Chapter 18 of 24
যে নারীকে বলা হতো 'জ্ঞানের সমুদ্র'
2 min read
আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে হাজম (রাহিমাহুল্লাহ) ছিলেন মদীনার একজন বিচারক। তিনি একজন চোরের শাস্তি দিলেন। চোরটিকে বন্দী করা হলো। তার হাত কাটা হবে। একজন নারী এসে বিচারককে বললেন বিচারদণ্ড না দিতে। মদীনার একজন চিফ জাস্টিসকে বিচার থামাতে বলা হচ্ছে?
যে নারী এসে বিচারককে বিচার থামাতে বললেন, তাকে পাঠিয়েছেন আমরাহ বিনতে আব্দুর রহমান (রাহিমাহাল্লাহ)। আমরাহ হলেন বিচারক আবু বকরের শিক্ষিকা, তাঁর ফুফু। ফুফু কেনো ভাইপোর বিচার থামাতে বলছেন?
কারণ, যে চোরকে শাস্তি দেয়া হচ্ছে, সে একটি তামার রিং চুরি করেছে। এতো স্বল্পমূল্যের জিনিস চুরির ফলে হাত কাটার দণ্ড দেয়া যায় না। আমরাহ যে নারীকে দিয়ে খবর পাঠিয়েছেন, তাকে নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদীসটিও জানিয়ে দেন।
ফুফুর কাছ থেকে সংশোধনী পেয়ে আবু বকর ইবনে মুহাম্মদ বিচারের রায় পরিবর্তন করেন এবং চোরকে ছেড়ে দেন।
আমরাহ ছিলেন নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রী আয়িশার (রাদিয়াল্লাহু আনহা) প্রধান ছাত্রী। আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে যেসব হাদীস বর্ণিত হয়েছে, তার উল্লেখযোগ্য অংশ বর্ণনা করেন আমরাহ বিনতে আব্দুর রহমান। তাঁর জ্ঞানার্জনের অন্যতম উৎস ছিলেন আয়িশা (রাদিয়াল্লাহু আনহা)।
ইমাম সুফিয়ান আস-সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন:
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) –এর হাদীসের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলেন তিনজন। তারা হলেন:
-
আমরাহ বিনতে আব্দুর রহমান (রাহিমাহাল্লাহ)
-
উরওয়া ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ)
-
কাসেম ইবনে মুহাম্মদ (রাহিমাহুল্লাহ)।
প্রথমদিকের হাদীস সংকলক যারা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর ইবনে মুহাম্মদ, আমরাহর ভাইপো। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ (রাহিমাহুল্লাহ) তাঁকে নির্দেশ দেন যে, তিনি যেনো আমরাহর সবগুলো হাদীস লিপিবদ্ধ করে খলিফার শাহী দরবারে পাঠান।
কাসিম বিন মুহাম্মাদ ইমাম মুহাম্মাদ ইবনে শিহাব আয-যুহরিকে (রাহিমাহুল্লাহ) লক্ষ্য করে বললেন, “হে বালক! আমি ইলমের প্রতি তোমার অনেক আগ্রহ লক্ষ্য করছি। আমি কি তোমাকে ইলমের খনির সন্ধান দেবো না?” ইমাম আয-যুহরি বলেন, “অবশ্যই”। তিনি বললেন, “তুমি আমরাহ কাছে যাও। কেননা তিনি আয়িশার (রাদিয়াল্লাহু আনহা) সান্নিধ্যে ছিলেন।”
ইবনে শিহাব আয-যুহরি বলেন:
“অতপর আমি তাঁর কাছে গেলাম এবং তাকে ইলমের এক অফুরন্ত সমুদ্রের মতো পেলাম।”
সিহাহ সিত্তার (৬ টি বিশুদ্ধ হাদীস গ্রন্থ) সবগুলো হাদীসগ্রন্থে আমরাহর (রাহিমাহাল্লাহ) বর্ণিত হাদীস আছে।
যে নারীকে বলা হতো ‘জ্ঞানের সমুদ্র’
আরিফুল ইসলাম
১৪ জুন ২০২১