Chapter 11 of 15
পরীর চুমু- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
9 min read
অনেক, অনেক দিন আগের কথা। তখন চাঁদ থেকে ছোট ছোট পরী নেমে এসে পৃথিবীতে খেলা করে বেড়াত। বনের মধ্যে চাঁদের আলোয় কেউ কেউ তাদের দেখতে পেত- মৌমাছির মতো স্বচ্ছ পাতলা ডানা মেলে তারা বনের অন্ধকারে লুকিয়ে পড়ত; আর তাদের দেখা যেত না। যে বনের মধ্যে পরীরা খেলা করতে আসত সেই বনের ধারে একটি বাড়ি ছিল; বাড়িতে একটি ছেলে থাকত, তার নাম মঞ্জু। মঞ্জুর বয়স মোটে ছয় বছর, কিন্তু তার মনে ভারি দুঃখ; বাড়িতে তার খেলার সাথি একটিও নেই। মা-বাবা আছেন বটে, কিন্তু তাঁরা মঞ্জুর সঙ্গে খেলা করেন না। মঞ্জু বাড়ির মধ্যে একলাটি ঘুরে বেড়ায় আর একটু সুবিধা পেলেই বনের মধ্যে পালিয়ে যায়। বনের মধ্যে ঘুরে বেড়াতে তার বড় ভালো লাগে। সেখানে তার খেলার সাথি নেই বটে, কিন্তু বনের যত পশুপক্ষী সবাই মঞ্জুকে বড্ড ভালোবাসে;- খরগোশেরা মঞ্জুকে দেখে লাফালাফি করে তাকে ঘিরে নাচে; কাকাতুয়া উঁচু গাছের ডাল থেকে গলা বাড়িয়ে কথা কয়; কাঠবেড়ালি পাকা ফলটি তার পায়ের কাছে ফেলে দেয়; ফড়িং লাফিয়ে লাফিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। এরা সবাই মঞ্জুর বন্ধু, কিন্তু তবু একটি মানুষ-বন্ধুর জন্য মঞ্জুর মন কেমন করতে থাকে। বনের মধ্যে কেবল একটা রূপী বানর আছে, সে মঞ্জুকে দেখতে পারে না। মঞ্জুর সঙ্গে দেখা হলেই সে উপর থেকে তাকে মুখ ভ্যাংচায়, কিচির-মিচির করে ঝগড়া করে। মঞ্জুও তাকে ঢেলা ছুড়ে মারে- তখন সে এ ডাল থেকে ও ডালে লাফাতে লাফাতে পালায়। আবার মঞ্জুকে বিপদে ফেলবার জন্য রূপী বানরটা জঙ্গলের মধ্যে গর্তের উপর লতাপাতা ঢাকা দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে মঞ্জু তার মধ্যে পড়ে যায়। কিন্তু মঞ্জু সে সব গর্তে পড়ে না। ফড়িং তাকে সাবধান করে দেয়, বলে,- 'হুঁশিয়ার! ওদিক দিয়ে যেয়ো না, দুষ্টু রূপীটা তোমার জন্য ফাঁদ পেতে রেখেছে।' রূপী তাই শুনে গাছের ডাল থেকে মুখ বিকৃত করে ফড়িংকে গালাগালি দেয়। রূপী ভারি বজ্জাত। একদিন মঞ্জু বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সেদিন কিন্তু ফড়িং কাকাতুয়া খরগোশ কাঠবেড়ালি কারুর সঙ্গে তার দেখা হল না। ফড়িঙের বোধহয় বাচ্চা হয়েছে, তাই সে বেরুতে পারেনি; খরগোশেরা রাত্রে চাঁদের আলোয় অনেকক্ষণ পর্যন্ত লুকোচুরি খেলেছিল, তাই তাদের ঠাণ্ডা লেগে গেছে- তারা গর্তের মধ্যে গলায় গলাবন্ধ জড়িয়ে শুয়ে আছে; কাকাতুয়াদের বনের অন্যধারে সভা বসেছিল- তারা সবাই সেখানে গিয়েছে। কাঠবেড়ালি তার ছোট খোকার জন্য ফল খুঁজতে বেরিয়েছিল,- শুকনো ফল খেয়ে খেয়ে খোকার অরুচি হয়েছে, তাই তাজা ফল খাবার জন্য সে বায়না ধরেছে। একলা বনে বেড়াতে বেড়াতে মঞ্জুর মন উদাস হয়ে গেল। সে ভাবতে লাগলআহা, আমার যদি একটি খেলার সাথি থাকত, দু-জনে মিলে কেমন খেলা করতুম! এই কথা ভাবতে ভাবতে মঞ্জু চলেছিল, হঠাৎ সে একটা গর্তের মধ্যে পড়ে গেল। দুষ্টু রূপীটা গর্তের মুখ এমনভাবে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিল যে, কিছু বোঝা যাচ্ছিল না। গর্তের মধ্যে পড়ে গিয়ে মঞ্জু আবার উঠবার চেষ্টা করতে লাগল; কিন্তু চৌবাচ্চার মতো গর্তের ধারগুলো এমন উঁচু আর খাড়া যে, সে আর উঠতে পারলে না। রূপীটা আহ্লাদে আটখানা হয়ে গাছের ডাল থেকে ঝুঁকে কিচমিচ করে বলতে লাগল, 'কেমন মজা! এবার বাড়ি যাবি কেমন করে? বেশ হয়েছে, এখন গর্তের মধ্যে বসে থাক! কেমন জব্দ! আর বনের মধ্যে আসবি?' পড়ে গিয়ে মঞ্জুর হাঁটুতে একটু লেগেছিল; সে বসে হাঁটুতে হাত বুলোতে লাগল আর ভাবতে লাগল- কী করে সে বাড়ি যাবে! তার মা তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে কত ভাববেন, তার বাবা বনে বনে খুঁজে বেড়াবেন। ক্রমে রাত্রি হবে, চারিদিক অন্ধকার হয়ে যাবে। তার বিছানাটি খালি পড়ে থাকবে। মা কাঁদবেন, 'মঞ্জু! মঞ্জু!' বলে ডাকবেন। কিন্তু সে সাড়া দিতে পারবে না। এমনি কত রাত কেটে যাবে- তবু সে এই গর্তের মধ্যে পড়ে থাকবে- বেরুতে পারবে না ভাবতে ভাবতে মঞ্জুর ভারি কান্না পেতে লাগল; সে চোখ মুছতে মুছতে ফোঁপাতে লাগল, আর মনে মনে ডাকতে লাগল- 'মা! মা! মা!'
তারপর, অনেকক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কখন মঞ্জু ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই উপরদিকে চোখ তুলে মঞ্জু দেখলে- একটি ছোট্ট মেয়ে গর্তের কিনারায় দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। মঞ্জু অবাক হয়ে বড় বড় চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললে, 'তুমি কে?' মেয়েটি ঠোঁটের একটি করুণ ভঙ্গি করে বললে, 'আমি পরী।' বলে পাখনা মেলে উড়ে এসে মঞ্জুর সামনে দাঁড়াল। মঞ্জু ভারি আশ্চর্য হয়ে গেল। বললে, 'তুমি উড়তে পার!' পরী বললে, 'হ্যাঁ- তুমি বুঝি গর্ত থেকে উঠতে পারছ না? এস তোমাকে উপরে নিয়ে যাই।' বলে মঞ্জুর দু-হাত ধরে উড়তে উড়তে উপরে নিয়ে এল। তারপর দুজনে হাত ধরাধরি করে বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগল। দু-জনেই প্রায় সমান- পরী বরং মঞ্জুর চেয়ে একটু খাটো। বনের বড় বড় গাছের তলায় আলো-অন্ধকারের ভিতর দিয়ে বেড়াতে বেড়াতে মঞ্জুর ভারি আত্মাদ হতে লাগল, সে পরীকে জিজ্ঞাসা করলে, 'তুমি কোথা থেকে এলে? এতদিন আসনি কেন?' দুজনে একটি ফুলে-ভরা লতার নিচে গিয়ে বসল। মঞ্জু বললে, 'তুমি চলে গেলে আমি কার সঙ্গে খেলা করব?' পরীরও মঞ্জুকে বড় ভালো লেগেছিল, মঞ্জুকে ছেড়ে যেতে তারও ইচ্ছা হচ্ছিল না; সে একটু ভেবে বললে- 'আচ্ছা, কাজ কর না, তুমিও আমার সঙ্গে পরীর দেশে চল না! সেখানে আমার মতন আরো অনেক খেলার সাথি পাবে।' মঞ্জু বললে, 'কিন্তু আমি যে উড়তে পারি না, চাঁদে যাব কেমন করে?' পরী হাসতে হাসতে বললে, 'সে কিছু শক্ত নয়; আমি এক্ষুনি তোমার ডানা গজিয়ে দিতে পারি, তুমিও আমার মতন পরী হয়ে যাবে।' মঞ্জু ভারি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, 'কী করে?' পরী বললে, 'আমি যদি তোমায় চুমু খাই, তাহলেই তুমি পরী হয়ে যাবে; আমার মতোন তোমারও পাখনা গজাবে।' মঞ্জু ভাবলে, পরী ঠাট্টা করছে। তা-ও কি কখনো হয়, মা তো মঞ্জুকে কত চুমু খান, কই তার পাখনা গজায় না তো! সে বললে, 'যাহ, সে কী হয়!' পরী বললে, 'দেখবে?- এই বলে লতায় যে সব ফুল ফুটেছিল, তারই একটিতে সে চুমু খেলে। ফুলটি অমনি প্রজাপতি হয়ে রঙিন ডানা মেলে উড়ে গেল। মঞ্জু অবাক হয়ে তাকিয়ে রইল। পরী বললে, 'দেখলে?- তুমি পরী হবে?' মঞ্জু ভাবতে লাগল। পরী হবার তার খুব ইচ্ছা, কিন্তু পরী হলে যদি মা'র কাছে থাকতে না পায়! মা তার জন্য কাঁদবেন- 'মঞ্জু মঞ্জু' বলে ডাকবেন, আর সে তাঁর কাছে যেতে পাবে না- এ কষ্ট মঞ্জু কী করে সহ্য করবে?
সে জিজ্ঞাসা করলে, 'পরী হলে আমি মা'র কাছে থাকতে পাব?' পরী মাথা নেড়ে বললে, 'না। তোমাকে তখন পরীর দেশে গিয়ে থাকতে হবে। পরীদের মানুষের সঙ্গে কথা কওয়া মানা। তুমি ছোট মানুষ, তাই আমি তোমার সঙ্গে কথা কয়েছি।' মঞ্জু আবার ভাবতে লাগল। খেলার সাথি পেতে হলে মাকে হারাতে হয়। কিন্তু মাকে ছেড়ে সে তো কিছুতেই থাকতে পারবে না! তাই, ছোট একটি নিশ্বাস ফেলে সে বললে, 'না, আমি পরী হব না; আমি মা'র কাছে থাকব।' পরী মুখখানি বিষণ্ণ করে বললে, 'আমরা রোজ রাত্রে চাঁদ উঠলে এই বনে খেলা করতে আসি। চাঁদ হচ্ছে আমাদের বাড়ি- সেখানেই আমরা থাকি। কাল রাত্রে খেলা করতে করতে আমি একটি লতার ঝোপে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম। ঘুম ভেঙে দেখলুম, চাঁদ অস্ত গিয়েছে, আমার সঙ্গীরা সব চলে গেছে; আমি একলাটি বনের মধ্যে পড়ে আছি।' পরীর রাঙা রাঙা পাতলা ঠোঁট কাঁপতে লাগল। মঞ্জু পরীর গলা জড়িয়ে বললে, 'আমি তোমার সঙ্গে খেলা করব- তুমি কেঁদো না। আমার একটিও খেলার সাথি নেই, আজ থেকে তুমি আমার সাথি হলে। সন্ধ্যাবেলা আমরা দু-জনে বাড়ি ফিরে যাব, এক বিছানায় শুয়ে ঘুমুব- মা তোমায় কত আদর করবেন- তারপর সকালবেলা এখানে এসে আবার আমরা খেলা করব। কেমন?' পরী দুঃখিতভবে মাথা নেড়ে বললে, 'না, আজ রাত্রে চাঁদ উঠলে আমার সখিরা ফিরে আসবে, তখন আমি তাদের সঙ্গে বাড়ি যাব।' মঞ্জুর মুখ ম্লান হয়ে গেল। পরীকে সে অনেক অনুনয় করলে, কিন্তু বাড়ির জন্য পরীর মন কেমন করছিল, সে থাকতে রাজি হল না। পরীরও মনে মনে ভারি দুঃখ হল, কিন্তু সে আর কিছু বললে না। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল; পরী মঞ্জুর হাত ধরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় মঞ্জুর ইচ্ছা হল পরীকে একটা চুমু খেয়ে ফেলে; কিন্তু মা'র কথা মনে পড়তেই আর তা পারলে না। বাড়ি যেতে যেতে ছলছল চোখে কেবল পরীর পানে ফিরে ফিরে চাইতে লাগল। পরীর-ও মঞ্জুকে একলাটি ফেলে যেতে ইচ্ছা করছিল না, সে বললে- 'মঞ্জু, যদি পরী হবার ইচ্ছা হয়, চাঁদ উঠলে বনের মধ্যে যেয়ো।' এই বলে পরী বনে ফিরে গেল। সেই যে দুষ্টু রূপী বানরটা- সে গাছের উপর থেকে মঞ্জু আর পরীর সব কথা শুনেছিল আর পরীর চুমুতে ফুল কেমন প্রজাপতি হয়ে উড়ে গেল তা-ও মিটমিট করে দেখেছিল, তার ভারি লোভ হল পরী হবার জন্য। কিন্তু পরীর চুমু না পেলে তো আর পরী হওয়া যায় না; তাই সে লুকিয়ে পরীর পিছনে পিছনে ঘুরতে লাগল। তার মতলব— সুবিধা পেলেই পরীকে চুমু খেয়ে নিজে পরী হয়ে যাবে।
পরী মঞ্জুকে পৌঁছে দিয়ে সেই লতার তলায় এসে বসল। তখন রূপী এক-পা এক-পা করে তার কাছে এসে বাঁদুরে-মুখে হাসি এনে বললে, 'পরী, তোকে আমি বড় ভালোবাসি, তুই আমায় একটা চুমু খাবি?' পরীর একেই তো মন খারাপ ছিল, তার ওপর রূপীর এই কথা শুনে তার আরও রাগ হল, সে বললে, 'দূর হ দুষ্টু! পাজি কোথাকার!' বলে মাটি থেকে একটা নুড়ি তুলে নিয়ে তাকে ছুড়ে মারলে। রূপী ন্যাংচাতে ন্যাংচাতে কিচির-মিচির করতে করতে পালিয়ে গেল। ক্রমে রাত্রি হল। পুব আকাশে গাছের মাথায় চাঁদ উঠল; তখন একঝাঁক পরী খেলা করবার জন্য চাঁদ থেকে নেমে এল। তারা 'সুধা সুধা' বলে ডেকে ডেকে বনময় খুঁজে বেড়াতে লাগল। যে পরীটির সঙ্গে মঞ্জুর ভাব হয়েছিল, তার নাম ছিল- সুধা। খুঁজতে খুঁজতে শেষে পরীরা দেখল, একটি ফুলে ভরা লতার নিচে সুধা চুপটি করে শুয়ে আছে। সকলে সুধাকে ঘিরে নানারকম প্রশ্ন করতে লাগল- 'কী হয়েছে? কাল রাত্রে ফিরে যাওনি কেন? অমন মুখ ভার করে বসে আছে কেন?' কিন্তু সুধা উত্তর দেয় না, মঞ্জুর জন্য তার মন কেমন করছে। শেষে অনেক পীড়াপীড়ির পর সুধা সব কথা বললে। শুনে পরীদের মধ্যে মন্ত্রণা-সভা বসল। একটি পরী- তার নাম কণা- বললে, 'মঞ্জু রাত্তিরে এসে আমাদের সঙ্গে খেলা করে না কেন।' সীধু নামে একটি পরী বললে, 'সে যে মানুষ! সে রাত্তিরে ঘুমোয়।' সকলে বললে, 'তবে উপায়?...' একটি পরী- তার নাম লেখা- তার ভারি বুদ্ধি, সে বললে: এস, এক কাজ করি। এখন রাত্তির হয়েছে- মঞ্জু ঘুমুচ্ছে। সুধা চুপি চুপি গিয়ে চুমু খেয়ে তাকে পরী করুক। তখন মঞ্জু আর মানুষের সঙ্গে মিশতে পারবে না- আমাদের দলের একজন হয়ে যাবে। আমরা তাকে নিয়ে চাঁদে চলে যাব।' সকলে বললে, 'এই ঠিক হয়েছে- এই বেশ হয়েছে!' তখন সকলে সুধাকে মঞ্জুর বাড়ির দিকে পাঠিয়ে দিলে। সুধা উড়তে উড়তে গিয়ে মঞ্জুর জানালা দিয়ে উঁকি মেরে দেখলে, মঞ্জু একলাটি বিছানায় শুয়ে ঘুমুচ্ছে। সেপা টিপে ঘরে ঢুকল। মঞ্জুর ঘুমন্ত মুখে চাঁদের আলো পড়েছে- সে স্বপ্নে হাসছে; বোধহয় পরীদের সঙ্গে খেলার স্বপ্ন দেখছে! সুধা তার বিছানায় ঝুঁকে তার ঠোঁটে একটি চুমু খেলে। অমনি- আশ্চর্য ব্যাপার! মঞ্জু পরী হল না! সুধার পাখনা দুটি পিঠ থেকে খসে মাটিতে পড়ে গেল। তার চোখদুটো জড়িয়ে এল; সে মঞ্জুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরীরাজ্যের কথা আর তার মনে রইল না। সে পরী ছিল- মঞ্জুর ঠোঁটের পরশ পেয়ে মানুষ হয়ে গেল।
রূপী বানরটা পরীদের মন্ত্রণা শুনেছিল, সে-ও সুধার পিছন পিছন এসেছিল। জানালা দিয়ে সে উঁকি মেরে দেখলে, মঞ্জু আর পরী পাশাপাশি শুয়ে ঘুমুচ্ছে। তার ভারি কৌতূহল হল; সে গুটি-গুটি ঘরের মধ্যে ঢুকল। ঘরে ঢুকে দেখলে, পরীর পাখনা দুটি মাটিতে পড়ে আছে। সে ভাবলে- এই তো ঠিক হয়েছে, আর আমায় পায় কে? এবার আমি পরী হব- এই ভেবে পাখনা দুটি নিজের পিঠে জুড়ে দিলে। পরীর পাখনা দুটি রূপীর পিঠে জুড়ে গেল বটে, কিন্তু সে পরী হতে পারলে না। রূপী ভারি দুষ্টু, তাই সে পরীও হল না, রূপী বানরও রইল না,- বাদুড় হয়ে আকাশে দহ এদা ৩৬ত ওদিকে পরীরা অনেকক্ষণ সুধার পানে চেয়ে রইল। কিন্তু সুধা ফিরল না। তখন চাঁদ অস্ত যায় দেখে তারা সবাই চলে গেল। অনেক রাত্রে মা মঞ্জুকে দেখতে এলেন। দেখলেন, মঞ্জুর পাশে একটি ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে ঘুমুচ্ছে। তিনি অনেকক্ষণ তাদের শিয়রে দাঁড়িয়ে তাদের মুখের পানে চেয়ে রইলেন। তারপর একটু হেসে আস্তে আস্তে দুজনেরই কপালে চুমু খেলেন।