Chapter 12 of 37
বিয়ে! - ফাতিমা নুর
6 min read
ছোট বেলায় মা যখন বলেছিলেন, তোমার জীবনের জন্য যেমন পানি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যখন তুমি তৃষ্ণার্ত হও পানি খেয়ে হৃদয় ঠাণ্ডা করো, তেমনই স্বামীও একটা গুরুত্বপূর্ণ জিনিস যাকে পেয়ে তুমি তোমার হৃদয় ঠাণ্ডা করবে। আমি তখন টুক করে আমার সোনালী জরি মাখা ডায়েরীতে আমার রংধনু কলম দিয়ে লিখে রেখেছিলাম। তখন আনুমানিক ১১,১২ বসন্ত পার করছিলাম। কওমী মাদ্রাসায় ভর্তি হয়েছি এই স্বপ্ন নিয়ে, এক সময় ইন শা আল্লাহ যুগের আয়িশা হবো। আয়িশা রা. যেমন একটা ফাতওয়া বোর্ড গঠন করেছিলেন,আমিও একটা বোর্ড গঠন করবো ইন শা আল্লাহ। আম্মাজান আয়িশা রাদিয়াল্লাহু আনহার একটা স্বতন্ত্র ‘দারুল ইফতা’ (ফাতওয়া কেন্দ্র) ই ছিলো, যেখানে কেবল নারিদের জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধানই নয়; অন্যান্য বিষয়ের প্রশ্নও আসতো এবং তিনি সেগুলোতে ফাতওয়া দিতেন। উম্মুল মুমিনীন আয়িশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামের সেই সাতজন বিশেষ ‘মুজতাহিদ’ ব্যক্তিদের অন্তর্গত, ইজতিহাদ এবং ফাতওয়া প্রদানের ক্ষেত্রে যারা ছিলেন অগ্রগণ্য এবং যাদের ইজতিহাদ ও ফাতওয়া সকল কালে উম্মতের সকলের কাছেই গৃহীত ও শ্রদ্ধার সাথে বরিত। আয়িশা রা. প্রয়োজনে তার সমসাময়িক মুফতীগণের ফাতওয়ার সমালোচনা করতেন এবং তাদের মতের বিপরীতে নিজে আলাদা ফাতওয়াও দিতেন। ইমাম জালালুদ্দিন সুয়ূতি রহিমাহুল্লাহ একটি পুস্তিকা লিখেছেন ‘আইনুল ইসাবা ফী মা ইস্তাদরাকাত উম্মুল মু’মিনীন আয়িশা আ’লাস সাহাবা’ নামে। এই পুস্তিকায় তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহার সে সকল মাসআলা সংকলন করেছেন, যেগুলোতে আয়িশা রা. অন্য সাহাবাদের মতের বিপরীতে ভিন্ন মতে দিয়েছেন। আল্লামা সায়্যেদ সুলাইমান নদবি রহিমাহুল্লাহ তার গ্রন্থ ‘সীরাতে আয়িশা’র শেষে ইমাম সুয়ূতীর এই পুস্তিকা পুরোটা যুক্ত করে দিয়েছেন। শৈশবে যখন গ্রামে দাদিবাড়ি থাকতাম, দাদির কাছে, আম গাছের শীতল ছায়ায়, বাঁশের তৈরি মাচায় বসে শুনেছিলাম, মেয়ে মানুষকে নাকি বলা হয় গাছের বরই, উপযুক্ত বয়স হলে মানুষ ঢিল ছুড়বে। ঢিল মানে খিতাব তথা প্রস্তাব। যখন বড় হতে থাকি ঢিল আসতে থাকে, কল্পনায় স্বামী নামক অলংকারটির ছায়া ভাসতে থাকে। স্বামী মানে শ্রদ্ধার পাত্র,ভালোবাসার সম্পর্ক। যতই ভালোবাসা থাকুক যদি তাতে শ্রদ্ধা না থাকে তবে তা স্বামীর পূর্ণ মর্যাদা রক্ষায় যথেষ্ট মনে হয় না আমার । আজকাল নজরে ভাসে স্বামীকে তুই,তোকারি করেও নাকি ভালোবাসা প্রকাশ করা হয়, আমি অবাক হই! স্বামীর সাথে আপনি শব্দটাই আমার পার্ফেক্ট মনে হয়। মনের কল্পনায় আঁকি স্বামী নামক আমার অলংকারটা কেমন হবেন? কল্পনায় রবের সাথে কথা বলতে থাকি, আমি কেমন চাই, খুব সুন্দর বডি বিল্ডার কেউ? নাকি ব্যবসায়ী কোটিপতি কেউ? নাকি উঁচু উঁচু বিল্ডিং এর মাপ,পরিমাপ করা ইঞ্জিয়ার কেউ? নাকি ইলমওলা,হক বলনেওলা,হক লিখনেওলা রাসূলের ওয়ারিশ হবেন এমন কেউ? মনকে চিন্তার দোলনায় দোল দিই আর ভাবতে থাকি, একজন ইলমওলাকেই চাই, প্রশ্ন ভাসে, রাসূলের ওয়ারিশদের তো বিপদ লেগে থাকে তবুও? বালা,তবুও চাই হে আল্লাহ,সত্যি? তিন সত্যি। যখনই কোনো খিতাব আসতো, ইস্তিখারা করতাম। এর মাঝে আরেকটি ইচ্ছেও উঁকি দিতো, নবী কন্যা ফাতিমা রা. এর নামটা যখন বাবা,মা আমার জন্যও রেখেছেন, আল্লাহ যেন আমাকেও একজন আলী মিলিয়ে দেন। একসময় এমন হয়েছিলো, কোনো খিতাব এলেই আম্মু যখন বিবরণ দিতেন,তাঁর কাছে আগে শুনতাম নাম কী? আলী না হলেই আলোচনা সেখানেই অফ,মনের ইচ্ছে বলে কথা! বিশেষ নামের হতে হবে জিদের জন্য আম্মুর কাছে মারও খেয়েছিলাম একবার এক পাত্রের বিয়ে হয়ে যাওয়ার খবর শুনে, তোমার আর বিয়ে করা লাগবে না,সবার বিয়ে হয়ে যাক,তুমি তোমার অদ্ভুত জিদ নিয়েই থাকো শুনতাম বহুবার,তবুও এই নামে কেউ এলে বিয়ে হবে নইলে রাবিয়া বসরি হয়ে থাকলাম,সমস্যা নেই তো। একদিন গল্পের সময় শাহজাদাদের কান্না থামানোর মাঝে স্বামী থেকেও শুনি, তিনি নাকি উলামায়ে উযযাবের মাঝে শামিল হবেন ইচ্ছে করেছিলেন, আল্লাহর ইচ্ছায় তিনি এখন আমার দুই শাহজাদার বাবা। আমি নিত্যদিন ডায়েরিতে রোজনামচা লিখতাম, খিতাব পাওয়া পরিবারের পরিচয়,নাম লিখে রাখতাম, আর প্রতিক্ষার প্রহর গুনতাম কবে স্বপ্নের শেষ নামটি লিখবো। হিদায়া শেষ করে মিশকাতে উঠছি তখন,জালালাইন সানীর হুজুর ছিলেন মুরুব্বি, একদিন ক্লাসে আলোচনার মাঝে উম্মে ইসমাইল আ. এর প্রসঙ্গ আসলে হুজুর বললেন, কে আছো এমন উম্মে ইসমাইল এর মতো নাজরানা পেশ করতে চাও রবের সামনে? ক্লাসে বসতাম কোনার দিকে অন্য ছাত্রীদের থেকে কিছুটা আড়াল হয়ে, চোখ বন্ধ করে হাত ওঠালাম, না বুঝেই,আমি ভেবেছিলাম সবাইই হাত তুলছে, হুজুর যখন জিজ্ঞাসা করলেন,কে কে হাত তুলছে?একটা নাম শুনে কেমন চমকে উঠলাম, সবাই ভয় পেলো আর আমি এমন সাহসী কেমনে হলাম? হুজুর বললেন,আমীন। সবাইকে আমীন বলতে বললেন। সবাই আমীন বললো। আমি লুকিয়ে কাঁদলাম প্রচুর,জানি না কুরবানী কী দিতে হবে রবের সামনে। মনে আছে? শিরিণ,রুহামা আর নুসাইরা? সবই লেখা আছে আমার ডায়েরীতে। ছোট ভাই সে বছর হিফজ শেষ করে শুনিয়ে জামাতখানায় পড়বে, আমি চাইলাম শুরুতেই একজন মুরুব্বি আলিমের ছায়ায়,নির্দেশনা নিয়ে পড়া শুরু করুক, নিজের ঘরে সীমাবদ্ধ থাকায় চিনি না কাউকে, তালিবানে ইলমের পথ ও পাথেয় থেকে উপকৃত হতাম, এ জন্য ওই বইয়ের লেখকের ছায়ায় ভাইয়াকে পাঠানো হলো, মনের মাঝে লুকানো দুয়া ছিলো,যে হুজুরের কাছে পাঠাচ্ছি সেই হুজুরের একজন ছাত্রকে যেন ভাইটি বড় ভাই হিসেবে পায়, আর বিহামদিল্লাহ ভাইটি পেয়েও গিয়েছিলো প্রথম দিনই, প্রথম দেখায়ই নাকি তাদের মনে হয়েছিলো,রুহ জগতে দেখা হয়েছিলো তাদের, সেই বড় ছাত্রটি মাদ্রাসায় নতুন যাওয়া ছোট ভাইয়ের মশারী টানিয়ে দিয়েছিলেন,কাছে বসিয়ে খাইয়েছিলেন,নির্দেশনা হিসেবে দিয়েছিলেন ভবিষ্যত গড়ার জন্য উজ্জ্বল তারকাসমূহ। ছোট ভাই আদর পেয়ে, বড় ভাইয়ের মমতায় আপ্লুত হয়ে,আমাদের কাউকে না জানিয়েই বলে দিলো,আপনাকে দুলাভাই বানাতে চাই,তাঁকে আব্বুজীর সাথে কথা বলিয়ে দিলেন। বাসায় আম্মুর কাছে কল দিয়ে বললো,আপুর জন্য খুঁজে পেয়েছি,,, আমি তখন মিশকাতের পাতা খুলে পড়ছিলাম, ভাইয়ার কথা শুনছিলাম আড়াল থেকেই,ভাইয়ার মুখে তার নাম শুনেই চমকে উঠলাম, হৃদয় আকাশে যেন বিদ্যুৎ চমকাচ্ছিলো,আমি বিদ্যুৎতরঙ্গ এর মতো আমার ডায়েরি খুলে আমার রংধনু কলম দিয়ে খিতাব পাওয়া তালিকায় শেষ নামটি লিখে ফেললাম দুয়া করে। আমি তখন চিনি না তাঁকে, দেখিনি তাঁর চেহারা, জানি না তাঁর বাড়ি কই? শুনিনি তাঁর বয়স কত? জানি না তাঁর রং কী? লম্বা না খাটো? ওজন কত?সিভিও দেখিনি, তখনো তিনি ছাত্র, শুধু শুনছি, তিনি তাখাসসুস ফিল ইফতা নিয়ে পড়ছেন ভাইয়ার সেই তালিমী মুরুব্বির ছায়ায়, আর তাঁর স্বপ্ন হলো, সারাজীবন ফিকহ ও ফাতওয়ার সাথে লেগে থাকা! আরে এটা তো আমার সেই স্বপ্ন, অবুঝ বয়সের স্বপ্ন যা নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম যে, তাফাক্কুহ ফিদদীন, রুসুখ ফিল ইলম অর্জন করবো ইন শা আল্লাহ। জলসায় হুজুরদের মুখে আয়িশা রা.এর জ্ঞান,গরীমার কথা শুনে কাঁদতাম, আমার আর কিছু চাই না তো! আমি স্বামীর ছায়ায় থেকে একজন আয়িশা হতে চাই। তিনি তখন ছাত্র ছিলেন, আমি জানি না তাঁর ভবিষ্যত পেশা কী হবে? তিনি আয় করবেন কেমন? আমাকে রাখবেন কোথায়? গাছতলায় না পাঁচতলায়? আমি শুধু শুনেছিলাম তাঁর নাম আর তাঁর স্বপ্ন। ওই যে কৈশরের শুরুতেই মা যে বলেছিলেন, স্বামী হলেন পানির মতো যার মাধ্যমে তুমি তোমার হৃদয় ঠাণ্ডা করবে। আর হৃদয় ঠাণ্ডার জন্য ইলমই যথেষ্ট। ভাইয়ার মুখ থেকে শোনার পরই ইস্তিখারা করেছিলাম,স্পষ্ট স্বপ্নেও দেখি সেদিন আমার বিয়ে পড়ানো হচ্ছে স্বপ্নের নামের ব্যক্তির সাথেই, স্বামীর সামনে নাস্তা পরিবেশন করছি আর ভাবছি একটু আগে যার সাথে পর্দা করার কথা ছিলো তাঁর সামনে এখন পর্দা করা লাগবে না। বিয়ে! সুকুন যার নাম। (আরও কিছু স্বপ্নের মিল হওয়া, কিছু ঝড়ঝাপটা আল্লাহর কাছেই লুকানো থাক, সব কিছু কি বলা যায় নাকি! যা অপূর্ণতা আছে এ সংসারের মাঝে আল্লাহ তা যেন পূর্ণ করে দেন। আর আমার স্বপ্নের নামটিকে আমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যেন আমার ভাইটির সমস্ত ত্রুটি দূর করে দেন,ভাইকে, ভাইয়ের বংশধরদের আল্লাহ যেন অনেক বড় মুহাক্কিক আলিম বানান,যেন তারা যুগের একেকটা উজ্জ্বল নক্ষত্র হয়, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরিদের মাঝে শামিল করে নেন।আমীন।) হতে পারে এটা একটা দুয়া কবুলের গল্প,শোকর আদায়ের জন্য যা বলে ফেললাম, আর শোকর জিনিসটার মাধ্যমে নিয়ামাহ বৃদ্ধিই পেতে থাকবে ইন শা আল্লাহ। হতে পারে আমার ওই ছাত্রীদের জন্য প্রদিপের আলো,যারা দুয়া করছেন,আর কবুল হওয়ার অপেক্ষায় অশ্রু ফেলছেন,বিশ্বাস করুন,রব সব শোনেন, আপনার এই চোখের পানি সাধারণ পানি নয় এটা হিরকের মতো জ্বলজ্বল করছে আপনার আমলনামায়। আমার ছাত্রীরা, বিয়ে তো করবেনই, মেয়েদের স্বামীর বাড়ি যেতেই হয়,যতই আদরের দুলালী হন না কেন স্বামী,সন্তানের খেদমতের মাঝেই রয়েছে অপার শান্তি,আল্লাহর রহমত, তো যাদের খেদমত করবেন,যাদের জন্য প্রতিদিন চুলায় আগুন জ্বালাবেন,আপনার এই আগুন জ্বালানোটা যেন উম্মাহর খেদমতে লাগে, উম্মাহর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ওসিলা হয় সে জন্য, একজন ইলমওলাকেই প্রাধান্য দিয়েন, টাকাওলাকে না। আর যাদের জামাই এখনো কল্পনার আয়না থেকে বের হয়ে আসছে না বলে আশাহত হয়ে যাচ্ছেন তারা সবর আর সালাতের মাধ্যমে আল্লাহর নিকট চাইতে থাকুন,দুয়ার চেয়ে মূল্যবান আর কিছু আছে নাকি? দুয়া তো ইবাদতের মগজ। দুয়াই তো জীবন, দুয়াই তো দূর আকাশে, রবের কাছে জ্বলতে থাকে তারকার মতো।
বিয়ে! ফাতিমা নূর