Chapter 22 of 24
যে নারী নবিজীর (সা:) মসজিদে হাদীস শেখাতেন
1 min read
সিরিয়ার দামেস্কেতে একজন নারী হাদীস শেখাতেন। তাঁর নাম ছিলো ফাতিমা বিনতে ইব্রাহীম ইবনে মাহমুদ (রাহিমাহাল্লাহ)। হাদীসের শিক্ষক মানে এমন না যে একটি হাদীস মুখস্ত করেছেন আর সেটা শেখাচ্ছেন। হাদীসের শিক্ষক মানে আমাদের সময়ের একজন প্রফেসরের মতো, যিনি তার বিষয়ে অন্য সবার চেয়ে দক্ষ।
তখনকার সময়ে হজ্জের মৌসুমে মক্কা-মদীনা পরিণত হতো বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের নানান প্রান্ত থেকে আলেম-উলামা, শিক্ষার্থী এই সময় হজ্জ করতে গিয়ে কিছুদিন মক্কা-মদীনায় অবস্থান করতেন। ফলে, শিক্ষার্থীদের পরিচয় হতো বিশ্বের নামকরা শিক্ষকের সাথে।
ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) মক্কায় হজ্জ করতে গিয়ে জ্ঞানার্জনের জন্য কয়েকবছর সেখানে অবস্থান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ) হজ্জ করতে গিয়ে ইমাম আশ-শাফে’ঈর (রাহিমাহুল্লাহ) সাথে পরিচয় হয়, তাঁর কাছ থেকে জ্ঞানার্জন করেন।
ফাতিমা বিনতে ইব্রাহীম (রাহিমাহাল্লাহ) ছিলেন ‘সহীহ বুখারী’র উপর দক্ষ। তিনি দামেস্কে থাকতে সহীহ বুখারী পড়াতেন। হজ্জের মৌসুমে তিনি হজ্জ করতে গিয়ে মদীনায় যান। হাদীসের শিক্ষিকা হিশেবে তাঁর সুখ্যাতি ছিলো। তিনি নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদের এক কোণে বসে হাদীস শেখাতেন। [Al-Muhaddithat, Akram Nadawi, Page 264]
যে মসজিদে নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামাজ পড়িয়েছেন, কুরআন-হাদীস শিক্ষা দিয়েছেন, আবু বকর, উমর, উসমান (রাদিয়াল্লাহু আনহুম) যে মসজিদে বসে খিলাফত পরিচালনা করেছেন, মদীনার ‘সাত ফুকাহা’ খ্যাত আলেমগণ যে মসজিদে কুরআন-হাদীসের দরস দিয়েছেন, ইমাম ইবনে শিহাব আয-যুহরী (রাহিমাহুল্লাহ), ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) যে মসজিদে ছাত্রদেরকে পড়িয়েছেন; সেই মসজিদে ফাতিমা বিনতে ইব্রাহীম (রাহিমাহাল্লাহ) বিশ্বের নানান প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদেরকে হাদীস শেখান।
ফাতিমা বিনতে ইব্রাহীম (রাহিমাহাল্লাহ) আব্বাসী খিলাফতকালে দামেস্কে, মদীনায় হাদীস শেখাতেন। আব্বাসী খিলাফতকালে তিনি ইন্তেকাল করেন।
যে নারী নবিজীর (সা:) মসজিদে হাদীস শেখাতেন
আরিফুল ইসলাম
২৩ জুলাই ২০২১