Chapter 20 of 24
যে নারী ছিলেন ইমাম আশ-শাফে'ঈর শিক্ষিকা
2 min read
সায়্যিদা নাফিসা বিনতে আল-হাসান (রাহিমাহাল্লাহ) ছিলেন ইসলামের ইতিহাসে একজন শিক্ষিকা, হাদীস বিশারদ। তিনি ছিলেন ইমাম হাসান (রাদিয়াল্লাহু আনহু) –এর বংশধর। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের প্রায় ১৩০ বছর পর, ৭৬২ সালে তিনি জন্মগ্রহণ করেন মক্কায়।
তাঁর বাবা আবু মুহাম্মদ হাসান মদীনায় ৫ বছর খলিফা মনসূরের নায়িব ছিলেন। মদীনার আলেমগণের কাছ থেকে নাফিসা বিনতে আল-হাসান ইলম অর্জন করেন। হাদীস-ফিক্বহে তাঁর পারদর্শীতা চারিদকে ছড়িয়ে পড়ে। তিনি খ্যাতি লাভ করেন ‘নাফিসাতুল ইলম’ নামে।
ইসহাক ইবনে জাফর মু’তামানের সাথে বিয়ে হবার পর তিনি মিসর যান এবং সেখানেই বসবাস করেন। তিনি যেমন জ্ঞানী ছিলেন, তেমনি ছিলেন ধনী। তাঁর জ্ঞান থেকে উপকৃত হতো শিক্ষার্থীরা, তাঁর ধন-সম্পদ থেকে উপকৃত হতো গরীব, অসহায়, অসুস্থরা।
আল্লামা ইবনে কাসির (রাহিমাহুল্লাহ) তাঁর সম্পর্কে লিখেন-
“সায়্যিদা নাফিসা ছিলেন ধনবতী এবং মানুষকে সহযোগিতা করতেন। কুষ্ঠরোগী, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, রোগাক্রান্ত বিশেষ করে সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে রাখতেন। অপরদিকে তিনি ছিলেন অধিক ইবাদাতকারিণী, দুনিয়াত্যাগী ও অধিক পুণ্যবতী।” [আল-বিদায়া ওয়ান নিহায়া: ১০/৪৫০]
তাঁর গুণী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম আশ-শাফে’ঈ (রাহিমাহুল্লাহ)। ইমাম আশ-শাফে’ঈ যখন মিসর যান, তখন নাফিসা বিনতে আল-হাসানের কাছ থেকে হাদীস শিখেন। ইমাম আশ-শাফে’ঈর আর্থিক সঙ্কট দূরীকরণে নাফিসা বিনতে হাসান তাঁকে আর্থিক সহযোগিতা করেন। একজন শিক্ষিকা হিশেবে নাফিসা বিনতে আল-হাসান যেমন ইমাম আশ-শাফে’ঈর জ্ঞানের তৃষ্ণা নিবারণে সহযোগিতা করেন, তেমনি ছাত্রকে যাতে অর্থ নিয়ে দুশ্চিন্তা করতে না হয় সেজন্য সহযোগিতার হাত প্রসারিত করেন। ইমাম আশ-শাফে’ঈ মাঝেমধ্যে নাফিসার বাসায় যেতেন এবং তাঁর কাছে দু’আ চাইতেন।
আল্লামা ইবনে কাসির (রাহিমাহুল্লাহ) ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে এই দুজন সম্পর্কে লিখেন-
“ইমাম আশ-শাফে’ঈ মিসরে পৌঁছলে নাফিসা বিনতে আল-হাসান তাঁর প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন। অনেক সময় রামাদ্বান মাসে ইমাম আশ-শাফে’ঈ তাঁকে নিয়ে নামাজ আদায় করতেন। আশ-শাফে’ঈ ইন্তেকাল করলে সায়্যিদা নাফিসা তাঁর জানাযা নিয়ে আসতে বলেন এবং তাঁর (নাফিসা) বাড়িতে নিয়ে যাওয়া হলে তিনি তাঁর (শাফে’ঈ) জানাযা পড়েন।” [আল-বিদায়া ওয়ান নিহায়া: ১০/৪৫০]
সায়্যিদা নাফিসা ছিলেন মিসরে বেশ বিখ্যাত। তিনি যখন ইন্তেকাল করেন, তখন তাঁর স্বামী তাঁর মৃতদেহ মদীনায় নিয়ে দাফন করতে চান। কিন্তু, মিসরবাসী অনুরোধ করে যে, তাঁকে যেনো মিসরেই দাফন করা হয়। মানুষের অনুরোধের ফলে শেষ পর্যন্ত তাঁকে মিসরেই দাফন করা হয়।
কায়রোতে তাঁর নামে একটি মসজিদ আছে।
যে নারী ছিলেন ইমাম আশ-শাফে’ঈর শিক্ষিকা
আরিফুল ইসলাম
২২ জুলাই ২০২১