Chapter 16 of 37
দাম্পত্যজীবনের খুঁটির জোর কোথায়? - আইনুল হক কাসেমী
3 min read
দাম্পত্যজীবনের খুঁটির জোর কোথায়?
একজন ‘সালিহাহ’ (সৎকর্মশীলা/দীনদার বঁধুয়া) নারী ছাড়া কোনো পুরুষের স্বভাবও ভালো হয় না; তার জীবনও সুন্দর হয় না। তদ্রুপ নারীও প্রশান্তি পায় না; তার জীবনও সুন্দর হয় না কোনো ‘সালিহ’ (সৎকর্মশীল/দীনদার বর) ছাড়া।
কথাটি বলেছেন শাইখ আহমদ নাজমি। স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা এটি। কারণ, এতে করে বোঝা যায়, দাম্পত্যজীবন একটি প্রাসাদের মতো; যার খুঁটি হলো সালাহ’ (সৎকর্ম/দীনদারি)। খুঁটি নড়বড়ে হলে ভবন টিকবে কীভাবে?
আমাদের দম্পতিরা ভুল এই জায়গায় করে। তারা সালাহ এর উপর তাদের দাম্পত্যজীবনের ভিত্তি না রেখে, মাহাব্বাহ (ভালোবাসা) এর উপর ভিত্তি রাখতে চায়। অথচ, ‘মাহাব্বাহ’ একটি ক্ষয়িষ্ণু খুঁটি; সময়ের সাথে বিগলিত হতে পারে। পক্ষান্তরে সালাহ একটি ইস্পাত কঠিন খুঁটি; ঝড়তুফানেও টিকে থাকে।
মাহাব্বাহ—এর উপর ভিত্তিকৃত দাম্পত্যজীবনকে পানির নালায় লবণের খুঁটির উপর নির্মিত ঘর বলতে পারেন। কিন্তু সালাহ এর উপর ভিত্তিকৃত দাম্পত্যজীবনকে শক্ত মাটিতে লোহার রডের উপর নির্মিত ঘর বলতেই হবে।
আমার কথার মানে এই নয় যে, দাম্পত্যজীবনে মাহাব্বাহর কোনো অবদান নেই; বরং অনেক অবদান রয়েছে। তবে সেটা সালাহর তুলনায় কিছুই নয়। আগে সালাহ; পরে মাহাব্বাহ। দীর্ঘজীবন প্রেম করে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া অনেক দম্পতিকেও কিছুদিন যেতে না যেতে পরকীয়ায় জড়াতে দেখা যায়। বিশ্বাস না হলে, সুশীল সমাজে একটু ঢু মেরে দেখতে পারেন।
সুতরাং সেসব দম্পতির মাঝে সালাহর বালাই নেই; তবুও সুখময় দাম্পত্যজীবনের জন্য হাহুতাশ করেই যায় শুধু, তারা বোকার স্বর্গে বাস করে। কেননা, যে স্বামী সালিহ নয়, সে পরনারীর প্রতি আসক্ত হতেই পারে। স্ত্রীকে অবমূল্যায়ন করতে পারে। তদ্রুপ যে নারী সালিহা নয়, সেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারে। স্বামীর অধিকার নাও দিতে পারে।
এজন্যই তো অনেক আধুনিকা মেয়েও সারাজীবন অনেক বয়ফ্রেন্ডের সাথে চুটিয়েপ্রেম করে, শেষমেশ জীবনসঙ্গী হিসেবে একজন হুজুরকেই খুঁজে! কারণ, সে খুব ভালো করে জানে—এই লোকটা তাকে ভাতকাপড় দিয়ে ভালোমতো রাখতে না পারলেও; তার দীনদারি দিয়ে শতভাগ ভালোবাসা দিয়ে যাবে।
তদ্রুপ পাড়ার মাস্তান ছেলেটাও সারাজীবন বহু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করেও শেষমেশ জীবনসঙ্গিনী হিসেবে একজন রাবেয়া বসরি খুঁজে! কেননা, এরকম মেয়েক নিয়ে ফুর্তি করা গেলেও সহধর্মিণী বানানো যায় না। কারণ ওই একটাই—সালাহ।
আর হ্যাঁ, মাহাব্বাহ এর চেয়েও সালাহ যে খুবই দরকার একটি বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য—এর পেছনে সবচেয়ে বড় দলিল হলো, আমাদের সমাজে অনেক দম্পতি এমনও দেখা যায়, যাদের মধ্যে তেমন কোনো ভালোবাসা নেই; তবুও দিব্যি ঘর সংসার করেই যাচ্ছেন। বাহির থেকে লোকজন তাদেরকে অনেক ‘সুখী’ মনে করলেও; আসলে তারা মোটেও সুখী নয়! শুধুমাত্র সংসার টিকিয়ে রাখতে তারা একই ছাদের নিচে বসবাস করে যাচ্ছে—এই যা!
তাহলে বোঝা গেল, মাহাব্বাহ তথা ভালোবাসা ছাড়াও ঘর করা যায়। আর যা ছাড়া ঘর করা যায়, তা ঘর-সংসারের জন্য অত জরুরি নয়। হ্যাঁ, সুখী সংসারজীবনের জন্য অবশ্যই ভালোবাসার প্রয়োজন আছে। যাইহোক, সালাহ তথা দীনদারির প্রয়োজন সর্বাগ্রে। এটি থাকলে সংসার সুখী হবে, ইনশাআল্লাহ। কারণ, স্ত্রীকে ভালোবাসা ও মূল্যায়ন করা এবং স্বামীকে ভালোবাসা ও সম্মান করাও সালাহ এর অন্তর্ভুক্ত। এটি ছাড়া সালাহ হতে পারে না।
এ ব্যাপারে হজরত উমর ইবনুল খাত্তাব রা.-এর একটি ঐতিহাসিক উক্তি মনে পড়ে গেল। এক ব্যক্তি তাঁর কাছে এলো একটি কেইস নিয়ে। কেইস কী? সে বেটা তার বউকে তালাক দিতে চায়। কারণ কী?—সে তার বউকে ভালোবাসে না, তাই সে বউকে রাখতেও চায় না!
উমর ইবনুল খাত্তাব তখন জবাব দিয়েছিলেন, ‘প্রতিটি ঘর-সংসারের ভিত্তি কী ভালোবাসার ওপর নির্ভরশীল? যদি নির্ভরশীল হয়, তাহলে স্ত্রীকে লালন করা এবং তার ব্যাপারে লোকলজ্জার বালাই কোথায়?’
নোট : আল্লামা আহমদ নজমির ছোট্ট একটি কথাকে পুঁজি করে আমি নিজেই এতসব বয়ান করে গেলাম। মনঃপুত না হলে এড়িয়ে যেতে পারেন। এটি আপনার জন্য নয়।
আর হ্যাঁ, পোস্টের সাথে যে ছবি জুড়ে দিয়েছি, সেখানে একটি আরবি বাক্য লেখা রয়েছে। এ বাক্যের অর্থ হলো, 'যখন আল্লাহ কোনো পুরুষকে ভালোবাসেন, তখন তার জীবনপথে একজন সালিহাহ (দীনদার) নারীকে প্রস্তুত করে রাখেন।'
তাসিসুল আহকাম : ৪/১৭২, আল্লামা আহমদ নজমি।