Chapter 14 of 37
অপ্রেমিক ~ জান্নাত মিম
10 min read
— আমি তো অন্তর্যামী নই অরু। তোমার রোজকার এই অকারণ অশান্তি থেকে এবারে মুক্তি দাও আমায়।
— হ্যাঁ, জন্মের মতো মুক্তি দিয়ে দেবো। - এই বলে অরু খাটে রাখা বালিশটা ছুঁড়ে দেয় শাহেদের দিকে। শাহেদ প্রচন্ড রাগে মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেয়ালে ক'খানা ঘুষি দেয়। তারপর সশব্দে দরজায় ধাক্কা মেরে বেরিয়ে যায়। . অরু রাগে কাঁপতে কাঁপতে বিছানা এলোমেলো করে, চিৎকার করে কাঁদে। অরুর এই এক সমস্যা। প্রচন্ড জেদ উঠে যায় হঠাৎ করেই। যেনো শরতের আকাশের মতো এই মেঘ, এই রোদ্দুর। আর বিয়ের পর থেকে ওর সমস্ত রাগ অভিমান শাহেদকে ঘিরেই। শাহেদ কূলকিনারা পায় না অরুকে সামলে। ঠান্ডা মাথার ছেলে হয়েও অরুর অনর্থক চিৎকার চেঁচামেচিতে শাহেদের মাথা নষ্ট হয়ে যায় প্রায়ই। . আসলে ঠিক অনর্থক নয়, ব্যাপারটা খোলাসা করে বলছি শুনুন। অরু দিনের বেশিরভাগ সময় বাসায় একলাই থাকে। রান্না বসায়, ঘর সাজায়, সুর তুলে কুরআনের পাতায়। আবার মাঝেমধ্যে জানালার কার্নিশে বসে কিচিরমিচির করা পাখিদের সাথে কথা বলে আবোল তাবোল।
শাহেদ থাকে অফিসে। ঘনঘন ফোনে কথা বলার স্বভাবও নেই শাহেদের। মাইগ্রেনের জন্যে বেশিক্ষণ ফোনে কথা বললেই ওর ভয়ানক মাথাব্যাথা শুরু হয়ে যায়। তাছাড়া অরু ফোন দিলে 'কি করো' বলা ছাড়া আর কোনো কথাই যেনো খুঁজে পায় না শাহেদ। অরুও বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে ফোন কেটে দেয়।
কতো রকম স্বপ্ন ছিলো অরুর। বান্ধবীদের দেখতো, কুটকুট করে সারাক্ষণ প্রেমিকের সাথে কথা বলতো সকলে, কতো প্রেম করতো। অরুরও ইচ্ছে হতো, ওর একান্ত নিজের মানুষটার কাছে গুটুর গুটুর করে কথার ঝুলি নিয়ে বসবে। সময়ে অসময়ে ফোন করে মন খারাপের ভাগ নিতে বলবে। কিন্তু অরু তো সবার মতো দ্বীনহীনা ছিলো না, ও দ্বীন আঁকড়ে ছিলো শক্তভাবে। তাই হারাম সম্পর্কে জড়ানো থেকে নিজেকে বেঁধে রেখেছিলো প্রচন্ড সবর নিয়ে। অপেক্ষা করেছিলো রব্বের বাছাই করা বৈধ মানুষটার জন্যে।
অথচ বিয়ের পর ওর কুমড়ো পটাশ বর সমস্ত স্বপ্ন ঘেটে দিলো। শাহেদের সঙ্গে মোটেও গল্প জমে না অরুর। এমনও হয়, অরু খুব আগ্রহে ছোটবেলার কোনো মজার ঘটনা হাত নেড়েচেড়ে বলছে, কতোক্ষণ পর দেখলো শাহেদ হা করে চোখ দু'টো আধখোলা রেখে ঘুমিয়ে গেছে। অরুর তখন মনে চায়, শাহেদের মুখ বরাবর এক ঘুষি দিতে।
তারপর, বাইরে বেরোলে যেনো অরুকে বেমালুম ভুলে যায় শাহেদ। নিজ থেকে ফোন তো দেবেই না, অরু দিলেও যেনো জোর করে কথা বলে। তাই অরুও এখন তেমন ঘাটায় না আর। শুধু মনের মধ্যে পুষে রাখে পাহাড়সম অভিমান। . তো, আজ সকালে শাহেদ অফিসে যাবার পর সময় কাটাতে ফেসবুকে ঢুকেই দেখে পরিচিত এক বোনের স্ট্যাটাস। বর নিয়ে ঘুরতে বেরিয়েছিলো রাতের বেলা। তাই বরের প্রশংসায় চমৎকার একটা ক্যাপশন দিয়ে একগাদা হাওয়াই মিঠাই, ফুল আর চকোলেটের ছবিসহ পোস্ট করেছে।
সেসব দেখে অরুর মন খারাপ হয়ে যায় হঠাৎই। শেষ কবে শাহেদ ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলো, অরুর মনে পড়েনা। শাহেদ কখনও নিজ থেকে কোনো উপহারও দেয়নি ওকে। অরুর খুব মন খারাপ হয়। শাহেদকে ফোন দেয়, কাজে ব্যস্ত শাহেদ ফোন কানে তুলে বলে, সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। অরু খট করে ফোন রেখে দেয়। ভাল্লাগে না, অরুর কিচ্ছু ভাল্লাগে না। . রাতে শাহেদ বাসায় আসে। অরু গাল ফুলিয়ে থাকে। সারাদিন কাজ করে, বসের ঝাড়ি খেয়ে বাসায় ফেরা শাহেদেরও মেজাজ গরম। অরুর গোমড়া মুখ দেখে আরও বিরক্ত হয়। কোনোমতে খেয়ে শুতে চলে যায়। অরুর অভিমান রাগে পরিণত হয়। অরু ভাবে, "সবাই সুখে আছে, শুধু ওর জীবনটাই কেমন বিচ্ছিরি!"
সারারাত বারান্দায় বসে থাকে অরু। কাঁদে, চাঁদ দেখে। অরু আশা করে, শাহেদ ডাকবে। বেচারা ক্লান্ত শাহেদ নাক ডেকে ঘুমায়। পরদিন ফজরে উঠে শাহেদ দেখে, অরু তখনও বারান্দায় বসে। রান্নাবান্না কিছুই শুরু করেনি। শাহেদ হন্তদন্ত হয়ে অরুর কাছে যায়। অরুর কাঁধে হাত রেখে প্রশ্ন করে,
— কি হয়েছে তোমার? শরীর খারাপ?
অরু কিছু বলে না। সন্তর্পণে শাহেদের হাত সড়িয়ে দেয়। বারান্দা থেকে উঠে এলোমেলো পায়ে ঘরের ভেতর ঢুকে শুয়ে পড়ে। শাহেদও আসে পেছন পেছন। বলে, রান্না বসাবে না আজ? অফিসের দেরি হয়ে যাবে যে!
অরু চিৎকার করে ওঠে। — নিজে রেধে খেতে পারো না? বুয়া আমি? শাহেদ হতভম্ব হয়ে যায়। মাথা ঝিমঝিম করে ওঠে ওর। — চেঁচাচ্ছো কেন? — আমার ইচ্ছা, আমি সারাদিন বাসায় চেঁচাই, কাঁদি, মরি, তা তোর কি? সারাদিন বাইরে তুই কি করিস না করিস আমি দেখতে যাই?
শাহেদের এবার রাগ হয় খুব। তুই তোকারি ওর একদমই পছন্দ না। অরুকে বার বার বারণ করা সত্ত্বেও ও সবসময় রাগ হলে এমন করে। এদিকে শাহেদেরও অফিসের দেরি হচ্ছে। মাথা ঠান্ডা রাখতে না পেরে শাহেদও খানিক উচ্চস্বরে বলে, "তাহলে তুমি কি চাও অরু?" — কিচ্ছু না। তোর থেকে কিছু আশা করে লাভ আছে? — না বললে বুঝবো কি করে আমি?..... . . . এই হলো ঘটনা। শাহেদ এবং অরুর বিয়ের দু'বছর হতে চললো। অরু জানে, শাহেদের মতো ছেলে হয় না। কিন্তু তবুও কিছু কিছু বিষয় অরুকে হতাশ করে। অরুর নিজেকে প্রচন্ড অসুখী মনে হয়, ইচ্ছে হয় ঘর ছেড়ে পালাতে।
অরুর মন শান্ত হচ্ছে না কিছুতেই। সকালে শাহেদ না খেয়ে বেরিয়েছিলো, দুপুরেও খেতে এলো না। অরুও খায়নি কিছু। ঘরজুড়ে অস্থির পায়চারি করতে করতেই সময় হয় যুহরের। ভারী মনে নামাযে দাঁড়িয়ে যায় অরু। তখন ওর আরও কান্না পায়, শিশুর মতো করে রব্বকে অনেক কিছু বলে। জায়নামাজে বসেই ভাবে কতো কি!
কর্কশ আওয়াজে কলিং বেল বাজে হঠাৎ। শাহেদ এসেছে ভেবে অরু দৌঁড়ে গিয়ে দরজা খুলে দেয়। দেখে, পাশের ফ্ল্যাটের শ্যামলা মতোন মেয়েটা এসেছে। অরুর ভাল্লাগেনা। এখন কারও সাথে আলাপচারিতার ইচ্ছে নেই ওর। তবুও অনিচ্ছায় মুখে হাসি টেনে মেয়েটাকে ভেতরে আসতে বলে। হাত ধরে নিয়ে নিজের ঘরে বসায়। চা করে দেয়। . মেয়েটার নাম মায়া। ওদের পরিবারে দ্বীনের চর্চা বলতে গেলে নেই। প্রায়ই নামাজের সময় চলে আসে অরুর সাথে গল্প জমাতে। অরু বেশ বেকায়দায় পড়ে যায় তখন।
আজ ওর মুখটাও ভার। কে জানে, কি হলো ওর! মেয়েটা অরুর সামনে বসেই ঝরঝর করে কাঁদতে লাগে। অরু ভেবে পায়না, কি বলবে। ওর নিজের মনটাও ভালো না, অন্যকে সান্ত্বনা দেবার শক্তি ওর নেই। তবু দুনিয়ার সব দুঃখ বুঝি ওর ঘরে এসেই জমা হয়!
অরু বিরক্তি চেপে মেয়েটার হাত ধরে বলে, "এভাবে কেউ কাঁদে? কি হয়েছে আমায় বলো তো দেখি।"
কোনোমতে কান্না মুছে মেয়েটি বলে, — আপা, আমার বোধ হয় আর সংসার করা হবে না। — কেন রে মেয়ে?
মেয়েটা হড়বড়িয়ে বললো অনেক কিছু। ওর বর জুয়া খেলে, নিজে কোনো উপার্জন করেনা কখনও, চেষ্টাও নেই। মায়াই ওকে রোজগার করে খাওয়ায় আর ওদের সংসারটাও চলে মায়ার টাকায়। মায়া কোথায় গেলো, কি করলো কিংবা ওর কোনো সুবিধা-অসুবিধার দিকে কখনোই খেয়াল করেনি ওর বর। তার নেশা কেবল জুয়াতে। হুটহাট বাড়ি ফিরে মায়ার ব্যাগ, আলমারি থেকে সমস্ত টাকা নিয়ে উধাও হয়ে যায়। মায়াকে কখনোই ভালোবেসে কিছু দেয়নি, বরং ওর কষ্টের টাকাগুলো সব জুয়া খেলে উড়ায়। . কথা বলতে বলতে মায়ার হেচকি উঠে যায়। আহারে! অরুর মায়া হয় খুব। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়, পানি খেতে দেয়। অরু কানাঘুষায় এমন শুনেছিলো যে, মায়ার বরটা ভালো না। তবে এতোটা খারাপ স্বভাবের কথা আগে জানতো না। ছ'মাসও হয়নি ওরা ভালোবেসে বিয়ে করে নিয়েছে, পরিবার থেকে পালিয়ে....
মায়ার পরিবার আর চাইছে না মায়াকে এখানে রাখতে। কিন্তু মায়া বাঁধা পড়ে আছে মায়াতে। মায়া এখানে ভালো নেই, তবুও একটা অমানুষকে ছেড়ে ও যেতে পারছে না।
সত্যি, পৃথিবীতে কেমন হরেক রঙের দুঃখ! . অরু ওকে বোঝায় দরদ দিয়ে। কি হবে সেখানে থেকে, যেখানে দ্বীন নেই, দুনিয়াও নেই! মায়ার এখন কষ্ট হচ্ছে বটে ওর বরকে ছেড়ে দিতে, কিন্তু এমন জাহান্নামের সংসারে আজীবন থাকার চেয়ে, আল্লাহ্ তা'আলার ওপর তাওয়াক্কুল করে এটুকু কষ্ট মেনে নেয়া বহুগুণে ভালো।
অরু যত্ন নিয়ে বোঝালো আরও অনেক কিছু। মেয়েটা কি বুঝলো, কে জানে! . সন্ধ্যায় মেয়েটা চলে যাওয়ার পর অরু অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। বারান্দায় টবে লাগানো নয়ন তারাদের ছুঁয়ে দেয়। এক জীবনে সবাই সব পায় না বলেই বুঝি দুনিয়ায় এত রঙ! পরের জন্মে জান্নাত পেলে অরু স্বামী হিসেবে শাহেদকেই চাইবে, দুনিয়ার সবচে' বড় প্রেমিক রূপে....
অরু অনেকটা স্থির মনে মাগরিবের সালাতে দাঁড়ায়। সালাত শেষে যত্ন করে রাধে, সুন্দর শাড়ি পড়ে, এলো চুল বাঁধে। শাহেদকে ফোন দিয়ে বলে, আসার সময় যেনো ওর জন্যে চকোলেট নিয়ে আসে।
শাহেদ আসে রাতের বেলা। অরুর কেমন লজ্জা লাগে। শাহেদের হাতে অরুর প্রিয় চকোলেট। অরুর আবার রাগ হয়, নিজ থেকে তো আনেই না, আনতে বলায় একটা মাত্র চকলেট নিয়ে এসছে, কঞ্জুস লোক একটা! অরু গাল ফোলাতে গিয়ে হেসে দেয়। এরপর থেকে বলে দিতে হবে, অন্তত তিন/চারটা চকোলেট যেনো আনে। একটায় ওর মন ভরে না। . অরু আগে থেকেই শাহেদের পছন্দের সব খাবার টেবিলে সাজিয়ে রেখেছে। অনেক যত্ন করে রুই মাছের মুড়িঘণ্ট করেছে, টমেটো দিয়ে ঝাল ঝাল করে ডাল রেধেছে। এদিকে সারাদিন না খাওয়া শাহেদ আর কোনো দিকে না তাকিয়ে জলদি করে হাতমুখ ধুয়ে খেতে বসে পড়ে। চুপচাপ খেতে খেতে যখন মাথা অনেকটা ঠান্ডা হয়, সকালের ঘটনার জন্যে অনুশোচনায় ভোগে শাহেদ। না হয় ওর বউটা একটু বেশিই ঝগড়া করে, কিন্তু সরল মেয়েটা কি সুন্দর করে ওর জন্যে রাধে, ওর সংসার গুছায়। ওর ওভাবে কথা না বলে ঠান্ডা মাথায় বোঝানো উচিত ছিলো। অরুর আর কেই বা আছে শাহেদ ছাড়া? বিয়ের পরে বরই তো মেয়েদের সবচেয়ে আপন মানুষ হয়। . . খাওয়া শেষে শোবার ঘরে ঢুকতেই শাহেদ চমকে যায়। অরুর মুখভর্তি কালি। সেজেছিলো বোধহয়, কিন্তু সাজগোজ এমন নষ্ট করে হিংস্র বেশে খাটে বসে আছে কেন? ঘরখানাও ভীষণ এলোমেলো!
শাহেদ প্রমাদ গুনে। ভেবেছিলো, ভরপুর খাওয়া দাওয়ার পর হাত পা এলিয়ে জব্বর একখানা ঘুম দিবে। কিন্তু ঘরের ভেতর বয়ে যাওয়া সাইক্লোনের আভাস পেয়ে প্রচন্ড দুশ্চিন্তায় মনে মনে ভাবতে থাকে, সমস্যা টা কোথায়! যা চায়, তাই তো করি। মাসের শেষ, পকেটে টাকা নাই, তবু খুঁজে ওর পছন্দের চকলেট নিয়ে এলাম। তাহলে কি হলো আবার?
দিনশেষে শাহেদও খুব ক্লান্ত। দাঁড়িয়ে থাকার শক্তি ওর মোটেও নেই। আবার ভোরে উঠতে হবে। শাহেদ বিরক্ত হতে গিয়েও নিজেকে বোঝায়, "নাহ! যাই হোক, মাথা গরম করা যাবে না।" ধীরপায়ে এগিয়ে অরুর মাথায় হাত বুলিয়ে বলে, "ঘুমাবে না অরু?"
"তুই ঘুমা!"— বাক্যটা বুলেটের মতো অরুর মুখ থেকে বেরোতে গিয়েও থমকে যায়। রাগ গিলে নেয় অরু। যতটুকু সম্ভব ঠান্ডা স্বরে কথা বলার চেষ্টা করে। থমথমে আওয়াজ বের হয় গলা দিয়ে।
"সারাদিন কিছু খাইনি। রাতে একসাথে খাবো ভেবে বসে ছিলাম। তুমি তোমার মতো একাই খেয়ে নিলে। বাহ! আমাকে একবার বলারও প্রয়োজন মনে হলো না।"
হায় আল্লাহ্! এতোক্ষণে শাহেদের খেয়াল হলো। ক্ষুধায় গোগ্রাসে খেতে গিয়ে ও খেয়ালই করে নি যে, অরু খায়নি ওর সাথে। . শাহেদ জলদি করে খাবার টেবিল থেকে দুই প্লেট ভর্তি ভাত আর তরকারি নিয়ে অরুর কাছে আসে আবার। অরু ঝামটা মেরে মুখ ঘুরিয়ে নেয়। শাহেদের আনা চকোলেট ছুড়ে মেঝেতে ফেলে।
শাহেদ অরুর কাছে গিয়ে নরম স্বরে বলে, "খেয়ে নাও অরু। অনেক রাত হয়েছে। ফজরে উঠতে পারবো না এরপর।"
অরুর আরও রাগ হয়। লোকটা একদমই বাজে। তার কি এখন অরুকে খাইয়ে দেয়া উচিত না? এটুকু তো সাধারণ আক্কেলের বিষয়! আর দুই প্লেট ভাত কেন এনেছে? ওকে কি রাক্ষসী ভাবে?
নিজের মনেই গজগজ করতে থাকে অরু। শাহেদ বিছানায় বসে একখানা ভাতের প্লেট অরুর সামনে রাখে, আরেকটা প্লেট থেকে নিজে খেতে শুরু করে। মুখভর্তি ভাত চিবোতে চিবোতে বলে, "তুমি একসাথে খেতে চেয়েছো বলে আবার খাচ্ছি। তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও অরু।"
অরু রাগে কি করবে, ভেবে পায় না। ইচ্ছে হয়, ভাতসহ প্লেটটা শাহেদের মাথায় উপুড় করে ঢেলে দেয়। ঝাঁঝালো গলায় বলে ওঠে, "খাইয়ে দাও।"
শাহেদ মাথা নিচু করে খেতে খেতেই প্রশ্ন করে, — কাকে? — মানে? এখানে আর কয়জন আছে? - অরু গর্জে ওঠে।
শাহেদ চমকে গিয়ে অরুর দিকে চোখ তুলে তাকায়। গাল অব্ধি লেপ্টে আছে কাজল আর ঠোঁটের লিপস্টিক। এমন ভয়াবহ মূর্তির কথা অমান্য করার সাহস হয় না শাহেদের। ওর এখন একটাই চিন্তা, কতো দ্রুত ঘুমাতে যেতে পারবে, নয়তো ফজরে উঠতে পারবে না আর অফিসেও দেরি হয়ে যাবে।
জলদি করে অরুর সামনে থাকা প্লেট হাতে নেয় শাহেদ। অরু আড়চোখে সেদিকে তাকায়।
"অদ্ভুত! এই গাধা লোক কেন বিয়ে করেছে? এতোদিনেও কিছু শিখলো না। প্রত্যেকটা কথাই কি লজ্জা ভেঙে শিখিয়ে দিতে হবে আমাকে? খুব তো হুজুর, এটা কি জানে না যে, স্বামী-স্ত্রী একই প্লেটে খাওয়া সুন্নাহ্। ভন্ড হুজুর একটা! ঝগড়া কি এমনিই হয়?" — রাগে দাঁত কিড়মিড় করতে থাকে অরু। মনে মনে শাহেদের চোদ্দগুষ্টি উদ্ধার করে দেয়।
যাই হোক, অরু ঠিক করে নেয়, শাহেদের কাছে ও এতো লজ্জা পাবে না। যে যেমন, তার সাথে তেমনই করতে হবে। বরটা তো ওরই, ওর যা যা প্রয়োজন ও ছিনিয়ে নেবে, হুম্ম।
"আমি তোমার প্লেট থেকে খাবো।" - অরুর তীক্ষ্ণ কন্ঠস্বর।
এদিকে ঘড়ির কাটা এগোনোর সাথে সাথে শাহেদের মাথা আউলে যাচ্ছে। এই মেয়ের বাহানার শেষ নেই। আজ রাতে বোধ হয় ঘুমাতেই পারবে না!
শাহেদ তড়িঘড়ি করে ওর প্লেটে মাখা ভাতের লোকমা নিয়ে অরুর মুখে এগিয়ে দেয়। অরু চোখ আর হাতের আঙুলের ইশারায় মেঝেতে পড়ে থাকা চকোলেটটা তুলে দিতে বলে শাহেদকে। শাহেদের ধৈর্য্য ততোক্ষণে পালাই পালাই করছে যেনো। তবু শাহেদ বাধ্য ছেলের মতো অরুর আবদার মেনে নেয়। আর যাই হোক, এখন কথা বাড়িয়ে রাত পার করতে চায় না ও। . . মেঝে থেকে চকোলেটের প্যাকেটটা তুলে অরুর হাতে দেয় শাহেদ। অরুর মনে তখনও মেঘের পাহাড়। মানুষেরা কি সুন্দর বউয়ের রাগ ভাঙাবার সময় মিষ্টি নাম ধরে ডাকে। আর এই পুরুষ কিছুই জানে না!
অরু একটানে চকোলেটের প্যাকেটটা ছিঁড়ে নেয়। পারলে যেনো শাহেদের চুলগুলোও এভাবে ছিঁড়ে নিতো।
আর শাহেদ কতো শীঘ্রই ঘুমাতে যেতে পারবে, সেই দুঃশ্চিন্তা নিয়ে অরুর মুখের কাছে ভাতের লোকমা ধরে আছে। অরু এবারে চোখ বন্ধ করে হা করে। শাহেদের হাতের চিরচেনা ঘ্রাণ ওর নাকে এসে লাগে। ভাত মুখে নেবার সময় অরু কুট্টুস করে কামড়ে দেয় শাহেদকে। শাহেদ চোখ মুখ কুচকে অরুর দিকে তাকিয়ে থাকে।
অতঃপর যুদ্ধজয়ীর ভঙ্গিমায় বরের হাতে এক লোকমা ভাত আর এক কামড় চকোলেট খেতে খেতে অরু ভাবে,
'এই লোকটাকে আমি প্রেম শিখিয়েই ছাড়বো!'
➖➖➖➖
#জাগরণএক্সক্লুসিভ