Chapter 8 of 9
এসো তবে ফিরে
9 min read
১. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি'র ক্যাম্পাস। মাত্র ক্লাস শেষ করেবাড়ি ফেরার জন্য বের হয়েছে আফ্রিকান-আমেরিকান ছেলেটি। ছেলেটির নাম দিলাম-আবরাহাম। আবরাহাম পারিবারিকভাবে খ্রিস্টধর্মের অনুসারী হলেও ধর্মকর্মতে তেমন মনোযোগ কখনোই ছিল না তার। তবে 'ইসলাম' নামের একটি ধর্ম রয়েছে-এই তথ্য জানা ছিল তার। পাড়ায় একটি মাসজিদও খেয়াল করেছে। কিন্তু নিজের ধর্মের মতো ইসলামের বিষয়েও আগ্রহ ছিল না তার।
ক্যাম্পাস থেকে বের হওয়ার সময়ে একটি ছেলের কাজ দৃষ্টি কাড়ল আবরাহামের। ব্যাগ থেকে বের করে আগ্রহী ছেলে-মেয়েদের একটি করে বই বিতরণ করছে ছেলেটি। ইউনিভার্সিটির মুসলিম ইয়ুথ সংগঠনের একজন সদস্য সে। আবরাহাম জানে না পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদ বিতরণ, করছে সেই ছেলে। আবরাহাম নিজের মতো করে পথ কাটাতে চাইলেও সেই ছেলেটি হাসিমুখে সামনে এসে দাঁড়াল। তারপর একটি কপি বাড়িয়ে দিল আবরাহামের দিকে, মুচকি হেসে কপিটি নিয়ে ব্যাগে চালান করে দিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল আবরাহাম। ক্যাম্পাস থেকে বাসে করে বাসায় যায় আবরাহামের। লম্বা দুরত্ব। চুপ করে চারপাশের নিত্যচেনা দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ ব্যাগের-ভেতর-রাখা বইটির (পবিত্র কুরআন) কথা মনে হলো তার। বাসায় যেতে যেতে এই ফাঁকে একটু পড়ে নেওয়া যাক-ভাবল আবরাহাম।
বইটি কোলে নিয়ে দেখল সে। বইয়ের নাম 'আল-কুরআন'। আবরাহামের জানা নেই, এই বইটিই বিশ্বজুড়ে মুসলিমদের সবচেয়ে প্রামাণ্য দলিল। অন্য দশটা সাধারণ বইয়ের মতোই পৃষ্ঠা উল্টাল সে। সূরা ফাতিহা (The Opening)-কে সে ভাবল বইয়ের 'ভূমিকা'। নতুন বইয়ের ভূমিকা কেই-বা পড়তে চায়! দ্রুত পাতা উল্টাল আবরাহাম।
প্রথম অধ্যায়ের (মূলত দ্বিতীয়) নাম লেখা আছে 'আল-বাকারাহ' (The Cow)। আবরাহাম পড়া শুরু করল,
১. আলিফ লাম মীম। ২. এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হিদায়াত সেই মুত্তাকিদের জন্য
দ্বিতীয় লাইনেই (আয়াতে) আটকে গেল আবরাহাম। বলে কী এই বইয়ের লেখক!
পাঠ্যবই থেকে শুরু করে গল্প, উপন্যাস-এই জীবনে অসংখ্য বই পড়েছে আবরাহাম। সারাজীবন দেখে এসেছে, যে-কোনো বইয়ের প্রথমে লেখক বইজুড়ে-ছড়িয়ে-ছিটিয়ে- থাকা বিভিন্ন অনিচ্ছাকৃত ভুল তথ্য বা বানানের জন্য ক্ষমাপ্রার্থনা করেন এবং পরবর্তী সংস্করণে সেই ভুল শুধরে নেওয়ার আশ্বাস দেন। আর এই বইয়ের লেখক বইয়ের শুরুতেই নির্দ্বিধায় জানিয়ে দিচ্ছেন-"এর মধ্যে কোনো সন্দেহ নেই”, কীভাবে সম্ভব!
কে এই বইয়ের লেখক?
আবরাহাম বইয়ের সামনের কাভারে লেখকের নাম খুঁজল। পেছনের কাভারও দেখল। আঁতিপাতিকরে খুঁজেও কোথাও লেখকের নাম পাওয়া গেল না।তার অবাক হবার পালা শুরু। একটি বই যার শুরু হয়েছে বইয়ের তথ্যের ব্যাপারে লেখকের স্থির-বিশ্বাসের কথা দিয়ে (এর মধ্যে কোনো সন্দেহ নেই)। আবার বইয়ের শুরুতে বা শেষে লেখকের নামও উল্লেখ করা হয়নি। কী অদ্ভুত! স্তব্ধ আবরাহাম কিছুক্ষণ চুপ করে বসে আবার মন দিল বইয়ে। একটা করে পাতা উল্টাচ্ছে সে, আর ধীরে ধীরে মোহাবিষ্ট হয়ে পড়ছে। মন্ত্রমুগ্ধের মতো পড়ে চলল আবরাহাম! এবং একটি সময় পরে ঠিক বুঝতে পারল সে-এই বইয়ের বাণী কোনো মানুষের হতে পারে না।
ঘোর অন্ধকার থেকে সেই ছেলেটির আলোর পথে হাঁটার শুরু সেই বিকাল থেকেই, সেই বাসে বসেই; আলহামদুলিল্লাহ।
পরবর্তীকালে এই ভাই ইসলাম গ্রহণ করে নিজেকে দ্বীনের দাওয়ার কাজে সংযুক্ত করেন। স্থানীয় একটি মাসজিদে ইমামতি শুরু করেন একসময়। তার মাধ্যমে অনেক ভাই-বোন ইসলামের আলোতে আলোকিত করেছেন নিজেদেরকে। ইন শা আল্লাহ, হিদায়াতপ্রাপ্ত এই সকল ভাই-বোনদের প্রতিটি সাজদা, প্রতিটি রুক্, প্রতিবারের কৃতজ্ঞতার একটি অংশ পাচ্ছেন ইয়ুথ সংগঠনের সেই ছেলেটি। সুবহানাল্লাহ!
পাঠকবৃন্দ! লক্ষ করুন! ইউনিভার্সিটির মুসলিম ইয়ুথ সংগঠনের সেই ছেলেটি কি তার অলীক কল্পনায়ও ভেবেছিল-নিজ থেকে ডেকে সেই ছেলেটির হাতে যখন পবিত্র কুরআনের একটি অনুবাদ ধরিয়ে দিয়েছিল সেই মুহূর্তেই অসীম পুণ্যের একটি কাজের সাথে যুক্ত হয়ে গেছে সে? হয়তো সংগঠনের নৈমিত্তিক দায়িত্ব হিসেবেই কুরআন বিলি করছিল সে। মহিমান্বিত আল্লাহ তাআলা তার হাত ধরেই আবরাহামের আলোর পথে চলার শুরু করিয়ে দিলেন। আমাদের সবার জীবনেও এই রকম তুচ্ছ বিন্দুসম ঘটনা ঘটতে পারে, যেই বিন্দু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় রূপ নিতে পারে পুণ্যের বিশাল সমুদ্রে।
কৃষক যখন তার জমিতে ফসলের বীজ ছিটায়, তখন সে নিশ্চিত করে জানে না কোন বীজটির অঙ্কুরোদগম হবে আর কোন বীজটি মরে যাবে অঙ্কুবেই। ফসলের কথা তো জানেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব হলো নিষ্ঠা ও একাগ্রতার সাথে বীজগুলো ছড়িয়ে দেওয়া! মহিমান্বিত আল্লাহ তাআলা আমাদের সবার দাওয়াহকে (সেই দাওয়াহ যে-কোনো উপায়ে, মাধ্যমেই হোক না কেন) কবুল করুন।
২. গরুর গোশত রান্না করেছিলাম শখ করে। রান্না শেষ করে একটা বাটিতে কিছু গোশত নিয়ে নক করলাম পাশের ফ্ল্যাটের দরজায়। বেশ কয়েকবার নক করার পর একজন বৃদ্ধা ফরাসি ভদ্রমহিলা বের হয়ে এলেন। বয়স ৭০ এর মতো হবে। এখানে আসার পর হাতে গোনা দু-তিনবার মাত্র দেখা হয়েছে তার সাথে। মৃদু হেসে তাকে বললাম আমি – 'এই গোশতের বাটিটা তোমার জন্য।' ফরাসি ভদ্রমহিলা বেশ অবাক হলেন আমার কথায়। বিস্ময় কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন তারপরেই, — তোমার বাসায় নিশ্চয়ই আজ পার্টি আছে? — না। আমাদের রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষা এটি। — ঠিক কী রকম এই শিক্ষা? একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমি খুব সংক্ষেপে বোঝাতে চেষ্টা করলাম, — তিনি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)বলে গেছেন আমাদের, 'যখন তুমি তরকারি রান্না করবে, তখন পানি একটু বাড়িয়ে দিবে। তারপর তোমার প্রতিবেশীদের খোঁজ নিবে। তাদেরকেও কিছু দেবে। [মুসলিম, ২৬২৫] — ইসলামের মুহাম্মাদ এই শিক্ষা দিয়ে গেছেন? — জি। সেই শিক্ষার ফলেই সামান্য এই গোশত নিয়ে তোমার দরজার সামনে তোমার প্রতিবেশী দাঁড়িয়ে। — আমার মেয়ে এই বিল্ডিংয়ের ৫ তলায় থাকে। প্রতিদিন আমার দরজার সামনে দিয়েই যাওয়া-আসা করে। কিন্তু কোনোদিন 'মা, কেমন আছ তুমি?', এই সামান্য কথাটুকু বলার আগ্রহও পায় না সে। অথচ ইসলামের মুহাম্মাদ তোমাদের এইশিক্ষা দিয়ে গেছেন! শোনো ছেলে, খুবই অবাক করে দিলে আমাকে তুমি! একটু থেমে মুখ তুলে চাইলেন তিনি আমারদিকে- 'ঠিক আছে ছেলে। তুমি গোশতের বাটিটা নিয়ে যাও। তবে যাবার আগে মুহাম্মাদের ইসলাম আমাকে শিখিয়ে দিয়ে যাও।' ফরাসি ভদ্রমহিলা মনে হলো চোখের পানি আড়াল করতে চাইলেন। নাকি ভুল দেখলাম আমি! ৭০ বছর বয়স্কা ফরাসি ভদ্রমহিলার আলোর পথে হাঁটার শুরু ঠিক সেদিন থেকেই।
৩. ২০০৬ সালের এক সন্ধ্যায় বাসায় বসে ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। হঠাৎ করেই একটা ভিডিওতে চোখ পড়ল। নামাজের ভিডিও। কুয়েতের গ্র্যান্ড মাসজিদের ইমাম শেখ মিশারি রাশিদ আফাসি রোজার সময় কিয়ামুল লাইল (রাতের নামাজ) পড়াচ্ছিলেন। আফাসির তিলাওয়াতের গলা অতি মধুর। আমি ভিডিওটি ডাউনলোড করে আগ্রহ নিয়ে দেখতে বসলাম। ধীর-স্থিরভাবে নামাজ পড়াচ্ছেন ইমাম। হঠাৎ বিস্ময়ের সাথে দেখলাম, নামাজের মাঝামাঝি এসে তিনি কান্না শুরু করলেন! একপর্যায়ে কান্নার তীব্রতা এতই বেড়ে গেল, নামাজ পড়ানোই দায় তাঁর জন্য! ইমাম একাই শুধু কাঁদছেন, তা নয়; সাথে কাঁদছেন মুসুল্লিরাও। আমি আরবির কিছুই বুঝি না তখন। তারপরও অকারণে চোখে পানি এল। সাথে সাথে মাথায় বিদ্যুতের মতো একটি চিন্তাও এসে ভর করল-'ইমাম সাহেব পবিত্র কুরআন শরীফের কোন অংশ পড়াচ্ছিলেন? কী লেখা আছে সেখানে যার জন্য মাসজিদের প্রায় প্রতিটি মানুষ ঢুকরে কেঁদে উঠছিলেন?' আবার বসলাম ইন্টারনেটে।কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সাব-টাইটেল-সহ খুঁজে ডাউনলোড করে একই ভিডিও দেখতে বসলাম।
পথ মহিমান্বিতসত্তার, পবিত্র কুরআনুল কারীমের যাঁর হাতে আমার প্রাণ!আমার পুরোশরীর অবশ হয়ে আসছিল। সূরা ফুসসিলাত (সূরাহা-মীম সাজদা নামেও পরিচিত)- এর একটি অংশ (আয়াত নং ১৯-৩৬) পড়ছিলেন তিনি। একজন সচেতন মুসলিম মাত্রই এইঅংশটুকু মন দিয়ে পড়লে কিংবা শুনলেভয়ে কাঁদতে বাধ্য। ঠিক সেই রাতের সেই মুহূর্তেআমার মনে হলো-আফসোস! আমি কেন এতদিন আল-কুরআন বুঝে পড়িনি। সেইরাতেই শুরুকরলাম পবিত্র কুরআন বাংলা অর্থ-সহ বুঝে পড়া।
[https://youtube.com/watch?v=JLevtFZdEys]
সবার কাছে বিনীত অনুরোধ আমার, নিবিষ্ট-মনে একটি বারের জন্য ৭ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটি শুনুন এবং দেখুন। অর্থ বোঝার চেষ্টা করুন। পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন এর অর্থ জানার ইচ্ছে আপনার হবেই, ইন শা আল্লাহ!
কয়েক মাস আগে শাইখ মিশারি রাশিদ আফাসিহাফিযাহুল্লাহ-এর তিলাওয়াতের একটি ভিডিও শেয়ার করেছিলাম টাইমলাইনে। সূরা ফুসসিলাত এর কিছু অংশের তিলাওয়াত। এর আগেও বেশ অনেকবার শেয়ার করেছিলাম একই ভিডিও। আমার নিজের দ্বীনের পথে আসার চেষ্টা করার অন্যতম মাধ্যম ছিল সেই ভিডিও। গতকাল লন্ডন প্রবাসী এক ভাই ইনবক্স করলেন। সালাম বিনিময়ের পরে নিজের একটি ঘটনা বর্ণনা করলেন। ইংরেজি কথোপকথনটির মূল বিষয় বাংলায় লিখলাম।
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই। আমি বাংলাদেশ থেকে লন্ডন আসি অনেকদিন আগে, ১৯৯৮ এর দিকে। আমি একজন ব্রিটিশ নাগরিক, যদিও পরিবারের অধিকাংশ সদস্য দেশেই থাকেন। শেষ দেশে গিয়েছিলাম ২০০৬ সালের মাঝামাঝি। বিদেশে টিনেজার এই আমি কখন যে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, জানি না। ক্রমাগত উশৃঙ্খলতার মাঝে হারিয়ে ফেললাম নিজেকে। মারামারি করে ব্রিটিশ পুলিশের কাছে ধরা পড়লামও কয়েকবার। আরও নানাভাবে আইন ভেঙেছি। সরকার থেকে সতর্ক করা হয়েছে আমাকে। তারপরেও সংশোধিত হতে পারিনি। একপর্যায়ে অন্য শহরে পাঠানো হয় আমাকে। ব্রিটিশ পুলিশ পূর্ব লন্ডনের কিছু অংশে আমার যাতায়াত বন্ধ করে দেয়। ওই এলাকাগুলোতে আমি ৩ বার প্রতিপক্ষের দ্বারা ছুরিকাহত হয়েছিলাম। একপর্যায়ে আমার পাসপোর্ট জমা নিয়ে নেয় সরকার। প্রায় একঘরে হয়ে পড়লাম। যতদিনে বুঝতে পেরেছিনিজের ভুল, বড্ড দেরি হয়ে গেল। ঠিক তারপরেই একের পর এক দুর্যোগ নেমে এল আমার জীবনে। আমার পরম শ্রদ্ধেয় দাদু মারা গেলেন ২০১১ সালে। আমি দেশে যেতে চাইলাম। কোর্ট পাসপোর্ট দিল না। ২০১৩ সালে মারা গেলেন আপন বড়ো ভাই। এবারও যেতে পারলাম না দেশে পাসপোর্টের কারণে। সেই সময়টাতে নিজের অসহায়ত্বের কথা আপনাকে বোঝাতে পারব না আমি। প্রায় একই সময়ে আমার বিয়ে ঠিক হয়ে ছিল দীর্ঘদিনের পছন্দের মানুষটির সাথে। তুচ্ছকারণ দেখিয়ে আমার বদলে সেই পছন্দের মানুষটি বিয়ে করে ফেলল আমারই ঘনিষ্ট এক বন্ধুকে। আমি পুরোপুরি নিয়ন্ত্রণ-হারা হয়ে গেলাম।
২০১৫ সালের মার্চ মাসে মারা গেলেন আমার মা। আমি পাগলের মতো হয়ে গেলাম। পাসপোর্ট পাবার জন্য মরিয়াহয়ে ছুটলাম একজনের কাছ থেকে আরেকজনের কাছে। ৩ জন ব্রিটিশ এমপি আমার পক্ষ হয়ে কোর্টে লিখলেন, আমার জামিনদার/গ্যারান্টর হতে চেয়েছিলেন তারা। বিনিময়ে আমাকে বাংলাদেশে ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার আকুতি জানান কোর্টে। কোনো লাভ হয়নি। কোর্ট নিষেধাজ্ঞা বহাল রাখল। আমি আমার মৃত মায়ের মুখ পর্যন্ত দেখতে পারলাম না। ধর্ম থেকে মন উঠে গেল।আমি আল্লাহর প্রতি বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেললাম। বিশ্বাস হারানোর শুরু আরও আগ থেকেই শুরু হয়েছিল বোধ করি। একটা করে বিপদ আসত, আর বিশ্বাসের ভিত্তি আরও নড়বড়ে হতো। মায়ের মৃত্যু বিশ্বাসের ঘর আমার রীতিমতো উপড়ে গেল। এইভাবেই কেটে যাচ্ছিল আমার অবিশ্বাসের দিনরাত্রি। গত মাসে আপনি একটা ভিডিও শেয়ার করেছিলেন। রাত তখন ২টা। কী মনে করে অনেকদিন পরে ধর্মীয় কোনো ভিডিও প্লে করলাম। আমার মনে হলো-একটা ঘোরের ভেতর চলে গিয়েছি। আমি শিশুর মতো কেঁদে গেলাম একটানা; অনেকদিন পর! মাত্র ১০ মিনিটের একটি ভিডিও আমার হারিয়ে-ফেলা বিশ্বাসের ভিত্তিকে খুঁজেনিয়ে এল এতকাল পরে। আমি ভুল বুঝতে পারলাম নিজের। এতটা কাল সম্পূর্ণ উল্টো পথে হাঁটা আমি প্রাণভয়ে মহান আল্লাহর কাছে সাজদাতে লুটিয়ে পড়লাম। নিজের অতীতের যাবতীয় ভুলের জন্য ক্ষমা চাইলাম মহান আল্লাহর কাছে। মনে হচ্ছিল - পাথরসম কঠিন হৃদয়ের কোনো এক অংশ দিয়ে সুশীতল পাহাড়ি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছিল, প্রখর উত্তাপে তপ্ত বালির বুকে হঠাৎ করেই এক পশলা মনোরম বৃষ্টির ছোঁয়া লেগেছে। অনেকটা কাল নিকষ-অন্ধকার যেই ঘরের ভেতরটা ধুলোবালির আস্তরণে ঢাকা ছিল, হঠাৎ আলো আর বাতাসে সেই অন্ধকার জঞ্জাল-সহ পালিয়ে মরল। আমি আবার নিয়মিত নামায শুরু করেছি ভাই। আমি আমার সকল কিছুর ভার মহান আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। যা-কিছু হবে—নিশ্চয়ই তিনি ভালোর জন্য করবেন। যা- কিছু হবে না-সেটিও নিশ্চয়ই আমার কল্যাণের জন্যই হবে।
অনেক বড়ো হয়ে গেল ভাই লেখাটি। কষ্ট করে পড়েছেন বলে ধন্যবাদ দিতে চাই না। ঠিক যেমন ধন্যবাদ দিতে চাই না আমার আমূল পরিবর্তনের একটি মাধ্যম হয়ে আসার জন্য, নিশ্চই মহান আল্লাহ আপনাকে যোগ্য প্রতিদান দেবেন। আমার জন্য দুআ করবেন যাতে অনেক কাল আগে হারিয়ে-ফেলা রাস্তাটি ফিরে পাবার পরে নিজের ভুলে আবার যেন হারিয়ে না ফেলি।
শেষ করছি একটি অনুরোধ দিয়ে। আপনারা যারা দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি করেন, অনেক ঠাট্টা-বিদ্রুপ সহ্য করতে হয় আপনাদের দেখেছি। কিন্তু ভাই, প্লিজ থেমে যাবেন না। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ চালিয়ে যান। কারণ, পৃথিবীর কোনো এক কোনায়, কোনো এক পাপী মানুষকে মহান আল্লাহ আপনাদের সামান্য ৮/১০ লাইনের কোনো একটি লেখার মাধ্যমে ঘোর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন ইন শা আল্লাহ, আপনি হয়তো জানবেনই না।
ক্ষণস্থায়ী এই পৃথিবীতে একজন মুসলিমের জন্য এরচেয়ে বড়ো প্রাপ্তি আর কী হতে পারে ভাই? ভালো থাকুন নিরন্তর। আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।"
'রিয়া' বা লোক দেখানো আমলের কাছ থেকে মহান আল্লাহর কাছে আশ্রয়প্রার্থনা করি আমি। সেই ভাইয়ের কাছে আসার গল্পটি অনেক ভাই-বোনের জন্য কল্যাণকর ও শিক্ষণীয় হবে ইন শা আল্লাহ-এই নিয়তেই শেয়ার করলাম।