Chapter 5 of 24
ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষিকা
1 min read
ইসলামের প্রাথমিককালে মক্কায় লেখাপড়া জানতেন মোট ২২ জন। তাদের মধ্যে ১৭ জন ছিলেন পুরুষ, ৫ জন ছিলেন নারী। আশ-শিফা বিনতে আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন সেই পাঁচজন নারীর মধ্যে একজন।
তিনি মক্কায় ইসলাম গ্রহণ করেন। সর্বপ্রথম যে ব্যাচটি মদীনায় হিজরত করে, সেই ব্যাচে তিনি ছিলেন। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তাঁর বেশ সুসম্পর্ক ছিলো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাঝেমধ্যে তাঁর বাসায় গিয়ে বিশ্রাম নিতেন, তিনি রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্য আলাদা বিছানা এবং কাপড় গুছিয়ে রাখতেন। পরবর্তীতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে একটি বাড়ি দান করেন।
আশ-শিফা বিনতে আব্দুল্লাহ (রা:) যেমন লেখাপড়া জানতেন, তেমনি জানতেন ঝাড়ফুঁকও। একবার তিনি রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, তিনি যে ঝাড়ফুঁক দেন, সেটা কি চালিয়ে যাবেন? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ঝাড়ফুঁকের মন্ত্র শুনে সেগুলো চালিয়ে যাবার অনুমতি দেন। আশ-শিফা বিনতে আব্দুল্লাহ (রা:) অন্যান্য মহিলাদেরকেও এই বিদ্যা শেখান।
রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী, উম্মুল মুমিনীন হাফসাকে (রাদিয়াল্লাহু আনহা) তিনি লেখা শেখান। একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বলেন:
“তুমি হাফসাকে যেভাবে লেখা শিখিয়েছো, সেভাবে পিঁপড়া কামড়ের ঝাড়ফুঁক শিক্ষা দাও না কেনো?”
নারী সাহাবীদের মধ্যে শিক্ষার বিকাশে আশ-শিফা বিনতে আব্দুল্লাহর (রা:) অবদান ছিলো অবিস্মরণীয়।
খলিফা উমরের (রাদিয়াল্লাহু আনহু) সাথে তাঁর বেশ সুসম্পর্ক ছিলো। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মতো উমরও (রা:) তাঁর বাড়িতে বেড়াতে যেতেন। উমর (রা:) বিভিন্ন বিষয়ে আশ-শিফার (রা:) মতামতকে গুরুত্ব দিতেন। উমর (রা:) খলিফা হবার পর আশ-শিফাকে (রা:) মদীনার বাজার পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার কিছু দায়িত্ব দেন। বর্তমান পরিভাষায় যাকে বলা হয় ‘Market Controller’।
ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষিকা আরিফুল ইসলাম ২২ মে ২০২১