Chapter 11 of 37
বিয়ে বা বিবাহিত জীবন আসলে কেমন? - মাহফুজ আলামিন
5 min read
এই প্রশ্নের উত্তর একেকজন একেক দার্শনিক ভংগিতে দেয়ার চেষ্টা করে। যেমন কারো জন্য এটা লাড্ডুর মত, এ এমন এক লোভনীয় মিষ্টান্ন যা খেলেও ঝামেলা, আবার না খেলেও তাই! অবিবাহিতদের জন্য এটা সকল সুখের মূল টাইপ ফ্যান্টাসি, আর বিবাহিতদের জন্য এক কঠিন সংগ্রাম। . জনৈক ফিলোসফার একদা বলেছিলেন- বিয়ে করা জরুরি। যদি কপালে ভালো বউ জোটে তবে সুখী হবে, যদি খারাপ জোটে, তবে হবে দার্শনিক। সুখী হলে তো সোনায় সোহাগা, আর তা নাহলেও জীবন সংগ্রাম তাকে দার্শনিক বানিয়ে ছাড়বে, দার্শনিক হলে দর্শন বেচেও অনেক দুনিয়াবি ফায়দা, মরলেও বিখ্যাত হবার সুযোগ, সুতরাং এতেও লাভ। . তো যাই হোক, একেক জনের অভিজ্ঞতা একেকরকম হয়, সেই অনুযায়ী তাদের দৃষ্টিভংগিও হয় ভিন্ন ভিন্ন। বিয়ের পৌনে তিন বছরের মাথায় এসে নিজের অভিজ্ঞতা থেকে দু চারটা কথা বলা যাক- প্রথম কথা হলো জীবন পরীক্ষার জায়গা, এইখানে নিরবিচ্ছিন্ন আনন্দ বলতে কিছু নেই। তাই যাদের মনে বিয়েকে সকল সুখের মূল হিসেবে ফ্যান্টাসাইজ করার প্রবণতা আছে তাদের আগে থেকেই সতর্ক হওয়া ভালো। বিয়ের সুখ টা এইটুকুই যে, একলা যেই পরীক্ষা দেয়া কঠিন, সেই পরীক্ষায় সাথী হিসেবে আরেকটা মানুষকে পাশে পাওয়া যায়, যাকে জীবনযুদ্ধে সেইম পরীক্ষার সম্মুখীন হতে দেখে নিজের যুদ্ধটা রিলেট করতে সুবিধা হয়, সহানুভূতি পাওয়া যায় অনেক সময় যাতে টিকে থাকতে অনুপ্রেরণা পাওয়া যায়। . আরেকদিন লিখেছিলাম, দুইটা মানুষের মাঝে ৩ টা জিনিসের মিল অমিলের পরিমাণের উপর ভিত্তি করে সুখ দুঃখের মাত্রা আপডাউন করে। ১. আধ্যাত্মিক আদর্শে মিল অমিল ২. মানসিক পছন্দ অপছন্দের মিল অমিল ৩. শারীরিক চাহিদার মিল অমিল। তো বিয়ের আগে এই ৩ টাই মিলবে এমন নিশ্চিত হওয়া প্রায় অসম্ভব৷ যতখানি মিলে তাকে আলহামদুলিল্লাহ হিসেবে শুকরিয়া জ্ঞাপন করে অমিলগুলোকে যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করা উত্তম। যদিও এটা খুব কঠিন বা ক্ষেত্র বিশেষে অসম্ভব, সেই ক্ষেত্রে কম্প্রোমাইজ করেই এই জীবনটা পার করে দিতে হয়৷ . স্বামী স্ত্রীর মাঝে দ্বীনের বুঝ থাকাই কেবল যথেষ্ট না, একে অন্যের মন মেজাজ বুঝে আচরণ করা অনেক গুরুত্বপূর্ণ, যা অধিকাংশ মানুষের অর্জন করা হয়ে উঠেনা। কখন কোন ক্ষেত্রে কতখানি রিয়েক্ট করতে হবে, তা বিয়ের শুরু থেকেই শিখে শিখে আগাতে হয়। রাগ, অভিমান, একে অন্যের হক্ক, পছন্দের প্রতি গুরত্ব দেয়া অনেক বিষয় থাকে যা বলে কয়ে বোঝানো যায়না যতক্ষণ না স্বামী স্ত্রী স্ব প্রণোদিত হয়ে বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী আচরণ দিয়ে পরিস্থিতি ইতিবাচক বা অনুকূলে নিয়ে আসে। খুব কম মানুষ ই পার্টনারের সাইকোলজি বুঝে সেই অনুযায়ী এক্ট করতে জানে। তাই স্বামী হিসেবে মেয়েদের সাইকোলজি বোঝা ইন জেনারেল, এবং ইন্ডিভিজুয়ালি তেমনি স্ত্রী হিসেবে পুরুষের সাইকোলজি জেনারেল এবং স্পেসিফিকভাবে বোঝা অনেক গুরুত্বপূর্ণ। বিয়ের আগে এগুলো নিয়ে স্টাডি করে নেয়া অনেক উপকারী হতে পারে এমনটা আমার মনে হয়। . বিয়ে মানেই সীমাহীন ধৈর্য্য পরীক্ষার নাম। বিবাহিত জীবনে বারবার এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয় যখন সেল্ফ ইগো, সেল্ফ ইস্টিম, আত্মসম্মানবোধ এইসবের জলাঞ্জলি দিয়ে হলেও একে অন্যের সাথে সম্পর্ক ঠিক রাখতে হয়। বিশেষ করে দুজনের মাঝে যার রাগ অভিমান বেশি থাকে, তার জন্য অন্য পার্টনারকে বেশি সেক্রিফাইস করতে হয়। বকাঝকা করার, পাল্টা রাগ দেখানোর, সাইজ করে দেয়ার যথেষ্ট কারণ বিদ্যমাণ থাকা সত্বেও অনেক সময় উল্টোটা করতে হয়, ইগো, ক্রোধের ঝাল গিলে ফেলতে হয়, অন্তরে ক্ষোভ নিয়ে মুখে হাসির ইমো ঝুলিয়ে মেনে নিতে হয়। অধিকাংশ তালাকের কেইসে দেখা যায়, স্বামী স্ত্রী কেউই কারো কথা শুনতে রাজি ছিল না, রাগ পাল্টা রাগ এক সময় পরিস্থিতি এত খারাপ করে তোলে যে তালাকেই শেষ হয় কথা কাটাকাটি। তাই ইসলামের নির্দেশনা অনুযায়ী একজন রাগলে অন্যজনের পানি হয়ে যাওয়ার সলুশন ছাড়া অন্য কোন উত্তম পথ নেই। এটাই সংসার, এটাই জীবন সংগ্রাম। . বিয়ের মাধ্যমে নিজের দোষ ত্রুটি সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায়। আত্মশুদ্ধির জন্য জরুরি হচ্ছে নিজের দোষত্রুটি সম্পর্কে ভালো ধারণা থাকা এবং রোগ অনুযায়ী চিকিৎসা দেয়া নিজের অন্তরকে। বিয়ের আগের ব্যাচেলর লাইফে নিজের নেগেটিভ দিকগুলো সম্পর্কে নিজে থেকে পূর্ণ আন্দাজ করা যায়না। বিয়ের পর অন্য একজনের সাথে, বা তার পরিবারের সাথে থাকতে চলতে ফিরতে গেলে দোষগুলো একে একে কোন না কোনভাবে বেরিয়ে আসে। আমরা সবাই দোষে গুণে ভরপুর৷ তবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের সমুন্নতির জন্য পার্টনারের কাছ থেকে সেগুলো জেনে নিয়ে তার উপর সোহবতের বরকতে আত্মশুদ্ধির প্রলেপ লাগানোর চেষ্টা না করলে সারাজীবন বিশেষ বিশেষ সময়ে সেগুলো নিয়ে খোটা সহ্য করে যেতে হবে বাচ্চারা, তাই মনে রাখা জরুরি। . বিয়ে রিলেটেড যে কোন বইয়ে একটা জিনিস থাকেই আর তা সত্য ও বটে। আসলে দুনিয়ায় হুর বা হুরের বিপরীতে পুরুষ বাচক সত্বা পাওয়া সম্ভব না। একে অন্যের হক্ক আদায়ে অনেক ত্রুটি হবেই, এটা নিশ্চিত। এই ক্ষেত্রে আমাদের অধিকাংশের এপ্রোচ হচ্ছে একে অন্যের কাছে হক্ক না পাওয়ায় তার ক্ষোভ বহিঃপ্রকাশ করা, নিজের দায়িত্ব সম্পর্কে গাফেল থাকা। কিন্তু এই ক্ষেত্রে এপ্রোচ হওয়া উচিত, আমি কতখানি আমার স্ত্রীর কাছে বা স্ত্রী হিসেবে স্বামীর কাছে পাবো তা আমার রিযকের ই অংশ। তার কাছে না পেলে আশা আল্লাহর কাছেই করা উচিত তার কাছেই চাওয়া উচিত, আল্লাহর কাছ থেকে যখন ই আশা ভরসা মাখলুকের দিকে চলে আসে তখন এই বিচ্যুতির শাস্তি আল্লাহ তাআলা যার উপর ভরসা করা হচ্ছে, তার মাধ্যমেই দিয়ে থাকেন। আর আমি যত তার হক্ক সম্পর্কে সচেতন থাকবো, তা আদায়ে বদ্ধপরিকর হবো, ততই সেই চেতনা তার মাঝে আমার হক্ক পূরণে তাড়না তৈরি করবে। কেবল হক্ক দাওনা কেন, দায়িত্ব পালন করোনা কেন এইরকম জপে গেলে হিতে বরং বিপরীত হয়। তবে একদম ই অবুঝ টাইপের পার্টনার হলে তখন অবশ্য তার হক্ক আদায় জানপ্রাণ দেয়ার থিউরি অনেক সময় কাজ করেনা। যাই হোক, আমার কথাবার্তা যাদের কাছে নেগেটিভ নেগেটিভ ফিল আনতেসে বিয়ের ব্যাপারে তাদের জন্য কিছু আনন্দের মুহুর্তের কথা শেয়ার না করলে বোধ হয় ইনজাস্টিস হয়ে যাবে। আপনাকে সারপ্রাইজ দেয়ার জন্য যখন প্রিয় খাবার রান্না করে নিয়ে আসবে, আপনার বাচ্চার দেখাশোনার জন্য রাতদিন কষ্ট করবে, আপনার চাকরি চলে যাওয়ায় মেন্টাল বা ফিনান্সিয়াল সাপোর্ট দিবে, শত রাগ দুঃখ অভিমান শেষে রাতে যখন চোখের পানি ফেলে বুকে জড়িয়ে ধরবে তখন আসলে প্লাস মাইনাস হিসেবে সব ভুলে গিয়ে মনেই হবে, বিয়ে আসলেই দ্বীনের অর্ধেক। যতই হোক, বউ তো বউ ই, দিন শেষে বিয়ে না করার চেয়ে করাই উত্তম।
বিয়ে নিয়ে কিছু কথা, Mahfuj Alamin