Chapter 21 of 24
কবি ও যোদ্ধা নারী সাহাবী
3 min read
উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর অতর্কিত আক্রমণে সাহাবীরা দিশেহারা। তারা এদিক-ওদিক পালিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেকটা একা হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে একজন নারী হাতে একটি নিযা নিয়ে পলায়নপর সাহাবীদেরকে বলছিলেন-
“তোমরা রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রেখে পালাচ্ছো?”
তিনি কে ছিলেন? এতোটা দাপটের সাথে তিনি কিভাবে সাহাবীদের সাথে কথা বলেন?
তিনি ছিলেন সাফিয়্যাহ বিনতে আব্দুল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহা), রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপন ফুফু। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফুফুদের মধ্যে কারা ইসলাম গ্রহণ করেছেন সেটা নিয়ে মতভেদ আছে। তবে, সাফিয়্যাহ বিনতে আব্দুল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহা) হলেন একমাত্র ফুফু, যার ইসলাম গ্রহণ নিয়ে কোনো মতভেদ নেই।
তাঁর আরেকটি পরিচয় হলো, তিনি ছিলেন বিখ্যাত বীর সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী যুবাইর ইবনুল আউয়ামের (রাদিয়াল্লাহু আনহু) মা।
নবুওয়াতের সূচনালগ্নে আল্লাহ তাঁর রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
“আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন।” [সূরা আশ-শুয়ারা ২৬:২১৪]
তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাহাড়ে দাঁড়িয়ে তাঁর আত্মীয়দেরকে সতর্ক করেন। সেই সতর্কবাণীতে তিনি কয়েকজনের নাম ধরেন, তাঁদের মধ্যে একজন ছিলেন সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা)। তিনি বলেন:
“হে সাফিয়্যাহ বিনতে আব্দুল মুত্তালিব! আল্লাহর রাসূলের ফুফ। আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে আমি আপনার কোনো উপকার করতে পারবো না।” [সহীহ বুখারী: ২৭৫৩, জামে আত-তিরমিজি: ৩১৮৪]
সেই ভাষনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজের মেয়ে ফাতিমাকে (রাদিয়াল্লাহু আনহা) লক্ষ্য করেও একই কথা বলেছিলেন। অর্থাৎ, আল্লাহর কাছে স্বজনপ্রীতি নেই। আপনারা আমার ফুফু আর মেয়ে বলে পার পেতে পারবেন না। পার পেতে হলে আপনারা নিজেরা আমল করতে হবে।
খন্দক যুদ্ধে মুসলিম মহিলাদেরকে একটি দূর্গে থাকার নির্দেশ দেয়া হয়। সেই দূর্গে মুসলিম মহিলাদের সাথে ছিলেন কবি হাসসান বিন সাবিত (রাদিয়াল্লাহু আনহু)। হাসসান (রাদিয়াল্লাহু আনহু) ছিলেন রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবি সাহাবীদের মধ্যে সেরা সাহাবী। তবে তিনি যুদ্ধে যেতেন না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এটা জানতেন। ফলে তাঁকে রাখা হয় নারীদের দূর্গে। সেই দূর্গে ছিলেন সাহসী সাফিয়্যাহ বিনতে আব্দুল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহা)।
একদিন সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা) দেখলেন যে, এক গুপ্তচর দূর্গের আশেপাশে ঘুরছে। এটা নিরাপত্তার প্রশ্ন। যদি সে জানতে পারে যে, এখানে সবাই মহিলা, তাদেরকে রক্ষা করার জন্য কোনো যোদ্ধা নাই, তাহলে তো বিপদ।
সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা) হাসসান বিন সাবিতকে (রাদিয়াল্লাহু আনহু) বললেন, “তাকে হত্যা করো। নতুবা আমাদের তো বিপদ হবে।”
হাসসান বিন সাবিত (রাদিয়াল্লাহু আনহু) নিরাপত্তার প্রশ্নেও ছিলেন অনেকটা নির্বিকার। তিনি বললেন, “আপনি জানেন যে, আমার কাছে এর কোনো প্রতিকার নেই। যদি থাকতো, তাহলে তো আমি রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে যুদ্ধে থাকতাম!”
সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা) দেখলেন অগত্যা হাসসানকে (রাদিয়াল্লাহু আনহু) বলে কোনো লাভ হবে না। তিনি নিজেই তাঁবুর একটি খুঁটি হাতে নিয়ে গুপ্তচরেরর উপর ঝাঁপিয়ে পড়েন। গুপ্তচরকে হত্যা করতে সক্ষম হোন। গুপ্তচরেরর কাটা মাথা তিনি দূর্গের ওপারে ছুঁড়ে মারেন। ফলে দূর্গের বাইরের ইহুদিরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা বুঝে যে, ভেতরে মনে হয় মুসলিম যোদ্ধারা আছে!
তারপর হাসসানকে (রাদিয়াল্লাহু আনহু) বলেন, “এবার তো অন্তত তার সঙ্গের জিনিসগুলো খুলে আনো। আমি মহিলা হয়ে তো তার শরীর স্পর্শ করে এগুলো আনতে পারি না।”
তখনকার সময়ে একজন যোদ্ধার শরীরের বর্ম নেক মূল্যবান ছিলো। কিন্তু, হাসসান (রাদিয়াল্লাহু আনহু) এবারও নির্বিকার। তিনি বললেন, “আমার এগুলোর প্রয়োজনই নেই!”
পরবর্তীতে সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা) বলতেন যে,
“আমিই প্রথম মহিলা, যে একজন পুরুষকে হত্যা করেছি।” [সিয়ারু আ’লাম আন-নুবালা: ২/২৭০]
সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন একজন কবি। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদের মধ্যে যেসব মহিলা কবি ছিলেন, সাফিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন তাঁদের অন্যতম। তাঁর ভাই হামযা (রাদিয়াল্লাহু আনহু) ও তাঁর ভাইপো রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর তিনি বেশ কয়েকটি শোকগাথা (Elegy) কবিতা লিখেন।
খলিফা উমরের (রাদিয়াল্লাহু আনহু) খিলাফতকালে তিনি ইন্তেকাল করেন। খলিফা তাঁর জানাযার নামাজ পড়ান।
কবি ও যোদ্ধা নারী সাহাবী
আরিফুল ইসলাম
২৩ জুলাই ২০২১