Chapter 4 of 15
আগে কথা পরে কাজ- লালবিহারী দে
14 min read
অনেক অনেক দিন আগে এক রাজা ছিলেন, তাঁর তিন ছেলে। একদিন প্রজারা দল বেঁধে এসে বলল: 'ধর্মাবতার! চোর-ডাকাতের জ্বালায় এ রাজ্যে টেকা দায় হয়ে উঠেছে। আমাদের সামান্য যা সম্পত্তি, তা-ও রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। আপনার কাছে এসেছি, যেমন করে হোক, চোর-ডাকাতদের ধরে তাদের উপযুক্ত সাজা দিন। এ কথা শুনে রাজা তাঁর ছেলেদের বললেন, 'দেখ, আমি বুড়ো হয়েছি, কিন্তু তোমরা বলিষ্ঠ জোয়ান। আমার রাজ্যে লোকে চোর-ডাকাতের ভয়ে তিষ্ঠুতে পারছে না, এ কী করে সম্ভব হল? আমি আশা করছি তোমরা চোর-ডাকাত ধরে, দেশে নিরাপত্তা ফিরিয়ে আনবে।' রাজপুত্ররা ঠিক করলেন সারারাত জেগে রাজধানীর পথে পথে টহল দেবেন। এই মনে করে, নগরের উপকণ্ঠে তাঁরা একট ঘাঁটি করলেন; সেখানে তাঁদের ঘোড়া, অস্ত্রশস্ত্র তৈরি থাকবে। রাতের প্রথম দিকে বড় রাজপুত্র ঘোড়ায় চড়ে সমস্ত শহরে চক্কর দিয়ে এলেন, কোথাও কোনো চোর-ডাকাতের চিহ্ন দেখতে পেলেন না। বড় রাজপুত্র ঘাঁটিতে ফিরে এলে পর, মাঝরাতে মেজ রাজপুত্র উঠে ঘোড়ায় চড়ে সমস্ত শহর ঘুরে কোথাও কোনো চোর-ডাকাতের সাড়া পেলেন না। তিনিও ঘাঁটিতে ফিরে এলেন। শেষরাত্রে ছোট রাজপুত্র নগর ঘুরতে বেরোলেন। রাজবাড়ির কাছাকাছি যখন পৌছেছেন, তখন দেখলেন একজন পরমাসুন্দরী মেয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। তাড়াতাড়ি তাঁর কাছে গিয়ে ছোট রাজপুত্র জিজ্ঞাসা করলেন, 'আপনি কে? একলা এত রাতে কোথায় যাচ্ছেন?' তখন সেই সুন্দরী উত্তর দিলেন, 'আমি রাজলক্ষ্মী, এই রাজবাড়ির অধিষ্ঠাত্রী দেবী। আজ রাতে মহারাজ নিহত হবেন, কাজেই আমার এখানকার কাজ ফুরোল। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।' এ কথা শুনে রাজপুত্র হতভম্ব হয়ে গিয়ে, কী যে করা উচিত ভেবে পেলেন না। তারপর একটু চিন্তা করে দেবীকে বললেন, 'কিন্তু ধরুন যদি মহারাজা আজ রাতে না-ই নিহত হলেন, তাহলে আবার ফিরে এসে রাজবাড়িতে বাস করতে আপনার কোনো আপত্তি নেই তো?' দেবী বললেন, 'তাহলে আমার চলে যাবার কোনো কারণই থাকবে না।' ছোট রাজপুত্র হাতজোড় করে দেবীর কাছে এই প্রার্থনা করলেন, 'মা, আপনি এখনি চলে যাবেন না। আমি মহারাজের প্রাণ বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করব।'
দেবীর দয়া হল, তখনি তিনি রাজবাড়িতে ফিরে গেলেন। তাঁর পিছন পিছন ভিতরে ঢুকে কিন্তু ছোট রাজপুত্র কোথাও দেখতে পেলেন না আর অপেক্ষা না করে, রাজপুত্র সোজা তাঁর বাবার মহলে গেলেন। রাজা তাঁর সোনার পালঙ্কে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঘরের কোণে আরেকটি ছোট খাটে রাজার দ্বিতীয় পক্ষের অল্পবয়সী স্ত্রী ঘুমোচ্ছিলেন। মিটমিট করে একটি প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের আলোয় ভয়ঙ্কর এক দৃশ্য দেখে ছোট রাজপুত্র শিউরে উঠলেন। দেখলেন প্রকাণ্ড একটা কেউটেসাপ রাজার পালঙ্কের চারিদিকে ঘুরছে। রাজপুত্র তাকে দেখবামাত্র দু-টুকরো করে কেটে ফেললেন। তাতেও মন উঠল না। টুকরো দুটোকে শত খণ্ড করে রাজার মস্ত সোনার পানের পাত্রের মধ্যে ভরে রাখলেন। কিন্তু সাপের গায়ের একফোঁটা রক্ত ছিটকে রানির বুকের উপর পড়ল। ছোট রাজপুত্র তাই দেখে দুর্ভাবনায় ব্যাকুল হয়ে উঠলেন। সাপের রক্তে যদি বিষ থাকে, তাহলে তো বিমাতার প্রাণ যাবে। রাজপুত্র মনে মনে বললেন, 'শেষে কি বাপকে বাঁচাতে গিয়ে মাকে মারলাম!' এখন কী করা যায়? হঠাৎ এক বুদ্ধি এল। নিজের জিবে তাঁর রেশমি চাদর সাত পুরু করে জড়িয়ে নিয়ে রাজপুত্র আস্তে করে রক্তের ফোঁটাটি চেটে নিলেন। সঙ্গে সঙ্গে রানির ঘুম ভাঙল। তিনি চোখ খুলেই দেখেন খাটের পাশে ছোট রাজপুত্র দাঁড়িয়ে, হাতে তলোয়ার। বিমাতাকে চোখ খুলতে দেখে লজ্জা পেয়ে, ছোট রাজপুত্র কিছু না বলে, সেখান থেকে পালিয়ে গেলেন। সতিনের ছেলের ওপর রানির বড় রাগ। তিনি ভাবলেন রাজপুত্রের সর্বনাশ করবার এই তো সুযোগ। যেমন ভাবা তেমনি কাজ। রানি চিৎকার করে উঠলেন। রাজাও ধড়মড় করে উঠে বসলেন! 'কী হল? কী হল, রানি?' রানি বললেন, 'হবে আবার কী? হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে দেখি তোমার আদরের ছোট ছেলে তলোয়ার হাতে আমার খাটের পাশে দাঁড়িয়ে। মতলব ওর ভালো নয়। হাজার হোক সেই সর্বনাশীর ছেলে তো। আর এরই না তুমি সুখ্যাতি কর!' শুনে রাজা স্তম্ভিত। এ দিকে ছোট রাজপুত্র ঘাঁটিতে ফিরে গিয়ে দাদাদের কিছুই বললেন না। পরদিন ভোরে বড় রাজপুত্রকে ডেকে পাঠালেন রাজা। তাঁকে জিজ্ঞাসা করলেন, 'যাকে আমি প্রাণ দিয়ে মন দিয়ে, বিশ্বাস করি, সে যদি বিশ্বাসঘাতকতা করে, তার কী সাজা পাওয়া উচিত?' বড় রাজপুত্র বললেন, 'তার গর্দান নেওয়া উচিত মহারাজ। কিন্তু তার আগে দেখা উচিত সে সত্যি বিশ্বাসঘাতকতা করেছে কি না।' রাজা অবাক হয়ে বললেন, 'তার মানে কী হল?' বড় রাজপুত্র বললেন, 'তাহলে শুনুন মহারাজ :
সে-কালে এক স্যাকরা ছিল। তার একজন বয়স্ক ছেলে ছিল। সেই ছেলের বউ ছিল, জন্তু-জানোয়ারের ভাষা বুঝতে পারত। কিন্তু তার ওই অসাধারণ বিদ্যার কথা, তার স্বামী কিম্বা আর কেউ-ই জানত না। একদিন হয়েছে কী, রাতে বউ তার স্বামীর পাশে শুয়ে আছে, হঠাৎ বাড়ির কাছে নদীর ধারে শেয়াল ডেকে উঠল। বউ শুনল শেয়াল বলছে, 'নদীতে একটা মরা ভেসে যাচ্ছে। তার হাতে হীরের আংটি। আহা, কেউ যদি মড়াটা তুলে, আংটিটা খুলে নেয়, তাহলে বাকিটা আমি খাই! হু- হু হুয়া!' তাই শুনে বউ আর থাকতে পারল না। চুপি চুপি উঠে, দরজা খুলে নদীর ধারে গেল। কিন্তু তার স্বামীও জেগে ছিল। স্ত্রীকে হঠাৎ উঠে বাইরে যেতে দেখে, তার বড় কৌতূহল হল। সে-ও লুকিয়ে পিছন চলল। বউ নদীর ধারে গেল। স্যাকরার ছেলেও সেখানে গিয়ে, ঝোপের পিছনে লুকিয়ে থেকে এক বীভৎস দৃশ্য দেখল।
নদীতে একটা মরা ভেসে যাচ্ছে; বউ জলে নেমে সেটাকে টেনে তীরের কাছে আনল। এ দিকে মরার আঙুলের হীরের আংটিটা বউ কিছুতেই টেনে খুলতে পারল না। জল লেগে আঙুল ফুলে গেছিল। তখন কী আর করে, দাঁত দিয়ে আঙুলটা কেটে ফেলে, আংটি খুলে নিয়ে বউ বাড়ি ফিরে গেল। মড়াটা ডাঙায় পড়ে রইল। স্যাকরার ছেলে কিন্তু আসল ব্যাপারটা বুঝতে না পেরে ভাবল, বউ তবে মানুষ নয়, নিশ্চয়ই কাঁচা-খেকো রাক্ষসী! বউ বাড়ি ফেরার আগেই সেখান থেকে একদৌড়ে বাড়ি গিয়ে, সে ভয়ে কাঠ হয়ে শুয়ে রইল। একটু পরে বউ এসে পাশে শুল। সারারাত স্যাকরার ছেলের ঘুম হল না। এ-পাশ ও-পাশ করে রাত কাটিয়ে, সকালে আর থাকতে না পেরে, বাবাকে গিয়ে বলল; 'বাবা, এ কেমন মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছ? ও তো সত্যিকার মানুষ নয়, ও একটা রাক্ষসী। কাল রাতে ওর পাশে শুয়ে আছি, এমন সময় বাইরে নদীর ধারে বিকট স্বরে শেয়াল ডাকল। বউ ভাবল আমি ঘুমিয়ে আছি। অমনি চুপিচুপি উঠে, দরজা খুলে বেরিয়ে নদীর ধারে গেল। আমি ভাবলাম এ আবার কী হল! নদীর ধারে যদি কোনো বিপদ হয়। লুকিয়ে লুকিয়ে ওর পিছু নিলাম। ও টের পেল না। নদীর ধারে গিয়ে সে কী বীভৎস দৃশ্য দেখলাম সে আর কী বলব। জলে একটা মরা ভেসে যাচ্ছিল। বউ জলে নেমে, সেটাকে টেনে পাড়ে এনে, খেতে আরম্ভ করে দিল! এ আমার নিজের চোখে দেখা! ভয়ে আমার প্রাণ উড়ে গেল। তখুনি বাড়ি ফিরে এসে বিছানায় শুয়ে সারারাত ঠকঠক করে কেঁপেছি। একটু পরে ওই বীভৎস খাওয়া শেষ করে, বউ-ও এসে দোর বন্ধ করে, ভালোমানুষের মতো শুয়ে পড়ল। কিন্তু রাক্ষসীর সঙ্গে আমি কী করে ঘর করি? কোনোদিন না আমাকেও মেরে খেয়ে ফেলে, তাই-বা কে জানে!' এই বিকট গল্প শুনে বুড়ো স্যাকরার চক্ষু স্থির! তখন বাপ-ব্যাটাতে মিলে ঠিক করল বউকে ভুলিয়ে-ভালিয়ে ঘোর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে আসতে হবে, যাতে হিংস্র বুনো জানোয়াররা তাকে মেরে খায়। তা ছাড়া আর উপায় নেই। বউ এ দিকে সকালে উঠে স্নান সেরে, রান্নাঘরে গিয়ে রাঁধা-বাড়ার জোগাড় করছিল। তার স্বামী এসে বলল, 'আজ আর বেশি কিছু রেঁধো না গো, শুধু একটু বেগুনপোড়া ভাত কর।' বউকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে, স্যাকরার ছেলে হেসে বলল, 'ও মা, তা-ও জান না; তোমাকে যে আজ বাপের বাড়ি নিয়ে যাব। তোমার মা-বাবা কতকাল তোমায় দেখেননি!' শুনে বউ আহ্লাদে গদগদ। দেখতে দেখতে বেগুনপোড়া ভাত তৈরি হয়ে গেল। তেল-লঙ্কা দিয়ে তাই খেয়ে বেলা বাড়বার আগেই তারা রওনা হল। পথে ঘন বন। সেইখানে বউকে ছেড়ে আসার কথা। বুনো জানোয়াররা তাকে খাবে। বনের পথ দিয়ে যেতে-যেতে হঠাৎ কানে এল সাপের ফোঁশফোঁশানি! বউ অমনি বুঝতে পারল সাপ বলছে, 'ওগো পথিক! ওই গর্তে একটা ব্যাঙ ডাকছে। গর্তের নিচেটা সোনাদানা মণিমাণিক্যে ঠাসা। যদি ব্যাঙটা আমাকে দিয়ে, সোনাদানাগুলো নিয়ে যাও, তাহলে কী খুশি যে হই!' এই কথা শুনেই বউ একটা কাঠি দিয়ে ব্যাঙটাকে বের করে ঝোপের মধ্যে ফেলে, গর্তের তলাটা খুঁড়তে লাগল। তাই দেখে স্যাকরার ছেলের অবস্থা কাহিল। 'এ কী ব্যাপার রে বাবা! এবার আমাকে মেরে খাবে নাকি?' বউ কিন্তু স্বামীকে ডেকে বলল, 'ওগো এই সোনাদানা মণিমাণিক্যগুলো চাদরে বেঁধে নাও তো দেখি।' স্যাকরার ছেলের বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেছিল। ভয়ে ভয়ে তার কাছে গিয়ে তার দু-চোখ কপালে উঠে গেল। গর্তটা সত্যিসত্যি ধনরত্নে ভরা। তখন দুজনে মিলে যতটা পারে ধনরত্ব তুলে পুঁটলি বাঁধল। এতক্ষণ পরে সাহস পেয়ে স্যাকরার ছেলে বউকে জিজ্ঞাসা করল 'আচ্ছা তুমিকী করে বুঝলে ওখানে সোনাদানা পোঁতা আছে?' বউ বলল, 'আমি যে জীবজন্তুর ভাষা বুঝি। ওই সাপটা যে ফোঁশফোঁশ করছিল, সে-ই বলেছিল ধনরত্বের কথা।' তখন স্যাকরার ছেলে মনে মনে বলল, 'তাহলে আমি নিশ্চয় সমস্ত ব্যাপারটা ভুল বুঝেছি। আমার বউয়ের এত বিদ্যে তা তো জানতাম না। এমন স্ত্রী পাওয়া আমার সৌভাগ্য।' এই ভেবে বউকে বলল 'দেখ, আজ বড় দেরি হয়ে গেল। রাতের আগে তোমার বাপের বাড়ি পৌঁছতে পারব না। এ বনে বড় হিংস্র জানোয়ারের ভয়। চল, আজকের মতো বাড়ি ফিরে যাই।' বাড়ি পৌঁছতে অনেক সময় লাগল, কারণ মেলা জিনিসপত্র সোনাদানা বয়ে নিয়ে যেতে হল। বাড়ির কাছে পৌছে স্যাকরার ছেলে বলল : দেখ, তুমি খিড়কি দিয়ে ঢোক; আমি সামনের দোকানঘরে বাবার সঙ্গে দেখা করে বাবাকে মণিমাণিক্যগুলো দেখিয়ে আনি।' দুজনে বাড়ির দু-দিক দিয়ে ঢুকল। দুঃখের বিষয়, খিড়কির দোর দিয়ে ঢুকেই বউয়ের বুড়ো শ্বশুরের সঙ্গে দেখা হল। বুড়ো স্যাকরা কোনো কাজে ভিতর-বাড়িতে এসেছিল, তার হাতে ছিল একটা হাতুড়ি। হঠাৎ রাক্ষসী বউয়ের সঙ্গে মুখোমুখি হওয়াতে, বুড়ো ধরে নিল নিশ্চয় স্বামীকে খেয়ে এবার শ্বশুরকে খেতে এসেছে; অমনি হাতুড়ি তুলে দিয়েছে বউয়ের মাথায় এক বাড়ি। সঙ্গে সঙ্গে বউটা মরে গেল। ঠিক সেই সময় তার স্বামীও এসে ঘরে ঢুকে দেখল সর্বনাশ হয়ে গেছে। তখন আর কিছু করার উপায় রইল না।
বড় রাজপুত্র গল্প শেষ করে বললেন, 'অতএব মহারাজ, কারো গর্দান নেবার আগে একবার ভালো করে খবর নেবেন সে সত্যি অপরাধী কি না।' বড় রাজপুত্রের কথা শুনে বিশেষ চিন্তিত হয়ে রাজা মেজ রাজপুত্রকে ডেকে বললেন, 'যাকে আমি প্রাণ দিয়ে মন দিয়ে বিশ্বাস করি, সে যদি বিশ্বাসঘাতকতা করে, তবে তার কী সাজা পাওয়া উচিত?'. মেজ রাজপুত্র বললেন, 'তার গর্দান যাওয়াই উচিত, এ কথা বলাই বাহুল্য। কিন্তু কারো প্রাণদণ্ড দেবার আগে বিবেচনা করা উচিত সে সত্যি অপরাধী কি না।' রাজা বললেন, 'তুমি কী বলতে চাও?' মেজ রাজপুত্র বললেন, 'তাহলে একটা গল্প শুনুন, মহারাজ :
"অনেক দিন আগে এক রাজা ছিলেন, তাঁর ভারি শিকারের শখ। একবার শিকার করতে গেছেন, তাঁর ঘোড়ার কী খেয়াল হল, তাঁকে পিঠে নিয়ে ঘোর জঙ্গলের ভিতরে দৌড় দিল। দেখতে দেখতে সঙ্গীসাথীরা কোথায় পিছনে পড়ে রইল, তাদের আর কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। কী আর করেন, রাজা, ঘন বনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলেন, কিন্তু কোথাও কোনো গ্রাম বা নগরের চিহ্ন দেখতে পেলেন না। এ দিকে তাঁর বেজায় জলতেষ্টা পেয়েছিল, কিন্তু কোনো পুকুর কি হ্রদ, কি নদীও চোখে পড়ল না। এমন সময় দেখেন একটা গাছের উপর থেকে টপটপ করে কী যেন পড়ছে। রাজা ভাবলেন, এ নিশ্চয় বৃষ্টির জল। গাছের কোটরে কী করে জমা হয়েছিল। এই মনে করে একটা ছোট পেয়ালায় করে সেই জল ধরতে লাগলেন। আসলে ওটা বৃষ্টির জল ছিল না। গাছের উপর প্রকাণ্ড এক কেউটেসাপ রাগের চোটে গাছের গায়ে দাঁত ঘষছিল, আর দাঁত থেকে টপটপ করে বিষ ঝরে পড়ছিল। রাজা কিন্তু ভাবলেন বৃষ্টির জল। যদিও ঘোড়া বুঝেছিল তা নয়। পেয়ালাটা যখন প্রায় ভরে এসেছে রাজা এবার চুমুক দেবেন, তখন প্রভুর প্রাণ বাঁচাবার জন্য ঘোড়াটা হঠাৎ নড়েচড়ে উঠল। ঝাঁকানি লেগে পেয়ালাটা রাজার হাত থেকে পড়ে গেল, জলীয় পদার্থটাও মাটিতে গড়াতে লাগল। রাজার মাথায় খুন চড়ে গেল, অমনি তলোয়ার বের করে লাগালেন ঘোড়ার গলায় এক কোপ! ঘোড়াটা সঙ্গে সঙ্গে মারা গেল। তাই বলছিলাম মহারাজ, একটা মানুষের গলা কাটার আগে, সে সত্যি দোষী কি না সেটা তো দেখা দরকার।"
রাজা তখন ছোট রাজপুত্রকে ডেকে বললেন, 'দেখ, যদি কাউকে আমি প্রাণ-মন দিয়ে বিশ্বাস করি আর সে যদি বিশ্বাসঘাতকতা করে, তবে তার কী সাজা পাওয়া উচিত?'
ছোট রাজপুত্র বললেন, 'নিঃসন্দেহে তার গর্দান নেওয়া উচিত। তবে তাকে মেরে ফেলার আগে, সে সত্যি বিশ্বাসঘাতক কিনা, সেটা অনুসন্ধান করা উচিত।' ছোট রাজপুত্র বললেন, 'তাহলে একটা গল্প শুনুন, মহারাজ :
সে কালে এক রাজা ছিলেন, তাঁর প্রাসাদে একটা আশ্চর্য শুকপাখি ছিল। একদিন সেই শুকপাখি মাঠে হাওয়া খেতে গেছে, এমন সময় তার মা-বাপের সঙ্গে দেখা। মা-বাবা বলল, অনেকদিন বাড়ি আসনি, বাবা। সেখানে সবাই তোমার কথা জিজ্ঞাসা করে। চল, আমাদের সঙ্গে দু-চার দিন থেকে আসবে। কোথায় সমুদ্রের ওপারে দ্বীপের মধ্যিখানে থাকি, যাও-ও না কখনো।' শুকপাখি বলল, 'মা-বাবা, আমি খুব আনন্দের সঙ্গেই তোমাদের সঙ্গে একবার যাব। তবে রাজার অনুমতি না নিয়ে তো যেতে পারি না। এক কাজ কর; কাল সকালে ঠিক এই জায়গাটিতে এস, আমিও রাজাকে বলে আসব। তারপর রওনা হয়ে যাব!' শুকপাখিরা কথা বলতে জানে। রাজা তাঁর পোষা পাখিকে বড়ই ভালোবাসতেন, তাই সহজে মত দিতে চাইছিলেন না। শুক অনেক করে বলতে শেষে রাজি হলেন। তারপর মা-বাবার সঙ্গে সমুদ্র পার হয়ে, অনেক দূরের সেই সুন্দর দ্বীপে তার পৈতৃক বাসায় ফিরে গেল। পনের দিন মা-বাবার সঙ্গে বড় সুখে কাটলে পর শুক গিয়ে মা-বাবাকে বলল, 'মা-বাবা, তোমাদের ভালোবাসা আদর-যত্ন পেয়ে আমি যে কত সুখী তা বলতে পারি না। কিন্তু রাজা আমাকে মাত্র পনের দিনের ছুটি দিয়েছেন। সেই পনের দিন আজ শেষ হল। কাল ভোরে আমাকে আবার রওনা হতে হবে।' খুব দুঃখ হলেও, এমন ন্যায্য কথায় মা-বাবা আপত্তি করতে পারলেন না। তাঁরা বললেন, 'যাও বাবা, বাধা দেওয়া আমাদের উচিত হবে না। কিন্তু যাবার সময় এখান থেকে রাজার জন্য কোনো ভালো উপহার নিয়ে যাও।' কী উপহার নেওয়া যায়? অনেক পরামর্শ করার পর তারা স্থির করল যে, ওই দ্বীপে যে অমৃতফলের গাছ আছে, তারি একটি ফল রাজাকে উপহার দেওয়া হবে পরদিন ভোরে শুক ঘুম থেকে উঠে, অমৃতফলের গাছ থেকে একটি সুন্দর ফল পেড়ে যত্ন করে ঠোঁটে করে নিয়ে, সমুদ্রের উপর দিয়ে উড়ে চলল। ফলটার ওজন ছিল; সেটিকে মুখে নিয়ে খুব তাড়াতাড়ি ওড়া সম্ভব হল না। রাত পড়ার আগে রাজার রাজধানীতে পৌঁছানোও গেল না। একটু বনের গাছের ডালে শুক আশ্রয় নিল। এখন ফলটি নিয়ে করে কী? সারারাত ঠোঁটে করে বসে থাকাও যায় না। যদি ঘুমের মধ্যে ফলটি পড়ে নষ্ট হয়? এমন সময় গাছের ওই ডালেই একটা গর্তের উপর চোখ পড়ল। খুব নিশ্চিন্ত হয়ে, শুক সেই গর্তে ফলটি রেখে দিল। এ-দিকে হয়েছে কী, ওই গর্তে একটা সাপ থাকত। বাসায় একটা কী বাইরের জিনিস দেখে সাপটা তাতে ছোবল মারল, দাঁত থেকে খানিকটা বিষ ফলের গায়ে লাগল। শুক কিছুই টের পেল না। পরদিন ভোরে আবার ফলটি ঠোঁটে তুলে রওনা হয়ে গেল। যখন রাজধানীতে পৌছল, রাজা তখন সভায় বসেছেন। শুক ফিরে এসেছে দেখে রাজা মহাখুশি। অমন সুন্দর ফল উপহার এনেছে দেখে আরো খুশি। ফলটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মিষ্টি। সারা পৃথিবীতে এর মতো আর একটিও ফল নেই। এ ফল খেলে মানুষ অমর হয়। রাজা ফলটি তুলে মুখে দিতে যাবেন, এমন সময় মন্ত্রীরা ব্যস্ত হয়ে বললেন, 'মহারাজ, পাখি যদি ফল না চিনে থাকে? যদি বিষ-ফল হয়?' দেয়ালের উপর একটা কাক বসেছিল। রাজা তার দিকে ফলটি ছুড়ে দিলেন। একটুখানি খাওয়ামাত্র কাকটা মরে পড়ে গেল। তখন রাজার মাথায় খুন চড়ল। 'কী! এই পাখিকে আমি এত ভালোবেসেছি আর ও কিনা আমাকে মেরে ফেলতে চায়!' এক মুহূর্তও চিন্তা না করে, তলোয়ারের এক কোপে রাজা তাঁর আদরের শুকপাখিকে বধ করলেন। তারপর রাজার হুকুমে বিষ-ফলের বিচিটা শহরের বাইরে নিয়ে গিয়ে একটা বাগানে পুঁতে ফেলা হল। সেই বিচি থেকে অঙ্কুর বেরোল, শিকড় গজাল, কচি পাতা হল। গাছ বাড়ল, কয়েক মাসের মধ্যে মস্ত হয়ে উঠল, তাতে ফুল ফুটল, চমৎকার দেখতে ফল ধরল। রাজা তাই দেখে গাছের চারদিকে বেড়া দিয়ে পাহারা বসালেন, যাতে তাঁর প্রজারা কেউ ওই-ফল খেয়ে না মরে। ওই-শহরে এক বুড়ো ব্রাহ্মণ আর তাঁর স্ত্রী থাকতেন। তাঁরা বড় গরিব, ছেলেপিলেও ছিল না যে বুড়ো বয়সে তাঁদের ভার নেবে। ভিক্ষে করে কোনোরকমে দিন চলত। একদিন ব্রাহ্মণ মনে মনে বললেন, 'এরকম ভিখিরি জীবনের ওপর ঘেন্না ধরে গেছে। এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই। তার চেয়ে বিষ-গাছের ফল খেয়ে মরা ভালো।' রাত গভীর হলে, ব্রাহ্মণ আস্তে আস্তে উঠে বাইরে গেলেন। ব্রাহ্মণীর মনে মনে ভয় ছিল, দুঃখকষ্ট সইতে না পেরে স্বামী কবে না কী করে বসেন। এখন তাঁকে উঠে যেতে দেখে, তিনিও লুকিয়ে লুকিয়ে পিছু নিলেন।
বিষ-ফলের গাছের চারিদিকের পাহারাদাররা ঘুমিয়ে পড়েছিল। ব্রাহ্মণ বেড়া টপকে ভিতরে গিয়ে একটা ফল পেড়ে, তখনি খেয়ে ফেললেন। তাই দেখে তাঁর স্ত্রী-ও বেড়া ডিঙিয়ে ভিতরে এসে বললেন, 'তুমি মরলে তো আর আমার বেঁচে থাকার কোনো মানে হয় না!' এই বলে তিনিও একটা ফল পেড়ে খেলেন। বিষ-ফল খেয়েও কিন্তু একটুও শরীর খারাপ হল না। তাঁরা ভাবলেন বোধ হয় ধীরে ধীরে বিষ ধরে। এই মনে করে বাড়ি ফিরে গিয়ে দুজনে শুয়ে পড়লেন। ধরেই নিলেন এই ঘুমই তাঁদের শেষ ঘুম। পরদিন সকালে ঘুম ভাঙতেই তাঁরা আশ্চর্য হয়ে দেখলেন যে, মরে তো যান-ইনি বরং শরীরে খুব তেজ আর বল এসেছে; মনে হচ্ছে বয়সটাও অনেক কমে গেছে একটু বাদেই পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দেখা। তারা তো তাঁদের দেখে অবাক! বুড়ো ব্রাহ্মণের পাকা চুল, কোঁচকানো গাল কোথায় উড়ে গেছে। তার জায়গায় জোয়ান ছোকরার মতো চমৎকার চেহারা হয়েছে। তাঁর স্ত্রীর অবস্থাও তাই; দেখে মনে হচ্ছে সুন্দরী তরুণী; রাজবাড়িতেও এমন রূপসী আছে কি না সন্দেহ। এই আশ্চর্য ব্যাপার রাজার কানে পৌঁছতে দেরি হল না। তিনি ব্রাহ্মণকে ডেকে, তার কাছে সব কথা শুনলেন। তখন তাঁর সমস্ত মন অনুতাপে ভরে গেল। তিনি বুঝতে পারলেন যে, শুক-কে মারবার আগে তার কাছে সব কথা শোনা উচিত ছিল। তিনি আর দুঃখ রাখার জায়গা পেলেন না।' গল্প শেষ করে ছোট রাজপুত্র আরো বললেন, 'সেইজন্যই বলেছিলাম মহারাজ, কারো গর্দান নেবার আগে লোকটা বাস্তবিকই অন্যায় কাজ করেছে কি না, সে বিষয়ে অনুসন্ধান করা উচিত। আমি জানি আপনার বিশ্বাস, কাল রাতে আমি কোনো কু-মতলবে আপনার ঘরে ঢুকেছিলাম। কোনো সিদ্ধান্তে আসার আগে আমার কাছে আসল ব্যাপার শুনুন। আমি কাল রাত্রে রাজপথে টহল দিতে গিয়ে দেখি এক পরমা সুন্দরী মেয়ে রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তাঁর পরিচয় জানতে চাইলে তিনি বললেন, তিনি এ বাড়ির রাজলক্ষ্মী। রাতে রাজা নিহত হবেন বলে তিনি রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আমি তাঁকে বললাম, 'চলে যাবেন না, মা, আপনি ফিরে আসুন। আমি রাজার প্রাণরক্ষা করব।' তখন তিনি ফিরে এলেন আর আমি আপনার শোবার ঘরে গিয়ে দেখি প্রকাণ্ড এক কেউটে আপনার সোনার পালঙ্কের চারদিকে ঘুরছে। ওই-সাপকে কেটে সাত টুকরো করে আপনার পানের বাটায় পুরে রেখেছি। কিন্তু তার গা থেকে একফোঁটা রক্ত ছিটকে রানিমার বুকে পড়েছিল। বড় ভয় হল বাবাকে বাঁচাতে গিয়ে-না মাকে মেরে ফেললাম! তখন আমি জিভের চারিদিকে সাতপুরু কাপড় বেঁধে রক্তটা চেটে তুললাম। মা জেগে ভাবলেন আমি বুঝি তাঁর ক্ষতি করতে এসেছি। এই তো হল আসল ব্যাপার। এখনও যদি আপনার ইচ্ছা হয়, আমার মাথা কেটে ফেলেন।' রাজা তাঁর মাথা না কেটে বুকে জড়িয়ে ধরে, অনেক আদর করলেন। পানের বাটায় সাপের টুকরো দেখে সকলেই বুঝল কী হয়েছিল। সে দিন থেকে ছোট রাজপুত্রের আদর আরো শতগুণে বেড়ে গেল।
আমার কথাটি ফুরোল, নটে গাছটি মুড়োল।