Chapter 13 of 22
পুতুল - আনিকা তুবা
12 min read
সেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছে মারইয়াম। খানিক আগেও এত রোদ ছিল না। এখন কড়া রোদে পা কুটকুট করছে। বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। রোদের তাপ ক্ষয়ে যাওয়া স্যান্ডেলের রবার ভেদ করে পায়ে ঢুকে যাচ্ছে। বারবার নড়াচড়া করছে সে। লাইন থেকে বের হয়ে হালকা চক্কর দিয়ে আসছে লাইনের এ মাথা থেকে ও মাথা। একটু পর পর তাকিয়ে দেখছে মা লাইনে আছে নাকি। হ্যাঁ ঐ তো সবুজ জিলবাব, আর তামাটে রঙের খিমার। এখনও ঠায় দাঁড়িয়ে মা। পিঁপড়ার সারির মতো দীর্ঘ একটা লাইন, একটু একটু করে সামনের দিকে এগুচ্ছে। অন্যদিন এই বিশাল মাঠটা ফাঁকাই পড়ে থাকে। ছেলেমেয়েরা সকালের দিকে এখানে এসে খেলে। আজ অনেক লোক জড়ো হয়েছে। মায়ের কাছে শুনে আর ছোটোবেলা থেকে দেখতে দেখতে এখন মারইয়ামও জানে এই লোকগুলো কারা। এরা এখানে এসেছে তাদেরকে ত্রাণ বিলি করতে। ত্রাণ কথাটা মারইয়ামের পছন্দ না। কেমন যেন ভিক্ষা ভিক্ষা শোনায়। দরদ তো থাকেই না, উল্টো লোকদেখানো একটা ভাব থাকে। বিলি করার পুরোটা সময় জুড়ে ভিডিও আর ছবি তুলতেই বেশি ব্যস্ত হয়ে থাকে এরা। অবশ্য মাঝে মাঝে কিছু লোক আসে, বড় ভালো। মাটির মানুষের মতো আচরণ সবার। ভদ্র, বিনয়ী, আর নামাজের ব্যাপারে খুব যত্নশীল, সময় হলেই পড়ে নেয়। ক্যাম্পের সব ছেলে-বাবা-চাচারা তাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওর খুব ভালো লাগে দৃশ্যটা দেখতে। মা বলে দূরের দেশের ভাইবোনেরা নাকি তাদেরকে সাহায্য করে। সেসব দেশে না জানি কত ভালো মানুষ আছে! মারইয়ামের খুব দেখতে ইচ্ছা করে সেই মানুষগুলোকে। কোনোদিন কি সে পারবে সেই দূরের দেশে যেতে? যেখানে কোনো যুদ্ধ নেই। ক্ষুধার কষ্ট নেই। এমন দেশ সত্যিই আছে! মারইয়ামের বিশ্বাস হতে চায় না। কিন্তু ও জানে মা মিথ্যা বলে না। মা যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই আছে। কাল দুপুরের পর থেকে মারইয়ামের পেটে কিছুই পড়ে নি। দুপুরে একটা শুকনো খেজুর আর পানি খেয়েছিল শুধু। মা তাও খায় নি। সকাল থেকে পেটের ভেতর ভুটভাট শব্দ হচ্ছে। রোদের তীব্রতাও বেড়ে চলেছে সমান তালে। ক্ষুধার জ্বালায় অসহ্য লাগছে মারইয়ামের।
উম্ম কুলসুমের ডাকে পাশ ফিরে তাকালো মারইয়াম। দশ হাত দূরের পাইন গাছটার নিচে জড়ো হয়েছে কয়েকটা ছোটো ছেলেমেয়ে। সেখান থেকেই উম্ম কুলসুম ডাকছে তাকে।
“জলদি চল! কোথায়? আরে আগে এসেই দ্যাখ না! খুব উত্তেজিত স্বরে কথা বলছে উম্ম কুলসুম। তার কথা জড়িয়ে যাচ্ছে। অনেক উত্তেজনায় ওর এরকম হয়। “ঐদিকটায় খেলনা দিচ্ছে, জানিস?” খেলনা! মারইয়ামের কণ্ঠে অবিশ্বাস। হ্যাঁ রে বাবা, খেলনা, সত্যি বলছি। সত্যি, সত্যি, তিন সত্যি। আরে আস্তে বল! তোকে না বলেছি ‘তিন সত্যি’ বলে কিছু নাই। মা শুনলে বকবে কিন্তু। তিন সত্যি না হোক, এক সত্যিই হোক। সত্যি সত্যিই খেলনা দিচ্ছে। বিশ্বাস না হয় তুই দ্যাখ এসে।
দুই বান্ধবী মিলে পাইন গাছের কাছটায় গেলো। আসলেই সেখানে খেলনা দেয়া হচ্ছে। তবে তাদের বয়সীদেরকে এখনও দেয়া শুরু হয় নি। একটা বড় বাকসে জড়ো করে রাখা সব খেলনা। বল, পুতুল, হাড়ি-পাতিল, আরও অনেক কিছু। গোলাপি জামার একটা পুতুলের উপর চোখ আটকে গেলো মারইয়ামের। কী সুন্দর! কী সুন্দর! পুরোনো খেলনা দেখে মনেই হচ্ছে না! মনে হচ্ছে এইমাত্র কেউ মোড়ক খুলেই পুতুলটা ওর জন্য পাঠিয়ে দিয়েছে। মনে মনে একটা নাম ঠিক করে ফেললো সে পুতুলটার জন্য। ওর নাম হবে “গোলাপি”।
মারইয়াম লাইনে দাঁড়িয়ে একমনে আল্লাহর কাছে দুয়া করতে থাকলো এই পুতুলটা যেন তার হয়। মা বলে আল্লাহর কাছে দুয়া করলে আল্লাহ কখনও খালি হাতে ফিরিয়ে দেয় না। আল্লাহর অনেক দয়া। অনেক ক্ষমতা। আল্লাহ সব দিতে পারেন। মারইয়ামের অনেক দুয়া আল্লাহ কবুল করেছেন।
একবার যখন ফাতিমার সাথে ঝগড়া বেঁধে গেলো, সবাই ফাতিমার পক্ষ নিয়ে কথা বলছিলো, সেবারও তো মারইয়ামের দুয়া কবুল হলো। মারইয়াম সেবার খুব করে অন্তর থেকে চেয়েছিল মা যেন ওর কথা শোনে, বিশ্বাস করে। সেদিন কিন্তু তেমন কিছুই হয় নি। মারইয়াম আপনমনে এক্কা-দোক্কা খেলছিল, লাফ দিতে গিয়ে ফাতিমার গায়ে সামান্য ধাক্কা লেগে যায়। তাও না দেখে। ওমনি সেটা নিয়ে গায়ে পড়ে ঝগড়া শুরু করে দেয় ফাতিমা। এরপর মায়ের কাছে নালিশ নিয়ে হাজির। মা কেন যেন সবসময় ওর দোষটাই আগে দেখতে পায়। যে যাই করুক, ওকেই শাস্তি পেতে হয়। সেবার কিন্তু দুয়ার জোরেই ও বেঁচে গেলো। সেই থেকে ফাতিমাকে ও দেখতে পারে না। এমন ঝগড়াটে মেয়ে আর একটাও নেই এই তল্লাটে। যেমন ঝগড়াটে, তেমন হিংসুক। কেমন বাঁকা বাঁকা করে কথা বলে। আর সবকিছু নিয়ে কাড়াকাড়ির অভ্যাস। রাস্তায় একবার গোটা চারেক মার্বেল খুঁজে পেয়েছিল মারইয়াম। গাঢ় নীল রঙের। ভারি সুন্দর দেখতে মার্বেলগুলি। ফাতিমা দেখামাত্র কেড়ে এক ছুট। মারইয়াম তো কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল। অন্যের জিনিস কেউ এভাবে কেড়ে নেয়? পরে ফাতিমার পিছে ছুটতে ছুটতে সেও গেছিল ময়দানের ঐ ওপাশে ভাঙা রাস্তাগুলোর পাশের খুপড়ি ঘরটায়। ঘরটার একপাশে আগে টানা বারান্দা ছিল। গত বছরের বোমার আঘাতে ভেঙে এখন আধ টুকরো হয়ে গেছে। ভাঙা ঘরটাকে দেখতে খুব ভুতুড়ে লাগে। এখানেই ফাতিমা থাকে ওর দাদীর সাথে।
দাদী, ফাতিমা আমার মার্বেল নিয়ে পালিয়ে এসেছে। এক্ষুণি ওকে আমার মার্বেলগুলো ফেরত দিতে বলবেন।
ওগুলো তোর মার্বেল হবে কেন রে বাছা? ও তো রাস্তায় কুড়িয়ে পাওয়া মার্বেল। তোর কেনা মার্বেল নাকি রে? ফাতিমার পক্ষ নিয়ে কথাগুলো বলে ওর দাদী।
হ্যাঁ, আমি কুড়িয়ে পেয়েছি, আমার পাওয়া মার্বেল ও জোর করে কেড়ে নেবে কেন?
আহা, বাদ দে না ভাই। ফাতিমা তোর থেকে ছোটো না? তুই বড় হয়ে এখনও ছোটোদের খেলনা নিয়ে পড়ে থাকলে হবে?
মারইয়াম সেদিনই বুঝেছিল ফাতিমার দাদীকে বিচার দিয়ে কখনও কোনো কাজ হবে না। ফাতিমা ওর থেকে মোটে এক বছরের ছোটো। এজন্য নাকি এখন ওর সব কথা মানতে হবে! এ কথার কোনো মানে হয়? যেমন দাদী, তেমনই নাতনি। দাদীর আস্কারা পেতে পেতে ফাতিমার বাড় বাড়ছে। বাবা-মা মারা গেছে দেখে দাদীটা ওকে কিচ্ছু বলে না। বাবা মা মারা গেলেই বুঝি সব দোষ মেনে নিতে হয়? মারইয়ামের বাবাও তো মারা গেছে গতবছর। সেবারের মতো বোমা হামলা আর দেখেনি মারইয়াম, সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ঐ বার। বাবাও চলে গেলো আল্লাহর কাছে। তাই বলে কি মা ওকে সব দিয়ে দেয় নাকি? অবশ্য মারইয়াম নিজেও কিছু চায় না।
বাবার কথা খুব মনে পড়ে মারইয়ামের। বাবা যতদিন ছিলেন, ওদের এত কষ্ট হতো না। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের খুব কষ্ট হয়। মা মনে করে মারইয়াম ছোটো। কিন্তু আট বছরের মারইয়াম এখনই অনেক কিছু বোঝে। বাবা মারা যাওয়ার পর থেকে ওদের অর্থনৈতিক অবস্থার যে আরও অবনতি হয়েছে, সেটা কেউ না বললেও ও বুঝতে পারে। তাই ও মায়ের কাছে পারতপক্ষে নিজের কোনো চাহিদার কথা বলে না। আজ খেলনাগুলো দেখে ক্ষুধার কষ্টও যেন ভুলে গেলো মারইয়াম! ইশ! ঐ গোলাপি পুতুলটা! কী সুন্দর নীল নীল চোখ। কোকড়া-কোকড়া চুল! দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে কী তুলতুলে নরম একটা পুতুল।
খেলনার চারপাশে হৈ চৈ করছে ক্যাম্পের বাচ্চারা। অবশেষে খেলনা বিলানো শুরু হলো। লোকগুলো বাচ্চাদের সামনে বাকসো এগিয়ে ধরছে, ইচ্ছামতো এক একটা খেলনা তুলে নিচ্ছে বাচ্চারা। খুশিতে ঝিলমিল করছে সবার মুখ। মারইয়াম কি পাবে গোলাপি পুতুলটা! অধীর হয়ে অপেক্ষা করছে সে। এইতো আর একটু পরেই ওকে খেলনা দেয়া হয়ে যাবে। লাইনটা ছোটো হয়ে আসছে। বাকসে এখনও গোলাপি পুতুলটা আছে। এইতো এবার তার পালা! মারইয়ামের মনটা আনন্দে দুলে উঠলো। হঠাৎ উম্ম কুলসুম আর মারইয়ামের মাঝখানে কোত্থেকে যেন উদয় হলো ফাতিমা। গোলাপি পুতুলটা বাকসো থেকে তুলে নিয়ে ভো দৌড়। মারইয়ামের বুকটা হু-হু করে উঠলো। কী থেকে কী হয়ে গেলো সে বুঝতেই পারলো না। দিগ্বিদিক ভুলে ছুটতে থাকলো সে। আর কোনো হুঁশ নেই ওর। হন্যে হয়ে খুঁজতে থাকলো গোলাপি পুতুলটাকে। কোথায় গেলো ফাতিমা পুতুলটা নিয়ে? কেন এমন করলো ও!
উম্ম কুলসুম আঙুল তাক করে বললো, দ্যাখ, দ্যাখ, তোর পছন্দের পুতুলটা নিয়ে ঐ যে দাঁড়িয়ে আছে! চোখ তুলে উম্ম কুলসুমের আঙুল বরাবর তাকাতেই মনটা ভেঙে চুরমার হয়ে গেলো ওর। এই দৃশ্যটা না দেখলেই বুঝি বেশি ভালো হতো। ওদের একটু দূরেই ফাতিমা একটা দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। ওর হাতে মারইয়ামের প্রিয় সেই গোলাপি পুতুল। ইচ্ছা করেই ফাতিমা গোলাপি পুতুলটা নিয়েছে। মারইয়ামকে কষ্ট দেয়ার জন্য। এমন কেন হয় মারইয়াম বুঝতে পারে না। ওর এত আকাঙ্ক্ষার জিনিসটা কেন ওর সবচেয়ে অপ্রিয় মানুষটার হাতেই যেতে হবে? মারইয়ামের ছোট্টো পৃথিবীর সমস্তটুকু হঠাৎ করেই খুব মলিন হয়ে গেলো। মুখ কালো করে লাইন থেকে বেরিয়ে গেলো সে।
কীরে খেলনা নিবি না তুই? উম্ম কুলসুম অবাক কণ্ঠে প্রশ্ন করলো। নাহ, সংক্ষেপে জবাবটা দিয়ে মায়ের কাছে চলে গেলো মারইয়াম।
এরপর কতদিন পার হয়ে গেলো। মারইয়াম পুতুলটার শোক ভুলতেই পারলো না। মাঝে মাঝেই ফাতিমা পুতুলটাকে নিয়ে মাঠে খেলতে আসে। কী সুন্দর গোল গোল চোখ। সেই চোখগুলো আবার পিটপিট করে। একবার কাছ থেকে দেখতে পেয়েছে সে। খুব ইচ্ছা করছিল একটু কোলে করে মন ভরে দেখবে গোলাপিকে। কিন্তু কখনও হাতে নিয়ে দেখার সুযোগ হয় নি। ফাতিমা যে হিংসুক বাবা! নিজের জিনিস কাউকে ধরতে দেয় না।
মারইয়াম একবার উম্ম কুলসুমকে সাথে নিয়ে একটা বুদ্ধি এঁটে ফেলল। সেই বুদ্ধি অনুযায়ী একদিন উম্ম কুলসুম গেলো ফাতিমার কাছে,
তোর পুতুলটা দেখতে একটুও ভালো না। জানিস আমার কাছে আরও সুন্দর একটা খেলনা আছে।
এহ, ভুয়া কথা বলিস না।
না, সত্যিই আছে।
তাইলে দেখা দেখি!
উঁহু দেখানো যাবে না।
দেখানো যাবে না কেন?
এক শর্তে দেখাবো, তুই তোর পুতুলটা আমাকে দিয়ে দিবি, তাহলে আমি আমার পুতুলটা তোকে দিয়ে দিবো।
সে পরের কথা, আগে দেখাবি বল!
আরও সুন্দর পুতুলের কথা শুনে ফাতিমার চোখ চকচক করতে থাকে। খেলনা অদল-বদলের ব্যাপারেও বেশ আগ্রহী হয়ে ওঠে সে। কিন্তু আরও সুন্দর কোনো খেলনা মারইয়ামরা পাবে কোথায়? সুন্দর পরের কথা। কোনো খেলনা তো জোগাড় করা চাই।
দু বান্ধবী মিলে অনেক ছুটোছুটি করলো। এক একদিন এক এক রাস্তায় ঘুরে বেড়াত। ওদের তো স্কুল-কলেজ নেই। প্রতিদিনই ছুটির দিন। অন্য সবাই যখন মাঠে খেলত, ওরা দুজন পুতুলের সন্ধানে বেরোত। যুদ্ধের ধ্বংসাবশেষগুলো ঘেটে ঘেটে দেখতো। ওদের নিশ্চিত বিশ্বাস ছিল কোনো না কোনো ইট-পাথরের নিচে চাপা পড়া একটা পুতুল পেয়েই যাবে। জ্বলজ্বলে কাপড়, চিকমিকি কাগজ দেখলেই ছুটে যেতো। এরপর পুতুলের চিহ্ন না পেয়ে আশাহত হয়ে ফিরে আসতো। মাসের পর মাস চেষ্টা করেও কোনো খেলনার সন্ধান পাওয়া গেলো না। বোমা বিস্ফোরণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কোনোকিছুর চিহ্নমাত্র অবশিষ্ট থাকে না। ফাতিমাকে বোকা বানিয়ে পুতুল বিনিময় করে গোলাপিকে হাসিল করার যে ক্ষীণ আশা ছিল, সেটাও একসময় মিইয়ে যেতে লাগলো।
এক রাতে শুকনো রুটি খেতে খেতে মারইয়াম মা’কে প্রশ্ন করল, আচ্ছা মা, এই যুদ্ধ কবে শেষ হবে? এ প্রশ্ন মারইয়াম প্রায়ই করে। মা আজও একই উত্তর দিলেন, আল্লাহ যখন চাইবেন, তখনই শেষ হবে মা। যুদ্ধ শেষ হয়ে গেলে কি আমরা অন্য দেশে চলে যাব? যেখানে অনেক ভালো মানুষ আছে, এমন একটা দেশে। না রে মা, অন্য দেশে গিয়ে কি করবি? যুদ্ধ শেষ হয়ে গেলে তো এখানকার কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন লোকে এই দেশেই কাজ পাবে, খাওয়া পাবে। সত্যি মা! হ্যাঁ মা, আল্লাহ চাইলে সবই সম্ভব। তখন কি আমি একটা গোলাপি পুতুল কিনতে পারব মা! ফাতিমার গোলাপি পুতুলটার মতো পুতুল?
মেয়ের নিরীহ প্রশ্নে মায়ের অনেক গোপন করে রাখা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই মেয়েটা তার কাছে কিছুই চায় না। ক্ষুধা লাগলেও মুখ ফুটে খিদার কথা বলতে চায় না। কিন্তু সরলমনে পুতুলের কথা বলে ফেলেছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা বললো, ফাতিমার পুতুলটা তোর অনেক পছন্দ তাই না? তুই ভালো কাজ করে যদি জান্নাতে যেতে পারিস, তাহলে অনেক পুতুল পাবি মারইয়াম। সেসব পুতুল ফাতিমারটার চেয়েও অনেক সুন্দর হবে দেখিস। সেখানে তুই যা মন চায়, সেটাই নিতে পারবি। আর আল্লাহ যদি তাওফিক দেয়, তাহলে এই দুনিয়াতেও তোকে সুন্দর সুন্দর পুতুল কিনে দেব ইনশাআল্লাহ।
মারইয়ামের মনে আবারও আশার আলো জেগে ওঠে। ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ওর চারপাশে অনেকগুলো পুতুল। কথা বলা পুতুল, গান গাওয়া পুতুল। চোখ পিটপিটি পুতুল। ঘুমের মধ্যেই মারইয়াম ওদের আদর করে দেয়, চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেয়। গান গেয়ে গেয়ে ওদের ঘুম পাড়ায়।
রাতে খুব ভালো ঘুম হয় মারইয়ামের। সকালবেলা উম্ম কুলসুমের চিৎকারে ঘুম ভাঙে ওর। এই মারইয়াম, ওঠ জলদি ওঠ! মাঠের পিছের রাস্তায় আবার বোমা মেরেছে কাফের সৈন্যরা! সব বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। মারইয়াম হন্তদন্ত হয়ে উঠেই দৌড় লাগায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় ভাঙা রাস্তার উপর। ধ্বংসাবশেষ বেয়ে ওঠায় ওদের অভ্যাস আছে। দুজনে হাত ধরাধরি করে উঠে যায় ইট-পাথরের উপর। এখানেই ফাতিমার খুপরি ঘরটা ছিল। ওটাও ভেঙে পড়েছে আজ। মুসলিম ডাক্তার-নার্সরা এসে যাদের পারছে, তুলে নিয়ে যাচ্ছে। এসব ডাক্তারের কাছে খুব বেশি সরঞ্জাম নেই। অনেক দূরের দেশ থেকে ওরা এসেছিল যুদ্ধকবলিত এলাকায় সেবা দিতে। কিন্তু বারবার ওদের ওষুধের গাড়িগুলোতেই কেন যেন বারবার বোমা মারা হয়। শত্রুরা মনে হয় চায় না, এখানে কেউ সুস্থভাবে বেঁচে থাকুক।
মারইয়াম আর উম্ম কুলসুম ফাতিমাকে খুঁজছে। উম্ম কুলসুম আবারও চিৎকার করে উঠলো। এদিকে আয়! দ্যাখ, কী পেয়েছি! মারইয়াম এসে দেখলো উম্ম কুলসুমের হাতে গোলাপি সেই পুতুলটা! জলদি হাতে নিলো মারইয়াম। কত সাধের পুতুল ওর। কিন্তু আজ পুতুলটাকে দেখে একটুও খুশি লাগছে না ওদের। ওড়না দিয়ে পুতুলটাকে গায়ের সাথে বেঁধে নিয়ে আবারও দুজনে মিলে ফাতিমাকে খুঁজতে শুরু করলো। তুই ঐ পাশে দ্যাখ, আমি এদিকে দেখছি, ব্যস্ত স্বরে বলল মারইয়াম। এদিকটায় অ্যাম্বুলেন্সের লোকেরা এখনও আসে নি। দ্রুত চিকিৎসা দিতে পারলে বোমা হামলার পরেও অনেকে বেঁচে যায়। হয়ত ফাতিমাও বেঁচে যাবে। কিন্তু কোথাও খুঁজেই পাচ্ছে না ওরা ফাতিমাকে।
হঠাৎ একটা নড়াচড়া দেখে সেদিকে এগিয়ে গেল মারইয়াম। এইতো ফাতিমা। এখনও সামান্য জ্ঞান আছে। হাতটা বেরিয়ে আছে পাথরের বাইরে। দুজন মিলে বহু চেষ্টা করে ভারি পাথরটাকে সরালো। ফাতিমার সারা গা ধুলোয় সাদা হয়ে গেছে। এখানে-সেখানে রক্তের ছোপ ছোপ দাগ। ধুলোটে চুলগুলো আরও উশকোখুশকো হয়ে শণের মতো উড়ছে। মারইয়াম ব্যগ্রকণ্ঠে বলে উঠলো, তুই মরবি না ফাতিমা, আমরা তোকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাব।
যুদ্ধ মানুষকে অনেক কিছু শেখায়। দুটো ছোটো শিশুকেও অনেক কিছু শিখিয়েছে এই যুদ্ধ। মারইয়াম আর উম্ম কুলসুম টেনেহিচড়ে ফাতিমাকে ডাক্তারদের গাড়িটার কাছে নিয়ে আসে। কিন্তু ফাতিমার শীর্ণ শরীরটা এরই মাঝে কখন যে ঠাণ্ডা হয়ে গেছে কেউই টের পায় নি।
ডাক্তার নাড়ি দেখে জানালো, তোমাদের বান্ধবী আর নেই। আল্লাহর কাছে চলে গেছে।
উম্ম কুলসুম হাউমাউ করে কাঁদছে। কোনোভাবেই ওর কান্না বাঁধ মানছে না। খেলার সাথীদের মধ্যে ফাতিমা ছিল ওদের সবচেয়ে অপ্রিয়, তবু ওর এই চেহারা দেখতে খুব কষ্ট হচ্ছে ওদের। বুকটা ছিড়ে যাওয়ার মতো একটা অনুভূতি হচ্ছে। শুয়ে থাকা ফাতিমার মুখে দুষ্টুমির হাসিটা আজ আর নেই। শান্তশিষ্ট বালিকার মতো চুপটি করে শুয়ে আছে ও। আজ আর কারো সাথে ঝগড়া করবে না ফাতিমা। কারো খেলনা কেড়ে নেবে না। হঠাৎ ফাতিমার নিথর দেহটাকে ধরে ডুকরে কেঁদে উঠলো মারইয়াম। ব্যাকুল ভাবে বলে উঠলো, “ফাতিমা, ফাতিমা! তুই তো ওদের কারো খেলনা কেড়ে নিস নি, তবু কেন ওরা তোকে মেরে ফেললো!”
ডাক্তাররা আহতদের নিয়ে চলে যাচ্ছে। দুই বান্ধবী ঘরে ফিরছে। কারো মুখে কোনো কথা নেই। এই পথে ওরা কতবার হেঁটেছে। ফাতিমার পুতুলের সাথে অদল-বদল করবে ভেবে ইট-পাথরের মধ্যে হাতড়ে হাতড়ে খেলনা খুঁজেছে দিনের পর দিন। আজ সেই গোলাপি পুতুল মারইয়ামের কোমরে বাঁধা। হঠাৎ ওড়নার বাঁধন থেকে তুলতুলে পুতুলটা খুলে দূরে ছুঁড়ে মারলো মারইয়াম। ফাতিমার মৃত্যু ওকে একদিনেই যেন বৃদ্ধ করে দিয়েছে। যে দুনিয়াতে মানুষ মানুষের দাম পেলো না, সেখানে এই পুতুলকে খুব তুচ্ছ আর নগণ্য মনে হলো তার কাছে।
পাথুরে পথের উপর বিকেলের ম্লান হয়ে আসা আলোয় দুটো ছোটো ছোটো ছায়া দেখা গেলো। ক্ষীণ দুটো স্বরের খুব ভারি দুটো দুয়া। আকাশের দিকে হাত তুলে ওরা বলছে, ফাতিমাকে তুমি বিনা হিসাবে জান্নাত দিয়ো আল্লাহ! যারা ফাতিমাকে মেরে ফেললো, তাদেরকে তুমি কোনোদিনও ক্ষমা কোরো না।
"পুতুল"