Chapter 13 of 24
যে নারী নবিজীর (সা:) মসজিদ ঝাড়ু দিতেন
3 min read
উম্মে মাহজান নামের আবিসিনিয়ার একজন নারী প্রায়ই একটি কবিতা আবৃত্তি করতেন। সেই কবিতার দুটো চরণ ছিলো এমন- “সে স্কার্ফের দিনটি আমার প্রতিপালকের আশ্চর্য ঘটনা বিশেষ। জেনে রাখুন, সে ঘটনাটি আমাকে কুফরের শহর হতে মুক্তি দিয়েছে।”
নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী আয়িশার (রাদিয়াল্লাহু আনহা) বেশ কৌতুহল জাগলো। তিনি কেনো এই দুটো চরণ আবৃত্তি করেন? তাঁর গল্প কী?
একদিন আয়িশা (রা:) সেই নারীকে জিজ্ঞেস করলেন তাঁর গল্পটি বলার জন্য।
উম্মে মাহজান (রা:) ছিলেন আবিসিনিয়ার অধিবাসী একজন দাসী। একদিন তাঁর মনিবের মেয়ের মূল্যবান লাল স্কার্ফ হারিয়ে যায়। একটি চিল সেটাকে মাংস মনে করে নিয়ে যায়। কিন্তু, সবাই ভাবলো উম্মে মাহজান (রা:) চুরি করেছেন। তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করলো। তাঁর উত্তর শুনে তারা সন্তুষ্ট হলো না। তাঁকে তল্লাশি করা হলো। তাঁর কাপড় খুলে তন্নতন্ন করে স্কার্ফটি খুঁজতে থাকলো তাঁর মনিবের লোকেরা।
কোথাও খুঁজে পেলো না। এমন অসহায় অবস্থায় উম্মে মাহজান (রা:) কান্না করতে থাকেন। ঠিক তখনই চিলটি তাদের সামনে স্কার্ফটি ফেলে যায়। তারা বুঝতে পারলো, তারা ভুল করেছে, দাসীটির মানহানী করেছে।
উম্মে মাহজান (রা:) বললেন, “তোমরা তো এই স্কার্ফের জন্যই আমার সম্পর্কে সন্দেহ করেছিলে, তাই না? অথচ আমি ছিলাম এসব ব্যাপারে নির্দোষ।”
তাঁর সম্মানে আঘাত হানার জন্য তাঁকে মুক্ত করে দেয়া হয়। মাত্র দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া উম্মে মাহজান (রা:) কোথায় যাবেন? তিনি তখন শুনতে পেলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদীনায়, তিনি ইসলামের প্রচার করছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মে মাহজানের আত্মীয় নন, পূর্ব-পরিচিতও নন; তবুও, উম্মে মাহজান (রা:) এক নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটলেন মদীনায়। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মে মাহজানের (রা:) অসহায়ত্ব দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন, উম্মে মাহজানের (রা:) পরিবার নেই, মাথা গুঁজার জায়গা নেই। কিন্তু, তিনি থাকবেন কোথায়? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খোদ মসজিদে নববীতে একটি তাঁবুর ব্যবস্থা করে উম্মে মাহজানকে থাকতে দেন। অনেকটা ইতিকাফের সময় যেভাবে তাঁবু বানিয়ে থাকা হয়, সেভাবে উম্মে মাহজান রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে থাকেন। [সহীহ বুখারী: ৪৩৯]
উম্মে মাহজানের (রা:) মসজিদে থাকার গল্প অনেকটা ঈসা (আলাইহিস সালাম) –এর মা মরিয়ম (আলাইহাস সালাম) –এর গল্পের মতো।
উম্মে মাহজান (রা:) মসজিদটি ঝাড়ু দিতেন, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেন। নামাজের সময় নামাজ পড়তেন।
অনেকদিন হয়ে গেলো, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মে মাহজানকে (রা:) দেখতে পান না। তিনি আর আগের মতো মসজিদ ঝাড়ু দিচ্ছেন না, মসজিদের তাঁবুতেও তাঁকে দেখা যাচ্ছে না। উম্মে মাহজান (রা:) তাহলে কোথায় গেলেন?
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, উম্মে মাহজান (রা:) কোথায় আছেন। সাহাবীরা উত্তর দিলেন- “উনি তো ইন্তেকাল করেছেন!”
উম্মে মাহজান (রা:) ইন্তেকাল করেছেন? যে নারী মসজিদ ঝাড়ু দিতো, যার কোনো পরিবার-পরিজন ছিলো না, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাকে মসজিদে থাকতে দেন, সেই নারী ইন্তেকাল করেছেন? রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মন খারাপ হবার পাশাপাশি কিছুটা রাগও হলো। তাঁকে খবর দেয়া হলো না কেনো?
সাহাবীরা মূলত উম্মে মাহজানের (রা:) বিষয়টি তেমন গুরুত্ব দেননি। আবিসিনিয়ার একজন কালো নারী, যিনি কিনা একসময় দাসী ছিলেন, তিনি আর এমন কী যে তাঁর মৃত্যুর সংবাদও রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতে হবে। তারউপর তিনি যখন ইন্তেকাল করেন, তখন ছিলো রাতের বেলা। এমন সময় তো আর রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিরক্ত করা যায় না। এসব কারণে মূলত সাহাবীরা বিষয়টি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পর্যন্ত জানাননি।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তাঁকে কোথায় দাফন করা হয়েছে? তাঁর কবরটি আমাকে দেখাও।”
সাহাবীরা উম্মে মাহজানের (রা:) কবর দেখিয়ে দিলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুনরায় তাঁর জানাযার নামাজ পড়লেন, উম্মে মাহজানের জন্য দু’আ করলেন। [সহীহ বুখারী: ১৩৩৭]
সাহাবীরা উম্মে মাহজানের (রা:) গুরুত্ব বুঝতে না পারলেও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠিকই বুঝতে পারেন, এই নারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।
যে নারী নবিজীর (সা:) মসজিদ ঝাড়ু দিতেন
আরিফুল ইসলাম
৪ জুন ২০২১