Chapter 32 of 37
হে নারী - সংগ্রহীত
6 min read
কোন কোন শিশু মায়ের কোলে থাকা কালেই কথা বলেছিলো? বুখারী-মুসলিমের একটি হাদীসে তিনজনের কথা বলা হয়েছেঃ
.
১.
প্রথমজনেরটা আমরা সবাই কমবেশি জানি। তিনি ঈসা মসীহ(আঃ)। তার মা মরিয়াম(আঃ) এর মাধ্যমে আল্লাহ্ তায়ালা চার উপায়েই মানবসৃষ্টির উপায় পূর্ণ করেছিলেন।[১] চারটা উপায় কি কি?
.
ক) পুরুষ আর নারী ছাড়াইঃ আদম(আঃ) কে।
খ) শুধু পুরুষের মাধ্যমেঃ হাওয়া(আঃ) কে।
গ) শুধু নারীর মাধ্যমেঃ ঈসা(আঃ) কে ।
ঘ) পুরুষ আর নারীর মাধ্যমেঃ পুরো মানবজাতিকে।
.
কিন্তু শুধু নারীর মাধ্যমে সৃষ্টির ব্যাপারটা তো মানুষ সহজে মেনে নিতে পারে না। তাই মরিয়াম(আঃ) এর উপর অপবাদ দেয়া শুরু হলো। মাকে বাঁচাতে ঈসা(আঃ) সবার সামনে কথা বলে উঠলেন। কুর’আন অনুসারে, এটাই ছিলো তার প্রথম মিরাকল। খৃষ্টানরা তাকে ঈশ্বর দাবী করে। অথচ বাইবেল অনুসারে, তার প্রথম মিরাকল ছিলো পানিকে মদে রূপান্তর করা।[২] দুইটি মিরাকল তুলনা করে দেখুন। মাকে ডিফেণ্ড করে সবার সামনে তিনি বলে উঠেনঃ
“আমি তো আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন নামায ও যাকাত আদায় করতে। এবং মায়ের প্রতি অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি।[৩]
.
২.
জুরাইজ নামে বনী ইসরাইলে এক ব্যক্তি ছিলো। একদিন সে ইবাদতরত অবস্থায় ছিলো। তার মা এসে তাকে ডাক দিলো। জুরাইজ ইবাদতরত অবস্থাতেই বললোঃ হে আল্লাহ! আমি কি তোমার ইবাদত করতেই থাকবো না কি মায়ের ডাকে সাড়া দিবো? সে তারপরেও ইবাদত করে যেতে লাগলো। ছেলের ডাকে সাড়া না পেয়ে মা অভিশাপ দিলেনঃ আল্লাহ! তাকে বেশ্যার মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিয়ো না। মায়ের দু’আ সত্য হলো। একদিন এক পতিতা এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলো। কিন্তু জুরাইজ তাকে পাত্তা দিলো না। পরবর্তীতে, পতিতাটি এক রাখালের সাথে জিনা করে আর এক সন্তানের জন্ম দেয়। পতিতাটি দাবী করে, সন্তানটির বাবা হচ্ছে জুরাইজ। সব শুনে লোকজন জুরাইজকে হেনেস্তা করা শুরু করে। জুরাইজ অযু করে সালাত আদায় করে। আর তারপর সন্তানটিকে প্রশ্ন করেঃ হে শিশু! বলো তো তোমার পিতা কে? শিশুটি জবাব দেয়ঃ একজন রাখাল। জুরাইজ জিনার অপবাদ থেকে মুক্তি পেয়ে যায়।
.
৩.
বনী ইসরাইলের এক মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিলো। হঠাৎ রাস্তা দিয়ে খুব সুদর্শন এক লোক দামী জামা পরে হেঁটে গেলো। তা দেখে মা বললো: হে আল্লাহ! আমার শিশুকে এর মতো করো। দুধ পান করা বাদ দিয়ে শিশুটি সাথে সাথে বলে উঠলোঃ হে আল্লাহ! আমাকে এর মতো করো না। কিছুক্ষণ পরেই রাস্তা দিয়ে পেটাতে পেটাতে এক দাসীকে নিয়ে যাওয়া হচ্ছিলো। সবাই বলতে লাগলোঃ এই বদ মহিলা চুরি করেছে আবার জিনাও করেছে। মা আঁতকে উঠে বললোঃ হে আল্লাহ! আমার বাচ্চাটাকে এর মতো করো না। শিশুটি আবার বলে উঠলোঃ হে আল্লাহ! আমাকে এর মতো করো। মা শিশুটিকে এমন বলার কারণ জিজ্ঞেস করলে সে জবাব দেয়ঃ সুদর্শন লোকটা ছিলো এক অত্যাচারী জালেম, অন্যদিকে ব্যভিচার আর জিনার অপবাদ দেয়া দাসীটা ছিলো সম্পূর্ণ নির্দোষ।[৪]
.
এ তিনজন ছাড়াও আরো তিনজনের কথা পাওয়া যায়:
.
৪.
মিরাজের রাতে রাসূল(সাঃ) খুব সুন্দর একটা ঘ্রাণ পেলেন। তিনি জিবরাঈল(আঃ) কে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। জিবরাঈল(আঃ) বললেনঃ এ সুঘ্রাণ ফির’আউন কন্যার কেশবিন্যাসকারী আর তার সন্তানদের কাছ থেকে আসছে। রাসূল(সাঃ) তাদের গল্পটা জানতে চাইলেন। জিবরাঈল(আঃ) বলা শুরু করলেন–
.
একদিন মহিলাটি ফির’আউন কন্যার চুল সাজিয়ে দিচ্ছিলেন হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটি পড়ে গেলো। তখন সে চিরুনিটি তুলে নিলো আর বললোঃ বিসমিল্লাহ্(আল্লাহ্র নামে)। ফির’আউন কন্যা অবাক হয়ে জিজ্ঞেস করলোঃ কার নামে? আমার বাবার নামে? মহিলা জবাব দিলেনঃ না! আল্লাহ্র নামে, যিনি আমার আর তোমার পিতার রব। ফির’আউন কন্যা তার পিতাকে এ ব্যাপারে জানালে ফির’আউন মহিলাকে তার সন্তানসহ ডেকে পাঠায়।
.
ফির’আউন তাকে জিজ্ঞেস করেঃ আমি ছাড়া কি তোমার আর কোনো রব আছে? মহিলাটি জবাব দিলেনঃ আমার আর তোমার রব তো একজনই, তিনি আল্লাহ্। ফির’আউন তামা দিয়ে তৈরি একটি বাকারাহ(গরু)[৫] নিয়ে আসতে বললো। নির্দেশ দিলো মহিলাকে তার সন্তানদেরসহ সেখানে নিক্ষেপ করতে। তার সব সন্তানকে একে একে সেখানে নিক্ষেপ করা হলো। শেষে বাকী রইলো কেবল মহিলা আর তার কোলের শিশুটি। শিশুটি তখনো দুধপান করা ছাড়েনি। কোলের শিশুর কারণে তিনি কিছুটা ইতস্তত করছিলেন। সেটা লক্ষ্য করে শিশুটি বলে উঠলোঃ আম্মাজান! আপনি এগিয়ে যান। এ দুনিয়ার আযাব তো পরকালের আযাবের তুলনায় অনেক সহজ।[৬]
.
৫.
এ গল্পটা রয়েছে সূরা বুরুজে। এক আল্লাহ্র উপাসনাকারী এক বালককে এক বাদশাহ কিছুতেই হত্যা করতে পারছিলো না। শেষমেশ বালকটি বাদশাহকে বুদ্ধি দিলো। বললোঃ আপনি কিছুতেই আমাকে হত্যা করতে পারবেন না। তবে একটি উপায় রয়েছে। সকল মানুষকে একটি মাঠে সমাবেত করুন। খেজুর কাণ্ডের মাথায় শূল উঠিয়ে দিন। তারপর আমার তূন থেকে একটি তীর নিক্ষেপ করার সময় বলুনঃ বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম ( আল্লাহ্র নামে, যিনি এই বালকের রব)। বাদশাহ বালকের কথামতো কাজ করে বালকটিকে হত্যা করতে সমর্থ হলেন। কিন্তু ফলাফল হলো উল্টো। সব লোক এক আল্লাহ্র উপর ঈমান আনলো।
.
অবস্থা বেগতিক দেখে বাদশাহ সব মহল্লায় বড়ো বড়ো গর্ত করার নির্দেশ দিলেন। আর সেখানে আগুন জ্বালিয়ে এক আল্লাহ্র উপাসনাকারীদের নিক্ষেপ করতে বললেন। মুসলিমরা অসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে সবাই সে গর্তে প্রাণ বিলিয়ে দিলেন। এক মহিলা তার কোলের শিশুর কারণে কিছুটা সংকোচ করছিলেন। তা দেখে তার কোলের শিশুটি বলে উঠলোঃ মা! কি করছেন আপনি? আপনি সত্যের উপর রয়েছেন। তাই ধৈর্য্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন।[৭]
.
৬.
প্রথম গল্পের মতো শেষের গল্পটাও সবাই কমবেশি জানে। আযীযের স্ত্রী যখন ইউসুফ(আঃ) কে প্রলুব্ধ করতে গিয়ে ব্যর্থ হলো আর ইউসুফ(আঃ) দৌড়ে পালিয়ে গিয়ে দরজার সামনে মহিলার স্বামীকে দেখতে পেলো। তখন মহিলা তার স্বামীর কাছে বিচার দিলো যে, ইউসুফ(আঃ) তার সাথে কুকর্ম করতে চেয়েছিলেন। ইউসুফ(আঃ) এর নিজেকে নির্দোষ প্রমাণের কোনো উপায় ছিলো না। তখন মহিলার পরিবার থেকে একজন বললোঃ
“যদি তার(ইউসুফের) জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী। এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী।”[৮]
.
দেখা গেলো জামা পেছন দিক দিয়ে ছেঁড়া। কারো কারো মতে এই সাক্ষ্যদানকারী ব্যক্তি একজন পূর্ণবয়স্ক লোক ছিলেন। আবার ইবনে আব্বাস(রাঃ) এর মতে সাক্ষ্য দিয়েছিলো দোলনার এক শিশু।[৯]
.
.
ছয়টি গল্পের মধ্যে চারজনের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করা হয়েছিলো। আল্লাহ্ তার কুদরাতের মাধ্যমে তাদের নির্দোষ প্রমাণ করেন। কারণ, তাদের অন্তরে ছিলো মহান আল্লাহ্ তায়ালার প্রতি একান্ত বিশ্বাস। বাকী দুইটা গল্পেও আমরা দেখতে পাইঃ এক আল্লাহ্র প্রতি সীমাহীন বিশ্বাস স্থাপনের কারণে আল্লাহ্ তায়ালা কোলের শিশুর মাধ্যমে তাদের আশ্বস্ত করেছিলেন।
.
জীবনটাকে যখন কষ্ট ঘিরে ধরে- মানুষ আমাদের ভুল বোঝে, অপবাদ দেয়। তখন আমাদের মনে রাখা উচিত, আল্লাহ দেখছেন। তিনি আমার সাথেই রয়েছেন। তিনিই আমাদের রক্ষা করবেন। এ দুনিয়ার লাঞ্ছনা থেকে। ওপারের আযাব থেকে। যেমনটা আল্লাহ্ তার পবিত্র কালামে বলেছেনঃ
.
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।”[১০]
————–
[১] তাফসীর ইবনে কাসির, ১৪নং খণ্ড, পৃষ্ঠাঃ ১৪২
[২] পবিত্র বাইবেল, গস্পেল অফ জন, অধ্যায়ঃ ২
[৩] আল কুর’আন, সূরা মরিয়াম, আয়াতঃ ৩০-৩২
[৪] সহীহ বুখারী, হাদীস নংঃ ৩৪৩৬
[৫] বাকারাহ(গরু) সম্পর্কে ইবনুল আসীর তার আন নিয়াহা গ্রন্থে(১/১৪৫) বলেনঃ আবু মুসা বলেছেন, “ আমার কাছে মনে হয় না এটা গরুর আকৃতিবিশিষ্ট কিছু ছিলো। বরং এটা ছিলো বিশাল আকারের একটা পাত্র। এ পাত্রকে তারা বাকারাহ বলতো। শব্দটা আসলে “তাবাক্কুর” থেকে নেয়া হয়েছে।
[৬] আহমেদ শাকির তার মুসনাদে(৪/২৯৫) একে সহীহ বলেছেন। যদিও ইমাম আয-যাহবীর মতে এই হাদীসটি হাসান।
[৭] হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত রয়েছে। এছাড়া সহীহ মুসলিমের শেষের দিকেও এটি বর্ণিত রয়েছে।
[৮] আল কুর’আন, সূরা ইউসুফ, আয়াতঃ ২৬-২৭
[৯] তাফসীর ইবনে কাসির, ১২নং খণ্ড, পৃষ্ঠাঃ ১৬৯
[১০] আল কুর’আন, সূরা তালাক, আয়াতঃ ২