Chapter 23 of 24
যালিমের মুখোমুখি নারী সাহাবী
5 min read
হিজরতের সময় রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বাঙ্গীন সঙ্গী ছিলেন আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)। আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) ছাড়াও আরেকজন নারী রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের সময় তাঁদেরকে সহযোগিতা করেন। তিনি ছিলেন আবু বকরের (রাদিয়াল্লাহু আনহু) মেয়ে আসমা বিনতে আবু বকর (রাদিয়াল্লাহু আনহা)।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) যখন গুহায় ছিলেন, তখন তো সেখানে কোনো খাবার ছিলো না। তাঁদের জন্য খাবার নিয়ে যেতেন আসমা (রাদিয়াল্লাহু আনহা)।
একদিন মালপত্র বাঁধার জন্য আসমা (রাদিয়াল্লাহু আনহা) কিছুই খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি তাঁর কোমরের বন্ধনী দুই ভাগ করে একভাগ দিয়ে মালপত্র বা মশক বাঁধেন। এর ফলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে উপাধি দেন- ‘যাতুন নিতাকাইন’ বা দুই ফিতাওয়ালী। [সহীহ বুখারী: ২৯৭৯]
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জন্য দু’আ করেন-
“আল্লাহ যেনো তাঁকে এই ফিতার বিনিময়ে জান্নাতে দুটো ফিতা দান করেন।”
মদীনায় মুসলিমরা হিজরত করার পর মুহাজিরদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। ফলে, অনেকেই গুজব রটায় যে, তারা কাবা ঘর ফেলে রেখে এসেছে বলে অভিশাপ লেগেছে বা ইহুদিরা যাদু করেছে। আসমা বিনতে আবু বকর (রাদিয়াল্লাহু আনহা) গর্ভকালীন অবস্থায় হিজরত করেন।
কুবায় পৌঁছার পর তিনি সন্তান প্রসব করেন। মুসলিমরা সেই সন্তানকে ‘সৌভাগ্য’ হিশেবে বিবেচনা করে। তাঁর জন্মের পর সবাই ‘আল্লাহু আকবার’ বলে উচ্ছ্বাস প্রকাশ করে। তাঁর নাম রাখা হয় আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদিয়াল্লাহু আনহু)। তিনি ছিলেন মদীনায় জন্মগ্রহণ করা মুহাজিরদের প্রথম সন্তান।
সন্তান জন্মের পর আসমা (রাদিয়াল্লাহু আনহা) তাঁকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি খেজুর চিবিয়ে আব্দুল্লাহর (রাদিয়াল্লাহু আনহু) মুখে থুথু দিলেন।
আসমা বিনতে আবু বকর (রাদিয়াল্লাহু আনহা) গর্ব করে বলতেন-
“সর্বপ্রথম যে বস্তুটি আমার ছেলে আব্দুল্লাহর পেটে গেলো, তা হলো রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থুথু।” [সহীহ বুখারী: ৩৯০৯]
আসমা (রাদিয়াল্লাহু আনহা) পরিশ্রম করে জীবিকার্জন করতেন। তাঁর স্বামীর পরিবারে বেশ অভাব ছিলো। যুবাইরকে (রাদিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দান করা খেজুরের বাগান থেকে খেজুরের বীচি কুড়িয়ে থলিতে ভরে বাড়িতে নিয়ে যেতেন।
একদিন আসমা (রাদিয়াল্লাহু আনহা) খেজুরের আঁটি মাথায় নিয়ে আসার সময় রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তাঁর দেখা হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন সাহাবীদের সাথে উটে চড়ে আসছিলেন। আসমার (রাদিয়াল্লাহু আনহা) কষ্ট দেখে রাসূলুল্লাহ (সাল্লালালহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে উটের পেছনে বসার জন্য বললেন। আসমা (রাদিয়াল্লাহু আনহা) রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে বসতে লজ্জাবোধ করলেন! তাছাড়া তাঁর স্বামী যুবাইর (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন এই ব্যাপারে খুব আত্মমর্যাদাসম্পন্ন। স্ত্রীকে ‘পরপুরুষের’ সাথে দেখলে তিনি রাগ করবেন এই ভেবে আসমা (রাদিয়াল্লাহু আনহা) রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে উটে বসলেন না।
রাসূলুল্লাহ (সাল্লালালহু আলাইহি ওয়া সাল্লাম) আসমার (রাদিয়াল্লাহু আনহা) লজ্জাবোধ বুঝতে পারলেন। ঘরে ফিরে আসমা (রাদিয়াল্লাহু আনহা) স্বামীকে পুরো ঘটনা বললে তাঁর স্বামী যুবাইর (রাদিয়াল্লাহু আনহু) তাঁকে বললেন,
“আল্লাহর কসম! খেজুরের আঁটির বোঝা বহন করা মাথায় বহন করা তাঁর (রাসূলের) সাথে উটে চড়ার চেয়েও আমার কাছে লজ্জাজনক।”
আবু বকর (রাদিয়াল্লাহু আনহা) মেয়ের জন্য একজন খাদিম পাঠালে আসমা (রাদিয়াল্লাহু আনহা) এই বোঝা বহন করা থেকে মুক্ত হন। [সহীহ বুখারী: ৫২২৪]
অত্যাচারী হাজ্জাজ ইবনে ইউসুফের সময়ে আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদিয়াল্লাহু আনহু) সাথে উমাইয়া খলিফাদের সংঘর্ষ হয়। তাঁকে ‘শায়েস্তা’ (!) করার দায়িত্ব দেয়া হয় হাজ্জাজকে। হাজ্জাজের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবার আগে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদিয়াল্লাহু আনহু) মায়ের সাথে দেখা করে যান। মা তাঁকে যালিম শাসকেরে সামনে সত্য কথা বলতে, সত্যের পথে বিচলিত না হতে উৎসাহ প্রদান করেন।
হাজ্জাজের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবার আগে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদিয়াল্লাহু আনহু) যখন মায়ের কাছে পরামর্শ নিতে আসেন, তখন তাঁর মা তাঁকে আর দশজন মায়ের মতো ঘরে বসে থাকতে, বিপদ এড়িয়ে যেতে বলেননি। তিনি বলতে পারতেন, ‘এতো ঝামেলায় যাবার দরকার নেই, ঘরে বসে থাকো’। কিন্তু, না। তিনি ছেলেকে বললেন-
“যদি তোমার দৃঢ় প্রত্যয় থাকে যে তুমি হকের উপর আছো, তুমি হকের দিকে মানুষকে আহ্বান করছো, তাহলে যারা তোমার পতাকাতলে অটল থেকে তাদের মতো তুমিও অটল থাকো। আর যদি তুমি দুনিয়ার সুখ-শান্তি প্রত্যাশী হয়ে থাকো, তাহলে তুমি একজন নিকৃষ্টম মানুষ। তুমি নিজেকে ও তোমার লোকদেরকে ধ্বংস করছো। পুরুষের মতো যুদ্ধ করো এবং জীবনের কোনো অপমানকে সহ্য করো না। অবমাননাকর জীবনের চেয়ে সম্মানের সাথে তরবারির আঘাতে শাহাদাতবরণ করা অনেক শ্রেয়। তুমি শহীদ হলে আমি খুশি হবো।”
আসমা বিনতে আবু বকর (রাদিয়াল্লাহু আনহা) ছেলেকে ননীর পুতুল করে গড়ে তুলতে চাননি। ছেলেকে অসত্যের সামনে মাথা নত করতে শেখাননি। অসত্যের সামনে মাথা নত করা ছেলের চেয়ে সত্যের পথে লড়াই করে শহীদ হওয়া সন্তানের মা হওয়াটা ছিলো তাঁর গর্বের।
মায়ের জ্বালাময়ী বক্তব্য শুনে আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহ পান। কিন্তু, তারা এতো নিকৃষ্ট ছিলো যে, তিনি আশঙ্কা করেন যে, তিনি শহীদ হবার পর তাঁর অঙ্গচ্ছেদ করা হবে, তাঁর শরীর টুকরো-টুকরো করা হবে।
নিজের এমন আশঙ্কার কথা যখন একজন সন্তান মাকে বলে, মা তখন কী বলবেন? ‘থাক বাবা, তাহলে, যাবার দরকার নেই’ এমন? অন্য মায়েরা হয়তো এমনই বলে। কিন্তু, আসমা বিনতে আবু বকরের (রাদিয়াল্লাহু আনহা) দৃষ্টিভঙ্গি ছিলো একেবারেই ভিন্ন। তিনি মা হয়েও ছেলের এমন আশঙ্কাকে প্রশয় না দিয়ে উল্টো উৎসাহ দিয়ে বলেন-
“বাবা, আমার! শহীদ হবার পর তো ভয়ের কিছু নেই। জবাই করা ছাগলের চামড়া ছিলার সময় সে কষ্ট পায় না!”
সুবহানাল্লাহ! কী সাহসী, ত্যাগী, আত্মমর্যাদাসম্পন্ন মায়ের কণ্ঠস্বর! তিনি ছেলের শঙ্কা দূর করছেন এই বলে যে, মরার পর তোমার অঙ্গ কেটে ফেললে তোমার কিসের ভয়? তুমি তো কষ্ট পাবে না। মরা ছাগলের চামড়া ছিলতে কি সে কষ্ট পায়?
আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদিয়াল্লাহু আনহু) যুদ্ধে গেলেন এবং বীরদর্পে লড়াই করলেন যালিমের বিরুদ্ধে। শেষপর্যন্ত পরাজিত হোন! তাঁকে শহীদ করা হয়। তাঁর মৃতদেহ শূলে চড়ানো হয়। ইসলামের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা ছিলো আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদিয়াল্লাহু আনহু) হত্যাকাণ্ড। [হায়াতুস সাহাবা: ১/৫৭৪]
তাঁকে হত্যা শেষে হাজ্জাজ ইবনে ইউসুফ তাঁর মা আসমাকে (রাদিয়াল্লাহু আনহা) তার কাছে নিয়ে আসতে লোক পাঠায়। কিন্তু, আসমা (রাদিয়াল্লাহু আনহা) অস্বীকৃতি জানান। হাজ্জাজ নির্দেশ দেয়, তাঁকে যেনো চুল ধরে টেনে নিয়ে আসা হয়। এরপরও আসমা (রাদিয়াল্লাহু আনহা) হাজ্জাজের সামনে যাননি।
হাজ্জাজ অগত্যা নিজেই গেলো আসমা বিনতে আবু বকরের (রাদিয়াল্লাহু আনহা) সাথে দেখা করতে। সে গিয়ে বললো, “দেখলে আমি আল্লাহর শত্রুর সাথে কেমন ব্যবহার করেছি?” যে সাহাবীর জন্মে মদীনায় খুশির ঢেউ লেগেছিলো, সেই সাহাবীকে হাজ্জাজ নাস্তিক, মুরতাদ, আল্লাহর শত্রু বলে সম্ভোধন করে!
জবাবে আসমা (রাদিয়াল্লাহু আনহা) সাহসী কণ্ঠে বললেন-
“হ্যাঁ, আমি দেখেছি তুই তাঁর দুনিয়া বরবাদ করে দিয়েছিস, আর সে তোর আখিরাত নষ্ট করে দিয়েছে। ...জেনে রাখ, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, সাকিফ গোত্র থেকে এক মিথ্যুক এবং নরহত্যাকারীর অভ্যুদয় হবে। মিথ্যুককে তো আমরা সবাই দেখেছি। আর নরহত্যাকারী হিশেবে আমি তোকে ছাড়া আর কাউকে মনে করি না।” [সহীহ মুসলিম: ৬৩৯০]