Chapter 7 of 9
ঠকাচ্ছি কাকে?
7 min read
১
বড় দুঃসময় পার করছি আমরা। আমি, আপনি এবং সে - আমরা সবাই।
আমরা জুমআ'র সালাত ছাড়া মসজিদে যাই না। রামাদানের ৩০ টি সাওমের সবগুলো রাখা হয়ে ওঠে না আমাদের। আমরা যাকাতের বিষয়ে উদাসীন। যাকাত আদায় করলেও হিসেব করে সঠিক পরিমান যাকাত না দিয়ে থোক বরাদ্দ (Lump-Sump) হিসেবে যাকাত দেই। পৃথিবীর অর্ধেক দেশ ঘুরে ফেললেও মক্কাতে গিয়ে হাজ্জ্ব করার মতো টাকা-পয়সা ম্যানেজ করতে পারি না আমরা। আমরা হিজাব করতে অস্বস্তি বোধ করি। কোনভাবে শরীরের হিজাব পালন করলেও মনের হিজাবের কথা বেমালুম ভুলে আছি। সুদ -কে 'ইন্টারেস্ট' হিসেবে বিবেচনা করতে আনন্দ হয় আমাদের। প্রতিনিয়ত 'সুদ এবং ইন্টারেস্ট এর পার্থক্য' এবং ইন্টারেস্ট গ্রহণের যৌক্তিকতা খুঁজে বেড়াই আমরা। ইসলাম শিক্ষা আমাদের চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট। ইংরেজী, গণিত, বিজ্ঞান পড়ার পরে সময় থাকলে পড়া যাবে। পাশ করলে কিছু নাম্বার যোগ হবে, ফেল করলে ক্ষতি নেই। এক 'মাস' পরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা/বি সি এস পরীক্ষা/পদোন্নতির পরীক্ষা নিয়ে আমরা দারুন ব্যস্ত। অথচ এক 'সেকেন্ড' পরেই যে মৃত্যুর পরীক্ষা'র মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে - ভুলে থাকি আমরা। নজরুল-রবীন্দ্রনাথ-গোর্কি গুলে খেয়ে ফেলেছি আমরা। আলমারীর উপরে রাখা পবিত্র কুরআনের উপরে দুই ইঞ্চি ধুলোর প্রলেপ। চে গুয়েভারা-মাষ্টার দা আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। ৪ জন খলীফা ছাড়া রাসুলুল্লাহ (সাঃ) এর ১০ জন সাহাবীদের নাম বলতে পারব না আমরা, জীবন কাহিনী দুরের প্রশ্ন। আমাদের যে কোন আড্ডা-আলোচনার সিংহভাগ সময় জুড়ে থাকে পরনিন্দা। ক্ষনস্থায়ী পৃথিবীতে একটু মাথা গোঁজার ঠাঁই এর জন্য আমরা দিনান্ত পরিশ্রম করি। আখিরাতের ঘরের জন্য উদাসীন আমরা সবাই। গাড়ি-বাড়ি-শাড়ি-গহনা নিয়ে আমরা অন্য পরিবারের সাথে আমৃত্যু প্রতিযোগিতা করি। উত্তম বিষয়ে প্রতিযোগিতা করা আমাদের স্বভাবে নেই। বেতন-পদোন্নতির জন্য মামা-চাচা-খালু'র পায়ে ধরতে এক পায়ে দাঁড়িয়ে থাকি আমরা। মহিমান্বিত আল্লাহ পাকের জন্য দুই পায়ে ক্বিবলার দিকে দাঁড়ানোর শক্তি পাই না আমরা। ব্যক্তিগত ও সামাজিক উত্কর্ষতার জন্য হেন চেষ্টা নেই যা করছি না আমরা, শুধু পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ ছাড়া। এ রকম আরো হাজার রকমের উদাহরণ দিতে পারবো আমরা। কিন্তু 'আমল করার বিষয়ে বড় বেখেয়াল আমরা। ধিক! আফসোস!!
২
(১) ফজরে উঠতে পারি নি। আজকে আর বাকী ৪ ওয়াক্ত পড়ে কী হবে? এরচেয়ে কালকে ফজর থেকে নতুন করে শুরু করবো। . (২) এই যে সূদ-ঘুষ খাই, এগুলো খারাপ জানি। একেবারে হাজ্জ করে এসে সব ছেড়ে দেবো। . (৩) শালীনভাবে চলা আমাদের দরকার - এটা মানি। কিন্তু এখন বিভিন্ন কারণে পারি না। যখন পর্দা ধরবো, তখন একেবারে বোরকা-হিজাব-নিক্বাব করবো। . (৪) একটু-আধটু প্রেম-ভালোবাসা খারাপ না। বিয়ের পরে স্ত্রীর প্রতি সৎ থাকলেই তো হলো। . (৫) হিজাব তো করি। দুই/একটা প্রোগ্রামে শুধু হিজাব করি না। ক্লোজ বন্ধু-আত্মীয়দের বিয়ে তো, তাই। . (৬) মুখের উপরে মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনদের গায়েরে মাহরাম কিভাবে বলি? এতদিন একসাথে বড় হয়েছি। পিঠাপিঠি বয়স। আমি তো আসলে বোনের মতো দেখি ওদের। . (৭) জন্মের পর থেকেই মামী-চাচীদের কাছে মানুষ। উনারা আমার মায়ের মতো। উনাদের সাথে দেখা না দিলে মানুষ কী বলবে? . (৮) বিয়ে তো জীবনে একবারই করতেছি। একটু মজা করে (হারাম বিষয়াদিসহ) না করলে কি হয়?
. লিস্ট লম্বা করতে চাইলে সাচ্ছন্দে করা যাবে। আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) #শাইত্বানের_ওয়াসওয়াসা এবং #নাফসের_তৈরী_নিজস্ব_যুক্তি থেকে হিফাজত করুক। . “নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম।” [আলে ইমরান, আয়াত ১৯] . “.....তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? যারা এমন করে, পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। ক্বিয়ামাতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে গাফিল নন।” [আল-বাক্বারা, আয়াত ৮৫]
৩
অতঃপর...
পুরো রামাদান যাবত শেইভ না করার কারণে গজিয়ে ওঠা হালকা দাড়ি ঈদের দিন সকালে কেটে-ছেঁটে "ক্লীন শেইভড" হয়ে ঈদগাহে যাওয়া..
কিংবা
পুরো রামাদান বন্ধ থাকা বাসার টিভি ঈদের আগের রাতে সচল করা এবং ৭ দিন ব্যপী ঈদের লাগাতার প্রোগ্রামের সাথে সুপার গ্লু এর মতো লেপ্টে থাকা..
অথবা
রামাদান জুড়ে পরচর্চা-গীবত পরিহার করে চলার পর ঈদ পরবর্তী পুনর্মিলনীতে "অমুক ভাবীর ঈদের ড্রেস কীরকম ক্ষ্যাত", "অমুক ভাবীর মেয়ে তমুক ভাইয়ের ছেলের সাথে" জাতীয় আলোচনায় নিমগ্ন হয়ে যাওয়া..
নতুবা
রামাদান জুড়ে খুঁজে-খুঁজে ভিক্ষুক, মিসকীনদের টাকা-পয়সা দেয়ার পরে ঈদের দিন বিকেলে নিজের দরজায় কড়া নাড়া ভিক্ষুকের মুখের ওপর "মাফ করো" বলে দরজা বন্ধ করে দেয়া এবং বাসার সিকিউরিটি গার্ডের সাথে "কিভাবে এরা গেট পার হয়ে ভেতরে ঢুকে?" বলে তারস্বরে চিৎকার করা..
আল্লাহু আকবার। অথচ রামাদানের সিয়াম (রোযা) আমাদের জন্য ফরজ করা হয়েছিল যাতে আমরা "আল্লাহ-ভীতি" বা "তাক্বওয়া" অর্জন করতে পারি। [সুরা আল-বাক্বারা, আয়াত ১৮৩]
"আল্লাহ-ভীতি" বা "তাক্বওয়া" অর্জিত হলো কি আমাদের?
৪
আমাদের সময়ে "ইসলাম শিক্ষা" নামের একটি সাবজেক্ট ছিল এস এস সি-তে। রাসুলুল্লাহ (সাঃ) জীবনীর কিছু অংশ ছিল সেই সিলেবাসে। সাধারণ বিজ্ঞান, ইংরেজী কিংবা উচ্চতর গণিতের তুলনায় ইসলাম শিক্ষা সাবজেক্ট আমরা বিশেষ গুরুত্বের সাথে পড়তাম না। কোনভাবে পাশ করাই মুখ্য ছিল। সেকারণেই বাকি বিষয়গুলোতে প্রাইভেট টিউটরের কাছে দৌড়ালেও ইসলাম শিক্ষা এর জন্য 'পপি গাইড'-ই যথেষ্ট মনে করতাম। . অন্যান্য বিষয়ের শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে লাখ টাকা ইনকাম করতেন। ইসলাম শিক্ষার শিক্ষকদের কাছে কেউ প্রাইভেট পড়ত বা পড়েছে বলে শুনি নি কখনো। . সেই 'ইসলাম শিক্ষা'র প্রভাব এস এস সি পরীক্ষার সাথেই শেষ হয়ে যেত। এইচ এস সি থেকে উপরের দিকের পড়ালেখায় ইংরেজী, বিজ্ঞান আর গণিতের বিষয় থাকলেও ইসলাম ধর্মের সাথে সংশ্লিষ্ট কিছু আর পাওয়া যেত না সিলেবাসে। . বর্তমান পাঠ্যপুস্তকে 'ইসলাম শিক্ষা'র মতো বিষয় কোন পর্যায় পর্যন্ত আছে - জানা নেই আমার। তবে অনুমান করতে পারি, আমাদের সময়ের থেকে উন্নত হয় নি অবস্থা। যেহেতু পাঠ্যপুস্তকে ইসলাম নিয়ে ভালোভাবে জানার সুযোগ অতি সীমিত, জন্মসুত্রে মুসলিম প্রজন্মদের ইসলামের জ্ঞান প্রদানের দায়িত্ব কে নিবেন তাহলে? বাবা-মা'দের/ভাইবোনদের কি দায়িত্ব নেই কোন? . রাসুলুল্লাহ (সাঃ) এর প্রতি ভালোবাসা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভালোবাসা প্রস্ফুটিত হওয়ার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম তাঁর (সাঃ) জীবনী পড়া, তাঁর জীবনের বিভিন্ন পর্যায় জানা। . আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "সেই পবিত্র স্বত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই।" [সহীহ বুখারীঃ অধ্যায় ২ (কিতাবুল ঈমান), হাদীস ১৩] . একুশে বইমেলা চলছে ১ তারিখ থেকে। প্রতিদিন অসংখ্য মানুষ বই কিনতে যাচ্ছেন সেখানে। বিভিন্ন বিষয়ের, বিভিন্ন লেখকদের বই কিনছেন। বই উপহার দিচ্ছেন স্ত্রীকে, সন্তানকে, পরিচিতদের। কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিংবা অন্যান্য রাসুলদের (আলাইহিমুস সালাম) অথবা সাহাবীদের (রাদিআল্লাহু আনহুম) জীবনী সংক্রান্ত কোন বই কি কিনেছেন নিজের বা পরিবারের জন্য? . হুমায়ুন আহমেদ এর রচিত চরিত্র 'হিমু' কিংবা 'মিসির আলী' আমাদের ভারী পছন্দ। এই ভালোবাসা আকাশ থেকে অবতীর্ণ হয় নি। হুমায়ুন আহমেদের বই পড়েই তৈরী হয়েছে। হিমু কিংবা মিসির আলী সমগ্র রিভিশন দেই আমরা। অনেকে হিমু বা মিসির আলী-কে অনুকরণ করতেও চেয়েছিলাম এক সময়। কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) কিংবা তাঁর সাহাবীদের (রাঃ) অনুকরণ করতে চেয়েছি কয়জন? . বার্সিলোনা কিংবা রিয়াল মাদ্রিদ ফুটবল দলের সবচেয়ে প্রিয় তারকার নাড়ীর খবর আমরা জানি। পুরো দলের সব খেলোয়াড়দের নাম মুখস্থ আমাদের। কোন খেলোয়াড় কোন দেশের সেই খবরও বিলক্ষণ জানা আমাদের। কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) এর সন্তানদের সবার নামও জানা নেই আমাদের। . প্রিয় গায়ক/গায়িকার সকল এলবামের নাম, প্রকাশের বছর, হিট নাম্বারগুলোর লিরিকস, আগামী এলবাম কবে বাজারে আসছে – সব তথ্য ঠোঁটের মুখে। প্রিয় নায়ক/নায়িকার বিখ্যাত ছবিগুলোর চরিত্রের নামও হৃদয়ে গাঁথা আমাদের। অথচ রাসুলুল্লাহ (সাঃ) নামকরা সাহাবীদের নাম জানা দুরের কথা, পৃথিবীতে বসে জান্নাতের সুসংবাদ পাওয়া সেই ১০ জন সাহাবীর নাম জানা আছে কয়জনের? . এরপরেও আমরা চাই - কিয়ামতের দিন তাঁর উম্মাত হিসেবে রাসুলুল্লাহ (সাঃ) আমাদের শাফাআতের মাধ্যম হবেন। . কিভাবে? এই রকম একতরফা ভালোবাসায়??
৫
এক টুকরো বাগান আছে আমার। . নানা জাতের ফুলের গাছ আছে তাতে। আর আছে গুটি কয়েক আগাছা জাতীয় বিষ-বৃক্ষ। বড় যন্ত্রণার ভেতর আছি এই বিষবৃক্ষগুলো নিয়ে। প্রতি সপ্তাহে সময় নিয়ে বিষ-বৃক্ষের ডাল-পালা কাটি। অতি চমৎকার ফুলগাছগুলো কুৎসিত বিষবৃক্ষের স্পর্শ যেনো কোনোভাবেই না পায়– সেটার জন্য খুব চেষ্টা করি । বাগানে যত্ন করে পানি দেই, সার দেই। বড় সাধের ফুলগাছগুলে আমার। . পরের সপ্তাহে বাগানে গিয়ে দেখি বিষবৃক্ষের ডাল-পালা আবার বেড়ে উঠেছে। কিন্তু সাধের ফুল গাছগুলোর অবস্থা নিতান্তই করুণ! আবার সময় নিয়ে বিষবৃক্ষের ডাল-পালা কাটি, বাগানে সার-পানি দেই, ফুল গাছগুলোর যত্ন নেই। . পরের সপ্তাহে আবারও একই চিত্র! ফুল গাছগুলোর অবস্থা করুণ থেকে করুণতর হয়েছে। বিষবৃক্ষের সতেজ ডাল গজিয়েছে! কী ভয়ংকর! আমি তো বিষবৃক্ষের কোনো যত্ন নেই না। সার-পানি তো সব বাগানের ফুলের গাছগুলোতে দেই। তবুও ফুলগাছগুলোর কোনো উন্নতি দেখি না! . আমি হতাশ হই না। আমার ধৈর্য্য রবার্ট ব্রুস সাহেবের থেকেও বেশি। আবার সময় নিয়ে বিষবৃক্ষের ডাল-পালা কাটি, বাগানে সার-পানি দেই, ফুল গাছগুলোর যত্ন নেই। . আমি দিব্যি জানি, যতো নষ্টের গোড়া ওই বিষবৃক্ষ। তাই তো আমি নিয়ম করে বিষবৃক্ষের ডালপালা কেটে একদম ছোট করে দেই । . . শুধু বিষবৃক্ষের মূলসহ তুলে ফেলতে ইচ্ছে করে না আমার। মায়া লাগে বোধহয়, ঠিক জানি না।