Chapter 6 of 15
লালু আর ভুলু- সুখলতা রাও
20 min read
দুই ভাই ছিল। ছোটটি একটু বোকা আর গরিব। বড় জন ব্যবসা করে বড়লোক হয়েছে; আর লেখাপড়াও জানে। গরিব ভাই-এর লালু আর ভুলু নামে দুটি ছোটছোট যমজ ছেলে; বড়লোক ভাই-এর ছেলেপুলে নেই একদিন গরিব ভাইটি, বনের ভিতরে কাঠ কাটতে গিয়ে দেখে একটা সোনার হাঁস জলের ধারে বসে আছে। হাঁসটাকে মেরে সে তার দাদার কাছে নিয়ে এল। তার দাদা গুনতে জানত। সে গুনে বুঝতে পারল যে, এ হাঁসের কলিজা যে খাবে, রোজ সকালে তার বালিশের নিচে একটি করে মোহর পাওয়া যাবে। তখন সে তার ছোট ভাইকে কিছু টাকা দিয়ে হাঁসটা তার কাছ থেকে কিনে নিল। তারপর ছোট ভাই চলে গেলে সে বাড়ির ভিতর গিয়ে স্ত্রীকে বলল, 'এই হাঁসটা এখনি আমাকে আগুনে সেঁকে দাও। হাঁসটা যেন আস্ত থাকে, একটি টুকরোও যেন না হারায়।' বড় ভাই-এর রান্নাঘরে সেই হাঁস রান্না হচ্ছে। বড় বউ ঘরে নেই, সে হাঁসটাকে উনুনের উপর ঝুলিয়ে রেখে কোথায় গিয়েছে। ঠিক এমনি সময়ে লালু আর ভুলু খেলা করতে করতে এসে উপস্থিত হয়েছে সেখানে; আর তাদের চোখের সামনেই, সেই হাঁসের ভিতর থেকে একটা জিনিস খসে পড়ে গেছে উনুনের ধারে। ছেলেমানুষের চোখেই হল খিদে। কাজেই হাঁসের ভিতর থেকে সেই জিনিসটি পড়বামাত্র,দু ভাইয়ে ভাগ করে মুখে পুরে দিয়েছে।
ঠিক সেই সময়ে তাদের জেঠিমাও ফিরে এসেছে। ছেলে দুটিকে মুখ নাড়তে দেখে, সে ব্যস্ত হয়ে বলল, 'কী খাচ্ছিস রে?' তারা বলল, 'ওই হাঁস থেকে একটা টুকরো মাটিতে পড়ে গিয়েছিল, তাই খাচ্ছি!' তখন তাদের জেঠিমা খুঁজে দেখল, হাঁসের কলিজাটিই নেই। সর্বনাশ! একটি টুকরোও যে ফেলতে মানা। এখন উপায়? সে অমনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আর একটা হাঁস মেরে, তার কলিজা এনে সেই হাঁসের ভিতরে ঢুকিয়ে রেখে দিল; খাবার সময়ে তার স্বামী কিছু টের পেল না। পরদিন সকালে উঠে সে প্রাণপণে খালি বালিশের নিচে হাতড়াচ্ছে। তাতে কিছু না পেয়ে, সে বালিশ-বিছানা সব ঝেড়ে তোলপাড় করে দিল। কিন্তু দিলে কী হবে? সোনার হাঁসের কলিজা তো আর সে খেতে পায়নি। এদিকে লালু আর ভুলু ঘুম থেকে উঠেই, তাদের মা-র কাছে এসে বলছে- 'মা দেখ আমাদের বালিশের নিচে এগুলো কী ছিল।' তাদের মা দেখেন- দুটো মোহর! পরদিন সকালেও লালু আর ভুলু দেখল, তাদের বালিশের নিচে দুটো মোহর। তখন তাদের বাবু সেই মোহর নিয়ে, দাদার কাছে গিয়ে বলল, 'দেখছ দাদা, আমাদের বালিশের নিচে রোজ দুটো মোহর পাওয়া যাচ্ছে।' বড় ভাইয়ের তখন বুঝতে বাকি রইল না যে, হাঁসের কলিজা এই ছেলে দুটোতেই খেয়েছে। তার যে হিংসাটা হল! সে তার ভাইকে বলল, 'তাই তো, তোমার ছেলে দুটোকে দেখছি ভূতে পেয়েছে। ওদের এক্ষুনি গিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দাও।' ছোট ভাইটিও এমনি বোকা, সে ভূতের নাম শুনেই কাঁপতে কাঁপতে তখনি গিয়ে, ছেলে দুটিকে তাড়িয়ে দিল। আহা! ছোট ছেলে দুটি তখন কোথায় যায়? পথঘাট তো আর তারা কিছু জানে না; তারা ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছল এক বনের ভিতর। সেখানে এক শিকারি তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, 'তোমরা ছেলেমানুষ, একলা এই জঙ্গলে কী করছ?' লালু আর ভুলু বলল, 'রোজ সকালে আমাদের বালিশের নিচে থেকে একটা করে মোহর বার হয় বলে, বাবা ভূতের ভয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।' শিকারি বলল, 'বটে! আচ্ছা তোমরা আমার বাড়ি চল। আমি ভূতের ভয় করি না।' ছেলে দুটিকে দেখেই শিকারির ভারি মায়া হয়েছে। সে তাদের এমনি যত্ন করে, যেন তারা তার নিজেরই ছেলে। তার যত বিদ্যা, কিছুই লালু-ভুলুকে শেখাতে বাকি রাখেনি। ছেলে দুটিও তেমনি তাকে ভালোবাসে। দেখতে দেখতে ষোল বছর কেটে গেল। লালু-ভুলু এতদিনে বেশ বড়সড়টি হয়েছে, আর খুব আশ্চর্যরকম শিকার করতে শিখেছে। একদিন রাত্রে খেতে বসে তারা শিকারিকে বলল, 'আমরা তো এখন বড় হয়েছি, এবার আমরা নিজে রোজগার করতে চাই।' শিকারি বলল, 'বেশ বাবা! এই তো চাই। আমি জানি তোমরা খুবই রোজগার করতে পারবে। এদেশে আর কেউ তোমাদের মতো ভালো তীর ছুড়তে পারে না।'
ছেলে দুটিকে বিদায় দেবার সময়ে, শিকারি তাদের খুব ভালো-ভালো তীর-ধনুক, নতুন শিকারির পোশাক, কিছু খাবার আর অনেকগুলো মোহর দিল। তারপর নিজের কোমরবন্ধ থেকে একখানা ছুরি বার করে বলল, 'এই ছুরিখানা নাও। যদি কোথাও গিয়ে দু-ভাইয়ের ছাড়াছাড়ি হয়, তবে ছুরিখানা সেইখানে একটা গাছে বিঁধিয়ে রেখে যেয়ো। এক ভাই অন্য ভাইয়ের খবর জানতে চাইলে ছুরির কাছে ফিরে এস। ভাই দুজনেই যদি কুশলে থাক, তাহলে ছুরির ফলার দুই দিকই চকচকে থাকবে। আর যদি একজনের কোনো বিপদ হয় তবে সে যেদিকে গিয়েছে, ছুরির সেই দিকটা মরচে পড়ে যাবে।' শিকারির পোশাক পরে দু-ভাই কত দেশ, কত বন পার হয়ে চলেছে। যেখানে যায় সকলে তাদের তীর ছোড়া দেখে অবাক হয়ে যায়। এমনি করে অনেক ঘুরে, শেষে তারা একটা প্রকাণ্ড বনের ভিতর এসে উপস্থিত হল। এমন ঘন বন যে দু-হাত দূরেও কিছু দেখবার জো নেই! সারাদিন হেঁটে সে বন পার হওয়া গেল না; তাই সেখানে তাদের রাত কাটাতে হল। পরদিন সকালে উঠে তাদের বড্ড খিদে পাওয়ায়, তারা তীর-ধনুক নিয়ে শিকার করতে বেরিয়েছে। হঠাৎ দেখল, তাদের সামনেই একটা সাদা ধপধপে খরগোশ। সেটাকে মারবার জন্য ধনুক ওঠাতেই, সে তাদের ভারি মিনতি করে বলল, 'আমাকে মেরো না, মেরো না, আমি তোমাদের দুটো ছানা দিচ্ছি।' এই বলে দুটি বাচ্চা এনে তাদের দিল। বাচ্চা দুটি এমন সুন্দর যে, দেখে লালু-ভুলুর মারতে ইচ্ছে হল না। তারা সে দুটিকে সঙ্গে করে নিয়ে চলল। খানিক দূর গিয়ে, একটা শেয়ালকে দেখে তারা ধনুক উঠিয়েছে, অমনি শেয়ালটা হাতজোড় করে বলল, 'মেরো না, মেরো না। আমি আমার দুটো ছানা তোমাদের দেব।' শেয়ালও দুটো ছানা তাদের এনে দিল। সেই ছোট ছানাগুলোকে দেখে দু-ভাইয়ের দয়া হওয়াতে, সে দুটোকে তারা না মেরে, সঙ্গে করে নিল। আরও অনেকখানি গিয়ে তারা দেখল, একটা নেকড়ে বাঘ সামনে দিয়ে যাচ্ছে। তাকে তারা মারতে যাচ্ছিল, তখন সে-ও মিনতি করে বলল, 'মেরো না, মেরো না, আমার দুটো ছানা তোমাদের দেব।' তাই দুটো নেকড়ের ছানাও তারা সঙ্গে করে নিল। তারপর এক ভাল্লুকের সঙ্গে দেখা। তাকে তারা তীর ছুড়তে যাবে, অমনি সে বলল, 'মেরো না, মেরো না। আমার দুটো ছানা তোমাদের দেব।' লালু-ভুলু ভাবল, 'একটা ভালুক মেরে কী হবে? তার চেয়ে দুটো ভাল্লুকের বাচ্চা সঙ্গে নিলে কাজ দিতে পারে।' সেই ভেবে ভাল্লুকটাকে না মেরে, তার বাচ্চা দুটো সঙ্গে করে নিল। এবার খানিক দূর গিয়ে, পথের মাঝখানে এক সিংহ। তা সিংহ হলে কী হয়? লালু-ভুলুকে তীর-ধনুক উঠাতে দেখে সে-ও ভয়ে জড়সড় হয়ে হাতজোড় করে বলল, 'মেরো না, মেরো না। আমি আমার দুটো ছানা তোমাদের দিচ্ছি।' দুটো খরগোশ, দুটো শেয়াল, দুটো নেকড়ে, দুটো ভাল্লুক আর দুটো সিংহ নিয়ে, দু-ভাই বন পার হয়ে এক গ্রামে এসে রাত কাটাল। এমনি করে জন্তুগুলো নিয়ে দু-ভাই দেশে দেশে ঘুরে বেড়ায়। একদিন তারা বলে, 'চল, এবার আমরা দুজনে আলাদা হয়ে দু-দিকে বেড়াতে যাই।' সেখানে একটা বটগাছ ছিল, তার পূর্ব-পশ্চিম দু-দিকে দুটো রাস্তা গিয়েছে। তারা সেই বটগাছে ছুরিখানা বিঁধিয়ে রেখে, প্রত্যেকে একটা খরগোশ, একটা শেয়াল, একটা নেকড়ে, একটা ভাল্লুক আর একটা সিংহ নিয়ে দু-জন গেল দু-দিকে চলে। লালু গেল পুবে; ভুলু গেল পশ্চিমে। এর কিছুদিন পরে লালু, তার জানোয়ারদের নিয়ে বেড়াতে বেড়াতে এক শহরে এসে একটা সরাইয়ে বাসা নিল। মস্ত বড় শহর, আর একটি লোকেরও মুখে হাসি নেই। দোকানপাট সব বন্ধ; সকল বাড়ির দরজা ভেজানো, আর ভিতরে কান্নাকাটি। লালু তাতে ভারি আশ্চর্য হয়ে সরাইওলাকে জিজ্ঞাসা করল, 'তোমাদের শহরের লোকের কি কোনো বিপদ ঘটেছে? সকলে কাঁদছে কেন?' সরাইওয়ালা বলল, 'তুমি শিকার করে ঘুরে বেড়াও, তুমি তো কিছু খবর রাখ না। আজ যে আমাদের রাজার মেয়েকে রাক্ষসে খাবে।' লালু তখন আরও আশ্চর্য হয়ে বলল, 'রাজার মেয়েকে রাক্ষসে খাবে!' সরাইওলা উত্তর দিল, 'ওই যে পাহাড় দেখছ, ও পাহাড়ে একটা সাতমুখো রাক্ষস থাকে। প্রতি মাসে পূর্ণিমা রাত্রে তাকে একটি সুন্দরী মেয়ে দিয়ে আসতে হয়; না দিলে সে এসে সকলকে মেরেধরে আর কিছু রাখে না। একে-একে দেশের সব মেয়েগুলো গিয়েছে, এখন শুধু রাজার মেয়েটি বাকি। পাহাড়ের উপর মন্দির আছে, সে মন্দিরে আজ রাজার মেয়েকে রেখে আসা হবে। কাল সকালে রাক্ষস তাকে খাবে।' শিকারি বলল, 'তোমরা রাক্ষসকে মেরে ফেল না কেন?' 'আমরা কি আর কম চেষ্টা করেছি? কত লোক যে রাক্ষস মারতে গিয়ে প্রাণ হারিয়েছে, তার ঠিক নেই। রাজা বলেছেন, তাঁর মেয়েকে যে রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারবে, তাকে তিনি রাজ্য দেবেন আর মেয়ে দেবেন।' বলল সরাইওলা। সে রাত্রে লালু কাউকে কিছু জানাল না, ঘরেই ঘুমাল। পরদিন ভোর না হতেই, তার জন্তুদের নিয়ে সে চুপিচুপি গেল রাক্ষসের পাহাড়ে।
তখন রাক্ষসের সবে ঘুম ভাঙছে। লালুকে দেখে রাক্ষস চেঁচিয়ে উঠল, 'তুই কে রে? আমার পাহাড়ে কী করছিস?' লালু জবাব দিল, 'আমি তোর ঘাড় ভাঙতে এসেছি।' শুনেই তো রাক্ষস বিষম 'হাউমাউ' করে মুখ মেলে তাকে গিলতে গিয়েছে! লালুও অমনি এক বাণে তার একটা চোখ দিয়েছে কানা করে। তখন রাগে রাক্ষসের সাতটা নাক-মুখ আর চৌদ্দটা চোখ দিয়ে আগুন বার হতে লাগল। সে আগুনে পাহাড়ের গায়ে আগুন ধরে গেল। আর একটু হলে লালুকে-সুদ্ধ পুড়িয়ে মারত। কিন্তু তার জন্তুরা চার হাত-পায়ে ঘষে, দেখতে দেখতে সব আগুন ফেলল নিবিয়ে। লালু ততক্ষণে রাক্ষসের চৌদ্দটা চোখই কানা করে দিয়েছে। তারপর রাক্ষস মারতে আর কতক্ষণ লাগে। জন্তুগুলোই আঁচড়ে কামড়ে দিল তার অর্ধেক প্রাণ বার করে। রাক্ষস মরলে পর লালু সাতটা জিব কেটে নিল। এতক্ষণ আর লালু চারিদিক দেখবার অবসর পায়নি। এখন দেখল, কিছু দূরে একটা মন্দির; সেই মন্দিরের দরজায় একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। লালু বুঝল এইটিই রাজার মেয়ে। তখনই জন্তুরা ছুটাছুটি করে কোথা থেকে জল নিয়ে এল, আর সেই জল মাথায় মুখে দিতেই রাজার মেয়ে উঠে বসল। সে তো প্রাণের আশা ছেড়েই দিয়েছিল; কাজেই লালুর মুখে সব কথা শুনে, আর সেই সাতমুখো রাক্ষসটা হাঁ করে মরে পড়ে আছে দেখে, তার আনন্দের সীমা রইল না। তার গলায় প্রবালের মালা ছিল; সেই মালা ছিঁড়ে তখনি সে একটুকরো বেঁধে দিল জন্তুগুলোর গলায়। সিংহের ভাগে পড়ল মাঝখনের পদ্মরাগ মণিটি। আর লালুকে রাজার মেয়ে দিল নিজের নাম লেখা হাতের আংটিটি। এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে; সারাদিন যুদ্ধ করে সকলেই নিতান্ত ক্লান্ত হয়েছে; কাজেই সে রাত্রিটা তাদের সেই পাহাড়ের উপরে কাটাতে হল। সকলে ঘুমাচ্ছে এবং জন্তুগুলোর একজন জেগে পাহারা দিচ্ছে। কিন্তু সেই কাহিল শরীর নিয়ে জেগে থাকা কি সহজ? সিংহের ছিল প্রথম পাহারা, দু-দণ্ড যেতে-না-যেতেই সে ঝিমোতে লেগেছে। শেষে আর থাকতে না পেরে, ভাল্লুককে এক ঠেলা মেরে বলল, 'এই, ওঠ; আমার বড্ড ঘুম পাচ্ছে। এবার তুই পাহারা দে।' বলে সিংহ ঘুমিয়ে পড়ল, ভাল্লুক চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। যত চোখ রগড়াচ্ছে, ততই তার ঘুম আর কিছুতেই ছাড়ছে না। শেষে নেকড়েকে উঠিয়ে দিয়ে, ধপাস করে শুয়ে পড়েই নাক ডাকতে লাগল। ভাল্লুক যতক্ষণ বসে ছিল, নেকড়ে ততক্ষণও বসল না। তার আগেই সে শেয়ালকে তুলে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শেয়ালের তো তাতে রাগ হতেই পারে। পাঁচমিনিট যেতে-না-যেতেই সে খরগোশের কান ধরে টেনে বলল, 'এই কুঁড়ের বাদশা! পাহারা দিবি না? ওঠ।' কাজেই খরগোশ বেচারি আর কী করে, সে অনেক কষ্টে উঠে বসে প্রাণপণে হাই তুলতে লাগল। হাই তুলছে আর তুলছে। তুলতে তুলতে শেষে সে একেবারে শুয়েই পড়ল। তখন আর পাহারা দেবার কেউ রইল না আর সেই হল সর্বনাশের কারণ। রাজার মেয়েকে মন্দিরে আনবার সময়ে, রাজা-প্রজা সকলেই কাঁদতে কাঁদতে তার সঙ্গে এসেছিল। সে দেশের মন্ত্রীর ছেলেও ছিল তাদের একজন। রাজকন্যাকে রেখে সকলে তখন চলে যায়, সেই লোকটা আর তাদের সঙ্গে যায়নি। এরপর কী হয়, তাই দেখবার জন্য সে অনেক দূরে একটা গাছে বসে ছিল। যতক্ষণ রাক্ষসে আর লালুতে যুদ্ধ হচ্ছিল, ততক্ষণ সে ভয়ে কেঁপেই সারা হয়েছে। তারপর যখন রাক্ষস মরে গিয়েছে, আর সকলে ঘুমে অচেতন, তখন সে দুষ্টু আস্তে আস্তে নেমে এসে, তলোয়ারের এক কোপে লালুর গলা কেটে, রাজার মেয়েকে তলোয়ার দেখিয়ে বলে, 'আমি যে রাক্ষস মারিনি, এ কথা রাজাকে জানতে দেবে না; যদি দাও এই তলোয়ার দিয়ে তোমার মাথা কেটে ফেলব।' তখন প্রাণের ভয়ে সে বেচারি বলে যে, এ কথা রাজাকে জানতে দেবে না। মন্ত্রীর ছেলের বড়ই মজা। সে সকলকে গিয়ে বলেছে, 'এই দেখ, আমি রাক্ষস মেরে রাজকন্যাকে বাঁচিয়ে এনেছি।' রাজকন্যা কথা দিয়েছে, কাজেই তাকে চুপ করে থাকতে হল, আর সকলেই ভাবল যে, মন্ত্রীর ছেলেরই বাহাদুরি। রাজামশাই বেজায় খুশি হয়ে, তখনি তার সঙ্গে রাজকন্যার বিয়ের আয়োজন করবার হুকুম দিলেন। তখন মেয়েটি তাঁকে মিনতি করে বলল, 'বাবা আমি নিয়ম করেছি, একবছরের মধ্যে বিয়ে করব না। এই একবছর পরে তোমাদের যেমন ইচ্ছা কর।' তাতে রাজা বললেন, 'আচ্ছা, তবে একবছর পরেই বিয়ে হবে।' শুনে রাজকন্যা যেন বাঁচল, কেননা, একবছরের মধ্যে লালু ফিরে আসতে পারে। এদিকে সেই রাক্ষসের পাহাড়ের উপরে তখনো সকলে ঘুমাচ্ছে। কখন যেন মস্ত বড় মশা এসে খরগোশের নাকে ফটাস করে কামড়িয়ে দিয়েছে। খরগোশ তাতে লাফিয়ে উঠে বসল। তখন এমন একটা হৈ-চৈ পড়ে গেল যে, সে আর বলবার নয়। সকলেই কাঁদছে আর তার চেয়ে যে ছোট তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। সিংহ ভয়ানক রেগে ভাল্লুককে বলছে, 'তোকে খেয়েই ফেলব। কেন আমাকে জাগিয়ে দিলি না?' ভাল্লুক অমনি নেকড়েকে দাঁত খিঁচিয়ে বলছে, 'কেন আমায় জাগালি না?' নেকড়ে শেয়ালকে তেড়ে বলছে, 'কেন আমায় জাগালি না?' শেয়াল খরগোশের কান ধরে বলছে, 'কেন আমায় জাগিয়ে দিলি না?' তখন যত দোষ সব গিয়ে পড়ল খরগোশ বেচারির ঘাড়ে। সকলে মিলে তাকে মারে আর কী! সে হাতজোড় করে কাঁপতে কাঁপতে বলল, 'আমাকে মেরো না। আমি আমাদের মনিবকে বাঁচিয়ে দিচ্ছি। এখান থেকে অনেক দূরে এক পাহাড়ে ওষুধের গাছ আছে, তার শিকড় লাগিয়ে দিলে, সবরকম কাটা জুড়ে যায়।' সকলে বলল, 'যা এখনি যা! সন্ধের মধ্যে শিকড় নিয়ে ফিরে আসতে হবে।'
তখনি তীরের মতো ছুটে গিয়ে, সন্ধ্যার ঢের আগেই খরগোশ ওষুধ নিয়ে এল। তারপর সিংহ লালুর মাথাটি তার গলায় বসিয়ে দিতে, আর খরগোশ তাতে সেই ওষুধ লাগিয়ে দিতেই, লালু চোখ মেলে উঠে বসল। উঠেই সে ভয়ানক আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠল, 'এ কী রে! আমার মুখটা কেন পিঠের দিকে ফেরানো?' তখন তো সকলেরি চক্ষুস্থির"! সিংহ মাথাটি লালুর ঘাড়ে বসাবার সময়ে উল্টো করে বসিয়েছে। ওই যাহ্ সব মাটি। উল্টো মাথা নিয়ে বেচারা কী করে চলবে, শিকারই-বা কী করে করবে, খাবেই-বা কেমন করে। সকলে মাথায় হাত দিয়ে ভাবছে, আর বলছে, 'হায় হায়! কী উপায় হবে?' তা দেখে সিংহ বলল, 'ভাবনা কী! শিকড় তো রয়েছেই, মাথাটা আবার কেটে, সোজা করে বসিয়ে দিলেই হবে।' তাই শেষে করতে হল। তখন লালুর সব ল্যাটা চুকে গেল। সে চারিদিকে চেয়ে রাজার মেয়েকে দেখতে না পেয়ে ভাবল, 'তার বোধ হয় আমাকে ভালো লাগেনি।' এই ভেবে ভারি দুঃখিত হয়ে, সে তার জন্তুদের নিয়ে ও দেশ ছেড়ে চলে গেল এর ঠিক এক বছর পরে লালু ঘুরতে ঘুরতে আবার সেই শহরে এসে, সেই সরাইখানায় বাসা নিয়েছে। সেদিন শহরের বাড়ি বাড়ি লাল নিশান উড়ছে, যেন একটা খুব আনন্দের দিন। তা দেখে লালু সরাইওলাকে জিজ্ঞাসা করল, 'ঠিক একবছর আগে আমি এই শহরে এসেছিলাম, তখন দেখেছিলাম শহরময় কান্নাকাটি, আর আজ দেখছি চারদিকে লাল নিশান। এর মানে কী?' সরাইওলা উত্তর দিল, 'ঠিক একবছর আগে, আমাদের রাজার মেয়েকে রাক্ষসে খাবার কথা ছিল, তাই তুমি এসে দেখেছিলে ঘরে ঘরে কান্না। তারপর আমাদের মন্ত্রীর ছেলে সেই রাক্ষসকে মেরে, রাজার মেয়েটিকে বাঁচিয়েছে; কাল তাদের বিয়ে হবে তাই এত আনন্দ!' পরদিন রাজার মেয়ের বিয়ে। সেদিন খেতে বসে লালু সরাইওলাকে বলল, 'ছিঃ তোমাদের ভাত ভালো নয়। দেখ আমি রাজার ভাত এনে খাব।' এই বলে সে খরগোশকে হুকুম দিল, 'যাও তো খরগোশ, রাজা যে ভাত খান, আমার জন্য সেই ভাত নিয়ে এস।' বলতেই খরগোশ পনপন করে রাজবাড়ির দিকে ছুটল। ছুটে ছুটে সে একেবারে রাজার মেয়ের ঘরে গিয়ে হাজির। তারপর রাজার মেয়ের কাছে গিয়ে, সে আস্তে আস্তে তার পায়ের তলায় সুড়সুড়ি দিতে লাগল। রাজার মেয়ে প্রথমে ভাবল, বুঝি তার বেড়ালটা অমন করছে; তাই সে দু-একবার ধমক দিল, 'মেনি, দুষ্টুমি করিস না।' তারপর চেয়ে দেখে— খরগোশ! খরগোশের গলায় প্রবালের হার দেখেই তাকে চিনতে পারল, আর অমনি তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করল, 'তুমি কোথা থেকে এলে? তোমার মনিব কই?' খরগোশ বলল, 'আমার মনিব, যিনি রাক্ষস মেরেছিলেন, তিনি এই শহরে এসেছেন। তিনিই আমাকে পাঠিয়েছেন, রাজা যে ভাত খান সেই ভাত নিয়ে যাবার জন্যে।' রাজার মেয়ে অত্যন্ত খুশি হয়ে, তখনি বামুনঠাকুরকে ডেকে খরগোশের সঙ্গে ভাত পাঠিয়ে দিল। রাজার বাড়ির বামুনঠাকুর, রাজামশাই নিজে যে ভাত খান সেই ভাত নিয়ে এসেছে, সরাইওলা দেখে অবাক। লালু বলল, 'দেখছ কী? তরকারি পায়েস মিঠাই, সব এখনি আসবে। রাজার খাবার আজ আমি এখানে বসে খাব।' একে একে শিয়াল, ভাল্লুক, নেকড়ে, সিংহ সকলেই রাজবাড়ি গেল আর রাজার মেয়ে তাদের সঙ্গে বামুনঠাকুরকে দিয়ে দৈ-সন্দেশ-মিঠাই পাঠিয়ে দিল। এত খাবার এল যে, সকলে মিলে সে খাবার খেয়ে ফুরাতে পারল না। তারপর লালু সরাইওলাকে বলল, 'রাজার খাবার খেলাম দেখলে, এবার আমি রাজার বাড়ি গিয়ে তাঁর মেয়েকে বিয়ে করব।' সরাইওলা বলল, 'সে কেমন করে হবে? তাঁর তো আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে।' সে কথায়, লালু রাক্ষসের সাতটা জিব বার করে তাকে দেখাল। এদিকে রাজার বাড়িতে হুলুস্থুল। রাজা এসে তাঁর মেয়েকে জিজ্ঞাসা করলেন, 'এর মানে কী মা? আজ সকাল থেকে এত সব জন্তুজানোয়ার তোমার কাছে আনাগোনা করছে কেন?' মেয়ে উত্তর দিল, 'সবই বলছি বাবা। আগে, এই জন্তুদের যিনি মনিব, তাঁকে নেমন্তন্ন করে পাঠাও।' রাজা অমনি লালুকে নিমন্ত্রণ করে আনতে সরাইখানায় লোক পাঠালেন। তখন লালু সরাইওলাকে বলল, 'দেখলে! রাজা নিজে আমায় ডেকে পাঠিয়েছেন!' তারপর সে রাজার লোককে বলল, 'রাজামশাইকে বল গিয়ে, আমাকে রাজার মতো পোশাক আর ছয় ঘোড়ার গাড়ি পাঠাতে, তবে যাব।' রাজা এ কথা শুনে মেয়েকে গিয়ে বললেন, 'কী করি মা? সে লোক যে রাজার মতো পোশাক আর ছয় ঘোড়ার গাড়ি চায়!' মেয়ে বলল, 'দাও, ভালো হবে।' রাজার মতো পোশাক পরে ছয় ঘোড়ার গাড়ি চড়ে যখন লালু রাজসভায় গেল, তখন সকলে তাকে দেখে মনে মনে বলল, 'আহা, কী সুন্দর!' রাজা নিজে এসে তাকে ডেকে নিলেন। সভায় ঢের লোকজন বসেছে, রাজামশাই আছেন, তাঁর মেয়ে আছে, আর আছে সেই মিথ্যাবাদী মন্ত্রীর ছেলে। লালুকে দেখেই তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে সে সভায়, সকলের সামনে লালু বলল, কেমন করে সে আর তার জন্তুরা মিলে রাক্ষস মারে, কেমন করে ঘুমের ভিতর কোনো দুষ্টুলোক তার গলা কেটে রাজার মেয়েকে নিয়ে পালিয়ে যায়, আর কেমন করে তার খরগোশের গুণে বেঁচে উঠে সে আবার ফিরে এসেছে। মন্ত্রীর ছেলে অমনি চেঁচিয়ে উঠল, 'মিথ্যা কথা!' তখন লালু রাক্ষসের সেই সাতটা জিব বার করে সকলকে দেখিয়ে বলল, 'এই সেই রাক্ষসের জিব, আমি কেটে রেখেছিলাম। রাক্ষসের শরীর শীঘ্র পচে না, এখনো হয়তো পাহাড়ের উপর পড়ে আছে। গিয়ে দেখে আসতে পার।' রাজা তাঁর মেয়েকে বললেন, 'এ সব কথা কি সত্যি? তুমি এতদিন বলনি কেন?' মেয়ে বলল, 'সব সত্যি! বলিনি ভয়ে। মন্ত্রীর ছেলে শাসিয়েছিল, কাউকে যদি বলি, আমায় কেটে ফেলবে!' তারপর সভাসুদ্ধ লোক ছুটল রাক্ষসের পাহাড়ে। প্রকাণ্ড সাতমুখো রাক্ষস পাহাড় জুড়ে পড়ে আছে। সাতটা মুখের হাঁয়ের ভিতর দেখা গেল, একটাতেও জিব নেই। মন্ত্রীর ছেলে তখন বলে কী, 'রাক্ষসের তো জিব থাকে না!' কিন্তু তা বললে কী হবে? রাক্ষসের মুখে তার জিবের গোড়াগুলো স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে। লালুর সঙ্গের সেই সাতটা জিব সেগুলোর সঙ্গে অবিকল মিলে গেল। আর কি কারোর 'না' বলবার জো আছে? আর, 'না' বললেই-বা শোনে কে? তখন মন্ত্রীর ছেলের মাথা মুড়িয়ে, ঘোল ঢেলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হল। তারপর রাজা খুব জাঁকজমকে লালুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দিলেন। তাঁর বয়সও হয়েছিল ঢের, কাজেই রাজ্যও সেইসঙ্গে দিয়ে দিলেন তারই হাতে। রাজা হয়েও কিন্তু লালুর শিকারের শখ কমল না। সে প্রায়ই জন্তুদের নিয়ে শিকার করতে যেত রাজবাড়ি থেকে ক্রোশ-তিনেক দূরে। 'ডাইনির বন' বলে এক প্রকাণ্ড বন ছিল, সে বনে দিনের বেলায়ও কেউ যেতে সাহস করত না। লালু ভাবল, একদিন সেই বনে শিকার করতে হবে। এই ভেবে সে ঢের লোকজন আর জন্তুদের নিয়ে চলল ডাইনির বনে। বনের ধারে গিয়ে তারা দেখল একটি সাদা ধপধপে হরিণ সেখানে চরে বেড়াচ্ছে। হরিণ তাদের দেখেই ছুটে জঙ্গলের ভিতরে চলে গেল। লালুও অমনি জন্তুগুলোকে নিয়ে, হরিণের সঙ্গে সঙ্গে জঙ্গলে ঢুকল; লোকজনদের বলে গেল, 'তোমরা অপেক্ষা কর, আমি হরিণটা মেরে আসি।' সে খ্যাপা হরিণ এমনি ছুটছে যে, তাকে কোনোমতেই ধরা যাচ্ছে না। অনেকক্ষণ ছুটে ছুটে হঠাৎ দেখা গেল আর সেটা কোথাও নেই। তখন লালুর খেয়াল হল তার পথ ছেড়ে অনেক দূরে এসে পড়েছে। ঘোর বন, তাতে সন্ধ্যা উপস্থিত। এখন আর সেখানে রাত কাটানো ভিন্ন উপায় কী? কাজেই একটা বড় গাছ খুঁজে নিয়ে, তারি তলায় সে আর জন্তুরা শোবার জোগাড় করল। জন্তুরা খুঁজে খুঁজে শুকনো কাঠ এনে প্রকাণ্ড ধুনি জ্বেলেছে। সকলে তার পাশে সবে বসেছে, এমন সময়ে গাছের উপর কে যেন বলছে 'হী-হী-হী! বড় শীত!' লালু চেয়ে দেখে, এক বুড়ি সেখানে বসে ঠকঠক করে কাঁপছে। বুড়ি আবার যখন বলল, 'হী-হী-হী! বড় শীত!' তখন লালু বলল, 'শীত করে তো আগুনের ধারে এসে বস না। ওখান থেকে হী-হী করছ কেন?' বুড়ি বলল, 'তোমার জন্তুগুলোর ভয় নামতে পারছি না।' লালু বলল, 'জন্তুরা কিছু বলবে না।' বুড়ি তখন 'তার চেয়ে এক কাজ কর; এই ডালটা ওদের ছুঁইয়ে দাও, তা হলেই ওরা আমাকে কিছু বলতে পারবে না।' বলে সেই গাছের একটা ডাল ভেঙে নিচে ফেলে দিল। লালু সে ডাল দিয়ে জন্তুগুলোকে ছুঁইয়ে দেবামাত্র তারা পাথর হয়ে গেল। ততক্ষণে দুষ্টু বুড়ি গাছ থেকে লাফিয়ে পড়ে তাড়াতাড়ি সেই ডাল ছুঁইয়ে লালুকেও ফেলল পাথর বানিয়ে। ওদিকে সঙ্গের লোকেরা বনের ধারে সারারাত বসে আছে- তাদের রাজা আর আসে না! পরদিন তারা রানিকে গিয়ে খবর দিল, 'কাল একটা সাদা হরিণ তাড়া করে রাজা ডাইনির বনে ঢুকেছেন, আর আসেননি।' রানি কেঁদে সারা হতে লাগল, কিন্তু রাজা এল না।
এদিকে হয়েছে কী- ভুলুও এতদিন তার সিংহ, ভালুক, নেকড়ে, শেয়াল আর খরগোশ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। অনেক রকম দেখছে, শিখছেও ঢের; এখন সে একটু একটু জাদুবিদ্যাও জানে। এর মধ্যে একদিন হঠাৎ তার খেয়াল হল একবার ছুরিটা গিয়ে দেখে আসতে। ভাই না জানি কেমন আছে; এই ভেবে ভুলু সেই বটগাছের নিচে এল, যেখানে তারা ছুরি বিধিয়ে রেখে গিয়েছিল। সেখানে এসে দেখে, ছুরিখানার এক পিঠের অর্ধেকটা মরচে পড়ে গিয়েছে। তখন সে মনের দুঃখে অস্থির হয়ে বলতে লাগল, 'হায় হায়! না জানি তার কী বিপদ হয়েছে!' যা হোক সে এটুকুও বুঝতে পারল যে, ছুরির সবটাতে যখন মরচে ধরেনি, শুধু অর্ধেকটায় ধরেছে, তখন লালু নিশ্চয় বেঁচে আছে। এই ভেবে সে সেই পুবদিকের রাস্তা ধরে, প্রাণপণে লালুর সন্ধানে ছুটে চলল। ছুটতে ছুটতে ভুলু একেবারে লালুর রাজধানীতে এসে উপস্থিত। সিংহদরজায় পাহারাওলা দাঁড়িয়ে আছে, ভুলুকে তারা দেখেই যারপরনাই ব্যস্ত আর খুশি হয়ে সেলাম করে বলল, 'মহারাজ, আসুন আসুন! রানিমা আপনার জন্য কেঁদে কেঁদে সারা হলেন।' ভুলু তখনই বুঝল যে, এরা লালু ভেবেই তাকে ডাকছে। সে দেখতে ঠিক লালুরই মতো, আর তার সঙ্গেও একটা সিংহ, একটা ভাল্লুক, একটা নেকড়ে, একটা শেয়াল আর একটা খরগোশ আছে। সে পাহারাওলাদের কিছু না বলে, সোজাসুজি ঢুকল গিয়ে রাজবাড়িতে; আর অমনি 'রাজা এসেেেছন রাজা এসেছেন' বলে ভয়ানক হৈ-চৈ পড়ে গেল। রানি তাকে দেখে মনে করেছে সে লালু। তার এত আনন্দ হল যে বলবার নয়। 'কী হয়েছিল?' 'কোথায় গিয়েছিলে?' এইসব কত কথা জিজ্ঞাসা করতে লাগল সে। ভুলু মহা মুশকিলে পড়ল। এসব কথার কী উত্তর দেবে? তাই সে নানান কাজের ছল করে একটু দূরে-দূরে থাকে, আর লালুর খবর জানতে বিধিমতো চেষ্টা করে। ক্রমে সে এইটুকু জানল যে লালু একটা সাদা হরিণ তাড়িয়ে নিয়ে ডাইনির বনে ঢুকেছিল, আর ফেরেনি। জেনে, সে লোকজন আর জন্তুদের নিয়ে উপস্থিত হল সেই ডাইনির বনে।
লালু যেমন দেখতে পেয়েছিল ভুলুও ঠিক তেমনি দেখল, বনের ধারে একটা সাদা হরিণ দাঁড়িয়ে। ভুলুও লোকজনদের বাইরে রেখে কেবল জন্তুদের নিয়ে হরিণের পিছুপিছু বনের ভিতর গিয়ে ঢুকল, আর হরিণটা ঠিক লালুর মতো তাকেও হয়রান করে হঠাৎ কোথায় মিলিয়ে গেল আর দেখতে দেখতে অন্ধকার হয়ে এল। ভুলু কিনা- জাদু জানে, সে অমনি বুঝেছে, 'এ ডাইনির মায়া।' তারপর তারা রাত কাটাবার জন্য একটা গাছের নিচে আগুন জ্বালাতেই, গাছের উপর থেকে সেই বুড়ি বলছে, 'হী-হী-হী! বড় শীত!' তাকে দেখে ভুলু ডাইনি বলে চিনতে পেরে বলল, 'শীত লাগে তো নেমে আয় না। গাছে বসে হী-হী করলে কী হবে?' ডাইনি বলল, 'আগে তোমার জন্তুগুলোকে তাড়াও না, ওরা কামড়ে দেবে।' ভুলু বলল, 'আমি জন্তু তাড়াব না; তুই নামবি তো নাম, না হলে তীর ছুড়ব।' বুড়ি বলল, খুব চেঁচিয়ে হেসে, 'হাঃ- হা। মার দেখি তীর।' ভুলু তখনি সবচেয়ে ধারালো দেখে একটা তীর বুড়িকে ছুড়ে মারল। কিন্তু তীরে বুড়ির কিছুই হল না। সে তীর বরং তার গায়ে ঠেকে ভোঁতা হয়ে ফিরে এল, যেন লোহায় ঠেকেছে! তখন ভুলুর মনে পড়ল যে, ডাইনিদের শুধু আগুনে পুড়িয়ে মারা যায়, তীর বর্শা তলোয়ারে তাদের কিছু হয় না। ভুলু অমনি তার জন্তুদের দিয়ে বোঝা বোঝা কাঠ আনিয়ে, সেই গাছের নিচে প্রকাণ্ড আগুন জ্বেলে ফেলল। আগুন দেখেই তো বুড়ি কেঁপে চেঁচিয়ে অস্থির- 'দোহাই বাবা, দোহাই তোমাদের! আমি এখুনি নামছি।' 'তবে শিগগির নেমে আয়, আর আমার ভাইকে কী করেছিস বল!' বলতেই বুড়ি কাঁপতে কাঁপতে নেমে এসে, সেই গাছের একটা ডাল চারিদিকের পাথরগুলোকে ছুঁইয়ে দিতে লাগল। অমনি লালু আর জন্তুরা, আর তাদের সঙ্গে আরো কত লোক, সে পাথর থেকে উঠে দাঁড়াল। তখন একটা আনন্দের আর কোলাকুলির ধুম পড়ে গেল চারিদিকে। সকলে তাতেই ব্যস্ত, এর মধ্যে যে বুড়ি কখন সরে পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর বনও কোথায় চলে গেছে, তা কেউ টের পায়নি। কী আশ্চর্য, দিনের আলোও ফুটেছে! বাড়ি ফিরবার পথে দু-ভাই পরামর্শ করল, 'একটা মজা করা যাক। আমরা দুজনেই ঠিক একরকম দেখতে, দুজনেরই রাজবেশ, আর দুজনেরই সঙ্গে একই রকম জন্তু আছে। চল আমরা একজন উত্তরদিকে, আর একজন দক্ষিণদিকের দরজা দিয়ে গিয়ে বাড়িতে ঢুকি। দেখি সকলে কী করে!'
এদিকে বুড়ো রাজা তাঁর মেয়েকে নিয়ে সভায় বসেছেন, মেয়েই তো তখন দেশের রানি। তিনি অপেক্ষা করছেন ভুলুর জন্য, কখন সে শিকার থেকে ফিরবে। এই সময়ে উত্তর দরজার প্রহরী এসে বলল, 'রাজা আসছেন!' ঠিক একই সময়ে দক্ষিণ দরজার প্রহরীও এসে বলল, 'রাজা আসছেন!' বুড়ো রাজা জিজ্ঞাসা করলেন, 'সে কী রকম! তুমি উত্তর দরজার প্রহরী, তুমি বলছ, 'রাজা আসছেন'! আর তুমি দক্ষিণ দরজার প্রহরী, তুমিও বলছ, 'রাজা আসছেন'! কার কথা ঠিক? রাজা কোন্ দরজা দিয়ে আসছেন? উত্তর দরজার প্রহরী উত্তর করল, 'আজ্ঞে, উত্তর দরজা দিয়ে।' দক্ষিণ দরজার প্রহরী উত্তর করল, 'আজ্ঞে না, দক্ষিণ দরজা দিয়ে।' বলতে বলতেই সভাঘরে দুইদিক দিয়ে দু-ভাই এসে উপস্থিত হয়েছে। বুড়ো রাজা অবাক, রানি অবাক, সভাসুদ্ধ সকলে অবাক! শেষে বুড়ো রাজা তাঁর মেয়েকে বললেন, 'মা তুমিই চিনে নাও কে আসল রাজা।' রানিও প্রথমটায় মহা মুশকিলে পড়ে ছিল, শেষে হঠাৎ তার চোখ পড়ল লালুর সিংহের গলায় তার দেওয়া সেই পদ্মরাগ মণিটির উপর। তাই দেখে সে চিনে ফেলল লালুকে। আর তখন কী আনন্দই যে হল! সাতদিন ধরে কেউ আর লাফিয়ে ছাড়া চলেনি, সুর করে বই কথা কয়নি।