Chapter 9 of 9
সালাত
4 min read
একটা সত্য কথা বলি। আমার অফিস শুক্র ও শনি-দুই দিন বন্ধ থাকে। বাকি পাঁচ দিনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া। সকালে একটি নির্ধারিত সময়ে আসতে হয় অফিসে। সন্ধ্যায় একটি নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বের হতেও পারি না। সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য। তারপরও প্রায়শই ছুটির দিনে বস ডেকে পাঠান। সাপ্তাহিকছুটির দিনে অনির্ধারিত সেই ডাকেমা-স্ত্রী-সন্তানের মন খারাপ করে হলেও অফিসে যেতে হয়। একটাই কারণ, অফিস আমাকে বেতন দেয় প্রতি মাসে। সেই টাকায় আমাদের সংসার চলে। অফিসে সময়মতো না গেলে কিংবা ছুটির দিনের অনির্ধারিত ডাকে সাড়া না দিলে অফিস চাকরিতে রাখবে না আমাকে। পরিবার নিয়ে বড়ো বিপদে পড়তে হবে যে আমার! এইবার একটুভিন্ন দৃষ্টি থেকে চিন্তা করুন।
মহাবিশ্বের প্রতিপালক, অসীম দয়ালু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তারপর থেকেই কোনো রকম টাকা-পয়সা খরচ না করে, আই রিপিট, কোনো অর্থ খরচ না করে মহিমান্বিত সৃষ্টিকর্তার দান হিসেবে আলো-বাতাস-পানি করছি। চোখ দুটো দিয়ে পৃথিবী দেখছি। হাত-পা ব্যবহার করে প্রতিনিয়ত কাজ করছি, কথা বলে মনের ভাব প্রকাশ করছি। খুব সাধারণ ভাষায় বললে, তাঁর দেওয়া অসংখ্য নিয়ামাতের বিনিময় হিসেবে মহান রাব্বুল আলামীন দিনে ৫টি নির্ধারিত সময়ে তাঁর ইবাদাত করার জন্য আদেশ দিয়েছেন। এই ৫ বার সালাত আদায় করতে সর্বোচ্চ ১ ঘণ্টা সময় লাগে আমাদের। ২৪ ঘণ্টায় মাত্র ১ ঘণ্টা মহান আল্লাহর জন্য। সেটিও ছুটির দিনে হুটহাট করে অনির্ধারিত সময়ে অফিসে ডাক দেবার মতো না।সবার জন্য এই ৫ ওয়াক্ত নামাজের সময় পূর্ব-নির্ধারিত ও অভিন্ন। বড়ো আফসোস! ২৪ ঘণ্টায় মাত্র ১ ঘণ্টা সময়ও আমরা মহিমান্বিত আল্লাহর জন্য ব্যয় করি না। বড়ো আলস্য আমাদের! খেয়াল করুন, অফিসে আমরা সময়-শ্রম দিই,বিনিময়ে অফিস আমাদের টাকা দেয়। এখানে উভয় পক্ষের স্বার্থ জড়িত। মহিমান্বিত আল্লাহ তাআলার ক্ষেত্রে সেটিও প্রযোজ্য নয়! পুরো পৃথিবীর মানুষ তাঁর আদেশের বিপরীতে গেলেও কোনো কিছুই আসে-যাবে না তাঁর।
এই যে ২৪ ঘণ্টার মধ্যে ১ ঘণ্টা ব্যয় করতেও আমাদের অনাগ্রহ, এই অনাগ্রহ কি আপনার অফিস, ব্যবসা, কিংবা স্কুলের ক্ষেত্রে দেখাতে পারতেন? পারতেন না। কারণ অফিস আপনাকে চাকুরিচ্যুত করত। স্কুল থেকে আপনাকে বের করে দেওয়া হতো। কিন্তু পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলা আমাদের অবাধ্যতার জন্য অক্সিজেন, পানি, আলো ইত্যাদি বন্ধ করে দেন না। কিংবা হঠাৎ করে চোখের জ্যোতি, মুখের আওয়াজ, পায়ে চলার শক্তি কেড়েও নেন না। আলহামদুলিল্লাহ! সফলভাবে চাকরি শেষে অবসরে যাবার সময়ে পুরস্কার হিসেবে পেনশন পাওয়া যায় কিছু চাকরিতে (সবগুলোতে না)। ৩৫ বছর চাকরি করে খুব বড়োজোর আর ৪০ বছর বেঁচে থাকব আমরা সেই পুরস্কার ভোগ করার জন্য। শুধু বসে বসে খেলে সেই পুরস্কারও নিশ্চিত শেষ হয়ে যাবে একদিন। অথচ মহান রাব্বুল আলামীন এর পুরস্কার অসীম কালের জন্য। মৃত্যু-পরবর্তী অসীম সময়ের তুলনায় পৃথিবীর জীবন অতি তুচ্ছ। সেই অসীম সময়ের জন্য জান্নাত হলো মহান আল্লাহ তাআলার পুরস্কার। এই পুরস্কার শেষ হবে না, কেড়ে নেওয়াও হবে না। দুই দিন ইচ্ছে করে অফিস ফাঁকি দিলে তৃতীয় দিন অফিসে গিয়ে নিজ থেকেই একটু বেশি একনিষ্ঠ থাকি আমরা কাজের প্রতি। কিছুটা অপরাধবোধ হলেও কাজ করে মনে। তাই নয় কি?
আমাদের দুর্ভাগ্য, মহান আল্লাহর নির্দেশ মেনে চলার ক্ষেত্রে সেই অপরাধবোধও জেগে ওঠে না আমাদের মনে। কেন? তিনি পরমকরুণাময় বলেই? তিনি অসীম দয়ালু বলেই? তিনি সর্বোচ্চ ক্ষমাশীল বলেই?
“আল্লাহ যদি মানুষকে তাদের বাড়াবাড়ি করার জন্য সাথে সাথে পাকড়াও করতেন তা হলে ভূপৃষ্ঠে কোনো একটি জীবকেও ছাড়তেন না।কিন্তু তিনি সবাইকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেনা তারপর যখন সেই সময়টি এসেযায় তখন তা থেকে এক মুহূর্তও আগে পিছে হতে পারেনা।"
এতকিছুর পরেও কি আমরা দিনে ৫ বার সালাত আদায় করার মতো মৌলিক প্রার্থনা থেকে দূরে থাকব? সিদ্ধান্ত আপনার। অতি সহজ এই যুক্তি নিজের এবং অনেকের জন্য অত্যন্ত কার্যকারী হয়েছে। যদি আপনার কাছেও কার্যকর মনে হয়, তবে দয়া করে অন্যদের কাছে এ কথাগুলো পৌঁছে দিন। অন্তত সালাতের মতো প্রাথমিক অথচ গুরুতপূর্ণ ইবাদাত শুরু করতে পারবেন আপনার পরিবার,আত্মীয়স্বজন ও বন্ধুরা।
“সালাতে কোনোভাবেই মনোযোগ স্থির থাকে না”-আমাদের অনেক ভাই-বোনদের এই তুলনায় কমন সমস্যাটি হয়। হয়তো এই কারণেই অনেকের সালাত আদায় করতে প্রয়োজনের তুলনায় অনেক কম সময় লাগে। কীভাবে সালাতে মনোযোগ বাড়াতে পারি আমরা? রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তোমরা সালাতে করবে, মৃত্যুকে স্মরণ করো। কারণ যেই ব্যক্তি সালাতে মৃত্যুকে স্মরণ করবে, সে সঠিকভাবে সালাত আদায় করতে বাধ্য। এবং সেই ব্যক্তির মতো সালাত আদায় করো, যে মনে করে এই সালাতের পরে আর কোনো ওয়াক্ত সালাত আদায় করার ভাগ্য তার হবে না।"
আবূ আইয়ূব আনসারি রদিয়াল্লাহু আনহু-কে উপদেশ দেওয়ার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "যখন তুমি সালাতে দাঁড়াবে, তখন তুমি বিদায়ী-সালাত (এমনভাবে যাতে এই সালাতই জীবনের শেষ সালাত) আদায় করবে।"
হে মুসলিম ভাই-বোনেরা! সালাত আদায়ের সময় আমাদের এমনভাবে মন স্থির করা চাই, যাতে আমাদের মনে হয়-জান্নাত আমাদের ডান পাশে, জাহান্নাম আমাদের বামে। পুলসিরাত আমাদের পায়ের নিচে, মাথার ওপরে পাহাড়সম পাপরাশি ভেঙে পড়বার অপেক্ষায়।আর মালাকুল মাউত আমাদের পেছনে রূহ টেনে নেওয়ার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে। এই সালাতই আমাদের শেষ সৎকাজ। সালাত শেষেই পৃথিবীর সবচেয়ে বড়ো সত্যের মুখোমুখি হতে হবে আমাদের; 'মৃত্যু'। আমাদের আমলনামা বন্ধ হয়ে যাবে। যাবতীয় হাহাকার কিংবা আফসোস কোনো কাজে আসবে না। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে এই সেই শেষ মুহূর্ত, এই সেই শেষ ক্ষণ। এবং এই সালাতই আমাদের অসীম সময়ের জন্য নির্ধারিত আবাস জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা করে দেবে!
ওয়াল্লাহি, আমরা কি তখন শেষ সালাতেও তাড়াহুড়ো করব? আল্লাহ তাআলার সামনে জীবনের শেষ সাজদা কি আমরা দীর্ঘ এবং আবেগঘন করে তুলব না? শেষের শুরুটা ভালো করার জন্য মনকে স্থির করব না আমরা?