Chapter 6 of 37
ভালোবাসা কাহারে কয়? - বিনতে আব্দুল হান্নান
11 min read
[১] 'আমার ছেলেটা মাশা আল্লাহ। বাপ মরা হলে কি হবে? শিক্ষা-দীক্ষায় কোন কমতি রাখি নাই। ছেলেও আমার হয়েছে তেমন। সবকিছুতেই তার মাকে চাই। সবাই তো বলে, জোবেদা বানুর ছেলের বউ যেমনই হোক, মা-ছেলের সম্পর্কে কোনদিন ফাটল ধরাতে পারবে না।' সম্পর্ক নিয়ে বিস্তর আলাপ করা এই মহিলা ঠিক বিশ মিনিট বারো সেকেন্ড ধরে নিজের ছেলের প্রশংসা করে যাচ্ছেন। সাথে আসা মানুষজন খানিকটা বিব্রতবোধ করলেও তার কোন ভ্রুক্ষেপই নেই। শায়লার একটু আগেও প্রচন্ড বিরক্ত লাগছিল। কিন্তু এখন অদ্ভুত মায়া লাগছে। সম্ভবত পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছেই ছেলের শুদ্ধ স্বভাব-চরিত্র এবং মাতৃভক্তির প্রশংসা করা আনন্দের কাজ। আর সামনে গুছিয়ে বসে পান চিবোতে থাকা মহিলার কাছে বিষয়টা আরো আনন্দের। শায়লা একটু মিষ্টি হেসে বললো, 'অবশ্য খালাম্মা, সব মেয়েরাই তো আর মা-ছেলের মাঝে ফাটল ধরাতে যায় না। কেউ কেউ এই পবিত্র সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বন্ধনটাকে আরো মজবুত করার চেষ্টা করে। তারপর সবার প্রচেষ্টাতেই গড়ে ওঠে একটি সুখী পরিবার।' উত্তরটা শুনে জোবেদা বানু শায়লার দিকে তাকালেন। প্রথম দেখাতেই তার এই শ্যামলা চেহারার মিষ্টি মেয়েটাকে ভালো লেগেছিল। কিন্তু এখন মনে হচ্ছে, কিছুতেই এই সোনার টুকরোকে হাতছাড়া করা যাবে না। তিনি সোফা থেকে দাঁড়িয়ে উৎসুক কন্ঠে বলে উঠলেন, 'কই বেয়াইনসাব? আমরা রাজি। আজই বিয়ে পড়াইতে চাই'। মোল্লা বাড়ির বাড়ির পেছনের দিকে এইটুকু জায়গা নিয়ে যে কলতলা বানানো, শায়লা আজও সেখানেই গোসল করতে গেল। স্যাঁতস্যাঁতে কলতলার পিচ্ছিল জমিনে সাবধানে পা রাখে সে। তারপর হলদে আলোয় ভাঙা আয়নায় নিজেকে দেখে ভীষণ অবাক হয়। কে যেন বলেছিল, বিয়ের বাতাস গায়ে লাগলে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। শায়লা অবশ্য নিজের চেহারা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সহস্রাধিক প্রশ্ন তার ভেতরটাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে। আচ্ছা, অচেনা-অজানা এই ছেলেটা যদি স্বামী হিসেবে প্রচন্ড খারাপ হয়? শহরে বসবাস করা এই মানুষটাকে এর আগে কোনদিন দেখেওনি সে। আজ শুধু বিয়ে ঠিক হবার পর সুবর্ণা এসে ডাক দিয়ে দেখিয়েছিল, 'দেখ দেখ, ওই ছেলেটাই তোকে বিয়ে করতে এসেছে।' রোগা-পাতলা চেহারা আর বিরাট ফ্রেমের চশমা ছাড়া চেহারার তেমন কিছুই মনে নেই শায়লার। খানিক বাদে সেই ছেলেটাই তার স্বামী হতে চলেছে। শায়লা আর কিছু ভাবতে পারে না। তার চোখ-মুখ অন্ধকার হয়ে আসে। কলঘরে টিউবওয়েলের সামনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। এই তো সেদিনও তো সে এখানে পানি জমিয়ে কতো ঝাপাঝাপি করতো। মায়ের কাছে বকুনি খাওয়া সত্ত্বেও গুড়ো সাবান দিয়ে ফেনা বানাতো। তারপর হুট করেই যেন দায়িত্বের এক বিরাট বোঝা কাঁধে নিয়ে এতোটা বড় হয়ে গেল। আর আজ এই স্যাঁতস্যাঁতে কলঘর, টিমটিমে বাতি, তার ছোট্ট গোছানো ঘর, বাবা-মা সবকিছু ছেড়ে সে পাড়ি জমাচ্ছে কোন এক অজানায়। এই তো জীবনের অনিবার্য সত্য, সুবিশাল পরিবর্তন। হুট করে মিটমিটে আলোটাও নিভে যায়। ঘুটঘুটে অন্ধকার সেই কলঘরে শায়লা চুপ করে বসে থাকে। তার চোখে ভাসে একটা রোগা-পাতলা মুখ আর মোটা ফ্রেমের চশমা। হঠাৎ বাইরে ভীষণ হইচই হয়। কে যেন দরজায় কড়া নেড়ে বলে, 'তাড়াতাড়ি বের হ। বিয়ে পড়ানো হবে।' [২] শফিকের ধারণা বিয়ের শেরওয়ানি কিংবা পাঞ্জাবির সাথে রুমাল না দেওয়াটা মারাত্মক পর্যায়ের অপরাধ। আজকাল নাকি কেউ আর এসব রুমালের ধার ধারে না। অথচ রুম ভর্তি এক গাদা মানুষ যখন হাসি-হাসি মুখ করে শফিকের মতো লাজুক পাত্রের দিকে তাকিয়ে থাকে, তখন তারাই বোঝে রুমালের প্রয়োজনীয়তা কতো প্রকার এবং কী কী। আরো ভয়ংকর ব্যাপার হচ্ছে, এই বাড়ির এক পিচ্চি তার চশমাটা ভেঙে ফেলায় আপাতত সে কিছু দেখতে পাচ্ছে না। একটু আগে বিয়ের সময় যখন তাকে স্বাক্ষর করতে বলা হয়েছিল তখন তার খুব বলতে ইচ্ছে হচ্ছিল, 'চাচা? টিপ সই দেবার ব্যবস্থা নাই? থাকলে আমি দিতাম। আমার হাত ধরে আপনি জায়গামতো বসায় দিতেন। একজন শিক্ষিত ছেলে নাহয় টিপসই দিয়েই বিয়ে করতো।' কিন্তু লোকলজ্জার ভয়ে সে কথা বলতে পারেনি। আজ বিকেলবেলা মায়ের সাথে শফিক এসেছিল পাত্রী দেখতে। যদিও সে দেখার আগেই মা নিজে কিছুক্ষণের মধ্যে দেখেশুনে এসে রহস্যময় ভঙ্গিতে বলেছিল, 'শফিক, আর কিছুক্ষণ পর যদি তোর বিয়ে দিয়ে দেই তাহলে কেমন হবে বাবা? তোর বাবাও এমন দেখতে এসেই বিয়ে করেছিল। তুইও করলি। ব্যাপারটার মধ্যে একটু ঐতিহ্য ঐতিহ্য ভাব থাকলো। তুই কী বলিস?' শফিক জানতো তার মায়ের পক্ষে এমন ভয়ংকর কাজ করে বসা অসম্ভব কিছু না। তাই মাথা নেড়ে সম্মতি দিয়ে নিরস গলায় বলছিল, 'তোমার যা খুশি করো। আমার আপত্তি নাই।' সেই আপত্তি না করা বীরপুরুষ শফিকের পাশে এখন তার স্ত্রী বসে আছে। চশমা না থাকায় ভালোমতো দেখতে পাচ্ছে না সে। কিন্তু থেমে থেমে মেয়েটার ফোঁপানোর শব্দ কানে আসছে। আচ্ছা, মেয়েটার নামটা যেন কী? শায়লা না শেলী? শফিকের ভীষণ মায়া লাগে। সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলে, 'শেলী, আপনি দয়া করে কাঁদবেন না। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনদিন কষ্ট দিবো না। চোখ মুছুন। আর আপনার নাম যেন কী? শেলী না শায়লা?' শায়লা অবাক চোখে তাকায়। কি আশ্চর্য লোকটা এখনো তার নামই জানে না! [৩] আজকাল সকাল সকাল মাছ-মাংস কুটতে বসে শায়লা। পাশে বসে বসে তার শাশুড়ি শাক বাঁছেন। আসলে ওই শাক বাঁছাটা একটা ছুতো মাত্র। তিনি শুধু শায়লার সাথে গল্প করতে চান৷ শায়লাও চুপটি করে বাধ্য শ্রোতার মতো মনোযোগ দিয়ে শোনে। জোবেদা বানুর বেশিরভাগ গল্প তার হারানো মানুষটাকে নিয়েই। প্রায়ই পান খাওয়া লালচে দাঁতে এক গাল হেসে বলেন, 'জানো মা, মরা মানুষ কোনদিন বুড়ো হয় না। তোমার আব্বার কথাই ধরো, এখনো মানুষটাকে কল্পনা করলেই চোখে ভাসে জোয়ান-তাগড়া শরীর আর মিচমিচে কালো চুল। অথচ আমার চুলে পাক ধরেছে। শরীর ভেঙে গেছে। আর মানুষটা এখনো আমার কল্পনায় ওইরকমই আছে।' শায়লা তখন মুচকি হেসে জিজ্ঞেস করে, 'আচ্ছা মা আপনি আব্বাকে খুব ভালোবাসতেন তাই না?' জোবেদা বানু উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। তার ওই দীর্ঘশ্বাসের আড়ালে ঢেকে যাওয়া কথা শায়লা শুনতে পায় না। শায়লাও গল্পের ফাঁকে ফাঁকে নিজের জীবনে এক আধবার উঁকি দেয়। কেমন আছে সে? তার হৃদয় রাজ্যে ভালোবাসার বসন্তের আগমন ঘটেছে। বিয়ের পর পর সুখের সংজ্ঞাটাও পুরোপুরি আত্মস্থ করে ফেলেছে। সারা দুপুর না খেয়ে থাকার পর শেষ বিকেলে যখন শফিকের সাথে ভাত খেতে বসে তখন শায়লার মনে হয়, এই তো সুখ। সেদিন যখন শফিক লাজুক কন্ঠে প্রথম শায়লাকে বলেছিল, 'আমি আপনাকে ভালোবাসি।' তখন শায়লা ঝরঝর করে কেঁদে বলে উঠেছিল, 'এই মূহুর্তে পৃথিবীতে আমার চাইতেও সুখী কেউ আছে?' মাস শেষে বেতন হাতে পাওয়ার পর একটা নির্দিষ্ট অংক শফিক যখন শায়লার হাতে তুলে দিয়ে বলেছিল, 'আমি সব জানি শেলী। এটা তোমার আব্বা আম্মার জন্য রাখো।' শায়লা তখন অশ্রুভেজা চোখে বিড়বিড় করে বলছিল, 'ইয়া আল্লাহ! আমি এই নি'আমাতগুলোর শুকরিয়া কিভাবে আদায় করে শেষ করবো?' শায়লা ভালো আছে। ভীষণ ভালো আছে আলহামদুলিল্লাহ। মাছ কেটেকুটে রান্না শেষ করে শায়লা নিজের ডায়েরিটা নিয়ে বসেছে৷ সাদা কাগজে গোটা গোটা হরফে লিখে রেখেছে একটাই লাইন - 'ভালোবাসা কাহারে কয়?' কেন যেন আজ এই অসময়ে তার ভীষণ ঘুম পাচ্ছে। খোলা ডায়েরিটা পাশে রেখেই সে বেঘোরে ঘুমায়। হঠাৎ বাইরে থেকে কেউ একজন চেঁচিয়ে বলে, 'ভাবিইই! দরজা খোলেন। ভাই অ্যাক্সিডেন্ট করছে। ক্লিনিকে ভর্তি করা হইসে৷ আপনারা আসেন।' শায়লার তবুও ঘুম ভাঙে না। মেয়েটা আজ এতো গভীর ঘুম ঘুমাচ্ছে কেন? শফিকের বুক পকেটে থাকা গোলাপটা তখন বুকের তাজা রক্তে ভিজছে। অথচ ফুলটা সে শায়লাকে দিয়ে বলতে চেয়েছিল, 'আমি তোমাকে ভালোবাসি। প্রাণের চাইতেও বেশি।' [৪]
- মিস, আপনি প্রতিদিন বিস্কুট না খেয়ে নিয়ে যান কেন?
- বাসায় আমার শাশুড়ী আছেন। ডায়বেটিক্সের রোগী। হুটহাট ক্ষুধা লাগে। তখন বিস্কুট খান। আর আমার তো পেট ভরাই থাকে। সেজন্য উনার জন্য নিয়েই যাই। আচ্ছা, আজ তাহলে অনুশীলনী ৩.৪ পর্যন্তই থাকলো। আমি এখন আসি। বের হবার সময় লিজার মা পেছন থেকে ডাক দিলেন, 'শায়লা মিস! একটু শুনেন।'
- জ্বি, বলেন।
- শফিক সাহেব এখন কেমন আছেন?
- আগের মতোই। অ্যাক্সিডেন্টের পর তো এক সাইড পুরো প্যারালাইজড। ডাক্তার তো বলেই ছিলেন, আল্লাহর দয়ায় শুধুমাত্র জানটা টিকে আছে। এখন বিছানাতেই সব।
- আর সংসার? সেটা কিভাবে চলছে? শায়লা শুধু মলিন হাসলো। সংসার কিভাবে চলছে সে প্রশ্নের উত্তর তারও অজানা। ঢাকা শহরে শুধুমাত্র টিউশনি করিয়ে বাসা ভাড়া সহ খেয়ে-পরে থাকা অসম্ভব। তার উপর শফিকের ওষুধের খরচ তো আছেই। করোনাকালীন পরিস্থিতিতে দুয়েকটা টিউশনি বাদে সবগুলোই বন্ধ। কোথা থেকে পয়সা আসবে আর কেই-বা তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে এসব প্রশ্ন মনের মাঝে পুষে রেখে জীবনের কঠিন হিসেব মেলাতে হচ্ছে তাকে। লিজাদের বাসার পাশ দিয়ে যে রাস্তাটা ঠিক চৌরাস্তায় গিয়ে ঠেকেছে সেই পথ ধরেই শায়লা হাঁটছে। শেষ বিকেলে অসুস্থ নগরীর মুখোশ পরা মানুষেরা ছেড়া জুতো হাতে নিয়ে এক ধ্যানে হেঁটে চলা এই ক্লান্ত মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। শায়লা 'আয়োজন রেস্তোরাঁর' সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো। শফিক সেদিন এখানকারই ফ্রাইড্রাইস আর চিলি চিকেন খেতে চেয়েছিল। শায়লা কথা দিয়েছিল, আগামী মাসেই কিনে খাওয়াবে। আগামী মাস আসতে এখনো তেরো দিন বাকি। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি ফিরতেই জোবেদা বানু শায়লার সামনে এসে দাঁড়ালেন। চোখ ভর্তি পানি নিয়ে বললেন, 'শায়লা, তোমার হতাশ লাগে না শফিককে নিয়ে? এভাবে কতোদিন চালাবা তুমি?' শায়লা মৃদু হেসে বলে, 'যে ভালোবাসা আসমানওয়ালাই অন্তরে সৃষ্টি করে দেন সেই ভালোবাসায় হতাশা আসে না আম্মা। অনেক বেশি খারাপ লাগে ঠিকই কিন্তু সবর করি।' [৫] ২৯শে জুন, ২০২০ আজ আমার মা ফোন দিয়েছিলেন। ফোন ধরার পর দীর্ঘক্ষণ নীরবতা পালন করে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি? আমি শান্ত গলায় উত্তর দিয়েছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। মাকে দিয়ে বড় খালুকে চাকরির ব্যাপারে বলিয়ে ছিলাম। উনি বলেছেন, আমাদের তিনটা মাত্র পেট চালাতে আমার টিউশনির টাকাই যথেষ্ট। খালুর কোম্পানিতে চাকরির দরকার নেই। মা বলতে গিয়ে কেঁদে ফেললেন। আমি কাঁদিনি। আজকাল কথায় কথায় কান্না আসে না। আমার শাশুড়ির ধারণা, সেদিন যদি আমাকে পছন্দ করে না আনতেন তাহলে হয়তো আমার কপালে এই থাকতো না। অন্তত একটু ভালোবাসা আর একটা সুখী সংসার জুটতো। কিন্তু কে বলেছে আমি ভালোবাসা পাইনি? আর দশটা দম্পতির মতো হয়তো আমি আর শফিক শিশিরভেজা ঘাসে হাত ধরে হাঁটিনি। খুব ভোরে বেরিয়ে একসাথে বসে এক কাপ চা খাইনি। বৃষ্টিভেজা দিনে এক গুচ্ছ কদম হাতে নিয়ে বলিনি, ভালোবাসি! কিন্তু সারারাত যখন আমি শফিকের পাশে বসে থাকি, মাঝরাতে উঠে উঠে দেখি, নিজ হাতে ওর ওয়াল ক্লথ, কাঁথা পরিষ্কার করি, ভাত মেখে মেখে প্রতিবেলায় খাইয়ে দেই তখন আমার মনে হয়, এটা ভালোবাসা ছাড়া আর কী হতে পারে? শুধুমাত্র শুষ্ক দায়িত্ববোধে বিরক্তি আসে কিন্তু আমার তো কখনো বিরক্তি আসে না। শফিক আমার অবস্থা দেখে প্রায়ই কেঁদে ফেলে। ওর বালিশ ভিজে যায়। মাঝেমধ্যে মাঝরাতে উঠে জিজ্ঞেস করে, 'তুমি বেঁচে আছো তো শেলী? নাকি ভেতরে ভেতরে মরে গেছো?' ওর এই জিজ্ঞেস করার মাঝেও তো আমি ভালোবাসা খুঁজে পাই। বিয়ের পরের জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি, এ জীবনে আবেগের চাইতে দায়িত্ববোধের প্রাধান্য কতো বেশি। ইন শা আল্লাহ একদিন শফিক সুস্থ হবে। সেদিন আমরা শহরের অলিগলি ধরে হাঁটবো, নীলক্ষেতে গিয়ে বস্তা বস্তা বই কিনব, নিউমার্কেটের সামনে থেকে ফুচকা কিনে খাব, বারান্দায় গ্রীলের ফাঁক গলে আসা এক চিলতে জ্যোৎস্না দেখে মুগ্ধ হব। একদিন সব হবে ইন শা আল্লাহ..
- 'শায়লা! ডায়েরি লিখছো?' শফিক পেছন থেকে জিজ্ঞেস করে।
- হ্যাঁ। ওই আরকি৷
- আচ্ছা, ক'টা বাজে এখন?
- একটা আঠাশ। তোমার শরীর খারাপ লাগছে? একি তুমি উঠে বসছো কেন?
- না না। আজ বেশ ঝরঝরে লাগছে। জানালাটা খুলে দাও তো। বাইরে হয়তো চাঁদ উঠেছে। বহুদিন চাঁদ দেখি না। গল্পও করি না। শেলী তোমার মনে আছে তুমি আগে মাছ দেখলে কি ভয় পেতে? তারপর একবার খাসীর মাংসকে গরুর বলে চালিয়ে দিয়ে তোমাকে এক প্লেট ভাত খাওয়ানো হয়েছিল? হাহাহা! কি সুন্দর ছিল দিনগুলি। শফিকের মুখে কথার ফুলঝুরি ছোটে। শায়লা আনন্দে আত্মহারা হয়ে যায়। এই তো, এই দিনের অপেক্ষায়ই তো সে ছিল। চারদিকে ফকফকা জ্যোৎস্না আর সুস্থ শফিক। সে আনন্দে কাঁপা গলায় বলে ওঠে, 'তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না তো?' শফিক হাসতে হাসতে জবাব দেয়, 'ধুর পাগলী! দুনিয়াতে চিরকাল কি একসাথে থাকা যায় নাকি?' [৬] লিজার মা মানুষটাকে শায়লার বেশ লাগে। আজ ৩০শে জুন। নতুন মাস শুরুই হয়নি। অথচ আজই শায়লার হাতে বেতন সহ বাড়তি কিছু টাকা গুঁজে দিয়েছেন। শায়লা টাকা হাতে পেয়েই আয়োজন রেস্তোরাঁয় গিয়ে ফ্রাইড্রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে। বাসায় গিয়ে শফিককে আজ চমকে দেবে। একটু ছেলেমানুষীও করতে ইচ্ছে হলো। বক্সের উপর কালো মার্কার দিয়ে লিখলো, 'মা, শফিক এবং শায়লা।' জোবেদা বানু ছুটছেন পাশের বাড়িতে। ও বাড়ির ফোন দিয়ে শায়লাকে ফোন করে বলবে যেন দ্রুত আসে। শফিক কেমন যেন করছে। কিন্তু শায়লা যে ফোনটাই ধরছে না! বাসার মেইন গেট খোলা দেখে শায়লার কেমন যেন সন্দেহ হয়। প্রথমেই শাশুড়িকে ডাকে। তারপর নিজের ঘরে যেতেই দেখে, শফিক গোঙাচ্ছে। বমিতে ভাসিয়ে দিয়েছে চারপাশ। মুখ বেয়ে বেয়ে লালা ঝরছে। শায়লা খাটে উঠে নিজের কোলে শফিকের মাথাটা টেনে নেয়। শফিক শুধু একবার তাকায়। শুধু একবার। তার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। শেষকালে কি যেন বিড়বিড় করে বলতে চেয়েও নিস্তেজ হয়ে যায়। শায়লা বুঝতে পারে, রূহ আপন ঠিকানায় চলে গেছে। তবুও তার অবুঝ মন মানে না। মনে হয়, এখনই আবার শফিক উঠে বলবে, 'ভালো আছো শেলী? আজ খাবার এনেছো? দেখি কী এনেছো!' দেশে করোনা পরিস্থিতি ভয়ংকর। আতঙ্কে দিশেহারা সবাই। আশপাশ থেকে কে যেন ছড়িয়ে দিলো, 'শফিক করোনায় মরেছে। ও বাড়িতে যাস নে। লাশ ধরিস নে।' চারপাশ থেকে কেউ এলো না। লাশ কে ধোঁয়াবে, দাফন কিভাবে হবে এসবের কিছুই শায়লা জানে না। তার চোখে জল নেই, মুখে কথা নেই। যেন অনুভূতিহীন নিশ্চুপ এক মানবী। সময় গড়াচ্ছে। শফিকের মাথাটা কোলে রেখে শায়লা চুপচাপ বসে আছে। জোবেদা বানু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। হঠাৎ দমকা হাওয়ায় বালিশের পাশ থেকে এক টুকরো কাগজ দূরে সরে যায়। এ যে শায়লার ডায়েরির পাতা! সে হাতে নিতেই দেখে কাঁপা কাঁপা হাতে খুব কষ্ট করে লেখা - শেলী, আমি চলে যাওয়ার পর তুমি সময়ের সাথে সাথে আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও। তোমার জীবনের সমস্ত অপূর্ণতাগুলো পূরণ করার জন্য নতুন কাউকে সুযোগ করে দিও। আমি তো কিছুই করতে পারিনি। শেষকালে শুধু দু'আ করে যাচ্ছি, নতুন জীবনে তুমি যেন ভীষণ সুখী হও। আমার জন্য জান্নাত কামনা করে দু'আ করো। ভালো থেকো শেলী। ভালোবাসি। শফিক যে কাগজে চিরকুটটা লিখেছে সেটা বেশ পুরোনো। ঠিক অপর পাশেই বহুকাল আগে শায়লা লিখে রেখেছিল, 'ভালোবাসা কাহারে কয়?' শায়লার চোখ বেয়ে দু ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়লো। আজ এই ব্যস্ত নগরীতে সে ভীষণ একলা। || ভালোবাসা কাহারে কয়? ||
- বিনতে আব্দুল হান্নান