Chapter 17 of 24
নারী সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন যিনি
3 min read
সাহাবীদের মধ্যে জ্ঞানী সাহাবীদেরকে চেনার অনেকগুলো মাপকাঠি আছে। তারমধ্যে অন্যতম মাপকাঠি হলো- হাদীস বর্ণনা। হাদীস বর্ণনার ক্ষেত্রে যারা সবচেয়ে এগিয়ে ছিলেন, তাঁদেরকে একটি ক্যাটাগরিতে সেরা জ্ঞানী বিবেচনা করা হয়।
আবু হুরাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহুম) সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেন। পুরুষ সাহাবীদের পর নারী সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেন উম্মুল মুমিনীন আয়িশা (রাদিয়াল্লাহু আনহা)।
তিনি ছিলেন আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) –এর মেয়ে, রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাদানী জীবনের সবচেয়ে প্রিয় স্ত্রী। তিনি দুনিয়া ও আখিরাতে নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী হবার সৌভাগ্য অর্জন করেন। পবিত্র কুরআনে তাঁর চারিত্রিক নিষ্কলুষতা ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওতা আ’লা সূরা আন-নূরের কয়েকটি আয়াত নাযিল করেন।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী হবার সুবাধে আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনার সুযোগ পান এবং সেই সুযোগটি তিনি কাজে লাগান। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা প্রায় ২২১০ টি। তারমধ্যে সবচেয়ে বিশুদ্ধ দুটো হাদীস গ্রন্থ সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আছে ২৮৬ টি হাদীস।
সাহাবীদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ সাহাবীরা ফতোয়া প্রদান করতেন। আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন সেই বিজ্ঞ সাহাবীদের একজন, যিনি ছিলেন ফক্বীহ। তাঁর বাবার খিলাফতকালেই তিনি ফতোয়া প্রদানের যোগ্যতা অর্জন করেন। উমর ও উসমানের (রাদিয়াল্লাহু আনহুমা) খিলাফতকালেও তিনি ফতোয়া দিতেন। খলিফাদ্বয় কোনো বিষয়ে হাদীস জানতে চাইলে তাঁর কাছে লোক পাঠাতেন।
সাহাবীদের কোনো হাদীস বুঝতে অসুবিধা হলে তারা হযরত আয়িশার (রাদিয়াল্লাহু আনহা) কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নিতেন। [জামে আত-তিরমিজি: ৩৮৮৩]
বড়ো বড়ো সাহাবীরা তাঁর কাছে গিয়ে কোনো বিষয়ে মাসআলা জানতে চাইতেন। বড়ো বড়ো সাহাবীরা কোনো বিষয়ে মতভেদ করলে শেষে দেখা যেতো তাঁর কাছে গিয়ে সমাধান পেতেন।
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) –এর জ্ঞানের অন্যতম ধারক ও বাহক ছিলেন তাঁর বোনপো উরওয়া ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ)। তিনি তাঁর খালা সম্পর্কে মন্তব্য করেন:
“আমি কুরআন, ফারায়েজ, হালাল, ফিক্বহ, কবিতা, চিকিৎসা, বংশনামায় আয়িশার (রাদিয়াল্লাহু আনহা) চেয়ে জ্ঞানী কাউকে দেখিনি।”
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন আবু বকরের (রাদিয়াল্লাহু আনহু) মেয়ে। সেই হিশেবে কবিতা ও বংশবিদ্যা সম্পর্কে না হয় বাবার থেকে জেনে নিলেন। কুরআন-হাদীস-ফিক্বহ সম্পর্কে না হয় স্বামী নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে জানলেন। কিন্তু, তিনি চিকিৎসা বিদ্যা কোথায় থেকে রপ্ত করলেন? এমন প্রশ্ন ছিলো তাঁর বোনপো উরওয়া ইবনে যুবাইরের (রাহিমাহুল্লাহ)।
নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের আগে প্রায়ই অসুস্থ থাকতেন। তাঁর চিকিৎসা করার জন্য আরবের চিকিৎসকরা যেতেন। সেইসময়ের ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত যা বলতেন, আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) সেগুলো মুখস্ত করে নিতেন।
তিনি ছিলেন ইতিহাস ও বংশবিদ্যায় পারদর্শী। এই সংক্রান্ত জ্ঞান লাভ করেন মূলত তাঁর বাবার কাছ থেকে। আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) ছিলেন এই ডিপার্টমেন্টে আরবের অন্যতম জ্ঞানী।
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন সুভাষিণী। তাঁর কথা ছিলো স্পষ্ট, প্রাঞ্জল এবং বিশুদ্ধ। মূসা ইবনে তালহা (রাহিমাহুল্লাহ) নামে তাঁর একজন ছাত্র ছিলেন। তিনি বলেন:
“আমি আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) অপেক্ষা বিশুদ্ধভাষী কাউকে দেখিনি।” [জামে আত-তিরমিজি: ৩৮৮৪]
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) জাহেলী ও ইসলামি যুগের অনেক কবির কবিতা মুখস্ত করেন। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবদ্দশায় সুযোগ পেলে তিনি তাঁকে কবিতা শুনাতেন।
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) নবিজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবি আবু কাবীর আল হুযালীর একটি কবিতা আবৃত্তি করে শুনান। আয়িশার (রাদিয়াল্লাহু আনহা) কবিতা আবৃত্তি শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুশি হোন। কবি যুহাইর ইবনে জানাবের কবিতা প্রায় সময়ই তিনি আবৃত্তি করতেন।
কবিতা গ্রহণ-বর্জনের ক্ষেত্রে তাঁর একটি নীতি ছিলো। তিনি বলতেন:
“কবিতার মধ্যে কিছু আছে ভালো, কিছু আবার নিকৃষ্ট। তুমি তার ভালোটা গ্রহণ করো আর নিকৃষ্টটা পরিহার করো।” [ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৮৭৪]
যেসব ছাত্র-ছাত্রীর মাধ্যমে তাঁর জ্ঞানের ধারা প্রবাহিত হয়:
-
উরওয়া ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ), তাঁর বোনপো।
-
কাসেম ইবনে মুহাম্মদ (রাহিমাহুল্লাহ), তাঁর ভাইপো।
-
উমরাহ বিনতে আব্দুর রহমান (রাহিমাহাল্লাহ), তাঁর প্রধান ছাত্রী।
নারী সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন যিনি
আরিফুল ইসলাম
১৩ জুন ২০২১