Chapter 19 of 37
সম্পর্ক - শিহাব আহমেদ তুহিন
5 min read
প্রত্যেক সম্পর্কের শুরুটা কতো অদ্ভুত হয় মাঝে মাঝে আমি চিন্তা করি! কিছুটা সঙ্কোচ, বাড়তি ভদ্রতা, কেউ কারো কথায় অন্য কেউ কিছু মনে করে ফেললো কিনা সেদিকে আলাদা নজর— এমন করতে করতেই দুজন আজনাবি-অচেনা মানুষ আবিষ্কার করে তারা আর আজনাবি নয়। বড্ড কাছের। আপন।
দুদিনের সেই অচেনা মানুষটার সাথেই আজ হৃদয়ের সব কথা বলা যায়, গোপন থেকে গোপন কথা অকপটে ব্যক্ত করা যায়। তারপর?
তারপর কী থেকে কী যেন হয়ে যায়— ঠিক বোঝা যায় না। কার দোষে এমন হয় তাও বলা যায় না। অনেকটা ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতার মতো—
غُرباء ثم أصدقاء ثم أحاديث طويله ثم أحبّه ، ثم حديثٌ قليل ، ثم عادو غُرباء
“একদম অচেনা।
তারপর বন্ধুত্ব। তারপর অনেক কথা-গল্প একসাথে। তারপর ভালোবাসা। তারপর কথাগুলো ধীরে ধীরে কমে আসা।
তারপর আবার অচেনা!”
কিছু মানুষকে দেখি, যারা সকল দোষ অপর ব্যক্তির ঘাড়ে ফেলে আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে একদম নির্দোষ ভাবে। বলে, ‘যা হয়েছে সব ওর দোষেই হয়েছে।’ কেউ আবার সব দোষ নিজের ওপর নিয়ে গ্লানির সমুদ্রে হারিয়ে যায়।
জীবনের ওই মুহূর্তে দাঁড়িয়ে ইচ্ছে করে গুমোট বেধে থাকা নীরবতাগুলোকে হাসির শব্দে উড়িয়ে দিতে। ভেঙ্গে পড়া সম্পর্কটাকে আবার নতুন করে গড়তে। একসাথে চা খেতে খেতে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতে, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাতে, পুরানো এক গানে বেসুরো গলায় গান গেতে, পড়ন্ত বিকেলে একসাথে বসে সূর্যের অস্ত যাওয়া দেখতে, স্টেশনে ট্রেন থেমে থাকতে দেখলেই দৌড়ে উঠে পড়তে। ট্রেনের গন্তব্য কোথায় জানা নেই। কিন্তু দুজন পাশাপাশি থাকলে গন্তব্যের তোয়াক্কা কীসের?
তখন আবার ইচ্ছে করে সাহিরের কবিতার মতো আজনাবি হয়ে যেতে। নতুন করে ভালোবাসতে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সময়। সময় বাধা দেয় তাকে নিজের সাথে বাঁধতে। সবকিছু আবার নতুন করে শুরু করতে। সময় অনেক আগেই তাকে অনেক দূরে নিয়ে যায়। যেখান থেকে নতুন কিছু শুরু করা অসম্ভব।
কখনো আবার সুযোগ থাকে নতুন শুরুর। কিন্তু মনে হয় কী লাভ? কয়দিন পর যখন আবার তিক্ততাগুলো সামনে আসবে তখন কী করে তা সামলাবো? কী লাভ ওই ক্ষতটাকে মলম দিয়ে সারিয়ে যখন জানি ক্ষতটা আবার ফিরে আসবে? এর তো কোনো পরিণতি নেই। সাহিরের ভাষায়, ‘বহ আফসানা জিসে আঞ্জাম তাক লানা না হো মুমকিন…’ ।
তারচে’ এটাই ভালো যে, আমরা আবার আজনাবি হয়ে যাই। রাস্তায় হুট দেখা হয়ে গেলে মৃদু হেসে পাশ কাটিয়ে যাবো। দূর থেকে দুজন দুজনকে দেখে ভাবব, সবাই অনেক সুখে আছে। ভালো আছে। নানান জায়গায় ঘুরে জীবনটাকে উপভোগ করছে। আর যদি সে সব ভুলেও যায়, তাতে আমার কী? আমি তো সব মনে রেখেছি-
وہ جو ہم میں تم میں قرار تھا تمہیں یاد ہو کہ نہ یاد ہو وہی یعنی وعدہ نباہ کا تمہیں یاد ہو کہ نہ یاد ہو وہ جو لطف مجھ پہ تھے بیشتر وہ کرم کہ تھا مرے حال پر مجھے سب ہے یاد ذرا ذرا تمہیں یاد ہو کہ نہ یاد ہو
وہ نئے گلے وہ شکایتیں وہ مزے مزے کی حکایتیں وہ ہر ایک بات پہ روٹھنا تمہیں یاد ہو کہ نہ یاد ہو کبھی بیٹھے سب میں جو روبرو تو اشارتوں ہی سے گفتگو وہ بیان شوق کا برملا تمہیں یاد ہو کہ نہ یاد ہو
کوئی بات ایسی اگر ہوئی کہ تمہارے جی کو بری لگی تو بیاں سے پہلے ہی بھولنا تمہیں یاد ہو کہ نہ یاد ہو جسے آپ گنتے تھے آشنا جسے آپ کہتے تھے با وفا میں وہی ہوں مومنؔ مبتلا تمہیں یاد ہو کہ نہ یاد ہو
“ওই যে যখন আমি তোমার মাঝে হারিয়ে যেতাম বারবার- সে সময়ের কথা, তোমার মনে থাক বা না থাক, ওই যে তুমি কতবার বলেছিলে থাকবে আমার পাশে- আমার সব আছে মনে, তোমার মনে থাক বা না থাক। ওই যে যখন তোমার ভালোবাসার বিছানা পেতে গুনগুনিয়ে গান গেয়ে- তুমি প্রতি রাতে আমায় ঘুম পাড়াতে, ওই যে সেই স্বপ্নের ভোর, তোমার কি কখনো পড়ে মনে- সে দিনগুলোর কথা? তোমার মনে থাক বা না থাক।
ওই যে নতুন নতুন অভিমান, অভিযোগ, কতো মজার মজার গল্প বলে – আমার প্রতিটা রাত দিতে মধুর করে, ওই যে কথায় কথায় তোমার রেগে যাওয়া, গাল ফুলানো- সে অনুভূতিগুলো, তোমার মনে থাক বা না থাক। ওই যে মুখোমুখি বসে ইশারায় কথা বলা, হারিয়ে যাওয়া চোখের তারায়- সে তারাগুলো আজ ভীষণ পোড়ায়, ওই যে মুখ ফসকে বলা সে কথাগুলো, বলেই লজ্জায় লাল হওয়া- সে কথাগুলো, তোমার মনে থাক বা না থাক।
ওই যে যখন তোমার হতো খুব মন খারাপ, চোখ ছলছল- সে কথাগুলো আজো কি তোমার চোখে আনে জল? ওই যে তারপর আমার রাগ ভাঙ্গানোর আপ্রাণ চেষ্টা বহুক্ষণ ধরে- সে চেষ্টাগুলো, তোমার মনে থাক না থাক।
ওই যে যাকে তুমি বলতে মনের মানুষ, যেটাকে বলতে অকৃত্রিম ভালোবাসা- কবে কাটবে তোমার মনের ধোঁয়াশা, ওই যে সে মনে আমি নাই বা থাকি, এ মনে আছো তুমি – আছে সে ভালোবাসা, সে ভালোবাসা তোমার মনে থাক বা না থাক।”
তবে একসময় এ কবিতাগুলো কেবল অর্থহীন প্রলাপ মনে হয়। মনে হয় কী লাভ এগুলো আওড়িয়ে। অতীত রোমান্থন করে। হারানো মানুষ তো কবিতায় ফিরে আসে না। কিছু অতীতের ঝাঁপটা আসে কেবল। আর সে ঝাঁপটা দু চোখকে আরো প্লাবিত করে দিয়ে যায়। নিজেকে অশ্রুর মাঝে বন্দী করে দিয়ে যায়-
وہ عکس بن کے مری چشم تر میں رہتا ہے عجیب شخص ہے پانی کے گھر میں رہتا ہے
“সে অশ্রু হয়ে আমার চোখে থেকে যায়। কী বিচিত্র সে জন— জল দিয়ে গড়া ঘরে বসত করে যায়।”
আর কিছুতেই হৃদয়টাকে না মানাতে পারলে, রাতের শেষ প্রহরে চোখ দুটিকে এক না করতে পারলে না হয় সাহিরের কবিতাটাকেই ক্লান্ত স্বরে আওড়াবো। তিক্ততার চেয়ে বিচ্ছেদই যে ভালো তা অনুধাবনের জন্যে এরচে’ সুন্দর কবিতা হয়তো পৃথিবীতে আর নেই। কবিতাটা আওড়াব আর ভাবব, যা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহ তা‘আলা ভালো কিছুই করবেন-
چلو اک بار پھر سے اجنبی بن جائیں ہم دونوں نہ میں تم سے کوئی امید رکھوں دل نوازی کی نہ تم میری طرف دیکھو غلط انداز نظروں سے نہ میرے دل کی دھڑکن لڑکھڑائے میری باتوں سے نہ ظاہر ہو تمہاری کشمکش کا راز نظروں سے
تعارف روگ ہو جائے تو اس کا بھولنا بہتر تعلق بوجھ بن جائے تو اس کو توڑنا اچھا وہ افسانہ جسے انجام تک لانا نہ ہو ممکن اسے اک خوبصورت موڑ دے کر چھوڑنا اچھا
“চলো না আরেকটাবার অচেনা হয়ে যাই তুমি আমার, আমি তোমার। না আমার মনে কোনো আশা থাকবে তোমার ফেরার না তুমি আমার দিকে তাকাবে ভুল বুঝে বেশুমার। না আমার হৃদয়ের স্পদন বেড়ে যাবে যখনই শুনব কোনো কথা তোমার, না তোমার চোখের তারায় ধরা পড়ে যাবে গোপন যাই-ই ছিলো আমার।
পরিচয় যদি রোগ হয়ে যায় তবে তা ভুলে যাওয়াই ভালো, বন্ধন যদি বোঝা হয়ে যায় তবে তা ভেঙ্গে ফেলাই ভালো। যে সম্পর্ক শেষ পর্যন্ত থাকবে না ভালো, সে সম্পর্ক ভালো থাকতেই শেষ করি চলো।”