আছেন ওদের সাথে। মাসুদ বুঝতে পারছে ওপারের একজোড়া টানা চোখ তার দিকেই চেয়ে। তখনই মনে পড়ল রাশেদ ভাইয়ের অমর বাণীঃ ‘নির্লজ্জের মত দেখবি। লজ্জা পেলে এখানে লোকসান’। মাসুদ চোখ তুলে তাকায়। ওপারের চোখজোড়া নেমে যায়। জাহেলিয়াতের যুগে মাসুদ কবিতা পারফর্ম করত, গলাও ছিল ভরাট। এখন দীনেশ স্যারের ক্লাসের কথা মনে হচ্ছে কেন? সামনের মেয়েটাকে মনে হচ্ছে একটা কবিতা। কিন্তু কেন?
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার...ঐ মধুমুখ,ঐ মায়াভরা আঁখি;চিরদিন মোরে হাসাল কাঁদাল, চিরদিন দিল ফাঁকি...সন্ধ্যাভরা আঁখি মেলে, একদিন কবে হেসেছিলে।
- কিচ্ছু জানার নেই আমার সম্পর্কে? তাহলে বোধ হয় আমাকে আপনার পছন্দ হয়নি। তাহলে আমি কিছু কথা বলি।
এবারো জবাব নেই।
- দেখেন আমি-আপনি দুইজন মানুষ, দুই পরিবারে বড় হয়েছি। অনেক বিষয়ে মিল থাকলেও আবার অনেক বিষয়েই আলাদা। কিন্তু আমরা দুজনই যদি দ্বীন মেনে চলি, দ্বীনকে আগে রেখে চলি; ব্যক্তিগত লাভ-ক্ষতি-আবেগ পরে। আগে আল্লাহ ও তাঁর রাসূল কি বলেছেন সেটা। দু’জনই যদি এভাবে চলি তাহলে আমাদের মধ্যে পার্থক্যও কোন পার্থক্য নয়। তাই না? স্রেফ হ্যাঁসূচক মাথা ঝাঁকানো হলো।
জানিনা লেখা আছে কিনা, আমাদের যদি বিয়ে হয়, আমরা সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াতের কাজ করব। বিশেষ করে ইন্দোনেশিয়া আর চীনের বোনেরা বাংলাদেশের মহিলাদেরকে চান। বাংলাদেশি মা-বোনেরা খুব সুন্দর মিশতে পারেন। ওরা দ্বীন শিখতে চায়। আমরা ওখানে যাবো, আফ্রিকাতে যাবো, ইউরোপে যাবো। তৈরি আছেন তো, ইনশাআল্লাহ?
সাড়া নেই। তবে কি...?
নাহ, আপনারা শুধু শুধু চিন্তা করছেন। মেয়ে রাজি হয়েছে তো। খেজুর ছিটাবেন? এখন? বিয়ে তো হয়ে গেছে আজ বাদ মাগরিব। হাদিসে আছে ছেলে মেয়ে রাজি হয়ে গেলে দেরি না করতে। কাকরাইল মসজিদে। মেয়ের বাবা মেয়ের সম্মতি নিয়ে এসেছেন (আবু দাউদ ২০৯২-২০৯৬)। আর ছেলে কবুল বলেছে। ব্যস। হয়ে গেল। কাবিন পরে করে নেবে।
. আলহামদুলিল্লাহ, বিয়ের ৩ টা সুন্নত পাওয়া গেছে— শাওয়াল মাস, শুক্রবার, মসজিদে।
. মোহরে ফাতেমীতে, মানে এক লক্ষ আটান্ন হাজার টাকা দেনমোহরে। এত কম কেন? নবীজী বলেছেন- যে বিয়ে মোহর যত কম সে বিয়েতে বরকত তত বেশি। এখন দেনমোহর বেশি বলে সম্পর্কে বরকত কম, দাম্পত্য কলহ বেশি, বিচ্ছেদও বেশি। ফাতিমা রাঃকে আলী রাঃ যে মোহর দিয়েছিলেন ঐ মোহরে বিয়ে হলো।
. বিয়ের পর মেয়ের বাবা ছেলের বাড়িতে মেয়েকে দিয়ে গেলেন। ভাবছেন এ আবার কেমন নিয়ম? বরযাত্রীরা যাবেনা? না স্যার, মেয়ের বাবার কোন খরচ নেই ইসলামে। ইসলাম থেকে দূরে সরে গিয়েই তো মেয়েকে বোঝা বানিয়ে ফেলেছেন। এনগেজমেন্ট, গায়ে হলুদ, ওয়েডিং ফটোগ্রাফি, ড্যান্স ইভেন্ট, জনা পাঁচশ বরযাত্রী গিয়ে মেয়ের বাপকে খসিয়ে আবার সমালোচনা-গীবত।
এতগুলো ফরজ-সুন্নাত নষ্ট করে নতুন জীবন শুরু? বলি, আকল বুদ্ধি কি সব ইউরোপে-বলিউডে মশাই? আল্লাহকে নারাজ করে কার কাছে সুখী দাম্পত্য জীবন চাচ্ছেন? লোক দেখানোটাই বড়, নাকি বিয়ে করে সংসারে সুখ বড়? কিভাবে বুঝবেন শাশুড়ি বেটার বউকে মাছের কাঁটা বেছে খাইয়ে দিলে দেখতে কেমন লাগে? যারা সামনে বিয়ে থা করবেন, একটু হিসেব-নিকেশ করে এগোন,ভাই।
শোনেন সামনের শুক্রবার ছেলের ওয়ালীমা আছে। দাওয়াত রইল কিন্তু। ঐ আর কি— বৌভাত যাকে বলেন আপনারা।
বাসর ঘরের খাট একটু সাজানো হয়েছে। ফ্রেশ হওয়া, নর্মাল পোশাক পরা, সালাম,নামায, দুআ— সব শেষ। আর কি চান। এখনো পড়েই যাচ্ছেন। কেন, ভাই শেষ তো। কাহিনী এখানেই শেষ। নাহ আপনাদের নিয়ে আর পারিনা। এখনো পড়েই যাচ্ছে। দেখো দেখি কাণ্ড।
-
আচ্ছা, আপনার সম্পর্কে ডিটেইলস জানারই সময় হয়নি আমার। বড্ড তাড়াতাড়ি হয়ে গেল সবকিছু। তাই না?
-
হুমমম।
-
আচ্ছা আপনি যেন কোন ডিপার্টমেন্টে পড়েন?
-
জার্নালিজম।
-
ঢাবি’তে। এটা জানি। ওটাও জানি। মনে ছিলনা। তো ক্যারিয়ার নিয়ে কি চিন্তাভাবনা। আপনার সাবজেক্টে তো পর্দার সমস্যা হবে। কী ভাবে এগোবেন, ভেবেছেন কী করবেন?
-
অনলাইন জার্নালিজম আর লেখালেখি।
-
বেশ। দারুণ।
চৈতির বিয়েটা হয়নি। ছেলেটা শুধু জুমআর নামায পড়ে। এই মুহূর্তে দাড়ি রাখারও প্ল্যান নেই। প্রথম দেখায় জানানোর পর চৈতি না করে দিয়েছে। চৈতি এখন কুইন অব ডার্কনেস, অন্ধকারে ঢাকা। কোন এক বুজুর্গের অপেক্ষায়। আহ, কি বেহেশতি কেমিস্ট্রি। আপনারা যদি বুঝতেন গো।
(সমাপ্ত)
রেফারেন্স সহ আরো পরিমার্জিত ভাবে পাবেন ‘ডাবল স্ট্যান্ডার্ড ২’ বইয়ে ইনশাআল্লাহ। এই গল্পের প্রতি বাক্যে বাক্যে রেফারেন্স আছে। মনগড়া কিছু লেখা হয়নি। ধন্যবাদ।