Chapter 8 of 22
তামীমা! – শায়েখ আতীক উল্লাহ
16 min read
ইমাম সাহেব বিয়ে করলেন এক তামীমি কন্যাকে। বিয়ের কয়েকদিন পর দেখা করতে এলেন কাজি সাহেবের সাথে। কাজি সাহেব সহাস্যে বললেন, -বিয়ে করেছ শুনলাম! -জি¦! -পাত্রী কোন গোত্রের? -বনু তামীম! -হুম, দারুন কাজ করেছ! বিয়ে করলে একজন তামীমাকেই বিয়ে করা চাই! তাদের মতো নারী হয় না। বিবি হিশেবে তারা অসাধারণ! -বাহ, তামীমি কন্যাদের সম্পর্কে আপনার বেশ অভিজ্ঞতা দেখছি! -তো আর বলছি কি! আমার জীবন থেকেই বলছি শোন! কী এক কাজে বনু তামীমে গিয়েছি। তীব্র রোদে গলা শুকিয়ে খরখরে হয়ে গেছে। একচুমুক পানি না পেলেই নয়। পানির সন্ধানে একটা ঘরে ঢুঁ মারলাম। ভেতরে এক মহিলা বসা। পাশেই অনিন্দ্য সুন্দর এক যুবতি। আমাকে দেখে সে প্রজাপতির মতো উড়ে অন্দরে চলে গেল। -একঢোক পানি হবে? -কেন হবে না বাছা, ওখানে বসো। এই যয়নব পানি এনে দে! তুমি কোন ধরনের পানীয় পছন্দ করো? -যা হোক একটা কিছু পান করতে দিলেই হবে! -খুকি, মেহমানকে দুধ এনে দে! মনে হচ্ছে মানুষটা অনেক দূর থেকে এসেছে! . মেয়েটা আমাকে দুধ এনে দিল। আড়াল থেকেই দুধটুকু ঠেলে দিল। তৃপ্তিভরে পান করলাম। মহিলার কাছে জানতে চাইলাম, -মেয়েটা আপনার কী হয়? -যয়নবের কথা বলছেন? সে আমার মেয়ে! -তার বিয়ে হয়ে গেছে? -না, খোঁজ-খবর চলছে! -আমার কাছে তাকে বিয়ে দেবেন? -তুমি যোগ্য হলে কেন দেব না! . ঘরে ফিরে এলাম। দুপুরে খাওয়া-দাওয়া সেরে একটু গড়াগড়ি দিলাম। মনে স্বস্তি পাচ্ছিলাম না। চোখের সামনে একটা ছবি ভেসে বেড়াচ্ছিল। শোয়া ছেড়ে উঠে পড়লাম। আসর আদায় করে, কয়েকজন গণ্যমান্য লোককে নিয়ে সে বাড়িতে গেলাম। বাড়ির আঙ্গিনায় পা দিতেই মেয়ের চাচার সাথে দেখা হয়ে গেল। আমরা আগে থেকে কিছুটা পরিচিত ছিলাম। কুশল বিনিময়ের পর জানতে চাইল: -তুমি আমাদের বাড়িতে কী মনে করে? তোমার কী খেদমত করতে পারি! তার কাছে দুপুরের ঘটনা খুলে বললাম। দেরী না করে শুভ কাজ সম্পন্ন হয়ে গেল। বিবি নিয়ে ঘরে ফিরলাম। ঘরে প্রবেশের সময় মনে একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল। শুনেছি বনু তামীমের মেয়েরা খুবই কাঠখোট্টা আর রসকষহীন হয়। তাদের স্বভাবটা কেমন যেন পুরুষালি আর আবেদনহীন হয়! বিয়েটা করে ভুলই করলাম কি না? এমন হৃদয়হীনা পাথরকে নিয়ে ঘর করবো কী করে? সুন্দরী হলেই হবে? বিষে ভরা মধুকে সর্বরোগের আরোগ্য বলা বাতুলতা বৈ কি! আমি তার কাছে প্রেম নিবেদন করলাম, আর সে খেঁকিয়ে উঠল বা লাঠি হাতে তেড়ে আসল! ওহ, ভাবতেও গা শিউরে উঠছে! তবে কি ঘরে প্রবেশের আগেই তালাক দিয়ে দেব? তাহলে মোহরানা আদায়ের ধকল অনেকটা কমে যাবে? নাহ থাক না, কিছুদিন দেখা যাক, উল্টাপাল্টা আচরণ দেখলে তখন ব্যবস্থা নেয়া যাবে। . রাত ঘনিয়ে এল। ঈশার পর বাসর ঘরে প্রবেশ করলাম। সে গুটিসুটি মেরে এক কোনে বসে আছে। মনে মনে ভাবলাম, এখন যেভাবে আছ, পরেও এমন শান্তসুবোধ থাকলে হয়। তার দিকে ফিরে বললাম, -ওহে তামীমি কন্যে! সোহাগরাতে প্রথমে দু’রাকাত নামাজ পড়ে নেয়া সুন্নাত! আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। সালাম ফিরিয়ে দেখি সেও নামাজে দাঁড়িয়েছে। বুঝতে পারলাম সে ওজু করেই এসেছে। এবং আমার নামাজের চেয়ে তার নামাজ বেশি ধীরস্থির! একটু পর বাঁদিরা এল। আমাকে আবার নতুন নওশাসাজ পরিয়ে দিল। আতর মেখে দিল। জাফরানরাঙা খুশবু তেল লাগিয়ে দিল। সুগন্ধে পুরো ঘরটা ম ম করতে লাগল। বাঁদিরা তাদের কাজ শেষ করে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। ঘর এখন পুরোপুরি খালি। আমার বুকটা ঢিপঢিপ করতে লাগল। হাতুড়ির বাড়ি পড়ছে যেন! ভয়ে ভয়ে আছি, সে যদি সত্যি সত্যি স্বামীদাবড়ানো বিবি হয়? কিছুটা শংকা কিছুটা আশা নিয়ে কাঁপা কাঁপা হাত তার দিকে বাড়িয়ে দিলাম। হাতটা তখনো অর্ধপথও অতিক্রম করেনি তার আগেই ওপাশ থেকে একটা শব্দ ছিটকে এল: -থামুন! আমি মনে মনে হায় হায় করে উঠলাম! তাহলে এতদিন যা শুনে এসেছি, মিথ্যে নয়? এতরাতে আমি কী করবো? রাতটা কিভাবে পার করবো? বাসর ঘর ছেড়ে বেরিয়ে গেলে লোকে কী ভাববে? দুষ্টু বাঁদীগুলোর টীপ্পনির জ¦লুনিইবা সইব কী করে? কেন যে মাথায় বিয়ের ভূত চাপল! পানি পান করতে গেছো, পান করতে দিয়েছে দুধ! ব্যস অমনিই তোমার মাথা ঘুরে গেল! শাদা দুধ দেখে তোমার মাথাটাও স্রেফ শাদা হয়ে গিয়েছিল। এর চেয়ে পানিই ভাল ছিল রে! তার চেয়েও পিপাসায় ছাতি ফেটে গেলেও আপত্তির কিছু ছিল না। এখন জানও যাবে, মোহরানা আদায় করতে গিয়ে মালও যাবে। আমি আকাশ-পাতাল ভাবছি! কিভাবে এ-দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়, বাইরে গিয়ে কী অজুহাত দেয়া যায়, তখন মিষ্টি কোমল মধুমাখা একটা স্বরে সম্বিত ফিরে পেলাম! -কী ভাবছেন অত! -ভাবছিলাম তুমি হাতটা থামাতে বললে! রাগ করে আছ কি না! -আমি একজন আরব মেয়ে! একজন মুসলিম। পর পুরুষের সাথে কথা বলার অভ্যেস ছিল না। দেখা দেয়ারও সুযোগ ছিল না। তাই আপনি হাত বাড়াতে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। অজান্তেই মুখ দিয়ে শব্দটা বেরিয়ে গেছে। ক্ষমা করবেন! -না না, ঠিক আছে! তোমার সম্পর্কে কিছু বলো! তোমাকে যে ঘরে দেখেছি, সেখানেই কি তুমি বড় হয়েছ? -জ্বি। এখানে আমরা কয়েক পুরুষ ধরে বাস করে আসছি! আপনার সম্পর্কে কিছু বলুন! -আমার সম্পর্কে বলার কিছু নেই। এই যা দেখতে পাচ্ছ, এটাই আমি। এর বাইরে আমার আর কোনও পরিচয় নেই! -আমার খুব ইচ্ছা, আপনাকে ভালভাবে জানার! যাতে একসাথে বাস করাটা সহজ আর সুন্দর হয়ে ওঠে! বুঝ হওয়ার পর থেকে আমি কখনো আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কিছু করিনি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি কিছুই জানি না। আপনার স্বভাব কেমন, আপনার পছন্দ কি অপছন্দ কি, এ-বিষয়ে আমার কোনও ধারনা নেই। বিষয়গুলো জানতে পারলে, আমি সেমতে চলার জানপ্রাণ চেষ্টা করব। আপনার অপছন্দের বিষয়গুলোও আমার জানা থাকলে, যত কষ্টই হোক, সেগুলো পরিহার করবো! ইনশাআল্লাহ! . আমি এতক্ষণ কী ভাবলাম আর মেয়েটা কী বলল! নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হল! না জেনে তার সম্পর্কে এতগুলো অমূলক ধারনা কেন করলাম! খুশি মনে তাকে একে একে আমার পছন্দ-অপছন্দের ফিরিস্তি তুলে ধরলাম! সে চুপচাপ হাঁটুতে চিবুক রেখে আমার কথা শুনে গেল। তার ব্যগ্র দৃষ্টি দেখে বুঝতে পারছিলাম, আমার প্রতিটি কথাকে সে ভেতরে কোথাও পাথরে খোদাই করে লিখে রাখছে! মনোযোগী শ্রোতা পেয়ে বক্তব্যটা একটু বেশিই লম্বা হয়ে গিয়েছিল! মনে হতেই থেমে গেলাম! সে মুচকি হেসে প্রশ্ন করল, -আমার একটা কথা জানার ছিল, আপনি শ্বশুরপক্ষীয় আত্মীয়-স্বজনের বেড়াতে আসা পছন্দ করেন? -পছন্দ করব না কেন? তবে আমি কাজি মানুষ! আত্মীয়-স্বজনের কেউ সুপারিশ বা বিচারে আনুকুল্য পেতে ঘরে এসে উঠলে বিরক্ত বোধ করি! -আচ্ছা ঠিক আছে! আপনি কি আমার প্রথম কথায় মন খারাপ করেছেন? -না মানে, একটা ব্যাপারে আমি আগে থেকে শংকিত ছিলাম। -কোন ব্যাপারে? -মানে, আমাকে কে যেন বলেছিল, বনু তমীমের মেয়েরা খুবই মুখরা স্বভাবের হয়ে থাকে! স্বামীর নাকে দড়ি দিয়ে ঘোরায়! তারা বড় কর্কশ! ইত্যাদি ইত্যাদি! সে তার বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছিল! -কী যুক্তি দিয়েছিল? -অনেক আগের কথা, আজ আর মনে নেই! -আপনার বন্ধু আমাদের প্রতি অন্যায় ধারনা পোষণ করেছে! একটা কথা অবশ্য বলা যেতে পারে, আমাদের গোত্রের মায়েদের উদর থেকেই জন্ম নিবে শেষ যমানার সেরা মানুষগুলো! যারা মুজাহিদের মা হবেন, তারা একটু শক্তপোক্ত হবেন, এটাই স্বাভাবিক! – তারা কারা? -আপনি হাদীসটা জানেন, দাজ্জালের অগ্রযাত্রাকে রুখে দিবে বনু তমীমের জানবাজ বীরপুরুষরা! যে মায়েরা দ্বীনের মুজাহিদ জন্ম দিবে, তাদের মধ্যে দৃঢ়তা অনমনীয়তা না থাকলে চলবে কী করে? বনু তামীমের মেয়েরা একটু স্বাধীনচেতা হয়। সেটাকেও হয়তো কেউ কেউ খারাপ চোখে দেখে! স্বাধীনচেতা মানে তারা হক কথা বলতে দ্বিধা করে না। অন্যায় দেখলে পিছিয়ে যায় না। তাই বলে স্বামীর অবাধ্যতা করবে, এমন ধারনা পোষণ করা সত্যি সত্যি জুলুম! আমাদের বনু তামীমকে নবীজি সা. ভালবেসেছেন। আবু হুরাইরা রা. ভালবেসেছেন। আলি রা. ভালবেসেছেন। প্রায় সব সাহাবীই আমাদের প্রশংসা করে গেছেন। আবু বাকর আমাদের ‘কা‘কা বিন আমের তামীমি সম্পর্কে কী বলেছেন সেটা নিশ্চয়ই আপনার জানা আছে? ‘কা‘কা একাই এক হাজার লোকের সমান’ সবচেয়ে বড় কথা, নবীজি সা. বেশ কয়েকবার আমাদের প্রশংসা করেছেন: ক. বনী তামীমের লোকেরা দাজ্জালের প্রতি অত্যন্ত কঠোর হবে। খ. বনু তামীমের ‘সাদাকা’ নবীজির কাছে হাজির করা হলে, তিনি উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘এটা আমাদের কওমের সাদাকা’। নবীজির পূর্বপুরুষ ‘আদনানে’ গিয়ে আমাদের বনু তামীমের বংশধারা কুরাইশের সাথে মিলেছে। গ. একবার আয়েশা রা.-এর কাছে বনু তামীমের এক যুদ্ধবন্দীনিকে আনা হল, নবীজি আয়েশা রা-কে বললেন, তাকে মুক্ত করে দাও, কারণ সে ইসমাইল (আ.)-এর সন্তান! -আচ্ছা, বুঝতে পেরেছি! আর শোনো, এমন গুরুত্বপূর্ণ রাতে ঝগড়া করে সময় নষ্ট করার কোনও মানে হয় না! -ইন্নালিল্লাহ, ক্ষমা করবেন, আমি ঝগড়া করার নিয়তে কথার উত্তর দেইনি! আমাদের গোত্র সম্পর্কে মন্দ ধারনা করছেন, ব্যাপারটা হাদীস বিরোধী হয়ে যাচ্ছে দেখে, আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে এত কথা বলতে হল! আপনি একজন কাজি, আপনি কেন, কোথাকার কে না কে, বদনামি করেছে, সেটাকে বিশ্বাস করতে যাবেন? আপনাকে গুনাহ থেকে বাঁচানো আমার দায়িত্ব! আর এমন চিন্তা কুরআনের সাথেও সাংঘর্ষিক! সূরা হুজুরাতে ‘মন্দ ধারনাকে পাপ বলে আখ্যায়িত করা হয়েছে! -হয়েছে বাপু, হয়েছে! ঘাট মানছি! ভুল করে ফেলেছি! তবে নবীজি কিন্তু আমাদের ইয়ামান সম্পর্কেও প্রশংসা করে গেছেন! – তা গেছেন! তবে আপনাদের কিন্দী গোত্র সম্পর্কে কিন্তু আলাদা করে কিছু বলে যান নি! -ও তুমি আমাদের কিন্দি গোত্র সম্পর্কেও খোঁজ বের করে ফেলেছ? -গোত্র সম্পর্কে ন্যূনতম জ্ঞান যে কোনও আরবেরই থাকে! . আমার সেই পুরনো ভয় আবার জেঁকে ধরল! আসলেই তো তমীমি কন্যারা বাচাল হয়! প্রথম রাতেই আমাকে যেভাবে নাস্তানাবুদ করে ছাড়ছে! তার জ্ঞানের ফুলঝুরি ছুটিয়ে চলেছে, বাকি জীবন না জানি কী করে? কিন্তু আজ আমাকে জিততেই হবে! আমার রোখ চেপে গেল! বাসর-টাসর ভুলে কাছা শক্ত করে তর্ক জুড়ে দিলাম! আমার উত্তেজনা দেখে যয়নব কিছুটা কুঁকড়ে গেল! সে বারবার মাফ চাইতে লাগল! কিন্তু কে শোনে কার কথা! প্রথম রাতেই বেড়াল মারতে না পারলে, আজীবন পস্তাতে হবে! আমি তুমুল জোশ নিয়ে বললাম: -কুরআনের প্রসঙ্গ টেনে আমাকে উপদেশ দিলে! কিন্তু কুরআনেই তো বনু তামীমকে ধমক দেয়া হয়েছে! তাদেরকে নির্বোধ বলা হয়েছে! নবীজির সাথে বেয়াদবি করার কারণে! -আপনি আমার উপর রাগ করছেন! আমার ভুল হয়ে গেছে! -রাগ করব কেন? তোমার গোত্র নবীজির সাথে বেয়াদবি করেছে! -এটাও আপনার ভুল ধারনা! ব্যক্তিগত কিছু হলে আমি চুপ করে থাকতাম! কিন্তু এটা কুরআন কারীম সম্পর্কিত! ঈমানের অংশ! চুপ থাকলে আমাদের দু’জনেরই গুনাহ হবে! আপনি যে ঘটনার দিকে ইঙ্গিত করছেন, সেটা ঘটেছে ‘আমুল উফুদ’ (প্রতিনিধি) আগমনের বছর। বনু তামীমের লোকজন ভর দুপুরে মদীনায় পৌঁছেন। নবীজি তখন হুজরায় বিশ্রাম করছিলেন। বনু তমীম মদীনায় এসেছে ইসলাম গ্রহণ করতে। সত্যের সন্ধানে। তারা মরুভূমির লোক। আল্লাহর নবীর সাথে কেমন আদব-লেহাজ নিয়ে কথা বলতে হয়, সেটা জানতো না। তাই হুজরার সামনে গিয়ে জোরে হাঁক দিয়ে নবীজিকে ডাকতে শুরু করলো। ব্যাপারটা আল্লাহ তা‘আলার পছন্দ হলো না! সাথে সাথে ওহী নাযিল করলেন: -( হে রাসূল!) যারা আপনাকে হুজরার বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশেরই বুদ্ধি নেই (হুজুরাত ৪)। -তাহলে স্বীকার করে নিচ্ছ, তোমাদের বুদ্ধি কম! -জি¦। তবুও আপনি খুশি থাকুন! তবে তাদের এই আচরণটা ছিল ইসলাম গ্রহণের আগে! -তোমাদের বাপ-দাদারা কিন্তু নবীজির সাথে কবিতা নিয়েও দ্বন্দ্ব লাগিয়েছিল! পরে হাসসান বিন সাবিত রা.-এর সামনে তমীমি কবিরা ভেজা বেড়ালে পরিণত হয়েছিল! কবিতাযুদ্ধে হেরে যাওয়ার পর, ইসলাম গ্রহণ করেছে! -আপনি আবারও সত্যকে উল্টো করে দেখছেন! হাসসান বিন সাবিত রা. বনু তামীমের কবিদের কবিতার জবাবে স্বরচিত কবিতা পড়লেন, তখন সবাই একবাক্যে বলে উঠেছে, নবীজির কবি আমাদের কবির চেয়ে সেরা। শুরুতে বনী তমীমের একজন বক্তব্য দিয়েছিল, তার জবাবে নবীজি খাজরাজ গোত্রের সাবেত বিন কায়সকে খোতবা দিতে বলেছেন। আমাদের চেয়ে সাবেতের খোতবা বেশি সুন্দর হয়েছিল! -তাহলে স্বীকার করছ, তোমরা ভাষায় দুর্বল! -আপনি আমার উপর রাগ করছেন, আমি তো কিছুই দাবি করিনি! আপনি আমার মুরুব্বি! আপনার কথা আমি শরীয়তের সীমার মধ্যে অক্ষরে অক্ষরে মেনে চলব! তাই আবারও আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে একটু কথা বলতে হচ্ছে! বনী তামীম সম্পর্কে আপনি কেন এত রাগ পুষে রেখেছেন, জানি না! আপনি এইমাত্র বললেন, আমরা ভাষায় দুর্বল! এটাও কিন্তু কুরআন বিরোধী কথা হয়ে গেল! -আবারও আমাকে কুরআন বিরোধী বানিয়ে ফেললে? কিভাবে বল তো? -কুরআন কারীমকে আরবের কয়েকটা গোত্রের ‘লাহজা’ বা কথ্যরীতিতে পড়া যায়। বনু তামীমও সেসব গোত্রের একটা। এটা এক দুর্লভ সম্মান ও স্বীকৃতি। শুধু তাই নয়, নবীজি বনু তামীমকে সম্মান করেছেন। সেদিন প্রতিনিধি দল মদীনা থেকে ফেরার সময় তিনি সবাইকে অনেক অনেক হাদিয়া দিয়েছেন। দু‘আ করেছেন। আবার আল্লাহ তা‘আলাও আমাদেরকে বিরল সম্মানে বিভূষিত করেছেন। -বিরল সম্মান? সম্মান কোথায় দেখলে? তিনি তো তোমাদেরকে বোকা সাব্যস্ত করেছেন! -আল্লাহ তা‘আলা কুরআন কারীমে আমাদের গোত্রের একান্ত নিজস্ব কিছু শব্দকে ব্যবহার করেছেন, ১. (الصدف) পাহাড়ের প্রান্ত। ২. (الْحُبُكِ) মেঘের গতিপথ। তারকারাজির কক্ষপথ। ৩. ( بغي) হিংসা। ৪. (قرح) যখম। ৫. (تدّخرون) দালের উপর তাশদীদ পড়াটা বনু তামীমের রীতি। আরও আছে! আচ্ছা এসব আজ রাতের জন্যে থাকুক না! এসব আলোচনা করার জন্যে সারা জীবন সামনে পড়ে আছে! আমি আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি! আমি কথা বলতে চাইনি! শুধু কুরআন কারীম আর হাদীস শরীফের সাথে সাংঘর্ষিক কিছু দেখলেই মুখ খুলেছি! আমি একজন সাধারণ মেয়ে! আপনি কত বড় কাজি! আপনার সাথে আমার ঘর করা দূরের কথা, কথা বলারও যোগ্যতা নেই! আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, এটা যে আমার জন্যে কতবড় সৌভাগ্যের বিষয়, তা বলে বোঝাতে পারব না! . যয়নবের কথা শুনে আমার ভেতরটা অনুশোচনায় ভরে গেল। আমি যে একটা হীরের টুকরা জীবনসঙ্গী পেয়েছি, সমস্ত সত্তা দিয়ে অনুভব করলাম। এতক্ষণ আমি জ্ঞানের গরিমায় অন্ধ হয়ে গিয়েছিলাম। একটা পুঁচকে মেয়ে আমার সাথে জ্ঞানগর্ভ তর্ক করতে আসবে, এটা ছিল আমার কাছে কল্পনাতীত বিষয়! একটা সদ্য যৌবনবতী বালিকা আমার প্রতিটি কথাকে কুরআন-হাদীস দিয়ে ভুল প্রমাণ করে দেখিয়ে দেবে, এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। একটা মেয়ে এত অল্প বয়েসে এত কিছু শিখে গেছে? আমার মধ্যে কোত্থেকে যেন রাজ্যের আবেগ এসে ভর করল! যয়নবের হাত ধরে গদগদ স্বরে বললাম: -তুমি আমার জন্যে সত্যি সত্যি তামীমা (রক্ষাকবচ) হয়ে এসেছ! আজ দুপুরে তোমার দুধ খেয়ে পিপাসা মিটিয়েছি! বাকী জীবন তোমার জ্ঞানসাগরে ডুবে ডুবে জল খেয়ে যাব! -যাহ, কিভাবে যে কথা বলেন! -ওহো ভুলে গেছি, তোমার সাথে সাবধানে কথা বলতে হবে! ভাষাগত ভুল হয়ে যায় কি না? তোমরা তো কুরআনের ভাষায় কথা বলো! -আপনি এখনো আমার প্রতি রাগ করে আছেন! -রাগ করব কেন, তোমাকে রাগানোর চেষ্টা করছি, কিন্তু সফল হতে পারছি না! এত কথা বললাম একটুও রাগলে না, উল্টো আমাকেই রাগিয়ে ছাড়লে! -ভুলের জন্যে আবারও ক্ষমা চাইছি! -না না, তুমি কোনও ভুল করো নি। বাকী জীবন যখনই অামার কথায় বা কাজ কুরআন-সুন্নাহ বিরোধী কিছু দেখবে, সাথে সাথে বলে দেবে! অামার রাগের ভয় করবে না! -আপনি আমার সম্পর্কে বেশি সুধারনা করে ফেলছেন! আমি নিতান্ত অজ্ঞ একটা মেয়ে! লেখাপড়ায় ফাঁকি দেয়া মেয়ে! (অামি মনে মনে বললাম, বা রে! ফাঁকি দিয়ে লেখাপড়া করার পর যদি এ-অবস্থা হয়, ভালভাবে পড়লে না জানি কী অবস্থা দাঁড়াত!) -আচ্ছা, ঠিক অাছে তুমি ফাঁকিবাজ মেয়ে! তবে আমাকে ভালবাসার ক্ষেত্রে ফাঁকি দিলে চলবে না! -একদম ফাঁকি দেব না! ইনশাআল্লাহ! আমার পুরো সময়টাই অাবর্তিত হবে আপনাকে ঘিরে! ছোটবেলা থেকেই আম্মু আমাদের বোনদেরকে বারবার এ-শিক্ষা দিয়ে বড় করেছেন! -তাহলে এবার হাত বাড়াই তুমি কি বল? -আপনি একটা……….! . জীবনের সেরা একটা রাত কাটল। কোন ফাঁকে দীর্ঘ একটা রাত কেটে গেল টেরটিও পেলাম না। তিনদিন তমীমির নেশায় বুঁদ হয়ে থাকলাম। চতুর্থদিন কোর্টে গেলাম। কাজ শেষে দ্রুত ঘরে ফিরলাম। যতই দিন গড়াতে লাগল, পরের দিনটা আগের দিনের চেয়ে বহুগুণ সুন্দর, অর্থবহ আর স্বপ্নীল হয়ে উঠতে লাগল! তমীমার প্রতি মুগ্ধতার রেশ বেড়েই চলতে লাগল! প্রতিদিনই তার কোনও না কোনও নতুন বৈশিষ্ট্য চোখে পড়তে শুরু করল! মেয়েটা এক হীরের খনি হয়ে এল আমার জীবনে! যতই খুঁড়ি, যতই গভীরে যাই, আরও দামী দামী রত্ন আবিষ্কৃত হতে থাকে! . সুখের দিনগুলো দ্রুতই পার হয়ে যায়। সুখের সংসারের বয়েস দাঁড়াল এক বছর। এতদিন পর আমার শাশুড়ী মেয়ের বাড়িতে বেড়াতে এলেন। আমি যথাসাধ্য যত্নআত্তি করার চেষ্টা করলাম। যে মা এমন অসাধারণ একটা মেয়ে জন্ম দিতে পারে, তাকে শ্রদ্ধা করা ফরজের পর্যায়ে পড়ে। বুড়িমা একফাঁকে আমাকে আড়ালে ডেকে ফিসফিস করে বলল: -আমার মেয়েকে কেমন পেলে? -সুবহানাল্লাহ! আপনি আমাকে একটা জান্নাতি হুর উপহার দিয়েছেন। কন্যাকে আদর্শরূপে গড়ে তোলার জন্যে একজন মায়ের যা যা করা দরকার, তার চেয়েও বেশি করেছেন আপনি। মেয়েকে যতকিছু শেখানো দরকার, কিছুই বাকি রাখেন নি। আদব-লেহাজ, জ্ঞান-গরিমা, ঘর-সংসার, ভদ্রতা-সহবত কোন দিক দিয়ে তার ভুল ধরব? -বাছা, এত মুগ্ধ হয়ো না! আরও কিছুদিন যাক, তখন বোঝা যাবে, সে কেমন। একটা মেয়ে ভাল বলে পরিচিতি পেয়ে গেলে, তার আসল রূপ বের হয়ে আসে দুই পরিস্থিতিতে ক. স্বামীর আদর-যত্ন পেয়ে মেয়েটা স্বামীর প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠেছে নাকি লাই পেয়ে মাথায় উঠেছে? খ. তার সন্তান হওয়ার পর সে মা হিশেবে কেমন সবর শোকরের পরিচয় দিয়েছে? . শাশুড়ি বছরে একবার বেড়াতে আসতেন। বেড়ানো শেষ করে যাওয়ার সময়, পরের বার আসতে পারবেন কি না, আমার কাছে তার অনুমতি চাইতেন! আমি ভীষণ অবাক হতাম, তার এই অদ্ভুত অভ্যেস দেখে! তাকে বলতাম, -আপনি মেয়ের বাড়িতে বেড়াতে আসবেন, এতে আমার অনুমতি লাগবে কেন? এটা আপনারও ঘর! -না বাছা, অনুমতি নেয়া জরুরী! আমি মেহমান! মেজবানের সম্মতি ছাড়া, মেহমান ঘরে পা দেয়া ঠিক নয়! মেজবান যতই আপন হোক! এমনকি পেটের ছেলে আলাদা সংসারে থাকলে, তার বাড়িতে যাওয়ার আগেও অনুমতি নিয়ে নেয়া উচিত! . প্রতিবারই যাওয়াই আগে মেয়ে সম্পর্কে প্রশ্ন করতেন। আমার উত্তর শুনে বলতেন: -যখনই তার মধ্যে উল্টাপাল্টা কোনও আচরণ দেখবে, কঠোর হাতে শাসন করবে! কারণ যে মেয়ে স্বামীর আদর পেয়ে আরও বাঁদর হয়, লাঠিই তার একমাত্র প্রতিষেধক! . আমি একটানা বিশ বছর যয়নবের সাথে ঘর করেছি। কখনো তার আচরণে দোষ ধরার মত কিছু পাইনি। আমি রাগ করার মতো কোনও উপলক্ষ্য তৈরী হয়নি। . ঘটনাটির আলোকে অভিজ্ঞজনেরা কিছু বিষয় তুলে ধরেন, (১) একজন স্বামীকে সুখি হতে হলে, তাকে অবশ্যই প্রকৃত ধার্মিক হতে হবে। ধর্মপালনে যত্নবান থাকতে হবে। (২) বিয়ের বয়েস হলে, পছন্দসই মেয়ে পেলে, দ্রুত বিয়ে করে ফেলতে হবে। না হলে ফিতনার আশংকা থেকে যায়। (৩) শুধু পছন্দ হলেই হবে না, মেয়ে সম্পর্কে, মেয়ের পরিবার সম্পর্কে ভালভাবে খোঁজখবর যাচাই বাছাই করে নিতে হবে। (৪) আল্লাহ তা‘আলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। ভবিষ্যতের খাওয়া-পরা নিয়ে অমূলক ভয় দূর করে দিতে হবে। বিয়েটা বরকতপূর্ণ হবে, এ দৃঢ়বিশ্বাস সব সময় মনে হাজির-নাজির রাখতে হবে। (৫) বিয়ের আচার-অনুষ্ঠান পুরোপুরি সুন্নাত তরীকায় হতে হবে। বিয়ের পর স্ত্রীর সাথে ওঠাবসা-কথাবার্তাও পুরোপুরি সুন্নাত তরীকায় হতে হবে। (৬) প্রথম প্রথম স্ত্রীর সাথে হৃদ্যতা গড়ে তোলার জন্যে অনেক ছাড় দিতে হবে। পারস্পরিক অপরিচিতি ভাব দূর করার জন্যে সময় নিতে হবে। (৭) পুরুষ স্ত্রীর কাছেই শুধু সাজগোজ করবে এমন নয় নিজেও সাজগোজ করবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। (৮) দু’জনেই বেগানা নারী-পুরুষের দিকে তাকাবে না। দু’জনেই নজরের হেফাজত করে চললে, সংসারে অশান্তি প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। (৯) স্ত্রী সংসারের কাছে শুধু মন নয়, মাথাও যথাসাধ্য ব্যবহার করবে। একজন পুরুষের সাথে জীবন কাটাতে হলে, চপলমতি হলে চলে না, বুদ্ধিমতী হতে হয়। (১০) দু’জনের মধ্যে বোঝাপড়াটা গভীর হওয়া জরুরী। বৈবাহিক জীবনের শুরু থেকেই। তাহলে সংসারে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। সংসার থাকবে ঝগড়া-বিবাদ মুক্ত। এটা অর্জিত হতে পারে স্বামীর কিছু বাস্তবসম্মত পদক্ষেপে। ক. শুরুতেই স্বামী জানিয়ে দেবে, স্ত্রীর মধ্যে কোন কোন অভ্যেস থাকাটা সে অপছন্দ করে। খ. কোন কোন মানুষের সাথে যোগাযোগ রাখাটা তার পছন্দ নয়। নিজের ঘরে কারা আসবে, কারা আসবে না, এটা নিয়ন্ত্রণ করা একজন পুরুষের অধিকারের মধ্যে পড়ে। (১১) স্ত্রী সব সময় চেষ্টা করবে, স্বামীর পছন্দমত খাবার রান্না করতে, স্বামীর পছন্দ মত পোশাক পরতে, স্বামীর অপছন্দনীয় বিষয়কে এড়িয়ে চলতে। (১২) স্বামী যখন কথা বলবে , স্ত্রী মনোযোগ দিয়ে তার কথা শুনবে। বোঝার চেষ্টা করবে। না বুঝলে জিজ্ঞেস করে বুঝে নিবে। পরে বাস্তবায়ন করবে। (১৩) স্বামী কুরআন-সুন্নাহ বিরোধী কোনও আদেশ না করলে, স্ত্রী যুক্তি-তর্ক ছাড়াই আদেশ মেনে নেয়ার চেষ্টা করবে। (১৪) স্ত্রীর পরিবার-পরিজনকে যথাযথ মর্যাদা-কদর করবে। যথাসাধ্য তাদের আদর-আপ্যায়ন করবে। তার মানে এই নয়, স্বামীর উদারতার সুযোগে, স্ত্রীপক্ষের আত্মীয়-স্বজন জামাইয়ের ঘাড়ে চেপে বসবে। যখন-তখন বেড়াতে চলে আসবে। বাপের বাড়ির দিক থেকে কারো আসার প্রয়োজন হলে, স্বামীকে আগেই জানিয়ে রাখবে। অনেক স্বামী আছে, নিরিবিলি থাকতে পছন্দ করে। ছোট্ট ঘরে শ্বশুরপক্ষীয় কেউ এলে ঝগড়ার ভয়ে চুপচাপ মেনে নিলেও, ভেতরে চাপা অস্বস্তি থেকে যায়। ঘরদোর সঙ্গতিতে প্রাচুর্য থাকলে এসব সমস্যা থাকে না। তখন উল্টো শ্বশুর পক্ষের কেউ বেড়াতে এলে স্বামী খুশিই হয়। (১৫) মেয়ের উপর একজন যোগ্য মায়ের প্রভাব বিয়ের পরও অটুট থাকে। একজন অভিজ্ঞ মা বিয়ের পরও মেয়ের সংসারের দিকে একটা নিরপেক্ষ চোখ রাখেন। মেয়ের দাম্পত্য জীবনকে সুখী করে তোলার লক্ষ্যে নিরবে কাজ করে যান। একজন বুদ্ধিমতি মা তার কন্যাকে সুখী করে তুলতে গিয়ে, তার সংসারে অযাচিত হস্তক্ষেপ করেন না। মেয়ের কথা শুনেই জামাইকে দোষারোপ করতে শুরু করেন না। জামাইয়ের সাথেও কথা বলেন। সমস্যাটা বোঝার চেষ্টা করেন। নিরপেক্ষ দৃষ্টিতে সমাধানের পথ খোঁজেন। মেয়েকে অযৌক্তিক উস্কানি দিয়ে, তার সংসারকে দোযখ করে তোলেন না। (১৬) কুরআন কারীম চূড়ান্ত পর্যায়ে প্রয়োজনে স্ত্রীকে প্রহার করার অনুমতি দিয়েছে। তার মানে এই নয় ,যখন তখন এই ক্ষমতার প্রয়োগ করা যাবে। (১৭) মেয়েকে ছোটবেলা থেকেই সচেতনভাবে প্রশিক্ষণ দিয়ে যাওয়া আবশ্যক। কিভাবে ঘরের দায়িত্ব পালন করবে। কিভাবে ক্রোধ দমন করবে। কিভাবে তর্ক এড়িয়ে যাবে। কিভাবে চুপচাপ কথা শুনবে। (১৮) স্বামী ও স্ত্রী দু’জনেই যদি নিজের দায়িত্ব ও অধিকারের সীমা বুঝে চলে, সংসারে দুর্দিন আসার সুযোগই পাবে না। (১৯) স্বামীর উচিত স্ত্রীর প্রতি সব সময় অতি নমনীয় আচরণ না করা। স্ত্রীর ভুল বা অন্যায় দেখেও চুপ করে না থাকা। অনেক সময় স্বামীর চুপ থাকা বা নমনীয় স্বভাবের কারণে, স্ত্রীর মধ্যে অহংকার প্রবণতা চলে আসে। পরিণতি সুখকর হয় না। (২০) পুরুষ ঘরে সুখী হলে, বাইরে কর্মক্ষম থাকে। স্ত্রীর কর্তব্য হল, স্বামীকে ঘরে সুখী করে তোলা! স্বামীর কর্তব্য হল, স্ত্রীর সুবিধা-অসুবিধার দিকে তীক্ষ্ন নজর রাখা। . . . . (হুবহু না হলেও, এ-ধরনের একটা ঘটনা বিখ্যাত কাজি শুরাইহ রহ. সম্পর্কে প্রচলিত আছে। যদিও সেটা বিশুদ্ধ সনদে বোধ হয় উত্তীর্ণ নয়)।
দিনলিপি-১০২৯ (২৭-০৮-১৭)