Chapter 23 of 37
শেষ মুঘল সুলতান বাহাদুর শাহ জাফর - শিহাব আহমেদ তুহিন
5 min read
শেষ মুঘল সুলতান বাহাদুর শাহ জাফর বেশ কাব্যপ্রেমিক ছিলেন। তার কবিতার আসরে ছিলো মির্জা গালিব, ইব্রাহিম জৌক, দাগ দেহলভির মতো বিখ্যাত কবিরা। নিজেও লিখতেন কবিতা। লেখার হাত ছিলো অসাধারণ। বলা হয়ে থাকে, বেশিরভাগ কবির কবিতায় তার জীবনের ছাপ ফুটে উঠে। কথাটা সত্যি হলে স্বীকার করতেই হবে, উনার জীবনটা বেশ কষ্টেই কেটেছে। হিন্দুস্তানের সম্রাট ছিলেন তিনি বটে, তবে সেটা নামেমাত্র। পিতার মৃত্যুর পর যখন তিনি সিংহাসনে বসেন তখন কার্যত দিল্লী ইংরেজদের হাতের ক্রীড়ানকে পরিণত হয়েছে। তার করার খুব বেশি কিছু ছিলো না তখন। তবে একেবারে যে কিছুই করেননি তা না। সিপাহী বিদ্রোহে প্রত্যক্ষ মদদ দিয়েছিলেন। সুযোগ্য নেতৃত্বের অভাবে সে বিদ্রোহ ব্যর্থ হয়। তবুও আমাদের ভারতবর্ষে স্বাধীনতার বীজ তো ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহই বপন করে দিয়েছিল। বিদ্রোহে সহযোগিতার কারণে ইংরেজরা তার ছেলেকে হত্যা করে। তাকে বার্মায় নির্বাসনে পাঠানো হয়। সেখানে বাকিটা জীবন তিনি পরাজয়ের গ্লানি নিয়ে কাটিয়ে দেন। দূরদেশেই করেন শেষ নিঃশ্বাস ত্যাগ। খুব সম্ভবত এ কারণেই তার কবিতায় ভালোবাসার কষ্ট, বিরহ, গ্লানি- এসবের প্রাধান্য বেশি। পড়তে বসলে মন খারাপ হয়ে যায়। এক হাহাকারে মনটা ভরে যায়। উনার লেখা কিছু কবিতা- تم نے کیا نہ یاد کبھی بھول کر ہمیں ہم نے تمہاری یاد میں سب کچھ بھلا دیا “তুমি ভুল করে কখনো আমায় মনে করলে না, আর আমি তোমায় মনে রেখে সব ভুলে গেছি।” ہم اپنا عشق چمکائیں تم اپنا حسن چمکاؤ کہ حیراں دیکھ کر عالم ہمیں بھی ہو تمہیں بھی ہو “চলো আমি তোমাকে আমার ভালোবাসা দেখাই আর তুমিও দেখাতে চাইলে না হয় তোমার রূপই দেখাও যেন এ জাহানের বাক থেমে যায় আমায় দেখে যেন এ জাহানের তাক লেগে যায় তোমায় দেখে।” এ কবিতাটি তিনি সিপাহী বিদ্রোহের সময়ে লিখেছিলেন – اے وائے انقلاب زمانے کے جور سے دلی ظفرؔ کے ہاتھ سے پل میں نکل گئی “আয় হায়! বিদ্রোহ হবার কথা ছিলো, হয়েছে রক্ত মেখে আর দিল্লীও চলে গেলো এক নিমিষে জাফরের হাত থেকে।” تو کہیں ہو دل دیوانہ وہاں پہنچے گا شمع ہوگی جہاں پروانہ وہاں پہنچے گا “তুমি না থাকলেও আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছাবেই, যেখানে আলো আছে, সেখানে তো পরওয়ানা পৌঁছাবেই।” نہ درویشوں کا خرقہ چاہیئے نہ تاج شاہانا مجھے تو ہوش دے اتنا رہوں میں تجھ پہ دیوانا “দরবেশের না ছেঁড়া কাপড় চাই, না সে মুকুটের জন্য দেয় হানা, আমায় শুধু দাও এতোটুকু হুশ, যেন থাকতে পারি তোমার প্রেমে দিওয়ানা।” یہ قصہ وہ نہیں تم جس کو قصہ خواں سے سنو مرے فسانۂ غم کو مری زباں سے سنو “গল্পটা ঠিক এমন নয়, যেমনটা সবার কাছে শুনেছো তুমি গল্পটা আমার, একবার আমার কাছ থেকেই শুনে দেখো তুমি।” دولت دنیا نہیں جانے کی ہرگز تیرے ساتھ بعد تیرے سب یہیں اے بے خبر بٹ جائے گی “টাকা-পয়সাই দুনিয়ার সব নয়, না এসব তোর সাথে কখনো কবরে যাবে আসল বাড়ি তো তার সেখানেই, এখানে যা আছে সবই অন্যের হয়ে যাবে।” ہم یہ تو نہیں کہتے کہ غم کہہ نہیں سکتے پر جو سبب غم ہے وہ ہم کہہ نہیں سکتے “আমি তো বলিনি, আমার কষ্ট হলে তা কখনো তোমায় বলব না, তবে কেন এ মনে এতো কষ্ট তা তো তোমায় বলব না।” کرتے ہیں وہ اس طرح ظفرؔ دل پہ جفائیں ظاہر میں یہ جانو کہ جفا کچھ نہیں کرتے "ও জাফরের মনে আঘাতের পর আঘাত দিয়ে যায়, বাইরে থেকে কে বুঝবে জাফর এতো আঘাত সয়ে যায়!" ہمدمو دل کے لگانے میں کہو لگتا ہے کیا پر چھڑانا اس کا مشکل ہے لگانا سہل ہے ہے بہت دشوار مرنا یہ سنا کرتے تھے ہم پر جدائی میں تری ہم نے جو دیکھا سہل ہے اے ظفرؔ کچھ ہو سکے تو فکر کر عقبیٰ کا تو کر نہ دنیا کا تردد کار دنیا سہل ہے "বলো! মনের সাথে মন লাগাতে চাইলেই কি হুট করে বন্ধুত্ব হয়ে যায়? তারপরেও! বন্ধুত্ব চাইলেই তো করা যায়, এতো সহজে কি ভাঙ্গা যায়? জানি! মৃত্যু যন্ত্রণা অনেক তীব্র, যে দেখেছে মরণ সেই-ই তো বলে যায়। তবুও! চাইলেই তো মরে যাওয়া যায়, এই বিরহের যন্ত্রণা কি আর সওয়া যায়? জাফর! অনেক তো হলো, এখন একটু কি আখিরাত নিয়ে ভাবা যায়? দুনিয়া! এ আর কয়দিনের? একটু সইলেই অনেক সহজেই কেটে যায়। نباہ بات کا اس حیلہ گر سے کچھ نہ ہوا ادھر سے کیا نہ ہوا پر ادھر سے کچھ نہ ہوا ہمیشہ فتنے ہی برپا کیے مرے سر پر ہوا یہ اور تو اس فتنہ گر سے کچھ نہ ہوا بلا سے گریۂ شب تو ہی کچھ اثر کرتا اگرچہ عشق میں آہ سحر سے کچھ نہ ہوا نہ دوں گا دل اسے میں یہ ہمیشہ کہتا تھا وہ آج لے ہی گیا اور ظفرؔ سے کچھ نہ ہوا “কতোভাবেই তো মানানোর চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না, এদিক থেকে কতো কিছুই হলো, ওদিক থেকে কিছুই হলো না। ও সবসময় আমার মনে কেবল ফিতনায় দিয়ে গেলো, আর কিছুই দিলো না, আমার জীবন তো শেষ হলো, ওই ফিতনাবাজের কিছুই হলো না। জ্বলে জ্বলে ছাই হলাম আমি, আমার কিছুই বাকি রইলো না, সন্ধ্যে বেলার আর্তনাদে যে প্রদীপ জ্বলে, তা আর নেভানো হলো না। বলতাম, আর যাকেই দেই না কেন, ওকে আমার মন কখনো দেবো না। ও আজ নিয়েই গেলো মন, আর জাফর কিছুই করতে পারল না।” বাহাদুর শাহ জাফরের কবরের এপিটাফ হিসেবে এ কবিতা লেখা হয়েছিল। লিখেছিলেন সম্রাট নিজেই। প্রিয় জন্মভূমি হিন্দুস্তানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না পারার আক্ষেপ ফুটে উঠেছিলো এ কবিতায়— لگتا نہیں ہے دل مرا اجڑے دیار میں کس کی بنی ہے عالم ناپائیدار میں کہہ دو ان حسرتوں سے کہیں اور جا بسیں اتنی جگہ کہاں ہے دل دغدار میں کانٹوں کو مت نکال چمن سے او باغباں یہ بھی گلوں کے ساتھ پلے ہیں بہار میں بلبل کو باغباں سے نہ صیاد سے گلہ قسمت میں قید لکھی تھی فصل بہار میں کتنا ہے بد نصیب ظفرؔ دفن کے لیے دو گز زمین بھی نہ ملی کوئے یار میں “এ চার দেয়ালের মাঝে আমার মনটা যে একেবারেই টেকে না, এ নশ্বর দুনিয়ায় কে থাকবে আজীবন, কেউই থাকবে না। এই কষ্টগুলোকে বলে দাও অন্য কোথাও যেতে, এ হৃদয়ে অনেক ক্ষত, এদের কোথায় জায়গা দেবে? এ কাঁটাগুলোকে ফেলে দিও না এভাবে ফুল থেকে, ওহে মালী এ ফুল, এ কাঁটা একসাথেই তো বড়ো হয়েছে এ বসন্তে। বুলবুলের অভিমান আছে না শিকারির সাথে না তোমার সাথে, ওহে মালী! তার ভাগ্যে ছিল শিকার হবার, সে শিকার হয়েছে এ বসন্তে। জাফর কতো বড়ো দুর্ভাগা যে তার দাফন হয়েছে, মেলেনি দু গজ জায়গা তার নিজ মাতৃভূমিতে।”