Chapter 15 of 15
অপরূপ কথা - প্রেমেন্দ্র মিত্র
3 min read
মস্ত বড় রাজা- এ কালের নয়, সে কালের। সুতরাং লোক-লঙ্কর, সৈন্য-সামন্ত, হাতি-ঘোড়া বিস্তর- তার আর লেখা-জোখা নেই। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে সারাদিন লেগে যায়। অবশ্য একটু বেলা করে বেরোতে হয়। মাঝে ঘণ্টা-আষ্টেক জিরিয়েও নিতে হয় বই কি! হাতিশালে হাতি...হাতি ছিল, আপাতত মরে গেছে। ঘোড়াশালে ঘোড়া কিন্তু আছে! বুড়ো হয়ে বাতে আর চলতে পারে না, কিন্তু তা হোক, চিহি চিহি করে ডাকে- খাবার না পেলে। লোক-লস্কর তো বলেছি লেখা-জোখা নেই। হাঁক দিলে অমন পিলপিল করে চার-পাঁচজন বেরিয়ে পড়তে পারে- সবসময়ে অবশ্য বেরোয় না। মাসকয়েক মাইনে না পেয়ে একটু বেয়াড়া হয়ে পড়েছে। সুতরাং মস্ত বড় রাজা রাজার জমকালো দরবার। মন্ত্রী, কোটাল, পাত্র-মিত্র-প্রহরী প্রভৃতি রাজাকে ঘিরে আসর জমিয়ে বসে থাকে। প্রভৃতি অবশ্য একজন ছোকরা চাকর। তাকে নিয়ে হল ছ'জন। মন্ত্রী সবসময় থাকতে পারে না, মাঝে মাঝে উঠে গিয়ে তাঁকে বাজার-টাজার করে আনতে হয়। কোটাল রান্না চড়িয়ে সময় পেলেই কিন্তু এসে বসেন। পাত্র-মিত্র ঠায় বসে থাকেন। তাঁদের একজনের বাত আর একজনের হাঁপানি; দরবারের সিঁড়ি দিয়ে ওঠা-নামা করলে বাড়ে। রাজসভায় রাজকার্য চলে সারাদিন। গোমড়া মুখে সবাই বসে থাকেন। রাজা থেকে থেকে পিঠের জামা তুলে ডাকেন- 'মন্ত্রী-' ব্যস, আর কিছু বলতে হয় না। মন্ত্রী বজ্রগম্ভীর হাঁক দিয়ে ডাকেন- 'প্রহরী!' প্রহরী এসে লম্বা কুরনিশ করে ট্যাক থেকে ঝিনুক বার করে দেয়। মন্ত্রী রাজার পিঠ চুলকে দেন। খানিক বাদে রাজা বলেন- 'হুঁ।' মন্ত্রী চুলকোন থামিয়ে প্রহরীর হাতে ঝিনুক ফিরিয়ে দেন। প্রহরী আবার কুরনিশ করে ঝিনুক ট্যাকে গুঁজে নিয়ে জায়গায় ফিরে যায়। আবার সব চুপচাপ। খানিক বাদে রাজা মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে বলেন, 'মন্ত্রী!' কাঁপতে কাঁপতে মন্ত্রী বলেন, 'হুজুর!' 'তোমার গর্দান যাবে, জান?' 'আজ্ঞে হাঁ।' 'কেন জান?' 'আজ্ঞে না।' রাজা ধমক দিয়ে বলেন, 'কী! জান না?' মন্ত্রী শশব্যস্ত হয়ে বলেন, 'আজ্ঞে জানি।' 'বল, কেন?' মন্ত্রী আমতা আমতা করেন। রাজা ধমক দিয়ে বলেন- 'অকর্মণ্য! এত বড় একটা রাজ্যের মন্ত্রী হয়ে কেন তোমার গর্দান যাবে, তা তুমি বলতে পার না?' মন্ত্রীর হঠাৎ বুদ্ধি খুলে যায়। বলেন, 'হুজুর, এত বড় রাজ্যের মন্ত্রী হয়ে এই সামান্য কথা নিয়ে আমি মাথা ঘামাব? এ হল কোটালের কাজ।' রাজা বলেন, 'হুঁ, ঠিক বলেছ, বল কোটাল।' কোটাল কানে একটু খাটো। শুনতে পায় না। মাথা নিচু করে নিজের মনে বিড়বিড় করে। রাজা আবার হাঁক দেন- 'কোটাল!' এবার কোটাল শুনতে পায়, লাফ দিয়ে উঠে কুরনিশ করে বলে, 'হুজুর!' 'কেন মন্ত্রীর গর্দান যাবে?'
কিন্তু তাতে হয় না। অগত্যা কোটালের কানটা ধরে কাছে টেনে মন্ত্রীকে চেঁচিয়ে বলতে হয়- 'কেন আমার গর্দান যাবে, রাজা জিগ্যেস করছেন।' একগাল হেসে এবার কোটাল বলে, 'আজ্ঞে, এর আগেই যাওয়া উচিত ছিল, ওর মুখখানা যা বিশ্রী!' মন্ত্রী চোখ-মুখ লাল হয়ে ওঠে। রাজা বলেন- 'চোপ, হল না।' 'আজ্ঞে হ্যাঁ' বলে কোটাল থপ করে বসে পড়ে। রাজা বলেন, 'যে বলতে পারবে, তার বখশিশ মিলবে, ভুল হলে গর্দান!' সবাই সবার মুখের পানে চায়, কেউ রা কাড়ে না। রাজা এক-এক করে জিজ্ঞাসা করেন। কেউ কথা কয় না। সবশেষে ডাক পড়ে ছোকরা চাকরের। ছোকরা চাকর একা একাই মেঝেয় বসে তাস নিয়ে পেটাপিটি খেলে। রাজার ডাকে মুখ না তুলেই বলে- 'আজ্ঞে, চুলকোন বেশি হয়েছে, আপনার পিঠ জ্বালা করছে।' 'ঠিক।' সবাই মাথা নেড়ে বলে, 'ঠিক, হতভাগা আগে না বললে আমরাও বলতে যাচ্ছিলাম।' রাজা বলেন- 'নাও বখশিশ।' ছোকরা চাকর মাথা না তুলেই বাঁ হাতটা বাড়িয়ে দেয়। রাজা এ পকেট ও পকেট খুঁজে শেষকালে ফতুয়ার পকেট থেকে একটা আস্ত টাকা বার করে দেন। ছোকরা চাকর সেটা ঠং করে মাটিতে ঠুকে ফিরিয়ে দিয়ে বলে- 'এটা অচল।' রাজা টাকাটি আবার পকেটে পুরে বলেন- 'আচ্ছা, কাল নিও।' তারপর আবার চুপচাপ। রাজার স্মরণশক্তি অত্যন্ত বেশি। ঘণ্টাকয়েক বাদে মন্ত্রীর দিকে চেয়ে বলেন, 'তোমার না গর্দান যাবে?' 'আজ্ঞে, যাবে বই কী! তবে আজকে তো আর হয় না, আজ কোথাও যাত্রা নাস্তি।' 'বেশ কাল যেন মনে থাকে!' খানিক বাদে রাজার হাই ওঠে। রাজা বলেন- 'ব্যস্ আজকের মতো সভা ভঙ্গ।' এমনি করে রাজ্যশাসন চলে। রাজার দোর্দণ্ড প্রতাপে বাঘে-গরুতে একঘাটে জল খায়। অবশ্য বাঘ জল ছাড়া আরো কিছু খায়। চোর-ডাকাত রাজ্যের ত্রিসীমানায় ঘেঁষে না। তাদের মজুরি পোষায় না। এহেন সুখের রাজ্যে একদিন এক বিপদ ঘটল।