Chapter 8 of 24
যে নারীর জন্য তাঁর গোত্রের লোকেরা মুক্তি পায়
2 min read
বনু মুস্তালিকের নেতা হারিস ইবনে দিনার। সেই প্রভাবশালী নেতার মেয়ে ছিলেন জুওয়াইরিয়া (রাদিয়াল্লাহু আনহা)। তাঁর বিয়ে হয় চাচাতো ভাই মুসাফি ইবনে সাফওয়ানের সাথে। তারা সবাই ছিলেন ইহুদি।
একদিন জুওয়াইরিয়া (রা:) স্বপ্নে দেখেন , ইয়াসরিব (মদীনা) থেকে একটি চাঁদ ছুটে এসে তাঁর কোলে পড়ছে। এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি অবাক হোন, কিন্তু স্বপ্নের কথা কাউকে জানাননি।
স্বপ্নটি দেখার তিনদিন পর মুসলিমরা প্রতিরক্ষার প্রশ্নে বনু মুস্তালিকে অভিযান চালায়। এই অভিযানে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অংশগ্রহণ করেন। এই অভিযানে ১১ জন কাফির মৃত্যুবরণ করে এবং প্রায় ৬০০ জনকে বন্দী করা হয়। যুদ্ধবন্দীদেরকে সাহাবীদের মধ্যে ভাগ করে দেয়া হয়।
জুওয়াইরিয়া (রা:) সাবিত ইবনে কায়সের (রাদিয়াল্লাহু আনহু) ভাগে পড়েন। যেহেতু জুওয়াইরিয়া (রা:) ছিলেন গোত্রপতির কন্যা, তাঁর মধ্যে প্রবল আত্ম-সম্মানবোধ ছিলো। তিনি যার-তার ভাগে যেতে রাজি না। নিজেকে মুক্ত করার জন্য তিনি প্রস্তাব দেন- কতোর বিনিময়ে তাঁকে মুক্ত করে দেয়া হবে? বলা হলো- নয় উকিয়া স্বর্ণ। কিন্তু, এতো টাকা তিনি কোথায় পাবেন? গোত্রপতির কন্যা ‘ছিলেন’, এখন তো তিনি যুদ্ধবন্দী।
তিনি রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে তাঁর মুক্তির দাবি জানান এবং অর্থ সংগ্রহের কথা ব্যক্ত করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “আমি বরং তারচেয়ে উত্তম প্রস্তাব তোমাকে দিই?” তিনি জিজ্ঞেস করলেন, “কী প্রস্তাব?”
“আমি তোমার চুক্তিকৃত অর্থ পরিশোধ করি এবং তোমাকে বিয়ে করি?”
এমন অপ্রত্যাশিত প্রস্তাব পেয়ে জুওয়াইরিয়া (রা:) দারুণ খুশী হোন। তিনি অবশ্য একই সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এবার যুদ্ধবন্দী থেকে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী হবার মর্যাদা লাভ করেন।
ইহুদি নেতার মেয়ে মুসলিমদের কাছে বন্দী হয়ে থাকবে? হারিস ইবনে দিনার এটা মেনে নিতে পারলেন না। তিনি মেয়েকে মুক্ত করার জন্য রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গেলেন। পথিমধ্যে দুটো উট লুকিয়ে রেখে যান, যা সম্পর্কে কেউ জানে না।
রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে মেয়েকে মুক্ত করার জন্য মুক্তিপণ দিতে চাইলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুরো বিষয়টি জুওয়াইরিয়ার (রা:) এখতিয়ারে রেখে দেন। বাবাকে অবাক করে দিয়ে জুওয়াইরিয়া (রা:) রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে থাকার জন্য মতামত দেন। কোনো কোনো বর্ণনায় আছে, স্বাধীন হবার পরই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বিয়ে করেন।
জুওয়াইরিয়ার (রা:) বাবা গোপনে যেসব উট রেখে এসেছিলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেগুলোর কথা বলে দেন। এতে করে তিনি প্রচণ্ড অবাক হোন। তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী ইসলাম গ্রহণ করেন, তাঁর ইহুদি শ্বশুরও ইসলাম গ্রহণ করেন।
বনু মুস্তালিক হয়ে গেলো রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শ্বশুর বাড়ির আত্মীয়। সাহাবীরা দেখলেন, যারা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শ্বশুর বাড়ির আত্মীয়, তাদেরকে তারা বন্দী করে রাখেন কিভাবে? এতে আত্মীয়তার সম্পর্কে মনকষাকষি হবে না? সাহাবীরা বনু মুস্তালিকের যুদ্ধবন্দীদের মুক্ত ঘোষণা করেন। একসাথে প্রায় ৬০০ মানুষ মুক্তি পায়।
গোত্রের লোকদের মুক্তি লাভের মূল প্রভাবক কে ছিলেন? রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী, উম্মুল মুমিনীন জুওয়াইরিয়া (রা:)।
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) মন্তব্য করেন:
“আমি কোনো নারীকে তাঁর গোত্রের জন্য জুওয়াইরিয়ার (রা:) চেয়ে অধিক কল্যাণময়ী দেখিনি।”
জুওয়ারিয়ার (রা:) দেন-মোহর কী ছিলো? বলা হয়ে থাকে-
“বনু মুস্তালিকের প্রতিটি বন্দীর মুক্তি ছিলো তাঁর দেন-মোহর।”
যে নারীর জন্য তাঁর গোত্রের লোকেরা মুক্তি পায় আরিফুল ইসলাম ২৫ মে ২০২১