Chapter 22 of 22
২২. বিশাল ডেস্কে কনুই রেখে
4 min read
বিশাল ডেস্কে কনুই রেখে ঝুঁকে বসলেন বিখ্যাত চিত্রপরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফার। চমকপ্রদ আরেক কাহিনী নিয়ে তাঁর অফিসে আবার এসেছে তিন গোয়েন্দা। প্রায় একশো বছর পর তাহলে পাওয়া গেল গুপ্তধন, বললেন তিনি। আরেকবার অসম্ভবকে সম্ভব করলে। ভাল একটা ছবি তৈরি করা যাবে। এখন বল তো, প্রফেসর কেইন কি সত্যি লিটল মারমেইডের ক্যাপ্টেনের বংশধর? হ্যাঁ, স্যার, কিশোর জবাব দিল। ইতিহাসের প্রফেসর তিনি সত্যিই। জোয়ান বয়েসে ভাল নাবিক ছিলেন। ইতিহাস আর সাগরের নেশাই তাকে নিজের পরিবারের অতীত জানতে প্রেরণা জুগিয়েছে। জেনেছেন গুপ্তধনের কথা। সোসাইটিতে চাকরিই নিয়েছিলেন ওগুলো খুঁজতে সাহায্য হবে বলে। প্রথম জার্নালটা পড়ে বুঝেছিলেন, দ্বিতীয় আরেকটা আছে কোথাও। ওটা খোঁজার জন্যেই বার বার চুরি করে ঢুকেছেন ডাই লজে। পাননি। শেষে খোঁজ নিতে আরম্ভ করেন, কি কি জিনিস বিক্রি করেছেন মিসেস ডাই। জেনেছেন বাক্সটার কথা। খোঁজ করতে করতে চলে আসেন মিস্টার ব্যানারের মিউজিয়মে। মিস্টার ব্যানার তাঁকে চেনেন, কাজেই ছদ্মবেশ নিতে হয়েছে। আরও একটা কারণে নিয়েছিলেন ছদ্মবেশ, যাতে কেউ বুঝতে না পারে, প্রফেসর কেইন গুপ্তধনের ব্যাপারে আগ্রহী। যাতে তাকে কেউ সন্দেহ না করে। আমরা গুপ্তধন খোঁজা শুরু করলে সুবিধে হল তাঁর। যোগ দিলেন আমাদের দলে। টিক বানাউ নামে সত্যি সত্যি কেউ আছে, এটা বোঝানোর জন্যে মিথ্যে গল্প বানিয়ে বললেন যে সোসাইটিতে চোর ঢুকেছিল। ভুল করেছেন। আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। কারণ, সোসাইটিতে ঢোকার কোন কারণই নেই টিক বানাউয়ের। বেশি চালাকি করতে গিয়েই ভুল করে বসে অপরাধীরা, মন্তব্য করলেন পরিচালক। ধরা পড়ে অনেক সময়। প্রফেসরকে ঠিক অপরাধী বলা যায় না, স্যার, রবিন বলল। আই মীন, ক্রিমিন্যাল মাইণ্ডেড যাকে বলে আরকি। লোভে পড়েই করেছেন কাজটা। ভুল বুঝতে পেরে পরে অনুশোচনাও করেছেন অনেক। অর্ধেক মাল তাকে দিয়ে দিয়েছেন মিসেস ডাই। প্রফেসর সেগুলো দান করে দিয়েছেন সোসাইটিকে। সোসাইটি সেগুলো ব্যক্তিগত যাদুঘরে সাজিয়ে রেখেছে, লোকের দেখার জন্যে। হুঁ। লোকের মন যে কখন কি হয়, বোঝা মুশকিল, বললেন পরিচালক। কিন্তু জেলে যাওয়া থেকে বাঁচতে পারবে না প্রফেসর। না, তা পারবে না, কিশোর বলল। মিসেস ডাই তাঁর বিরুদ্ধে নালিশ করেননি, আমরাও না। ডাই লজে যে তিনি চুরি করে ঢুকেছেন, কোন প্রমাণ নেই। শুধু নোবলকে ফাঁসানোর অপরাধেই জেল হবে তার। মাথা দোলালেন পরিচালক। নোবল তাহলে শুধু প্রতিশোধ নেয়ার জন্যে নয়, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যেও প্রফেসরের পিছে লেগেছিল? হ্যাঁ, স্যার, মুসা বলল। বেপরোয়া হয়ে উঠেছিল। জার্নালের কভার নিয়ে স্যালভিজ ইয়ার্ড থেকে পালাতে দেখেছে টিক বানাউ-রূপী প্রফেসরকে। তারপর দেখেছে, শূন্য কভারটা ছুঁড়ে ফেলে দিতে। এতেই বুঝেছে, আরেকটা জানাল আছে। তখনও জানত না, ওটা আমাদের কাছে। তাই লজে গিয়েছিল খোঁজার জন্যে। ডিনো তাকে দেখে তাড়া করে। তারপর, পরিচালক বললেন। কোনভাবে তোমাদের হাতে জার্নাল দেখে নোবল। চুরি করে হেডকোয়ার্টারে ঢুকে ছবি তুলে আনে ওটার, যাতে জানতে পারে কোথায় কি হচ্ছে। আসলে তোমাদের সাহায্য করতে চেয়েছে। কিন্তু প্রফেসরের বিরুদ্ধে বললে যদি তখন বিশ্বাস না কর এই ভয়ে বলেনি। ঠিক বলেছি না? হ্যাঁ, স্যার, রবিন মাথা ঝাঁকাল। তার ভয় ছিল, প্রফেসরকেই শুধু বিশ্বাস করব আমরা। তাই আমাদের অনুসরণই করেছে, সামনে এসে কিছু বলেনি। প্রফেসরের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের চেষ্টা করেছে। অযথা হয়রানীর শিকার হয়েছে বেচারা, কিশোর বলল। ইয়ান ফ্লেচার বলেছেন, ক্ষতিপূরণ দেয়া হবে তাকে। সোসাইটি আবার তাকে চাকরিতে বহাল করেছে। ভাল। খুব ভাল, খুশি হলেন পরিচালক। দেয়াল ঘড়ির দিকে তাকালেন তিনি, ইঙ্গিতে বুঝিয়ে দিলেন ইন্টারভিউর সময় শেষ। আর বেশিক্ষণ আটকাব না তোমাদের। কিশোর, একটা ব্যাপারে খটকা লাগছে। ডিনোকে দেখে চমকে উঠে হাত থেকে টর্চ পড়ে যাবে, এত দুর্বল স্নায়ু তো তোমার নয়। অভিনয় করেছিলে, না? ঠিকই ধরেছেন, স্যার, হাসল কিশোর। চমকে যাওয়াটা ভান। গাড়ির হুডে ভর দিয়েছি ইঞ্জিন গরম না ঠাণ্ডা বোঝার জন্যে। টর্চ ফেলেছি তোলার সময় নিচটা দেখে নিতে। ইঞ্জিন ঠাণ্ডা হওয়াটা কোন ব্যাপার নয়, পরিচালক বললেন। বৃষ্টিতে খুব অল্প সময়েই ঠাণ্ডা হয়ে যেতে পারে। তা পারে, স্বীকার করল কিশোর। বলেছি প্রফেসরকে ভড়কে দেয়ার জন্যে। গাড়ির নিচে দেখার আগেই বুঝে ফেলেছি, মিথ্যে কথা বলছেন তিনি। উল্টোপাল্টা কথা বলে মস্ত ভুল করেছেন। ভ্রূকুটি করলেন পরিচালক। কথাটা কি? ডিনো তত আগুন লাগাল ছাউনিতে। এসে আমাদেরকে বলল, টিক বানাউকে দেখেছে। আর পরে প্রফেসর বললেন নোেবলকে ছুটে যেতে দেখেছেন। আসলে কাউকে দেখেননি তিনি। তর্ক শুরু করলেন ডিনোর সঙ্গে। এমন তর্ক জুড়ে দিলেন, মনে হল তিনি শিওর, টিক বানাউ হতেই পারে না…। নিশ্চয় পারে না, প্রফেসর ভুলটা কোথায় করেছেন, বুঝে ফেললেন পরিচালক। প্রফেসর জানে, টিক বানাউকে ডিনো দেখতেই পারে না। কারণ প্রফেসর নিজেই টিক বানাউ। কিশোর, তোমাকে ফাঁকি দেয়া বড় কঠিন। তখন বুঝতে পারিনি, স্যার। বুঝেছি পরে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে প্রফেসরের সঙ্গে কথা বলছিলাম যখন। সে-সময়ও জোর করে বোঝানোর চেষ্টা করেছিলেন, নোবলকেই দেখেছেন। সূক্ষ্ম এক চিলতে হাসি ফুটল পরিচালকের মুখে। তো, আমাদের রোমান্টিক নায়কের খবর কি? ডিনাম্যান হাংবার? হাসল কিশোর। স্বীকার করেছে, মিসেস ডাইকে বিয়ে করতে চায়। ধনী হয়ে গেলে তাকে আর বিয়ে করতে চাইবেন না মহিলা, সে-ভয়েই আমাদের পিছে লেগেছে, ঠেকাতে চেয়েছে। গুপ্তধনের লোভ বিন্দুমাত্র ছিল না। মহিলা নিশ্চয় খুব সুন্দরী। তার কি মত? ঝিলিক দিয়ে উঠল মুসার ঝকঝকে সাদা দাঁত। ভেবে দেখবেন বলেছেন।