Chapter 34 of 37
আদর্শ স্ত্রীর গুণাবলি – মুফতি হুমায়ুন কবির মুহিউদ্দিন
3 min read
স্বামী ও স্ত্রী মিলে হয় একটি পরিবার। আর একটি আদর্শ পরিবার গঠনের জন্য প্রয়োজন একজন আদর্শ স্ত্রীর। সুতরাং একজন আদর্শ স্ত্রী হলেন একটি আদর্শ পরিবার ও সমাজের অন্যতম উপহার। কোরআন ও হাদিসে আদর্শ স্ত্রীর বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। সেগুলো তুলে ধরা হলো।
সতীত্বের হেফাজত করা : আদর্শ স্ত্রীর একটি শ্রেষ্ঠ গুণ হলো নিজের সতীত্বের হেফাজত করা। কোরআনে ইরশাদ হয়েছে, ‘নেককার স্ত্রীরা অনুগত হয়ে থাকে এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে।’ (সুরা নিসা ৩৪) আয়াতে স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বের হেফাজতকে উত্তম স্ত্রীর গুণ বলা হয়েছে।
স্বামীর আনুগত্য করা : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘সতীসাধ্বী স্ত্রীরা অনুগত হয়ে থাকে।’ (সুরা নিসা ৩৪) হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, নারীদের মধ্যে কোন নারী উত্তম? তিনি বললেন, স্বামী যাকে দেখলে আনন্দবোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে, স্ত্রীর নিজের বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে।’ (মুসনাদে আহমদ ৭৪২১)
স্বামীকে অধিক ভালোবাসা : হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের জান্নাতি রমণীরা হচ্ছে, যারা স্বামীর প্রতি প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী। স্বামী রাগ করলে সে এসে স্বামীর হাতে হাত রেখে বলে, আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাব না।’ (আত তারগিব ওয়াত তারহিব)
স্বামীকে আনন্দ দেওয়া : হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমি কি তোমাদের মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? তা হলো পুণ্যবতী স্ত্রী। স্বামী যখন তার দিকে দৃষ্টিপাত করে, তখন স্ত্রী তাকে আনন্দ দেয়। স্বামী কোনো নির্দেশ দিলে তা পালন করে। স্বামী যখন তার থেকে অনুপস্থিত থাকে, তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে।’ (আবু দাউদ ১৬৬৪)
স্বামীকে কষ্ট না দেওয়া : হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যখন কোনো নারী দুনিয়ায় তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতের হুররা (এই নারীকে লক্ষ্য করে) বলে, আল্লাহ তোমার ধ্বংস করুন, তুমি তাকে কষ্ট দিয়ো না। ইনি তো তোমার কাছে অতিথি। অচিরেই তিনি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের কাছে চলে আসবেন।’ (জামে তিরমিজি ১১৭৪)
স্বামীকে সন্তুষ্ট রাখা : হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কোনো মহিলা যদি এ অবস্থায় মারা যায় যে, তার প্রতি তার স্বামী সন্তুষ্ট, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।’ (জামে তিরমিজি ১১৬১)
স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা : হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি) তার অধিবাসীদের অধিকাংশই নারী। (কারণ) তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বলেন, তারা স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারও প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি।’ (সহিহ বোখারি ২৯)
স্বামীর অধিকারের প্রতি যত্নবান হওয়া : হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অপর কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সেজদা করতে। সেই সত্তার শপথ, যার হাতে মুহাম্মদের প্রাণ! স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার প্রভুর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না।’ (ইবনে মাজাহ ১৮৫৩)
গৃহমুখী হওয়া : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘তোমরা স্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না।’ (সুরা আহজাব ৩৩)
পর্দা করা : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘হে নবী, আপনার স্ত্রীদের, আপনার কন্যাদের ও মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের চাদর নিজেদের (মুখের) ওপর নামিয়ে দেয়।’ (সুরা আহজাব ৫৯) পর্দার এই বিধান মানা উম্মতের সব নারীদের জন্যই আবশ্যক। মহান আল্লাহ সব নারীকে এই গুণে গুণান্বিত হওয়ার তওফিক দান করুন। আমিন।