Chapter 5 of 9
আলেয়ার পিছে
2 min read
১
জুনায়েদ সাহেব সমাজের প্রতিষ্ঠিত ধনীদের মধ্যে একজন।
প্রচুর অর্থসম্পত্তি আর বিশাল প্রতিপত্তির অধিকারী জুনায়েদ সাহেবের মনে একটি মাত্র দুঃখ। তাঁর একমাত্র মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। বয়স বিশের কোঠা পার হয়েছে ঠিকই, কিন্তু বিচার-বুদ্ধি পাঁচ বছরের বাচ্চার মতো।
সেদিন বাসার সবাই বাইরে গেছে বিয়ের দাওয়াতে। প্রাসাদসম পুরো বাসায় তিনি আর তাঁর মেয়ে। জুনায়েদ সাহেবের হঠাত চায়ের তেষ্টা পেল খুব। কী মনে করে হঠাৎ মেয়েকে ডেকে এক কাপ চা বানিয়ে দেবার অনুরোধ করলেন তিনি। বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আদৌ চা বানাতে পারবে কি না– ঘোরতর সন্দেহে আছেন জুনায়েদ সাহেব। তারপরেও মেয়ে তার বাবার জন্য এক কাপ চা বানাতে পারে কি না - দেখতে চাইলেন তিনি।
দীর্ঘ সময় পরে মেয়ে চা নিয়ে রুমে ঢুকলো। জুনায়েদ সাহেব চায়ে চুমুক দিয়ে অবাক হয়ে গেলেন। এত চমৎকার চা শেষ কবে খেয়েছেন, মনে করতে পারলেন না তিনি। বিস্ময় নিয়ে মেয়ের কাছে জিজ্ঞেস করলেন- কিভাবে এত চমৎকার চা বানাতে পারল সে! মেয়ের উত্তর শুনে রীতিমত জ্ঞান হারানোর অবস্থা জুনায়েদ সাহেবের!
দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখেন ফ্লোরের ওপরে টাকার বান্ডিল স্তূপ হয়ে আছে। পাশেই দাউদাউ করে জ্বলছে তাঁর কষ্টে অর্জিত টাকা!
তাঁর ‘বোকা’ মেয়ে চুলায় আগুন না জ্বালাতে পেরে প্রথমে আলমারি থেকে টাকার বান্ডিল এনে জড়ো করেছে রান্না ঘরে। তারপরে স্তূপ করা টাকায় আগুন ধরিয়ে সেই আগুনে বাবার জন্য চা বানিয়েছে।
বেঁচে যাওয়া টাকা রুমে এনে গুনতে বসলেন জুনায়েদ সাহেব। তাঁর প্রতিবন্ধী মেয়ে প্রায় পাঁচ লক্ষ আশি হাজার টাকা আগুনে পুড়িয়ে সামান্য এক কাপ চা বানিয়েছে বাবার জন্য। রাগে, ক্ষোভে, দুঃখে চোখে পানি এসে গেল তাঁর। এত বোকা কেন তাঁর মেয়েটি!
সত্যি, ভীষণ রকমের বোকা আমাদের জুনায়েদ সাহেবের মেয়েটি। সামান্য এক কাপ চা বানাতে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি পাঁচ লক্ষ আশি হাজার টাকা আগুনে পোড়াল।
এবার তাহলে বলুন, এই পৃথিবীর #ক্ষনস্থায়ী_জীবনের জন্য আমরা যারা পরকালের 'অমূল্য' এবং 'চিরস্থায়ী' জীবনকে আগুনে পুড়িয়ে ফেলছি (প্রকারান্তরে পুরোপুরি অগ্রাহ্য করছি), তারা কী?
আমরাও কি বুদ্ধিপ্রতিবন্ধী নই? কে বেশি বুদ্ধিপ্রতিবন্ধী? জুনায়েদ সাহেবের প্রতিবন্ধী মেয়ে? না কি আমরা??
২
মেট্রিক পরীক্ষার রেজাল্টের দিন সকালের অনুভূতি কেমন ছিল আপনার? রেজাল্ট কেমন হবে – সেই টেনশন কাজ করতো কি আপনার?
আমার অবস্থা হতো বড়ই করুণ। মাথা ভোঁ ভোঁ করে করতো রীতিমত। বুকের ভেতরের ঢিপ ঢিপ শব্দ নিজের কানেই যেন শুনতে পেতাম। গলা শুকিয়ে কাঠ। রেজাল্ট খারাপ করলে কে কী বলবে – কত শত চিন্তা যে মাথায় ঘুরপাক খেতো!
একই অবস্থার পুনরাবৃত্তি হলো ইন্টার, বিএসসি, আইএসএসবি পরীক্ষার রেজাল্টের দিন। কী যে অস্থিরতা কাজ করতো! এই যে লিখছি; তাতেই যেন দিব্যি টের পাচ্ছি দিনগুলোর ভীতিকর মুহূর্তগুলো!
হে আমার ভাইবোনেরা, এবার একবার চোখ বন্ধ করে ভাবুন – ক্বিয়ামাতের দিন যখন মহান আল্লাহর সামনে "জীবনের প্রকৃত পরীক্ষার #রেজাল্ট" নেবার জন্য দাঁড়াবো আমরা – কেমন হবে সেই মুহুর্তের অনুভূতি?
"ক্বিয়ামাতের দিন তাদের সবাই তাঁর (মহান আল্লাহর) কাছে একাকী অবস্থায় আসবে।" [সুরা মারইয়াম, আয়াত ৯৫]
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
কোথায় উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি আমরা? কীসের আশায়?? এখনো???