Chapter 13 of 15
আঙুর-পরী ডালিম-পরী - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
7 min read
এক রাজা। প্রকাণ্ড তাঁর রাজ্য। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে সোনা-দানা হীরা-মুক্তার ছড়াছড়ি। রাজার প্রতাপে রাজ্য গমগম। রাজ্যটি কিন্তু রাজার নিজের নয়; অপর এক রাজাকে যুদ্ধে হারিয়ে তাঁর রাজ্য কেড়ে নিয়েছেনপুরনো রাজা-রানিকে কেটে, তাঁদের রাজ্য নিষ্কণ্টক ভোগ করছেন। চাঁপার কলির মতো পুরনো রাজার দুটি কচি মেয়ে ছিল; নতুন রাজা এক ডাইনি-বুড়ির হাতে তাদের দিয়ে বলেছিলেন, 'বনের মধ্যে এদের পুঁতে রেখে আয়।' রাজ্যের সীমানায় মায়াবন। ডাইনি-বুড়ি চাঁপার কলির মতো মেয়ে দুটিকে নিয়ে সেই যে মায়াবনে ঢুকেছিল, আর ফিরে আসেনি। তারপর অনেক বছর কেটে গেছে। পুরনো রাজা-রানি আর রাজকন্যাদের কথা কারো মনে নেই। নতুন রাজা রাজত্ব করেন। তাঁর দুই ছেলে বড় হয়ে উঠেছেন, তাঁদের নাম- বড় কুমার আর ছোট কুমার। সোনার কার্তিকের মতো তাঁদের চেহারা; ফুলের মতো তাঁদের মন। রাজা-রানি তাঁদের দেখেন- আর চোখ জুড়িয়ে যায়। রাজা ভাবেন, আহা, পুরনো রাজার মেয়ে দুটি যদি থাকত, এদের সঙ্গে বিয়ে দিতুম। রাজার মনে দুঃখ হয় রানি ভাবেন, আহা, অন্য কোনো রাজা এসে যদি আমাদের রাজ্য কেড়ে নিয়ে আমার সোনার চাঁদ ছেলে দুটিকে বনে পুঁতে রেখে আসে! আতঙ্কে তাঁর গা কাঁপে। রাজা-রানি কারো মনে সুখ নেই। একদিন রাজা একলা মায়াবনে মৃগয়া করতে গেলেন। প্রকাণ্ড বন; গাছে-লতায় আলো-ছায়ায় জড়াজড়ি। হাতি শুঁড় দুলিয়ে ঘুরে বেড়ায়; হরিণ শিঙের বাহার নিয়ে ছুটোছুটি করে; আরো কত জন্তুজানোয়ার বনে থাকে। কিন্তু সেদিন রাজা ঘোড়ায় চড়ে শিকার খুঁজে বেড়ালেন, মায়াবনের হরিণ চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল, মারতে পারলেন না; মায়াবনের ময়ূর পেখমের ছটায় চোখ ধাঁধিয়ে অন্ধকারে মিশে গেল, রাজা ধরতে পারলেন না। সারাদিন ঘুরে ঘুরে রাজা শেষে এক লতার ঝোপের কাছে গিয়ে ঘোড়া থামালেন। পিপাসায় তাঁর বুক শুকিয়ে গেছে- কিন্তু জল কোথায়? ক্ষুধায় নাড়ি চুঁইয়ে গেছে- কিন্তু কী খাবেন? রাজার ক্লান্ত হাত থেকে বল্লম খসে পড়ল ঘোড়া থেকে নেমে রাজা এদিক-ওদিক চাইলেন। হঠাৎ তাঁর চোখে পড়ল, একটি আঙুরের লতা, একটি ডালিমগাছকে জড়িয়ে জড়িয়ে উঠেছে। আঙুরলতায় এক-থোলো পাকা আঙুর ঝুলছে, আর ডালিম ফলে আছে একটা। রাজা যেন হাতে স্বর্গ পেলেন; লতা থেকে আঙুর পেড়ে খেয়ে ফেললেন। তৃষ্ণা নিবারণ হল, ক্ষুধাও মিটল। তারপর ডালিমফলটি পেড়ে আবার ঘোড়ায় চড়ে রাজা রাজপুরীতে ফিরে চললেন। সন্ধেবেলা রাজা পুরীতে ফিরে গেলেন। রাজার হাতে মায়াবনের রাঙা টুকটুকে ডালিম দেখে রানি বললেন, 'ওমা! অত সুন্দর ডালিম কোথায় পেলে?' রাজা বললেন, 'তোমার জন্যে বন থেকে এনেছি।' রানি ভারি খুশি হয়ে ডালিমটি ভেঙে খেলেন দিন কাটতে লাগল। ক্রমে রাজার শরীর খারাপ; রানির শরীরে বল নেই। কবিরাজ এলেন। কিন্তু রাজা-রানির কী রোগ হয়েছে কেউ বলতে পারে না। রাজা ও রানি রাত্রিবেলা অকাতরে ঘুমোন, কিন্তু দিনের বেলা তাঁদের শরীরে স্বস্তি নেই। কী যেন তাঁদের শরীরের মধ্যে বসে গুমরে গুমরে কেঁদে বলে, 'মুক্তি দাও। কেন আমাদের বন থেকে ধরে নিয়ে এলে!' রাজা-রানির আহার নেই; দিন দিন তাঁরা শুকিয়ে যেতে লাগলেন। রাজ্যময় সবার দুশ্চিন্তা, রাজা-রানি বুঝি আর বাঁচবেন না। রাজা বললেন, 'মনে নেই? পরের রাজ্য কেড়ে নিয়ে- পরের মেয়ে দুটিকে বনে পুঁততে পাঠিয়েছিলে? সেই পাপে আমাদের এই দশা! কিন্তু আমরা মরি সে ভালো, আমাদের ছেলেরা যেন সুখে থাকে!' ক্রমে রাজা-রানির অবস্থা যায় যায়; বিছানা ছেড়ে উঠতে পারে না। তাই দেখে রাজকুমারদের চোখ দিয়ে জল পড়তে লাগল। ছোট কুমার বললেন, 'দাদা, মা-বাবা তো চললেন। এস, দু-জনে বাপ-মায়ের সেবা করি।'
বড় কুমার বললেন, 'হ্যাঁ ভাই, এস, তাই করি। প্রাণ দিয়েও যদি বাবা-মাকে বাঁচাতে পারি, তা-ও করব।' দুই কুমার প্রাণপণে রাজা-রানির সেবা করেন। রাত্রে রাজা-রানি পালঙ্কে শুয়ে ঘুমোন, দুই ভাই জেগে পাহারা দেন। ক্রমে রাত্রি গভীর হয়, রাজপুরী নিশুতি হয়ে আসে। রাজকুমারদের চোখের পাতা ঘুমে জড়িয়ে আসে; তাঁরা পালঙ্কের শিথানে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমনিভাবে রাত কাটে। দুপুররাত্রে রাজার ঘরে কী ঘটে কেউ জানতে পারে না হঠাৎ একদিন নিঝুম রাত্রে রাজকুমারদের ঘুম ভেঙে গেল। তাঁরা চোখ মেলে দেখেন- ঘুমন্ত রাজার নাক থেকে বেরিয়ে এল সবুজ রঙের একটি ছোট্ট পরী; আর রানির নাক থেকে বেরিয়ে এল ডালিমফুলের মতো রাঙা একরত্তি একটি পরী। রাজপুত্রেরা মিটিমিটি চেয়ে দেখলেন, ছোট্ট পরী দুটি মেঝেয় নেমে খেলা করতে লাগল... হাত ধরাধরি করে মনের আনন্দে নাচতে লাগল। দুই রাজকুমার তখন চুপিচুপি উঠে পরীদের ধরে ফেললেন; তারা আর পালাতে পারল না। বড় রাজকুমার বললেন, 'তোমরা কে?' সবুজ-পরী বললে, 'আমি আঙুর-পরী।' রাঙা-পরী বললে, 'আমি ডালিম-পরী।' ছোট রাজকুমার বললেন, 'তোমরা কোথায় থাক?' সবুজ-পরী বললে, 'আমি রাজার পেটের মধ্যে থাকি।' রাঙা-পরী বললে, 'আমি রানির পেটের মধ্যে থাকি। আমরা দুই বোন। দিনের বেলা রাজা-রানি জেগে থাকেন তাই বেরুতে পারি না; রাত্রে তাঁরা ঘুমোলে দু-জনে বেরিয়ে খেলা করি।' বড় কুমার বললেন, 'বুঝেছি। তোমাদের জন্যেই মা-বাবার অসুখ। তোমাদের মেরে ফেলব।' আঙুর-পরী আর ডালিম-পরী তখন কাঁদতে লাগল; বললে, 'আমাদের মেরো না; আমরা কোনো দোষ করিনি। মায়া-বনে আমরা আঙুর আর ডালিম হয়ে ফলেছিলুম। বাতাস এসে আমাদের দোলা দিত- আমরা মনের সুখে খেলা করতুম। রাত্রে লতায়-পাতায় জড়াজড়ি করে ঘুমিয়ে থাকতুম। একদিন রাজা মৃগয়া করতে গিয়ে আঙুর পেড়ে খেলেন আর ডালিমটি রানির জন্যে নিয়ে এলেন। সেই থেকে আমরা তাঁদের পেটের মধ্যে আছি।' বড় কুমার বললেন, 'তবে উপায়?' দুই কুমার গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। তারপর ছোট কুমার বললেন, 'চল দাদা, ওদের চুপিচুপি মায়াবনে রেখে আসি।'
বড় কুমার বললেন, 'সেই ভালো।' দুই রাজপুত্র তখনি ঘোড়ায় চড়ে বেরুলেন। বড় কুমার আঙুর-পরীকে নিজের পাগড়ির মধ্যে বেঁধে নিলেন, ছোট কুমার ডালিম-পরীকে কোমরবন্ধে লুকিয়ে নিলেন। মায়াবন অনেক দূর; যেতে-যেতে সকাল হয়ে গেল। সকালবেলা ঘুম ভেঙে উঠে রাজা-রানি দেখেন, রাজকুমারেরা নেই, ঘোড়ায় চড়ে মায়াবনে চলে গেছেন। তাঁরা ভাবলেন, কুমারেরা তাঁদের পাপের কথা জানতে পেরেছেন, তাই রাজ্য ছেড়ে চলে গেছেন। রাজা বুক চাপড়াতে লাগলেন; রানি কপালে কঙ্কণ মারলেন। রাজ্যে কারো প্রাণে সুখ রইল না; রাজকুমারদের সকলেই ভালোবাসতেন, দুঃখে-শোকে সকলে হায়-হায় করতে লাগলেন। এদিকে দুই রাজপুত্র মায়াবনে গিয়ে পৌঁছুলেন। কিন্তু কোথায় ডালিমগাছ? কোথায় আঙুরলতা? খুঁজতে খুঁজতে তাঁরা সেই জায়গায় গেলেন। দেখলেন, ডালিম-গাছ, আঙুরলতা কিছুই নেই; বনের হাতি আঙুরলতা উপড়ে ফেলে দিয়েছে, বনের শজারু ডালিম গাছের শিকড় খেয়ে গেছে। চারিদিক শূন্য; কেউ কোথাও নেই! একটা ফড়িং কি ভোমরা পর্যন্ত নেই। কাকে জিজ্ঞাসা করেন? এদিকে-ওদিকে চাইতে চাইতে ছোট কুমার দেখলেন, তুঁতগাছের ডালে রেশমের একটি গুটি ঝুলছে। তিনি গুটির কাছে গিয়ে বললেন, 'গুটিপোকা, গুটিপোকা, বলতে পার, আঙুরলতা কোথায়? ডালিমগাছ কোথায়?' গুটির ভেতর থেকে পোকা বললে, 'আঙুরলতা নেই, ডালিমগাছ নেই, হাতিতে ছিঁড়ে নিয়ে গেছে, শজারু গোড়া খেয়ে গেছে।' বড় কুমার বললেন, 'তবে উপায়? আঙুর-পরী ডালিম-পরীকে তাহলে রাখি কোথায়?' রাজকুমারদের ভারি ভাবনা হল। কোথায় রাখেন পরীদের? বনে ছেড়ে দিলে হয়তো ইঁদুরে-বাঁদরে তাড়া করবে নয়তো চিলে ছোঁ মেরে নিয়ে যাবে। তখন কী হবে? রাজকুমারদের বড় দয়া হল। আহা, ছোট্ট পরী দুটিকে কী করে বনে ফেলে যাবেন! তাঁরা ভাবতে লাগলেন। তখন গুটিপোকা বললে, 'রাজকুমার, আমি তোমাদের চিনি; পরীদেরও চিনি। আমারই পাপে ওরা একরত্তি পরী হয়ে বনে লুকিয়ে ছিল। তোমরা ওদের উদ্ধার কর।' রাজকুমারেরা অবাক হয়ে বললেন, 'তুমি কে?' গুটিপোকা বললে, 'আমি ডাইনি-বুড়ি। তোমদের বাবার হুকুমে আমি পুরনো রাজার দুই মেয়েকে এনে মাটিতে পুঁতেছিলুম; তাই আমি গুটিপোকা হয়ে নিজের জালে জড়িয়ে বন্ধ হয়ে আছি। আর যাদের মাটিতে পুঁতেছিলুম তারা আঙুর আর ডালিমগাছের ফল হয়েছিল। তোমরা ওদের উদ্ধার কর।'
দুই কুমার বললেন, 'কী করে উদ্ধার করব?' গুটিপোকা বললে, 'রক্ত দিয়ে...বুকের রক্ত দিয়ে। রাজার পাপের প্রায়শ্চিত্ত কর, তবেই রাজকন্যারা উদ্ধার পাবে।' বড় কুমার কোমর থেকে তলোয়ার বার করে নিজের বুকে মারলেন...এক ঝলক রক্ত মাটিতে পড়ল। অমনি দেখতে দেখতে আঙুর-পরী পরমাসুন্দরী রাজকন্যা হয়ে সামনে দাঁড়াল! ছোট কুমার কোমর থেকে তলোয়ার নিয়ে নিজের বুকে মারলেন... এক ঝলক রক্ত মাটিতে পড়ল। অমনি ডালিম-পরী রাঙা টুকটুকে রাজকুমারী হয়ে তাঁর পানে চেয়ে হাসতে লাগল। বড় কুমার বললেন, 'এ কী আশ্চর্য ব্যাপার!' ছোট রাজকুমার বললেন, 'এত সুন্দর রাজকুমারী তো কখনো দেখিনি!' আঙুর-কুমারী হাসতে হাসতে নিজের গলা থেকে মুক্তার মালা নিয়ে বড় কুমারের গলায় পরীয়ে দিল। ডালিম-কুমারী লজ্জায় রাঙা হয়ে নিজের গলার মালা ছোট কুমারের গলায় দিল। তখন দুই রাজপুত্র দুই রাজকন্যাকে ঘোড়ায় তুলে নিয়ে রাজ্যে ফিরে গেলেন। নিরানন্দ রাজ্য আবার হেসে উঠল। রাজপুরীতে সানাই বাজল। রাজার আর অসুখ রইল না। তিনি ছুটতে ছুটতে এসে ছেলেদের বুকে জড়িয়ে ধরলেন। রাজকন্যাদের দেখে বললেন, 'আহা কী সুন্দর মেয়ে! এরা কারা?' কুমারেরা বললেন, 'ওরা পুরনো রাজার কন্যা। মায়াবন থেকে উদ্ধার করে এনেছি।' শুনে আনন্দে রাজার চোখ দিয়ে জল পড়তে লাগল। রানি-মা অন্দরমহল থেকে কাঁদতে কাঁদতে ছুটে এসে ছেলেদের বুকে নিলেন; দুটি ফুলের মতো রাজকন্যাকে দেখে বললেন, 'এ কাদের এনেছিস বাবা?' কুমারেরা হেসে বললেন, 'তোমার জন্যে দাসী এনেছি।' রানি দুই বউকে কোলে নিয়ে চুমু খেলেন। রাজ্যে জয়ডঙ্কা বেজে উঠল। রাজা-রানির বুকে আহ্লাদ ধরে না। দুই রাজকুমার দুই পরমাসুন্দরী রাজকন্যা নিয়ে আনন্দে দিন কাটাতে লাগলেন। রাজ্যে কারো মনে দুঃখ রইল না। তারপর একদিন রাজ্য দুই ভাগ করে দুই কুমারকে দিয়ে রাজা বানপ্রস্থ অবলম্বন করলেন; রানিকে নিয়ে মায়াবনে কুটির বেঁধে শান্তিতে বাস করতে লাগলেন।
ডাইনি-বুড়ি গুটিপোকা হয়ে আরো অনেকদিন গাছে ঝুলে রইল। যেদিন তার পাপ ক্ষয় হল সেদিন সে গুটি কেটে একটি কালো প্রজাপতি হয়ে উড়ে গেল।