Chapter 6 of 9
নিয়ামাত
5 min read
১
বনানী কাঁচা বাজারে গিয়েছি ডিম কিনতে ৷ . ডিম কিনে টাকা পরিশোধ করলাম ৷ বাকি টাকার জন্য অপেক্ষা করছি ৷ ঠিক সেই সময়ে দরিদ্র এক মধ্যবয়স্ক মানুষ দোকানের সামনে এসে দাঁড়ালেন ৷ কোলে ৩/৪ বছরের এক শিশু ৷ . খানিক কাঁচুমাচু করে ২০ টাকার একটি জীর্ণ নোট দিলেন ডিম দোকানদারকে ৷ দোকানদার বিরক্ত চেহারায় একটি পলিথিনের ভেতর কিছু জিনিস ঢুকিয়ে তাঁর হাতে ধরিয়ে দিতেই দ্রুত হেঁটে চলে গেলেন মানুষটি ৷ . ঠিক কি জিনিস পলিথিনে দিলেন দোকানদার - বুঝতে পারি নি আমি ৷ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেই মন তীব্র রকম খারাপ হয়ে গেল ৷ . সারাদিন কাস্টমারকে ডিম দিতে গিয়ে প্রায় প্রতিদিনই হাত ফসকে পড়ে যায় কিছু ডিম ৷ কিছু দোকানের সামনের ময়লা ফ্লোরে পড়ে ৷ কিছু হয়তো দোকানের ভেতরের স্যাঁতসেতে চটের বস্তায় ৷ এই ডিমগুলোই তাড়াহুড়ো করে সেই অপরিষ্কার জায়গা থেকে হাত দিয়ে তুলে পলিথিনে ভরে ফেলেন দোকানদার ৷ কোনটার কুসুম থাকে না, কোনটার আবার সাদা অংশে ময়লা লেগে থাকে ৷ . এক হাতে কোলের শিশুটিকে আর অন্য হাতে পলিথিনের প্যাকেটটি বুকের কাছে ধরে মানুষটির ওরকম করে দ্রুত চলে যাবার কারণটি কুড়িয়ে-কাঁচিয়ে নেয়া, দোকানদারের প্রায় অপচয়ের খাতায় চলে যাওয়া কিছু ময়লা-ভাঙা কালচে টাইপের ডিম! . মহিমান্বিত আল্লাহ তা'আলার কাছে অসীম কৃতজ্ঞতা জানানোর নূন্যতম কারণ - কর্তব্যের হারিয়ে ফেলা ধ্রুব সত্যটি হঠাত খুঁজে পাওয়ার জন্য এই রকম ২ মিনিট সময়ই যথেষ্ট! .
২
প্রচন্ড রোদের মধ্যে হযরত আবু বকর (রাঃ) তাঁর ঘর থেকে বের হয়ে আসলেন। . মসজিদ-ই-নববীর দিকে হাঁটতে শুরু করলেন আবু বকর (রাঃ)। পথেই দেখা হয়ে গেল উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সাথে। আবু বকরকে জিজ্ঞেস করলেন উমর, . – এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে! – কি করবো? দুঃসহ ক্ষুধা তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে। – হে আবা বকর, আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি। . . দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। হঠাত দেখলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এগিয়ে আসছেন তাঁদের দিকে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজেই কথা তুললেন, . – কি ব্যাপার? এই অসময়ে কোথায় যাচ্ছ তোমরা? – ইয়া রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), ক্ষুধার কষ্টই আমাদের বাড়ি থেকে বের করে এনেছে। – সেই পবিত্র স্বত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ, আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে। চলো সামনে এগিয়ে যাই। . . তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছলেন আবু আইয়ুব আল-আনসারী (রাঃ) এর বাড়িতে। আবু আইয়ুব (রাঃ) এর স্বভাব ছিল প্রতিদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জন্য খাবার তৈরী করে অপেক্ষা করা। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) না এলে বাড়ির সবার সাথে সেই খাবার ভাগাভাগি করে খেতেন আবু আইয়ুব। . সেদিনও অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খাবারের সময় না আসায় তিনি সবাইকে নিয়ে খাওয়া শেষ করে ফেলেছিলেন। . খাবার শেষ হয়ে গেছে। আর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তাঁর দুই সঙ্গীকে নিয়ে এলেন। এই অবস্থায় আবু আইয়ুব আল-আনসারী তাড়াতাড়ি একটি বকরী জবাই করে ভুনা করার ব্যবস্থা করলেন। তাঁর স্ত্রী রুটি বানিয়ে ফেললেন ইতিমধ্যে। মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হলো এক সময়ে। . . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খেতে নিয়ে থেমে গেলেন হঠাত। তারপর একটি রুটির উপরে কিছু ভুনা মাংস রেখে সেটি আবু আইয়ুব আনসারী'র হাতে দিয়ে বললেন, . "একটু আমার মেয়ে ফাতিমার কাছে দিয়ে এসো এই খাবার। অনেক দিন হয় আমার মেয়ে এমন খাবার খেয়েছে।" . আবু আইয়ুব আনসারী ফাতিমা (রাঃ) খাবার দিয়ে ফিরে এলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর দুই প্রিয় সাথীকে নিয়ে খাবার খেলেন। খাবার শেষে খাবারের দিকে তাকিয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "রুটি, মাংস, খুরমা, পাকা ও আধ-পাকা খেজুর!" . . এইটুকু বলতেই গলা ধরে এলো তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। দু'চোখ ভর্তি পানি নিয়ে আবার কথা বললেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), . "মহিমান্বিত আল্লাহর শপথ, এইসবই হচ্ছে সেই নি'আমত - যার বিষয়ে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমরা যখন কোন নি'আমত গ্রহণ করার জন্য হাত বাড়াবে, তখন 'বিসমিল্লাহ' ( بسم الله ) বলবে। তারপর তৃপ্তি নিয়ে খাবার শেষ করার পরে বলবে - 'আল'হামদুলিল্লাহিল্লাযি হুয়া আশবা'আনা ওয়া আন'আমা 'আলাইনা ওয়াআফদ্বাল' ( الحمد لله الذي هو أشبعنا وأنعم علينا وأفضل ) অর্থঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন এবং আমাদেরকে নিয়ামত দান করেছেন যা অনেক উত্তম।" . . [সুত্রঃ 'আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদীস। হায়াতুস সাহাবাঃ খন্ড ১, পৃষ্ঠা ৫১৫ – ৫১৮ আত তারগীব ওয়াত তারহীব, জাকিউদ্দিন আব্দুল আযীম আল-মুনযিরি (রহিমাহুল্লাহ) সুওয়ারুম মিন হায়াতিস সাহাবাঃ খন্ড ১, পৃষ্ঠা ১২৪ – ১৩০]
মহিমান্বিত আল্লাহ তা'আলার #অসীম_নিআমতের বিপরীতে কোনো সন্তুষ্টিই তো প্রকাশ করতে পারছি না আমি! . পারছি কি আমরা?
৩
আব্দুল মজিদ মিয়া গত চার সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি। . বয়স চুয়াত্তরে পড়েছে গত অক্টোবরে। সংগত কারণেই বেশ কিছু রোগও বাসা বেঁধেছে শরীরে। গলায় ছোট একটি টিউমারের জন্য খেতে পারছিলেন না তিনি। ডান চোখে ছানি পড়েছে বেশ কয় বছর হয়। কিছুই দেখতেন না ডান চোখে। বাম চোখেই কাজ সারতেন তিনি। . গত সপ্তাহে একসাথে দুটি অপারেশন হয়েছে তাঁর। গলার টিউমার কেটে ফেলে দিয়েছেন ডাক্তার। চোখের ছানিও অপারেশন করে ফেলে দেয়া হয়েছে। আব্দুল মজিদ মিয়া এখন মোটামুটি সুস্থ। বেশ আরাম করে খেতে পারছেন। ডান চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছেন। . দুপুরে খেতে বসেছিলেন আব্দুল মজিদ। ডাক্তার সাহেব যাবতীয় বিল সাথে নিয়ে এসেছেন তাঁকে দেখাতে। খেতে খেতেই বিলের ওপরে চোখ বুলালেন আব্দুল মজিদ সাহেব। হঠাত করেই কেন জানি কান্নায় ভেঙে পড়লেন তিনি। . বিল সাথে নিয়ে আসা ডাক্তার সাহেব রোগীর হঠাত কান্নায় ঘাবড়ে গেলেন খুব। টাকার অংক মজিদ সাহেব সম্ভবত পরিশোধ করতে পারবেন না- ভাবলেন তিনি। . ডুকরে কাঁদতে থাকা রোগীর পাশে চেয়ার টেনে বসলেন ডাক্তার সাহেব,
- আব্দুল মজিদ সাহেব, আপনি দয়া করে কাঁদবেন না। আমরা তো আছি। আমি বুঝতে পারছি- টাকার অংক আপনার জন্য একটু বেশীই হয়ে গেছে। আপনি একটি দরখাস্ত করুন। আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেয়ার চেষ্টা করব আপনাকে।
- ডাক্তার সাহেব, এই বিলে টাকার অংক পরিশোধের ভয়ে কাঁদছি না। বিচিত্র একটি চিন্তা মাথায় এসেছে। সেই কারণেই কান্না চাপতে পারছি না ভাই।
- তবে কেন এইভাবে শিশুর মতো কাঁদছেন আপনি? . আব্দুল মজিদ মিয়া কাঁদতে কাঁদতেই উত্তর দিলেন- "গত ৭৪ বছর ধরে মহান আল্লাহ কোন কষ্ট ছাড়াই খেতে দিয়েছেন আমাকে, চোখেও পরিষ্কার দেখতে দিয়েছেন। কিন্তু একবারের জন্যও তিনি কোন বিল পাঠান নি আমাকে! এই কৃতজ্ঞতা প্রকাশ করার চিন্তা যে মাথায়ও আসে নি আমার।" . পিনপতন নিস্তব্ধতা পুরো কেবিনে। উপস্থিত সবাই হঠাত যেন অন্য কোন জগতে চলে গেছেন। একটি মাত্র কথা প্রতিধ্বনিত হচ্ছে শুধু-- 'এই কৃতজ্ঞতা প্রকাশ করার চিন্তা যে মাথায়ও আসে নি আমার!' . "যে সকল বস্তু তোমরা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি (আল্লাহ) তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নেয়ামত গণনা করা শুরু কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অত্যন্ত অকৃতজ্ঞ।" [সুরা ইব্রাহীম, আয়াত ৩৪]