Chapter 22 of 37
হৃদয় ভাঙ্গার দিন - নিশাত জাহান
11 min read
১.
ছেলেটাকে অল্প কথায়ই ভালো লেগে গেল। বেশ লাজুক, নম্র-ভদ্র। কথা-বার্তা শুনে মনে হল আমার শাফির জন্য ও একদম পারফেক্ট।
আমার ছেলে শাফিকে নতুন টিউটর দিয়েছি। আসরের একটু আগেই বাসায় চলে এসেছে সে।
নাম মারুফ।
আজান হওয়ার পর শাফিকে সাথে করে নামাজ পড়ে নিল।
রান্নাঘরে দাঁড়িয়ে ডুবো তেলে পেয়াজু ভাজতে ভাজতে বারবার ছেলেটার তেলাওয়াতের সুরে আনমনা হয়ে পড়ছিলাম। মুগ্ধ হয়ে শোনার মত তেলাওয়াত। নির্ভুল উচ্চারণ, পরিমিত টানের সঙ্গে কন্ঠের মিষ্টতার যাদু। কন্ঠটা ভরাট অথচ শীতলকরা, প্রাণজুড়ানো নমনীয়তা!
ছেলে এবার ক্লাস ওয়ানে উঠলো। বয়সও সাত হয়ে গেছে। চাচ্ছিলাম ওকে একটু একটু করে মসজিদমুখী করে গড়ে তুলতে। ওর বাবার এসব ব্যাপারে আগাগোড়া উদাসীনতা।
মারুফ ছেলেটা টিচার হয়ে আসার পর থেকে কি যে ভালো লাগছে আমার! আসর, মাগরিব দুই বেলাতেই ছাত্র শিক্ষক খুব মজা করে অজু করে। এরা মনে হয় অজু শেষে পানি ছিটাছিটি করে। খুব হাসাহাসি হয় তখন দু'জনে। হাত ধরাধরি করে মসজিদে যায়। আমি জানলা দিয়ে তাকিয়ে থাকি যতক্ষণ ওদের দেখা যায়। কি শুভ্র, পবিত্র একটা দৃশ্য।
প্রতিদিন জানালায় দাঁড়িয়ে ওদের পথচলা দেখতে দেখতে মনের কোনো এক কোণায় ছোট্ট একটা অপূর্ণতা খোঁচা দেয়। এরকম একটা দৃশ্য আমি কল্পনা করতাম বহুদিন আগ থেকে। আমার কল্পনায় শাফির ছোট্ট হাতটা ওর বাবার কড়ে আঙ্গুল ছুঁয়ে থাকতো।
অজান্তেই আমার দীর্ঘ নিঃশ্বাস বাতাসে নাইট্রোজেন বাড়ায়। স্বপ্ন আর বাস্তবের ফারাকটাকেই জীবনের বাস্তবতা বলে মেনে নেই। হয়তো এতেই সুখী হওয়া যায়!
মারুফের জন্য প্রতিদিনই কিছু না কিছু ভারি নাস্তা বানাতে গিয়ে বিকেলটা আমার মহাব্যস্ততায় কাটে। চেটেপুটে পুরোটুকুন খেয়ে নেয় মারুফ। মামা মামীর সংসারে গলগ্রহের মত থাকছে, না জানি কি না কি খেতে দেয়। ছেলেটার জন্য একটা মায়া অনুভব করি। একদম আমার ছোট ভাইটার বয়সী। পর্দার আড়াল থেকে মাঝে মধ্যে টুকটাক কথা হয়। দু'একটা কষ্টের কথাও শেয়ার করেছে আমাকে। ভেবেছি ওকে আমাদের ফ্যামিলির একজন বলে ধরে নিব।
ভালোমন্দ কিছু রাঁধলে ছোট বক্স করে মারুফের জন্যেও খানিকটা তুলে রাখি। আমাদের সংসারে আল্লাহ কম তো দেন নি।
ছেলেটা যতক্ষণ থাকে আমার ঘরটা যেন রহমতে ভরপুর আর প্রাণচঞ্চল হয়ে থাকে। ওকে দেখে ওর আলাপে, আমলে যতটা মুগ্ধ হই ততটাই শাফির বাবার ব্যাপারে কিছুটা মনোকষ্ট আর চাপা ক্ষোভ অনুভব করি। তবে সেটা এতটাই সামান্য আর সূক্ষ্ম যে আমাদের নিত্যদিনকার দাম্পত্যে তার কোনো প্রভাব পড়বে এরকম সম্ভাবনা ক্ষীণ।
অল্পবয়সী একটা ছেলে তবু দ্বীনের কত খুঁটিনাটি মেনে চলে অথচ আমার হাজব্যান্ড আলেম হয়েও কোন বাড়তি নফল আমলের উৎসাহ উদ্দীপনা তার ধাতে নেই। দুনিয়াবি চিন্তায়, রোজগারের ধান্দায় দিন রাত এক করে ফেলে। না স্ত্রীকে দেয়ার মত পর্যাপ্ত সময় আছে তার, না সন্তানকে।
তবু অস্বীকার করতে পারবো না, সে আমাকে আর কিছু দিক আর না দিক সম্মান দিতে এক ফোঁটা কার্পণ্য করেনি কোনদিন। মনের খবর, মন খারাপের খবর, অভিমান, অভিযোগের খবরটুকু রেখেছে শত ব্যস্ততায়ও।
২.
ধবধবে সাদা সিরামিকের চৌকো কোয়ার্টার পিরিচে গরম গরম শামী কাবাবের সঙ্গে পুদিনা পাতার চাটনি কাঠের ট্রেতে সাজিয়ে নিয়ে ড্রয়িংএর পর্দার এপাশে দাঁড়িয়েছি কেবল। শুনতে পেলাম মারুফ শাফিকে বলছে—
"তুমি জানো তুমি অনেক ভাগ্যবান? তোমার মা কত গুণবতী মাশাআল্লাহ। কত মজা করে রান্না করে, ঘর-দুয়ার সবসময় পরিপাটি করে রাখে। তোমার মায়ের মত মেয়ে হয় না!"
অনুভব করলাম আমার ট্রে ধরে রাখা হাত দুটি কাঁপছে। এত কিছু খেয়াল করেছে মারুফ! অচেনা একটা অনুভুতিতে কেমন যেন অসাড় লাগছিলো।
কোনমতে পর্দার আড়াল থেকেই টি-টেবিলে ট্রে-টা রেখে সরে এলাম।
পুরুষের মুখে নিজের প্রশংসা শোনার মধ্যে মেয়েরা এক ধরনের অপার্থিব আনন্দ অনুভব করে। এটা নির্ভেজাল সত্যি কথা। কই শাফির বাবাতো কোনোদিন এমন করে বলে না! একজন তুখোড় স্টুডেন্ট থেকে ভালো গৃহিণী হওয়ার পদে পদে কত শত অলিখিত স্যক্রিফাইস। সেসবের জন্য কোনো এপ্রিশিয়েট কি কখনো পাওনা হয়না আমার?
এর কিছুদিন পর হঠাৎ করেই একটা কান্ড ঘটিয়ে বসলো মারুফ। শাফিকে দিয়ে আমাকে ডেকে পাঠালো। পর্দার এপাশে দাঁড়িয়ে দরজার চৌকাঠে মাথা এলিয়ে দিলাম । ওপাশে মারুফ গলা খাঁকারি দিলো। সাধারণত মানুষ কথা গুছিয়ে নিতে এমনটা করে। ভেতরে সামান্য অস্থিরতা অনুভব করলাম। কি এমন কথা বলবে!
—আপু আসলে অনেকদিন থেকেই একটা কথা বলতে চাইছিলাম।
চৌকাঠ থেকে মাথাটা সোজা করে দাঁড়ালাম, বল।
—আমি আপু দশ বছর বয়সে মাকে হারিয়েছি। বাবাকে দেখিনি। শুনেছি আমার দুই বছর বয়সে তিনি টাইফয়েডে মারা গেছেন। কোনদিন কারো আদর-যত্ন পাইনি।
আপনার বাসায় আসলে আমার কেন যেন মনে হয় আমি আমার নিজের পরিবারে আপন মানুষদের সঙ্গেই আছি।
আপনাকে আমি বোন ভেবে ফেলেছি আপু। যদি কিছু মনে না করেন, আমি আপনার জন্য একটা শাড়ি কিনেছি। এটা কবুল করলে এই এতিমের মনটা শান্তি পেতো।
একটা শপিং ব্যাগ পর্দার এপাশে বাড়িয়ে ধরল মারুফ। এতটা অস্বস্তিতে বোধ হয় আর কখনোই পড়িনি। ফিরিয়ে দেয়াটাও অমানবিক। রাখাটাও যেন কেমন।
হাত বাড়িয়ে শাড়িটা ধরতে গিয়ে পর্দাটা সামান্য সরে গেল। মারুফ সরাসরি আমার সামনেই দাঁড়ানো ছিল। পর্দা সরে যেতেই ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। আমি দ্রুত হাতে পর্দা টেনে সামলে নিজের ঘরে চলে এলাম।
হালকা গোলাপি রঙের সুতি শাড়িতে অপরাজিতার নিখুঁত হ্যান্ডপেইন্টিং। অসম্ভব রকম রুচিশীল আর নান্দনিক মানুষ না হলে এত সুন্দর শাড়ি কেনা সম্ভব না। শাড়িটা তখনি খুব পরতে ইচ্ছে করল । মনের একপাশ বলছে, এটা পরলে তোমাকে স্বপ্নীল সুন্দর লাগবে দেখতে, পরে ফেল। আরেকপাশে জোর খবরদারি, ছি! পরপুরুষের পছন্দ করা শাড়ি পরে সাজতে হবে কেন? আল্লাহ কি কম দিয়েছেন তোমাকে?
সন্ধ্যার দিকে শাফির বাবা ফিরে এলো। কেন জানিনা ওর সামনে নিজেকে অপরাধী অপরাধী লাগছিল। সারাক্ষণই একটা খচখচানির অনুভূতি।
নিজেকে নিজেই প্রশ্ন করেছি, আমি কী কোন ভুল করছি? একটা স্বজনহারা ছেলে আমার মধ্যে বোনের ছায়া খুঁজে যদি একটু শান্তি পায় এতে তো দোষের কিছু দেখি না। আবার শাড়ির ব্যাপারটা শাফির বাবাকে বলতেও ভীষণ দ্বিধা কাজ করছে। ও যদি বিষয়টাকে কমপ্লিকেটেড করে ফেলে? মারুফের সঙ্গে কোন মিসবিহেভ করে যদি? ছেলেটা এত নরম মনের, ওকে কষ্ট পেতে দেখাটাও কষ্টকর!
শাড়িটার ভাঁজ খুললাম না আর। আলমারিতে পুরানো কাপড়-চোপড়ের ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে দিলাম। এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাক এটাই ভালো।
এরপর মারুফের সঙ্গে প্রায় প্রতিদিনই টুকটাক কথা হতো। মাসআলা-মাসায়েল, দ্বীন-দুনিয়া, সংসার-সন্তান ইত্যাদি নানান ছোট বড় বিভিন্ন বিষয়ে। তবে অবশ্যই সেটা পর্দার আড়াল থেকে।
৩.
সারা বছর ব্যতিব্যস্ত মানুষটা কী মনে করে হঠাৎ এক সপ্তাহ সময় বের করে ফেললো ফ্যামিলির জন্য।
শাফিকে ঘুম পাড়িয়ে দুজন মিলে অনেক প্ল্যান-প্রোগ্রাম করলাম কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। অনেকদিন পর একটু হিসেব ছাড়া সময় পেয়ে শাফির বাবাও যেন হৃদয়ের আগল খুলে দিল। সারারাত নানান খুনসুটি আর কথার তুবড়ি ছুটিয়ে আমরা দুজন যেন হঠাৎ করেই সেই পুরনো দিনগুলোতে ফিরে গেলাম। অনুভব করলাম বুকের ভেতর বয়ে যাওয়া প্রেমের নদীটাতে কিছুটা বরফ জমতে শুরু করেছিল কেবল। বসন্তের ঈষদুষ্ণ হাওয়ায় বরফ গলা নদী কলকল করে বইতে লাগলো আবার।
অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত কক্সবাজার গিয়ে ছুটি কাটানোর প্ল্যান ফাইনাল হলো। সুখ দুঃখের সমব্যথীর হদয়টা ছুঁয়ে ছুঁয়ে দেখার সুযোগ পেলাম সাগরের নীল জলের সান্নিধ্যে এসে। আবার নতুন করে তার বুকে নিজের স্বপ্নগুলোর বীজ বুনলাম। তার স্বপ্নগুলোও গেঁথে নিলাম নয়নের মণিকোঠায়।
বেড়ানোর তৃতীয় দিনে আমার নাম্বারে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। বীচ থেকে ফিরে বিশ্রাম নিচ্ছিলাম তখন। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপার থেকে মারুফের বেকারার কন্ঠ—
আপু আপনারা কবে ফিরছেন? আমি তিনটা দিন পাগলের মত পার করছি। না খেতে পারছি, না ঘুমাতে পারছি। আপনাকে না দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। আপনি....
ইচ্ছা করে ফোনটা কেটে দিলাম। পাশেই বাবা ছেলে গলা জড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে। ফোনটা অফ করে লাগেজের ভেতর ঢুকিয়ে রেখে কম্বল মুড়ি দিয়ে এক কোণে শুয়ে পড়লাম। কেমন যেন ভয় ভয় করছে। আমাকে না দেখে পাগল হয়ে গেছে কথাটার মানে কি? ও কি কোনভাবে লুকিয়ে লুকিয়ে দেখতো আমাকে? অসম্ভব।
শাফি ছোট মানুষ। তার উপর হয়েছে বাবার মতো আলা-ভোলা। ওকে ফাঁকি দিয়ে পর্দা ফাঁক করে যদি কখনো আমাকে দেখে থাকে সেটা অসম্ভব তো নয়। নাকি আক্ষরিকভাবে বলেনি? যে অর্থেই বলুক ভয়ানক দুশ্চিন্তায় মাথাটা ভার হয়ে রইলো আমার। ছেলেটার কন্ঠস্বরটা..... 'আপু' ঠিকই ডাকলো কিন্তু কথার সুর ছিল অন্যরকম। ওকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে কাজটা ঠিক করিনি আমি।
যত যাই হোক পর্দার বিধান এখানে লঙ্ঘন হয়েছে। সহজ-সরল, নরম-সরম কথার ফাঁদে পড়ে গায়রে মাহরাম একটা পুরুষকে কতটা সুযোগ করে দিয়েছি আমি! যা হয়েছে খুব খারাপ হয়েছে। আর না। ফিরে গিয়ে ওকে বলে দেব, শাফি কে পড়াতে আসতে হবে না আর।
৪.
বাসায় ফেরার পর প্রচন্ড জ্বর এলো আমার। শাফির বাবার পক্ষে এত দীর্ঘ ছুটির পর অফিস কামাই দেয়া সম্ভব না। তবুও তাড়াহুড়ো করে আমার মাথায় পানি দিয়ে, খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে অফিসে গেলো। শাফি দরজা বন্ধ করে এসে আমার কপালে হাত রেখে চুপচাপ বসে রইল। জ্বর মনে হচ্ছিল আরো বেড়ে যাচ্ছে। সঙ্গে প্রচন্ড মাথা ব্যথা।
স্বাভাবিক থাকতে পারছিলাম না। আধো ঘুম আধো জাগরণে বুঝলাম কেউ একজন কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলতো করে।
জ্বরের তীব্রতা হয়তোবা একটু কমে গিয়েছিল, অনুভব করলাম কপালে জলপট্টি দেয়া হাতটা কোনো বড় মানুষের। শাফির বাবা কী ফিরে আসলো? চোখ খুলতেই যা দেখলাম অবিশ্বাস্য! মারুফ মুখের উপর ঝুঁকে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে।
ধরফর করে উঠে বসলাম। মারুফের পেছনেই বেডরুমের দরজায় শাফির বাবা রক্তচোখ করে দাঁড়িয়ে আছে।
আমার হৃৎপিণ্ডটা বুকের ভেতর ধরাস ধরাস করে লাফাচ্ছে। শাফির বাবা দৌড়ে এসে মারুফের পাঞ্জাবীর কলার চেপে ধরল—
তুই আমার বেডরুমে ঢুকেছিস কোন সাহসে! এলোপাথাড়ি টানতে থাকলো মারুফকে। ও সোফার হাতলটা শক্ত করে চেপে ধরে আমার দিকে দেখিয়ে চিৎকার করে বলল, আপনার স্ত্রী আমাকে সেই অধিকার দিয়েছে বলেই ঢুকেছি।
অধিকার দিয়েছে মানে কি? দুজন এলোপাথাড়ি ধস্তাধস্তি করছে। শাফি আমার পাশেই ঘুমিয়ে ছিল। ঘুম থেকে জেগে ভয় পেয়ে আমার বুকে মুখ লুকালো। ওরা দুজন দরজার চৌকাঠ ছাড়িয়ে ওপাশে যেতেই আমি কাঁপতে কাঁপতে ঠাস করে দরজা লাগিয়ে ছিটকিনি দিয়ে দরজার সামনে মাটিতেই বসে পড়লাম।
—আপনি বউকে সুখ দিতে পারেন না তো বউ কেনো রেখেছেন। তালাক দিয়ে দেন। ওকে আমি সুখী করবো।
—তোর এত বড় দুঃসাহস তুই....কী বললি তুই!
—থামেন আপনি! বউ সামলাতে পারেন না। গায়ের জোর দেখিয়ে কী প্রমাণ করতে চান?
—তোরে খুন করব আমি...
—আপনার বউ-ই সাহস দিয়েছে আমাকে। প্রতিদিন রকমারি নাস্তা খাইয়েছে, মিষ্টি কথায় ভুলিয়েছে আমাকে। আমার দেয়া শাড়ি কবুল করেছে। আমি শাড়ির সঙ্গে সেই চিঠিতে তাকে পরিষ্কার বলে দিয়েছি, আমাকে ভালো না লাগলে যেন বলে দেয়, "আপনি আর শাফিকে পড়াতে আসবেন না।" আর আমাকে পছন্দ হলে কিছু বলার দরকার নেই। আমি নিরবতা সম্মতির লক্ষণ ধরে নেব। সে নিরব ছিল। আমাকে সে চায়। প্রতিদিন সে আমার সঙ্গে সুখ দুঃখ ভাগ করতে আমার পথ চেয়ে থাকতো।
—খবরদার চুপ একদম চুপ। আর একটা কথাও বললে তোর জিহ্বা আমি টেনে বের করে ফেলবো। কী প্রমাণ আছে তোর, প্রমাণ দেখা, প্রমাণ দেখা!!
—প্রমাণ আপনার ছেলে। ওকে আনেন এইখানে।
দরজার এপাশে আমার পুরো পৃথিবী তখন দুলছে। চোখ দুটি অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোন মুহুর্তে অজ্ঞান হয়ে যাবো।
—দরজায় দ্রিম দ্রিম করে লাথির শব্দ হলো। কীভাবে দাঁড়ালাম, কোন শক্তিতে ভর করে দরজা খুললাম জানি না। শাফির বাবার ধাক্কায় মাটিতে পড়ে গেলাম। ও ফিরেও দেখলো না। শাফি কে নিয়ে ঝড়ের বেগে বের হয়ে গেল।
—শাফি বলো, তোমার আম্মু আমার কাছ থেকে গিফট নিয়েছিল না? তোমার আম্মু রোজ কথা বলে নি আমার সঙ্গে?
শাফি কী বললো শুনতে পেলাম না।
—আমি আবার আসবো। এরপর যখন আসবো প্রস্তুত হয়েই আসবো। সাবধানে থাকবেন।
বুঝলাম মারুফ চলে গেছে। সঙ্গে নিয়ে গেছে আমার এতদিনকার নির্ঝঞ্ঝাট সুখ আর আনন্দটুকু। আমার স্বামীর আস্থা আর বিশ্বাসের সবুজ উঠানে অবিশ্বাসের ছাইচাপা আগুন ছড়িয়ে চলে গেছে সে।
একটা মুখোশ দেখেছিলাম এতদিন। মুখোশের আড়ালের ভয়ংকর কুৎসিত, নোংরা মুখটা কেন দেখতে পেলাম না? অনুতাপের আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমার সমস্ত সত্তা। ইচ্ছা করছে মাটিতে মিশে যাই।
শাফির বাবা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শাফি দরজার ওপাশে।
আমি পাগলের মত শাফির বাবার হাত দুটি চেপে ধরলাম। এক ঝটকায় হাত দুটো ছাড়িয়ে নিল সে।
—বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমি... আমি...
—বিশ্বাস করেছিলাম বলেই তো এত বড় বিশ্বাস ঘাতকতা আমার সঙ্গে করা হয়েছে। বিশ্বাস না অন্ধবিশ্বাস করতাম আমি তোমাকে। সেটাই আমার ভুল ছিল। ভাবতাম জীবনে হয়তো এমন কোন নেক আমল করেছি যার বদৌলতে আল্লাহ তোমার মত মেয়ের স্বামী করছেন আমাকে.....
—তুমি বস প্লিজ। কথা শোনো আমার...
—এরপরেও কী কিছু বলার থাকতে পারে তোমার?.. খাটে বসে অপ্রকৃতিস্থর মত চাইলো আমার দিকে।
আমি বললাম, যতটুকু আমার বলার ছিলো সবটুকু বললাম। আমার ভুলটুকু, সীমালঙ্ঘনটুকু উজাড় করেই স্বীকার করলাম। শাফির বাবার চোখ বেয়ে দাঁড়ি ছুঁয়ে ঝরে পড়া একেকটা অশ্রুর ফোঁটা আমার অন্তরে একেকটা বিষাক্ত তীর হয়ে বিঁধছিল।
একবারের জন্যও সে আর কিছু জানতে চাইলো না এরপর। বাদানুবাদ করল না, গালমন্দ করল না, শাস্তি দিয়ে গেল না। বিবেকের আগুনে, অনুতাপের দহনে দগ্ধ হওয়ার সুযোগ দিয়ে টলতে টলতে কোথায় যেন চলে গেল।
সমস্ত দিন মৃত লাশের মত পড়ে রইলাম। শাফি ভয় পেয়ে আমাকে ডাকলো না। ক্ষুধা পেটে ছোট্ট ছেলেটা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইলো। হয়তো বাবার পথ চেয়ে আছে। আমিও কী কারো অপেক্ষায় আছি?
হয়তো অপেক্ষা করে আছি সেই সময়ের, যেই সময়টুকু এই গগনবিদারী লজ্জা, এই দগদগে অবিশ্বাসের ঘা পুরোপুরি সারিয়ে তুলতে পারবে।
প্রচন্ড ব্যাথায় মাথার শিরা-উপশিরাগুলো যেন ছিঁড়ে যাচ্ছিলো। কে যেন দূর থেকে নাম ধরে ডাকছে আমাকে। চোখ খুলতেও কষ্ট হচ্ছে আমার।
৫.
শাফির বাবা উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে আছে। পাশেই ঘুমিয়ে আছে শাফি। "শরীর কি খুব বেশি খারাপ লাগছে?" শাফির বাবার কোমল কন্ঠে দ্বিধা নিয়ে উঠে বসলাম। "কখন থেকে ডাকছি! কিছু খেয়ে দুপুরের ঔষধটা খেতে হবে না বলো!
স্বপ্নভঙ্গের আনন্দে শাফির বাবার বুকে মুখ গুঁজে ঝরঝর করে কেঁদে ফেললাম আমি।
মানুষটা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলো।
"দুঃস্বপ্ন দেখেছিলাম" ওকে শুধু এতটুকুই বললাম ।
বিকেলে শাফির বাবার সামনেই ত্রস্ত হাতে শাড়িটা বের করলাম। ভালো করে দেখলাম কোন চিরকুট বা চিঠি টাইপের কিছু আছে কিনা। তেমন কিছুই পেলাম না। শাফির বাবাকে সব খুলে বললাম। বললাম, তুমি ওকে আর পড়াতে আসতে না করে দিবে। আজকে, এখনই ফোন দাও। বালিশের পাশে রাখা ফোনটা নিয়ে ওর হাতে দিলাম।
ফোনে সম্ভবত মারুফ জানতে চেয়েছে ওর কোন কিছুতে আমরা বেয়াদবি নিয়েছি কি না। শাফির বাবা স্পষ্ট করে বলে দিল,
"আসলে আমার অনুপস্থিতিতে আমার ঘরে একজন বেগানা পুরুষ নিয়মিত যাতায়াত করবে এটা কি শরীয়ত সম্মত কি না? ব্যাপারটা আগে এভাবে ভাবিনি, এখন ভাবছি, মনে কষ্ট রাখবেন না প্লিজ। কাল একটু আমার অফিসে এসে কষ্ট করে এ মাসের বেতনটা নিয়ে যাবেন।"
ঘাম দিয়ে জ্বর ছাড়ল শরীর আর মন দুটোরই। হয়তো আমার রব আমাকে অনেক বেশি ভালোবাসেন। চোরাবালিতে আটকে যাবার আগেই সেখান থেকে সযতনে সরিয়ে এনেছেন।
সেদিন রাতে অনেকদিন পর শাফির বাবার পছন্দের সব খাবার রান্না করলাম। প্রিয়জনের জন্য রাঁধতেও কি অপূর্ব স্বর্গীয় সুখানুভূতি! এতদিন অনুভব করিনি। আজ পুরোটুকু অনুভব করলাম। প্রশংসা করুক আর না করুক তার হাসি মুখের পরিতৃপ্তির ঢেকুরটুকু ওপারের পথে আমার সবচেয়ে বড় পাথেয়।
#রৌদ্রময়ী