Chapter 14 of 15
ডালিমকুমার- জসীমউদ্দীন
22 min read
আরম্ভ
একালের কথা নয় সে, হাজার বছর আগে, যখনেতে রাজার বাড়ি শুকশারিকা জাগে; বেগুনতলায় বাজার বসে লঙ্কাতলায় হাট, টুনটুনিরা দোকান দিত বিছিয়ে সোনার খাট; লক্ষ বছর, তারো আগে নিরিবিলির পাড়ে, কহকুণ্ড পাখির বাসা শিমুল গাছের ঘাড়ে। সেই দেশে এক রাজা, তাহার দুইটি রানি ঘরে, মন্ত্রী কোটাল সঙ্গে লয়ে সুখে রাজ্য করে।
রাজা বলতে রাজা- সোনার থালায় ভাত, রুপোর গেলাসে রুপোর জল, সোনার খাটে শুয়ে রুপোর খাটে পা মেলে রাজা সোনার স্বপন দেখে। রাজার বাড়িতে হীরে, মণি, চুনি, পান্না, কাঞ্চন, জহরৎ, রোদে শুকাতে শুকাতে রাজার একহাজার দাসী হয়রান হয়ে গেল।
রাজার দুই রানি। সুয়োরানি আর দুয়োরানি। দুই রানির চন্দন ঘষতে ঘষতে রাজবাড়ির দশহাজার দাসীর হাত অবশ হয়ে গেল। দুই রানির গায়ের গয়না গড়াতে গড়াতে দশহাজার সোনারু দিনরাত হাপুস-হুপুস। রাজার হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া, লোক-লস্কর পেয়াদা পাইকসবসময় রাজার বাড়ি গমগম করে, ঝমঝম করে। রাজার এত থাকতেও কিছু নেই, রাজার বাড়িতে নেই ছোট্ট এতটুকুন, তুলতুলে টুকটুকে, ফুটফুটে, কোলে নেওয়া যায়, আদর করা যায়, সোনা বলা যায়, লক্ষ্মী বলা যায়, মাণিক বলা যায়, চাঁদ এনে চাঁদের চুমো চাঁদমুখো মাখিয়ে দেওয়া যায়, একেবারে জুঁইকুঁড়িটির মতো, সাগরের ফেনার মতো, ছোট্ট এতটুকুন একরত্তি একটি খোকন। রাজবাড়ির ময়ূরপঙ্খী ঘোড়া গজমোতি হাতিকে ডেকে বলে, 'তাই তো রে ভাই! সোনার বরণ একটা রাজার ছেলে যদি থাকত, তাকে পিঠে করে ছুটে চলে যেতাম সেই তেপান্তরের মাঠে। সেখানে এক সোনার বরণ রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র ফিরে আসত ঘরে, রাজবাড়িতে জয়ডঙ্কা বাজত, রাজপুরীতে জয়-জোকার পড়ত, কী মজাই না হত।' গজমোতি হাতি ময়ূরপঙ্খী ঘোড়াকে বলে, 'আরে ভাই, রাজবাড়ির হীরা, মণি, পান্না খেয়ে খেয়ে দাঁতগুলো ক্ষয়ে গেল- পিঠটা কেবল উঠ-বস করছে। সোনার বরণ একটা রাজার ছেলে যদি থাকত এক্ষুনি চলে যেতাম তাকে পিঠে করে হরিণ শিকারে।' রাজার বাগান ভরা ফুল- বাতাসে হেলে রৌদ্রে খেলে; সোনার বরণ একটা রাজার ছেলে থাকলে ফুলের মালা গেঁথে গলায় পরত। রাজার বাড়িতে একটা ছোট্ট খোকন নেই। রাজার মনে সুখ নেই, রানির মনে সুখ নেই, মন্ত্রীর মনে সুখ নেই, কোটালের মনে সুখ নেই, হাওলাদারের মনে সুখ নেই, পাঙ্খাবরদারের মনে সুখ নেই— তবু রাজার দিন কাটে সুখে-দুঃখে। একদিন স্তব্ধ দুপুরবেলা— খাঁ খাঁ করে রৌদ্র, রাজবাড়ির দেউড়িতে লকলক ঝকঝক তলোয়ার কোমরে গুঁজে সিপাই-শাস্ত্রিরা ঘুমে ঢুলছে, এমন সময় রাজবাড়িতে এক ফকির এসে- দম দম মন্দার বলে হাঁকিল জিকির। সুয়োরানি দুয়োরানি পা এলিয়ে দিয়ে গল্প করছিল। ফকিরের ডাক শুনে দুয়োরানি যেমনটি বসেছিল তেমনটি বসে রইল। সুয়োরানি তাড়াতাড়ি উঠে সোনার থালায় এক মুষ্টি সোনা, ধান-দূর্বা, সোয়া সের আতপ-চাল, একটা কাঁচকলা সাজিয়ে আপনার দাসীকে ডাক দিল।
রানি- ওগো দাসী! দাসী- কী বলছেন মহারানি! রানি- দরজায় ফকির দাঁড়িয়ে আছে, এই নাও, সোনার থালায় সোনার মুষ্টি ভরে দিলাম, ফকিরকে দিয়ে এস। দাসী- তবে আমি যাই।...ওগো ফকির! ফকির- তুমি কে? দাসী- আমি রাজবাড়ির দাসী। ফকির- রাজবাড়ির মাসি? দাসী- মাসি নয়, দাসী। ফকির- আসি আসি বলছ? কোথায় যাবে? দাসী- কোথায় মুখপোড়া। আমি রাজবাড়ির দাসী মোক্ষদা সুন্দরী। ফকির- কী বল্লে মোক্ষদা সুন্দরী তুমি রাজবাড়ির দাসী? দাসী- হ্যাঁ হ্যাঁ, আমি রাজবাড়ির দাসী। আমাদের রানিমা সোনার থালায় সোনার মুষ্টি ভিক্ষে দিয়েছেন। জীবনে সোনা দেখেছ কোনো দিন? ফকির- ওগো দাসী, আমি ভিক্ষা নেব না। দাসী- ওরে আমার হাবাদাবা ওই মুখে বাতাসা খাবা! টাকা পেলে কাঠের পুতুল হা করে। একমুঠো সোনা দিয়েছে রানিমা- তা-ও তোমার পছন্দ হল না?
ফকির- ওগো দাসী, তুমি জেনে জান না; ভিক্ষার কাঙাল নই আমি ভিক্ষা মেগে খাই, ঘরে ঘরে মা-জননী ডাকিয়া বেড়াই। সে মা-জননী জগৎ জুড়ে রয়েছেন। নানা বরণ গাভী রে একই বরণ দুধ, জগৎ ভ্রমিয়া দেখলাম একই মায়ের পুত।
তিনি নিজে এসে যদি আমায় ভিক্ষা দেন তবে আমি ভিক্ষা নেব, নতুবা নেব না। দাসী- তবে যাই। আমি রানিমার কাছে বলে আসি। এই দরজাটা তো বন্ধ। আচ্ছা ওদিক দিয়ে যাই।... ওগো রানিমা! সেই ফকির ভিক্ষা নিলে না। রানি- তবে রে দাসী! আমার সর্বনাশ হল! সেই ফকির যখন আমার দুয়ার হতে খালি হাতে ফিরে যাবে, তার অভিসম্পাতে আমাদের রাজপ্রাসাদ ভস্ম হয়ে যাবে। দাসী- রানিমা, সেই ফকির বল্লে... রানি- কী বল্লে?
দাসী- সেই ফকির বল্লে,- ভিক্ষার কাঙাল নই ভিক্ষা মেগে খাই, ঘরে ঘরে মা জননী ডাকিয়া বেড়াই। রানিমা যদি নিজের হাতে আমাকে ভিক্ষা দেন, তবে আমি ভিক্ষা নেব, নতুবা নয়। রানি- ওগো দাসী, তবে দে সোনার থালা আমার হাতে। আমি নিজে গিয়ে সেই ফকিরকে ভিক্ষা দিয়ে আসি। সদর দরজাটা খুলে দে, সামনের পর্দাটা তুলে দে। ওই তো ফকির দাঁড়িয়ে রয়েছে। ওগো ফকির! তুমি ভিক্ষা গ্রহণ কর। ফকির— মহারানি! আমি গণা-পড়া করে দেখলাম,-
বেটা পুত্র নাইকো তোমার আঁটকুড়ো রানি, এমন লোকের ভিক্ষা আমি নিতে নাহি জানি বাড়ির শোভা নারকেল গাছ, ঘরের শোভা দাওয়া, বৃক্ষের শোভা ফলপুষ্প, নদীর শোভা খেওয়া। আকাশের শোভা চন্দ্র-তারা যখন হাসেখেলে, আর নারী জননীর শোভা যখন কোলে ছেলে।
মহারানি- সেই ছেলে বড় হয়ে বাপ-মায়ের কী কাজ করে? ফকিরবৃদ্ধ বয়সে হবে গো পুত্র সকল কাজের বল; ময়ুত নিদানের কালে মুখে দেবে জল।
এমন পুত্র যখন তোমার কোলে নেই, তখন আমি তোমার হাতের ভিক্ষা নেব না। রানি- 'ওগো ফকির তুমি জেনেও জান না। পুত্র-সন্তান আমার যে নাই সে তো বিধাতার কারখানা। কী কথা শুনালে ফকির কী শুনালে কানে, তীক্ষ্ণ বর্শার শেষ বিঁধিল পরানে।' এই কথা বলে সুয়োরানি কাঁদতে লাগলেন। রানির কান্নায় ফকিরের মনে দয়া হল। ফকির তার ঝুলির ভেতর থেকে একটা ঔষধ বের করে বললদেখবে মহারানি!
এই ঔষধ দিলাম তোমার হাতে, ডালিম ফুলের পাতা মিশায়ে দেবে তাতে; তোমার ঘরে এক সোনার বরণ ছেলে হবে। এই কথা বলে, ফকির জিকির হাঁকিল, এই দণ্ডের মধ্যে ফকির অদৃশ্য হইল।
দিনের পর দিন চলে যায়। রাজবাড়িতে ঢং ঢং করে শঙ্খ-কাঁসর বাজে, রাতের বেলায় মণি-মাণিক্য লাল ইয়াকুতের সন্ধ্যাপ্রদীপ জ্বলে। একদিন রাজা বসে আছেন রাজসভায়। উজির-নাজির পাত্তর-মিত্তর হাওয়ালদার সুবেদার জোবেদার চোবেদার পাঙ্খাবরদার খবরবরদার হুকুমবরদার পিয়াদা-পাইক কোটাল জমাদার সবাই মিলে রাজসভা গমগম করছে- ঝমঝম করছে। মহারাজ! খবর-খবর! কিসের খবর? কিসের খবর? এমন সময় রাজবাড়ির দাসী উঠিত পড়ি- পড়িত উঠি- পড়িত পড়ি- একেবারে রাজসভার মধ্যখানে গিয়ে উপস্থিত। মহারাজ! খবর- খবর। কিসের খবর? কিসের খবর? রাজা বলেন, কিসের খবর? মন্ত্রী বলেন, কিসের খবর? কোটাল বলেন, কিসের খবর? রাজসভা ভরে কেবল- কিসের খবর? কিসের খবর? সবাই খবর শুনতে চায়খবর শোনার ধৈর্য কারোই নেই। এমন সময় রাজা বলেন, ওহে চুপ কর... মন্ত্রী বলেন, ওহে চুপ কর... কোটাল বলেন, ওহে চুপ কর... তখন রাজসভা চুপ হল। রাজা বললেন, ওহে দাসী, শীঘ্র বল কিসের খবর? বৃদ্ধা দাসী হাঁপাতে হাঁপাতে কেবল বলে, মহারাজ! খবর-খবর... রাজা তখন বললেন, ওগো দাসী, তুমি শীঘ্র বল কিসের খবর?- মুহূর্ত বিলম্ব যদি করহ এখন এই তলোয়ারে তোমার ঘাড় করিব কর্তন। তখন বৃদ্ধা দাসী হাতজোড় করে বলল, মহারাজ, আপনার ঘরে এক পুত্রসন্তান জন্মেছে। 'ওরে দাসী দাসীরে! কী কথা আজ আমাকে শুনালি! আমার কাছে আয়, আমার গজমোতির হার তোর গলায় পরীয়ে দেই।' রাজা আনন্দে নিজের হার খুলে দাসীর গলে পরীয়ে দিলেন। গজমোতি হার পেয়ে বৃদ্ধা দাসী একেবার হাসে, একবার নাচে- ঠমকে ঠমকে চলে, গমকে গমকে তার পায়ের নূপুর বাজে! রাজা তাড়াতাড়ি পুত্রমুখ দর্শন করতে চললেন। রাজবাড়ির যতসব লোকজন দাস-দাসীগণ তারা সব সেজেগুজে রাজপুত্র দেখতে চলল। সবে বলে রাজপুত্র,- রাজপুত্র কেমন জনা, আন্ধার ঘরে রাজপুত্র যেন জ্বলছে কাঞ্চা সোনা।
সাতটা মানিক দিয়ে রাজা পুত্রমুখ দেখলেন। রাজপুত্রের হাতে চন্দ্র পায়ে চন্দ্র চান কী জিনিয়া রূপ যেন হুর পরীপাটি মুখ। দিনে দিনে দিন চলে যায়। আর একদিন রাজা বসে আছেন রাজসভার মধ্যে। এমন সময় রাজবাড়ির সেই দাসী রাজসভার মধ্যে গিয়ে উপস্থিত। 'মহারাজ! খবর- খবর।' 'ওরে দাসী- দাসীরে! কিসের খবর?' 'মহারাজ, আপনার পুত্র হেসেছে!' 'ওরে দাসী, আয়, আয়! তোকে তিনটি মানিক বকশিস দিলাম।' এক মানিক সাত রাজার ধন। তিনটি মানিক পেয়ে বুড়ি দাসী নাচতে নাচতে চলে গেল। এমনই করে দিন চলে যায়। রাজপুত্র এখন বারো বৎসরের অষ্টমীর চাঁদ। মুখের হাসি দেখে আকাশের চাঁদ-সূর্য লজ্জা পায়। যখন রাজপুত্র আকাশের দিকে চায়, তখনচন্দ্র ডাকিয়া বলে সূর্য ওরে ভাই মানুষ হইয়া দিল চাঁদের মুখে ছাই। ডালিমফুলের রস খেয়ে সুয়োরানি এমন ছেলে পেয়েছেন, তাই তার নাম রাখলেন ডালিমকুমার। খেলার সাথিদের নিয়ে সারাদিন ডালিমকুমার খেলে বেড়ায়। রাজকুমারের অনেকগুলো কবুতর আছে। তাদের সঙ্গে ডালিমকুমারের ভারি ভাব। কোটালপুত্র রাজপুত্রের বন্ধু। দুই বন্ধুতে মিলে কবুতরগুলোকে নানান সাজে সাজায়। তারা পায়রাগুলোকে ধরে তুলিতে রঙ লাগিয়ে তাদের পাখায় নকশা আঁকে। একটা পায়রার পাখায় চাঁদ আঁকে, আর পায়রাগুলোর পাখায় তারা আর ফুল আঁকে। রঙের পাত দিয়ে তাদের নখগুলোকে মুড়ে দেয়। চাঁদ-পায়রা পাখা মেলে বাঁকা চাঁদের মতো দাঁড়িয়ে থাকে। আর সব পায়রা তারা আঁকা পাখা বাতাসে মেলে ঝিকিমিকি আকাশে উড়তে থাকে। রাজপুত্র ডালিমকুমার আর তার বন্ধু রূপকুমার হাতে তালি দিয়ে নাচতে থাকে। রাজার তো দুই রানি। সুয়োরানি আর দুয়োরানি। সুয়োরানির ছেলে হয়েছে, দুয়োরানি হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। সতিনের হল ছেলে, দুদিন পরে সতিনপুত্র হবে রাজা। সুয়োরানি হবে রাজমাতা। আর আমি? আমি হব ঘুঁটেকুড়ানি দাসী। একবার যদি পেতাম ছোঁড়াটাকে আমার হাতের মধ্যে। এদিকে হয়েছে কী- একদিন ডালিমকুমারের একটা পায়রা উড়ে এসে দুয়োরানির দরজায় পড়েছে। যেই পড়া অমনি সেটাকে ধরে দুয়োরানি আঁচলের আড়ালে লুকিয়ে রেখেছে। এখানে-সেখানে পায়রার খোঁজ না পেয়ে রাজপুত্র ডালিমকুমার দুয়োরানির দুয়ারে এসে উপস্থিত। রাজপুত্র- ওগো মা জননী! রানি- কিরে আমার গোপাল এলি রে। আয় আমার সোনার চাঁদ- ওরে আমার কাঁঠালের আমসত্ত্ব! ওরে আমার সোনার নাও পবনের বৈঠা। আয়! আয়! এদিকে আয়। রাজপুত্র- ওগো মা জননী! রানি- কী রে বাছা গোপাল! রাজপুত্র— আমার কবুতর তোমার ঘরে উড়ে এসেছে রানি- কই? দেখিনি তো! রাজপুত্র- ওগো মা-জননী! তুমি মিথ্যা বলছ কেন? তোমার ঘরে আমার পায়রা এসেছে। এই যে তার পাখার পালক পড়ে রয়েছে। রানি- ও বাতাসে উড়ে এসেছে। রাজপুত্র- না বাতাসে উড়ে আসেনি! নিশ্চয়ই তুমি আমার পায়রা ধরে রেখেছ। রানি- ডালিমকুমার! সত্যসত্যই তুমি পায়রা চাও? রাজপুত্র- সত্যসত্যই আমি আমার পায়রা চাই। রানি- তবে কিসে তোমার মরণ হবে সেই কথাটা তোমার মা'র কাছ থেকে জেনে এসে আমাকে বল। রাজপুত্র- ওগো মা-জননী! কিসে আমার মরণ হবে তা জেনে তোমার লাভ কী? রানি- বাছা রে! তুমি আমার মোমের পুতুল। রোদে রোদে ঘুরে বেড়াও। কোন্ সময়ে ঊনে যাও, আমার প্রাণটা সবসময় আইঢাই করে। কখন কোথায় আছাড় পিছাড় খেয়ে প্রাণটা বেরিয়ে যাবে, আমি চোখে তেল দিয়ে তোমার জন্যে কাঁদব। রাজপুত্র- তবে আমি কী করব? রানি- তোমার মা'র থেকে জেনে এস, কিসে তোমার মরণ হবে। রাজপুত্র- তবে আমি যাই। ওই তো সামনের মাঠটা। একদৌড়ে চলে যাই। বাহ বাহ! মা যে ফুলের বাগানটাতে এসেছেন। ওগো মা-জননী! মা- কী রে বাছা ডালিমকুমার? রাজপুত্র- একটা কথা- মা- কী কথা? রাজপুত্র- ব্যাঙের মাথা। মা-কী ব্যাঙ? রাজপুত্র- কোলা ব্যাঙ।
মা- কী কোলা? রাজপুত্র- ছাও কোলা। মা-কী ছাও? রাজপুত্র— চোপ রাও। হাঃহাঃ হাঃ- দেখলে মা তুমি ঠকে গেলে তো? এইবার আমার কথা রাখ। মা-কী বল তো? রাজপুত্র— মা, আমার মরণ কিসে? মা- ষাট ষাট বাছা আমার, তোমার তা দিয়ে কী দরকার? রাজপুত্র- তা তোমাকে বলতেই হবে। মা- না, বলব না। রাজপুত্র— না, বলতেই হবে মা- না, বলব না। রাজপত্র- সত্যি? মা-সত্যি। রাজপুত্র- তিন সত্যি? মা-তিন সত্যি। রাজপুত্র- তবে আমি খাব না, বেড়াব না, শোব না, ঘুমাব না, কথা কব না, চুপ করব না- আমি কিচ্ছু করব না মা- বাছা ডালিমকুমার! রাজপুত্র- না, আমি কথা বলব না। মা- সোনামণি ডালিমকুমার, শোন তোমাকে বলছি। রাজপুত্র- আগে বল, তারপর শুনব। মা- আমাদের তালপুকুরে আছে রাঘব বোয়াল, সেই বোয়ালমাছের পেটে আছে একছড়া সোনার হার। যদি কোনো মানুষ সেই সোনার হার গলায় পরে তবে তোমার মৃত্যু হবে। রাজপুত্র- তবে মা আমি এক্ষুনি যাই, এক্ষুনি যাই। মা- ওরে ডালিমকুমার ফের ফের, শোন- শোন। রাজপুত্র- না মা, আমার বড্ড কাজ। একদৌড়ে মাঠটা পেরীয়ে রাজপুত্র গিয়ে দুয়োরানির দুয়ারে উপস্থিত হল। রাজপুত্র- ওগো মা-জননী, আমাদের তালপুকুরে আছে রাঘব বোয়াল। তার পেটে আছে একছড়া হার। যদি সেই হার কোনো মানুষ গলায় পরে, তবে আমার মরণ হবে।
রানি- বাছা ডালিমকুমার! আমার মনের সকল ভাবনা আজ দূর হল, আজ হতে আমি নিশ্চিন্ত হলাম। রাজপুত্র- ওগো মা-জননী, সে কেমন? রানি- আমাদের তালপুকুরে অগাধ জল, সেই জলে কেউ নামবেও না, সেই রাঘব বোয়ালও কেউ ধরবে না। রাজপুত্র- ওগো মা-জননী, আমার কবুতর? রানি- পোড়ামুখো! তা এখনো ভুলতে পারিসনি। এই নে, আমার আঁচলের তলে লুকিয়ে রেখেছিলাম। নিয়ে যা। রাজপুত্র কবুতর পেয়ে কী খুশি! কবুতরের গায়ে-মুখে চুমো খেয়ে আদর করে লাফাতে লাফাতে চলে গেল। এদেিক উননমুখী দুয়োরানি কী করলে শুনবে? রাজপুত্রকে যদি মারতে হয়, তবে তো সেই তালপুকুরের রাঘব বোয়ালটাকে ধরতে হবে। রানি করল কী- তার বিছানার তোশকের তলে অনেকগুলো প্যাকাটি বিছিয়ে তার উপর বিছানা করে শুয়ে রইল। শুয়ে শুয়ে রানি এ পাশ ফেরে ও পাশ ফেরে আর সেই প্যাকাটিগুলোর মড়মড় শব্দ হয়। দাসদাসীরা সবাই ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে- 'রানি-মা আপনার কী হয়েছে?' দুয়োরানি কোঁকাতে কোঁকাতে বলে, 'আমার হাড়-মড়মড়ি জ্বর হয়েছে। এ জ্বরে আমি আর বাঁচব না। তোরা শিগগির মহারাজকে খবর দে।' কথা কইতে না কইতে মহারাজ এসে উপস্থিত হলেন। নিশ্বাস ফেলতে না ফেলতে রাজবৈদ্য এসে উপস্থিত হলেন, জড়িবড়ি কত ঔষধের বোঝা, ভূঙ্গরাজ, মহাভৃঙ্গরাজ, সুবৃহৎ ছাগলাদ্য ঘৃত— কত ঔষধ আনা হল, কিন্তু কিছুতেই দুয়োরানির অসুখ সারল না। রানি চিৎকার করে কাঁদেন; এ পাশ ফেরেন ও পাশ ফেরেন, আর বিছানার তলে সেই প্যাকাটির মড়মড় শব্দ হয়। তখন সকলেই বলল, এ নিশ্চয়ই ভূতপ্রেতের কাজ। রাজবৈদ্য এ অসুখ সারাতে পারবে না। রামশঙ্কর ওঝাকে ডাক। কথা বলতে না-বলতে রামশঙ্কর ওঝা এসে উপস্থিত। দেখতে দেখতে রামশঙ্কর ওঝা ডাক ছেড়ে মন্ত্র পড়তে লাগল।-
'করাত করাত মহা করাত, আসতে কাটে যেতে কাটে; সাত সমুদ্র তের নদী কাটে। দুয়োরানির ইলে জ্বর, পিলে জ্বর, মিনমিনে জ্বর, ঘিনঘিনে জ্বর, হ্যাচড়া জ্বর, ফ্যাচড়া জ্বর সকল কাটে আর পিঙল জটা- পিঙল জটা, আয়রে আয় মেঘের ঘটা। মেঘের উপর ডম্বরু বাজে, দাঁড়ায় যোগিনী মেঘের সাজে। আসমানে পাও তার জমিনে মাথা, সাত সমুদ্র জুড়িয়া কাঁথা। সেই কাঁথা পরীয়া, আয়রে ভূত উড়িয়া। আমাদের রানিমার গায়ের ইলা জ্বর, পিলা জ্বর, তেরেক্ষে জ্বর, পেরেক্ষে জ্বর, মহাজ্বর, সকল যা রে কাটিয়া।'
এই মন্ত্রেও মহারানির হাড়-মড়মড়ি জ্বর সারল না। তখন রামশঙ্কর বৈদ্য ডাকিনী-মন্ত্র পড়তে লাগল-
'আর ডাকিনী মন্ত্র করিলাম সার, আয়রে ডাকিনী হাজার হাজার। জটার উপর কঙ্কণ থুইয়া, ডাক-ডাকিনী নাচে পর্বত লইয়া। প্রথম ডাকিনী মায় পিত্রালয়ে যায়, হিমগিরির কুহরে সাজে দাও দানায়। তারপরে ডাকিনী চলে সন্ধ্যামণির ঘরে, নিম সন্ধ্যাকালে যেথা রাঙা মেঘ উড়ে। সেই মেঘে বাইলাম নাও পবন কাণ্ডারী, কুমেরু পর্বতের শিরে আইলাম ঢেউ নাড়ি সেই দেশে আছে ডাকিনীর মায়, মাথায় ঝাটরা চুল আসমান বায়। সেই চুল ঝাড়িলাম দুয়োরানির গায় দুয়োরানির সকল ব্যারাম যেন সারিয়া যায়।'
তবুও দুয়োরানির অসুখ সারিল না। তখন মহারাজকে ডেকে দুয়োরানি কী বলছেন?
- বলছেন, 'মহারাজ, এ সব তন্ত্রমন্ত্রে আমার এ জ্বর সারবে না। আমার হল আসল হাড়-মড়মড়ি জ্বর। এ কি আর সহজে সারবে?' এই বলে মহারানি বিছানায় এ পাশ ও পাশ গড়াগড়ি দিলেন আর বিছানার তলের প্যাকাটিগুলো মড়মড় শব্দ করে উঠল। রাজা ব্যস্তসমস্ত হয়ে জিজ্ঞাসা করেন- 'তবে তোমার এই জ্বর কিসে সারবে?' 'আমাদের তালপুকুরে আছে রাঘব বোয়াল। সেই বোয়ালমাছ ধরে আমাকে যদি রান্না করে খাওয়াতে পারেন, তবে আমার জ্বর সারবে।'
রাজা- এই কথা! সে আর এমন অসম্ভব কী? আমি এখনই রাঘব বোয়াল ধরার ব্যবস্থা করছি। রাজার হুকুমে রঘুনাথ জেলে তার সোয়ালক্ষ নাতিপুতি নিয়ে তালপুকুরে জাল ফেলল। খেলার সাথিদের নিয়ে ডালিমকুমার খেলা করছে, এমন সময় তার বন্ধু কোটালপুত্র এসে তাকে বলল, 'ডালিমকুমার! তোমাদের তালপুকুরে জাল ফেলে রঘুনাথ জেলে তার সোয়ালক্ষ নাতিপুতি নিয়ে রাঘব বোয়াল ধরতে এসেছে। চল দেখে আসি।' এই কথা যখন ডালিমকুমার শুনতে পেল তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজকুমার বুঝতে পারল, তাকে মারবার জন্য তার সৎ-মা দুয়োরানি আজ পুকুর হতে রাঘব বোয়াল ধরাচ্ছেন। রাজপুত্র তার বন্ধু কোটালপুত্র রূপকুমারকে সব কথা খুলে বলল, 'ভাই রূপকুমার! বিমাতা দুয়োরানি যখনই রাঘব বোয়ালের পেট কেটে সেই হার-ছড়া তার গলায় পরবেন, তখন আমার মৃত্যু হবে।' রূপকুমার উত্তর করিল, 'ভাই ডালিমকুমার! তুমি ভেব না। এক্ষুনি আমি যাচ্ছি। জোর করে দুয়োরানির হাত থেকে সেই সোনার হার আমি কেড়ে আনব।' রাজপুত্র বলল, 'ভাই রূপকুমার! সে কাজ তুমি করতে যেয়ো না। তুমি হার কেড়ে আনতে গেলেই দুয়োরানি হারটা ছিঁড়ে ফেলবে, আমার বাঁচার আর কোনো আশাই থাকবে না। আমার মৃত্যুর পর তুমি যদি পার দুয়োরানির হাত থেকে কৌশলে হারটা উদ্ধার করে আমাকে বাঁচিও।' রাজকুমার ও রূপকুমার এ ভাবে কথা বলছে, এমন সময় আর একজন খেলার সাথি এসে খবর দিল, 'ও ভাই ডালিমকুমার! এইমাত্র জেলে রাঘব বোয়ালটাকে ডাঙায় তুলেছে।' এই খবর শুনতেই রাজকুমারের সমস্ত শরীর কাঁপতে লাগল। রাজকুমার সবই বুঝতে পারল। সে তার বন্ধু রূপকুমারের গলা জড়িয়ে ধরে বলতে লাগল, 'ভাই রূপকুমার তোমরা আমায় বিদায় দাও। আমি মরে যাব, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার জনমদুখিনী মা-জননী আমার জন্যে পথে পথে কেঁদে ফিরবে। আমার যদি আর একটি ছোট ভাই থাকত, তাকে বুকে জড়িয়ে ধরে মা-জননী আমার শোক ভুলে থাকত। আমার মুখে মা ডাক শোনবার জন্যে আমার মা যখন ইতিউতি আকুলি-বিকুলি করে ফিরবে, তখন তোরা মা বলে ডেকে আমার মাকে শান্ত করিস।' রূপকুমার বলল, 'ভাই ডালিমকুমার, তোমাকে মৃত্যুর হাতে সঁপে দিয়ে কাকে নিয়ে আমরা আবার খেলাঘর সাজাব? যে সব জায়গায় তোমাকে সঙ্গে নিয়ে আমরা খেলা করে বেড়াতাম, সেইসব জায়গায় একা একা যখন ফিরব, তখন যে তোমার কথাটি মনে করে আমাদের চোখের জল মানতে চাইবে না।
রূপকুমারের গলা জড়িয়ে ধরে ডালিমকুমার আবার বলতে লাগল, 'জীবনের শেষ দেখা আজ তোদের দেখে নিলাম; আমি জানি, আমার মৃত্যুর পর তোরা আর এখানটাতে খেলতে আসবিনে! আমার অভাবে তোদের খেলাঘর ভেঙে যাবে।' ডালিমকুমার এই কথা বলছে এমন সময় আর একটি খেলার সাথি দৌড়ে এসে খবর দিল, 'জেলে রাঘব বোয়াল ধরে এনে দুয়োরানির হাতে দিয়েছে।' এই খবর ডালিমকুমার করিল শ্রবণ, ভূমিতে ঢলিয়া পড়ল হয়ে অচেতন। সেই সোনার দেহ একবার লাল হয়ে যাচ্ছে, আবার কালো হয়ে যাচ্ছে। রূপকুমার তার মাথাটি কোলের উপর নিয়ে কাঁদতে লাগল। এমন সময় আর একজন খেলার সাথি এসে খবর দিল, 'দুয়োরানি রাঘব বোয়ালটা কেটে তার পেটের মধ্য থেকে সোনার হার-ছড়াটি বের করে ফেলেছে।' রাজপুত্র ডালিমকুমার তখন এক যন্ত্রণায় ছটফট করতে লাগল। হায় হায়! মরণকালে রাজপুত্র একবার তার মায়ের মুখখানা দেখতে পেল না। দুয়োরানি হার-ছড়াটা গলায় পরলেই তার প্রাণপাখি দেহ ছেড়ে উড়ে যাবে। রাজপুত্র যন্ত্রণায় ছটফট করে- আর ফ্যাল-ফ্যাল করে এদিক-ওদিক চায় :- 'আহা, মরণকালে একবার যদি মায়ের মুখখানা দেখতে পেতাম। জন্মের মতো পরান ভরে তাকে মা ডাক ডেকে যেতাম! অভাগিনী মা আমার মুখের মা ডাক আর কোনোদিন শুনবে না।' খবর পেয়ে আলুথালু বেশে সুয়োরানি ছুটে আসছেন। দূর থেকে তার কান্না শোনা যায়। ডালিমকুমার সেই কান্না শুনতে পেয়ে একবার চোখ মেলে চেয়েছে, এমন সময় আর একজন খবর দিল, 'দুয়োরানি হাসতে হাসতে সেই সোনার হার-ছড়া গলায় পরেছেন।' কথা বলতে-না-বলতে রাজপুত্রের প্রাণপাখি দেহ ছেড়ে উড়ে গেল। শূন্য দেহ মাটিতে পড়ে রইল। রাজা-রানি রাজপুত্রের শূন্য দেহের উপর আছড়িয়ে পড়ে কাঁদতে লাগলেন ডালিমকুমারের মায়ের কান্নায় আজ গাছের পাতা ঝরে পড়ে, আকাশ ভেঙে খান খান হয়ে যায়— 'বাছা ডালিমকুমার! জন্মের শোধ একবার মা বলে ডাক! সোনা মুখে একবার একটি কথা বল্।' কিন্তু কার কথা কে বা বলে। আহা রে! মায়ের বুকে নিদারুণ জ্বালা! যতদিন মায়ের বুকে প্রাণ থাকবে, ততদিন তুষের অনলের মতো এ জ্বালা ধিকিধিকি জ্বলতে থাকবে।
শুকনা গাছের ডালে বসে ডাকে কাগা, আপন বেটা মরে গেলে মা-র কলিজায় দাগা। মৎস্যে চেনে গহীন গম্ভীর পঙ্খী চেনে ডাল, মায় সে জানে বেটার দরদ যার কলিজায় শেল। পুত্রশোক বিষম শোক যার হয় সেই জানে; পাষাণে ঠুকিয়া মাথা মরবে মায় পরানে। রাজকুমারের মৃতদেহ বুকে জড়িয়ে মা আবার কান্দে- কার বা গাছের ডালিম কুমড়ার ছিঁড়ে দিলাম কলি, সে আমারে দিছে গালি পুত্রশোকী বলি কোন জালুয়ার মাছ খেয়েছি, নাহি দিয়ে কড়ি, সেই আমারে করছে কাঙাল পুত্রশোকী করি।
এ কান্দনের বুঝি আর বিরাম নাই। রূপকুমার যেয়ে রাজা-রানিকে বলল, 'আমার বন্ধু ডালিমকুমারের মৃতদেহ আমি পোড়াতে দেব না। গহন জঙ্গলের মধ্যে জোড়মন্দির ঘর তুলে আমার বন্ধুর মৃতদেহ আমি সেইখানে নিয়ে রাখব! আর সারাজীবন ভরে তাকে পাহারা দেব, যদি কোনেদিন তাকে বাঁচাতে পারি।' রাজা-রানি কোটালপুত্র রূপকুমারের কথায় সম্মতি দিলেন। সোনার বরণ ডালিমকুমারের মৃতদেহ চন্দন মাখিয়ে ফুলের মালায় সাজিয়ে সোনার পালঙ্কে করে সেই বনের মধ্যে নিয়ে যাওয়া হল। রাজা-রানি কাঁদতে কাঁদতে বন হতে ঘরে ফিরে গেলেন। রূপকুমার দেখতে-না-দেখতে সেই বিজাবন জঙ্গলের মধ্যে এক জোড়মন্দির ঘর তুলে ফেলল! তারপর সেই ঘরের মধ্যে রাজপুত্রের পালঙ্কখানা রেখে তার উপর লতা-পাতা ফুল-ফল ছড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে রূপকুমার প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যায়। যাবার সময় বন্ধুর শিয়রের কাছে নানারকমের কত কী খাবার রেখে যায়। তার মনের ধারণা যদি কোনো দৈবযোগে কোনোপ্রকারে বন্ধু তার জীবন পেয়ে ওঠে সে এই খাবারগুলো খাবে। ভোর হলে রূপকুমার এসে জোড়মন্দির ঘরের দরজা খোলে! কিন্তু হায়! খাবারগুলো সে যে ভাবে রেখে গিয়েছিল সেগুলো সেইভাবেই পড়ে রয়েছে। কেউ খায়নি! তখন মনের দুঃখে রূপকুমার সেই খাবারগুলো যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসে। একদিন ভোর না হতেই রূপকুমার সেই জোড়মন্দির ঘরের দরজা খুলে আশ্চর্য হয়ে দেখতে পেল, আগের সন্ধ্যাবেলা সে বন্ধুর শিয়রের পাশে যে সব খাদ্যসামগ্রী রেখে গিয়েছিল, কে সেগুলো খেয়ে গেছে। রূপকুমার মনে মনে ভাবতে বসল। এখন হয়েছে কী, দুয়োরানি তো সেই সোনার হার-ছড়া সারাদিন গলায় পরে থাকেন, আর রাত হলে গলা থেকে হার খুলে রেখে ঘুমিয়ে পড়েন। রাতে যখন দুয়োরানি গলা থেকে হার খুলে রাখেন, তখনই রাজপুত্র ডালিমকুমার জেগে ওঠে, আর জেগে উঠে এদিক-ওদিক তাকায়! কোথায়ও কোনো জনমানবের সাড়া নেই। জোরে ডাক ছাড়লে সেই ডাক-প্রতিধ্বনি হয়ে নিজেরই কানে ফিরে আসে। কেউ কোনোখান হতে সাড়া দেয় না। বাপের জন্য রাজপুত্র কাঁদল— মায়ের জন্য রাজপুত্র কাঁদল।- তার জনমদুঃখিনী মা-জননী না জানি তাকে হারিয়ে কেমন করে দিন কাটাচ্ছে। কাঁদতে কাঁদতে রাজপুত্রের বুক ভেসে যায়! কেঁদে কেঁদে রাত ভোর হয়ে যায়! সকালবেলা দুয়োরানি যেই সোনার হার-ছড়াটি গলায় পরেন, তখন ধীরে ধীরে রাজপুত্র মরণ-ঘুমে ঘুমিয়ে পড়ে। সেদিন সন্ধ্যার পর রাজপুত্র ঘুম হতে জেগে উঠে কী মনে করে তার শিয়রের খাবারগুলো খেয়ে ফেলল। পরদিন ভোরে তার বন্ধু রূপকুমার তাই-না দেখে মনে মনে ভাবতে বসল। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এল। আগের মতোই রূপকুমার তার বন্ধুর শিয়রের কাছে খাবারগুলো রেখে একপাশে লুকিয়ে রইল, ঘরে ফিরে গেল না। হঠাৎ ডালিমকুমার ঘুম হতে জেগে উঠল। জেগে উঠেই এদিক-ওদিক চাইতে লাগল। তখন রূপকুমার তার সামনে এসে দাঁড়াল। রূপকুমারকে দেখে রাজপুত্র আনন্দে তাকে জড়িয়ে ধরল। তারপর সেই গহন জঙ্গলের মধ্যে দুই বন্ধুতে কত কথা। রাজপুত্রের মা-বাবা কেমন আছেন? তাকে ছেড়ে কেমন করে তাদের দিন কাটে? খেলার সাথিরা কি তার কথা মনে করে? রাজপুত্রের এত সাধের কবুতরগুলোকে এখন কে আদর করে? কে তাদের পাখায় রঙিন নকশা আঁকে?- এমনি কত কথা! কথায় কথায় কথা কি ফুরোয়? এত আনন্দ, এত খেলা, এত মেলা, এত ভালোবাসা, এত আদর, সেই বাড়িঘর, মা-বাপ,- তাদের কাছে রাজপুত্রের যাবার সাধ্য নেই। রাজপুত্র যে বেঁচে আছে, মরেনি, এই খবরও যদি সেই উননমুখী দুয়োরানি জানতে পারে, তবে সে তার গলার হার-ছড়াটি ছিঁড়ে ফেলবে- জনমের মতো সে আর মরণ-ঘুম হতে জাগতে পারবে না। সারারাত দুই বন্ধুতে মিলে নানারকম জল্পনা-কল্পনা করে। বন্ধু রূপকুমার রাজপুত্রকে আশ্বাস দেয়, 'যেমন করেই হোক, একদিন-না-একদিন তোমাকে এই অবস্থা হতে উদ্ধার করব।' এদিকে আর একটা কথা তোমাদের বলি। এক দেশের এক রাজার এক মেয়ে হল। গণকঠাকুর তার হাত দেখে বলল, যদি কোনো মরা রাজপুত্রের সঙ্গে এর বিয়ে দিতে পারা যায়, তবে এ মেয়ে বাঁচবে, নইলে ষোল বৎসর বয়স হলেই এ মেয়ে মারা যাবে। দিনে দিনে দিন চলে যায়, চৌদ্দ বৎসর বয়স যখন রাজকন্যার হয়, তখন সেই দেশের রাজা-দাস-দাসী সঙ্গে দিয়ে রাজকন্যাকে পাঠিয়ে দিল দেশে-বিদেশে মরা রাজপুত্রের খোঁজে। রাজকন্যা এ দেশে যায়- ও দেশে যায়- সে দেশে যায়।
কোথাও মরা রাজকুমারের খোঁজ পায় না। ঘুরতে ঘুরতে রাজকন্যা এক বিজাবন জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হল। সেখানে দেখে কী এক সুন্দর জোড়মন্দির ঘর সেই ঘরের মধ্যে সোনার পালঙ্কে শুয়ে এক সুন্দর রাজপুত্র ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। রাজকন্যা সেই ঘুমন্ত রাজপুত্রের গলায় মালা পরীয়ে দিল। রাজকন্যার সখিরা বিয়ের শুভশঙ্খ বাজাল- জয়-জোকার দিল। তারপর রাজকন্যাকে সেই বনের মধ্যে রেখে তারা দেশে ফিরে গেল। রাতের বেলা ডালিমকুমার যখন জেগে উঠল, তখন রাজকন্যার মনে কী সুখ! রাজকুমারও সেই নির্জন বনের মধ্যে এক সুন্দর খেলার সাথিকে পেয়ে কম সুখী হল না। বন্ধু রূপকুমার বনের ফুল এনে, লতাপাতা কুড়িয়ে এনে তাদের খেলাঘরটি আরও সুন্দর করে সাজাল। এমনি করে দিনের পর দিন চলে যায়। রাজপুত্রের দুই-তিনটা ছেলেমেয়ে হল। বনের মধ্যে তারা খেলাধুলা করে বেড়ায়। নল ভেঙে জল খায়- গাছের ডাল ভেঙে ফল খায়। তারা জানতে পারল না, এই দেশের রাজবংশের তারা ছেলেমেয়ে- সোনার থালায় তাদের জন্য সোনার ভাত জুড়িয়ে যাচ্ছে, রুপোর গেলাসে রুপোর জল গড়িয়ে পড়ছে। বন্ধু রূপকুমার আর রাজকন্যা দুইজনে সারাদিন পরামর্শ করে, কী করে রাজকুমারকে এই অবস্থা থেকে উদ্ধার করবে। অনেক ভেবে তারা একটি মতলব বের করল। পরদিন রাজকন্যা তার ছেলেমেয়েদের খুব সুন্দর করে সাজিয়ে নিজে খুব সুন্দরী নাচনে-ওয়ালির সাজে সেজে পায়ে উমুর-ঝুমুর নূপুর পরে রাজবাড়িতে দুয়োরানির দরজায় এসে উপস্থিত হল। তখন সেই সুন্দরী নাচনে-ওয়ালিকে দেখে দুয়োরানি কী বলছিলেন?- রানি- ওহে নাচনে-ওয়ালি! নাচনে-ওয়ালি- বলুন মহারানি! রানি- তোমার নাচ দেখতে কত টাকা লাগে? নাচনে-ওয়ালি- আমার নাচ দেখতে একশ টাকা লাগে। রানি- আচ্ছা তোমার নাচ দেখাও। উমুর-ঝুমুর নূপুর বাজিয়ে আঁকিয়ে-বাঁকিয়ে নাচনে-ওয়ালি নাচল। হেলেদুলে অমকে-গমকে ঘুরল ফিরল। দেখে দুয়োরানি বড়ই খুশি হলেন। তিনি নাচনে-ওয়ালিকে ডেকে বললেন, 'ওহে নাচনে-ওয়ালি! এই নাও, তোমার একশ টাকা পুরস্কার।' নাচনে-ওয়ালি দুই হাত উপরে তুলে বলল, 'আপনার জয় হোক, রানি-মা।'
এমন সময় নাচনে ওয়ালির ছোট্ট ছেলেটা কাঁদতে লাগল। তাকে আগের থেকেই শিখিয়ে রাখা হয়েছিল কাঁদবার জন্য। তার কান্না শুনে দুয়োরানি কী বলছেন?- রানি- ওহে নাচনে-ওয়ালি! তোমার ছেলেটি কাঁদে কেন? নাচনে-ওয়ালি- সে কথা আর বলবেন না, রানি-মা! এমন ছেলেকে সঙ্গে নিয়েও লোকের বাড়িতে আসে! যেখানে যা দেখবে তাই চেয়ে বসবে।.. এই বলে নাচনে-ওয়ালি গুডুম গুডুম করে ছেলের পিঠে দুই-তিনটা কিল মারল। ছেলে দ্বিগুক্ষণ চিৎকার করে কাঁদতে লাগল। রানি জিজ্ঞাসা করলেন, 'আচ্ছা নাচনে-ওয়ালি! কী চায় তোমার ছেলে? কিসের জন্য এত কাঁদে? নাচনে-ওয়ালি জোড়-হাত করে বলল, 'রানিমা! সে কথা আর বলবেন না, যা হবার নয় তাই আমার ছেলে চায়। সে চায় আপনার ওই হার-ছড়া গলায় পরবার।' রানি তখন বললেন, 'এই কথা। তা দাও না আমার হার-ছড়া ওর গলায়।' নিজের গলা হতে খুলে দুয়োরানি সেই হার-ছড়াটি ছেলেটি গলায় পরীয়ে দিলেন। খানিকক্ষণ পরে নাচনে-ওয়ালি সেই হার-ছড়া ছেলের গলা হতে খুলে দুয়োরানির হাতে দিতে যাচ্ছে, ছেলে একেবারে আছাড়ি-পিছাড়ি কান্না জুড়ে দিল। দুয়োরানি জিজ্ঞাসা করলেন, 'আচ্ছা নাচনে-ওয়ালি! আবার তোমার ছেলে কাঁদে কেন?' নাচনে-ওয়ালি হাতজোড় করে বলল, 'রানি-মা! কিছুতেই ও হার-ছড়া গলা থেকে খুলতে চাইছে না। এই কাছেই আমার ঘর। আপনি যদি অনুমতি করেন আমি চলে যাই। ও একটু ঘুমুলেই হার-ছড়া খুলে এনে আপনাকে দেব।' দুয়োরানির তো মণি-মাণিক্যের অভাব নেই। কী আর এমন একছড়া হার! যদি ফিরিয়ে না-ই দেয় তাতেই-বা কী আসে যায়! যে জন্য হার-ছড়ার একদিন আদর ছিল, সে কাজ তো কবেই শেষ হয়ে গেছে। সেই সতিন-পুত ডালিমকুমার কবে মরে ভূত হয়ে গেছে। হেসে দুয়োরানি বললেন, 'তা নিয়ে যাও হার-ছড়া, ছেলেটি ঘুমোলেই দিয়ে যেও।' নাচনে-ওয়ালি উত্তর করল, 'সে কথা আর বলতে রানিমা! কী অলক্ষুণে ছেলে হয়েছে মাগো! যা দেখে তাই পেতে চায়।' হার দেওয়ার জন্য দুয়োরানিকে আরও একশ'বার তারিফ করে নাচনে-ওয়ালি মনের আনন্দে নাচতে নাচতে বনে প্রবেশ করল। বনে প্রবেশ করে ডালিমকুমারের গলায় সেই হার-ছড়া পরিয়ে দিতেই ডালিমকুমার জেগে উঠল! তারপর ডালিমকুমার সোনার কলি ছেলেমেয়েদের সঙ্গে করে, চাঁদের মতো বউকে পাশে করে আর ধ্রুবতারার মতো বন্ধুকে সামনে নিয়ে রাজপুরীতে ফিরে এল।
রাজপুরীতে রাজপুত্রের আগমন শুনে চারিদিক হতে লোকজন ছুটে এল! বহুদিন পরে রাজপুরীতে আবার জয়ডঙ্কা বাজলো। পুত্রশোকে রাজা-রানি অন্ধ হয়ে গেছেন। তাঁদের শিয়রে দাঁড়িয়ে ডালিমকুমার ডাকে- 'জাগ জাগ মা-জননী আঁখি মেলে চাও, অঞ্চলের বাতাসে মাগো মুখখানি মুছাও।' ডালিমকুমারের এই ডাক শুনে মায়ের মনে বিশ্বাস হয় না। কতদিন মা এমনি স্বপ্নে দেখেছেন, শিয়রে দাঁড়িয়ে ডালিমকুমার ডাকছে। স্বপ্ন ভেঙে গেলে বড় আশায় মা চক্ষু মেলে এদিক-ওদিক তাকিয়েছেন, কাউকে দেখতে পাননি। তাই আজকের এই ডাক শুনে মা চক্ষু মেলতে চান না, যদি চক্ষু মেললে সোনার জাদু পালিয়ে যায়! কেঁদে কেঁদে মা বলেন, 'বাছা রে এমনি করে তুই ডাক।- শুনতে শুনতে আমি চিরকালের মতো ঘুমিয়ে যাই। এত সুখের ঘুম যেন আমার ভাঙে না। বাছা রে!-' পুত্রশোক বিষম জ্বালা যার হয় সেই জানে, নিদারুণ তুষের অনল জ্বলে রাত্র-দিনে। ডালিমকুমার ছেলে আর বউ সঙ্গে করে মায়ের চরণতলে এসে প্রণাম করল। একফোঁটা চোখের জল মায়ের পায়ের উপর পড়ল। মা চক্ষু মেলে চাইলেন। 'সোনামণি বাছা ডালিমকুমার, সত্য সত্য তুই ফিরে এলি?' মা এগিয়ে গিয়ে ছেলের গলা জড়িয়ে ধরলেন। রাজা চোখ মেলে চাইলেন। সারা রাজ্য ভরে আনন্দের তুফান ছুটল। ঢোল, ডগর, খঞ্জরির বাদ্যে সারা রাজ্য তোলপাড় করে তুলল।
আমার কথাটি ফুরোল, নটে গাছটি মুড়োল। 'কেনরে নটে মুড়ালি?' 'তোর গরুতে খাইল কেন?' 'গরু কেন খাইলি নটে?' 'রাখাল কেন ঘাস দেয় না।' 'কেনরে রাখাল ঘাস দেস না।' 'গেরস্ত কেন খেতে দেয় না?' গেরস্তের ছোট মন, রাখতে নারে লোকজন। যাওরে কথা বনে, যখন বলি তখন এসো মনে।