Chapter 20 of 22
২০. বৃষ্টির মধ্যেই পুকুরটার দিকে
6 min read
বৃষ্টির মধ্যেই ওদেরকে পুকুরটার দিকে যেতে দেখলেন মিসেস ডাই। প্রফেসরের কাঁধে গাঁইতি, বেলচা। ডেকে বললেন, এড, সাবধানে থাকিস, বেশি ভিজিস না। মাথা ঝাঁকিয়ে সায় জানাল ছেলেরা। দ্রুত ঝোপঝাড়ের ভেতর দিয়ে এসে দাঁড়াল পুকুরের পাড়ে। পানিতে পড়ে থাকা মসৃণ পাথরগুলো মৃদু চকচক করছে, এগুলো দিয়েই সিঁড়ি বানিয়েছে বাওরাড। এক সারিতে পাথরগুলোর ওপর দিয়ে। এগিয়ে চলল দলটা, দ্বীপে উঠল। পাইন গাছে ছাওয়া খুদে দ্বীপ। চওড়ায় বড়জোর শখানেক ফুট হবে। তার মধ্যেই দুটো ছোট পাহাড়, তিরিশ ফুট, আর চল্লিশ ফুট উঁচু। গুজব রয়েছে, কিশোর বলল। পাহাড়ে দাঁড়িয়ে লেকের ওপর চোখ রাখে ভূত। কাজেই দ্বীপের ওই ওদিকটায় গাছ খুঁজতে হবে। যেহেতু পাহাড়ের ওপর দাঁড়ায় ভূত, সেহেতু ভূতের মত দেখতে গাছটাও রয়েছে কোন উঁচু জায়গায়। ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে ওদের হ্যাট, কোর্ট থেকে, গলা বেয়ে ভেতরে ঢুকে যাচ্ছে পানি। দ্বীপের একেবারে প্রান্তে যে পাহাড়টা, ওটার ঢাল বেয়ে উঠতে শুরু করল ওরা। বীকনটা রয়েছে চূড়ায়, দণ্ডের মাথায় ঝুলছে লণ্ঠন। লণ্ঠনটা পরীক্ষা করল মুসা। চেঁচিয়ে উঠল, এই তো, আছে। পিতলের প্লেট, ডাইক কোম্পানির নাম খোদাই করা। গাছটা খোঁজ, কিশোর বলল। খোঁজার প্রায় দরকারই পড়ল না, তাকাতেই চোখে পড়ল। হাত তুললেন প্রফেসর। ওই তো। বীকন থেকে পনের ফুট দূরে। বাঁকাচোরা সাইপ্রেস, ক্যাবরিলো আইল্যাণ্ডে যে-রকম দেখে এসেছে ওরা, সে-রকম। বৃষ্টির মধ্যে সত্যিই যেন একটা ভূত, কিংবা বলা উচিত ভূতুড়ে মানুষ–কিত মাথা, শুকনো লম্বা একটা হাত তুলে। রেখেছে। সাগর থেকে এসে চ্যানেলে ঢুলে পড়া ভাইকিংদের দেখাচ্ছে যেন। দেখ, দ্বীপের যে অংশটা মূল ভূখণ্ড থেকে কেটে খাল বানানো হয়েছে সেদিকে দেখাল মুসা। পাড়ে কত বড় বড় গাছ। এজন্যেই বাড়ি থেকে সাইপ্রেসটা দেখা যায় না। এখন যায় না, কিশোর বলল। তবে বাওরাড যখন লাগিয়েছিলেন তখন পুকুর পাড়ে গাছ এত বড় ছিল না। ছিল কিনা, তাতেও সন্দেহ আছে। তখন নিশ্চয় দেখা যেত। তবে সাইপ্রেস বাড়ে খুবই কম। একেবারে বামন-গাছ বলা চলে এগুলোকে। এক ফুট লম্বা হতেই একশো বছর লাগে। হয়েছে, হাত নাড়ল মুসা। উদ্ভিদ বিজ্ঞানে আগ্রহ নেই আমার। কোন জায়গা থেকে খুঁড়ব? সাইপ্রেসটার চারপাশে ঘুরল রবিন। খোঁড়ার চিহ্ন নেই, কিশোর। টিক বানাউ আসেনি। চল, মুসা, বোরিসের কাঁধ থেকে গাইতি নেয়ার জন্যে হাত বাড়াল এড গাছের গোড়ার চারপাশে…। বাধা দিল কিশোর, না এখানে নয়। সবগুলো চোখ একযোগে ঘুরে গেল তার দিকে। কিন্তু চিঠিতে বলা হয়েছেঃ ভাব লকের গোপন রহস্যের কথা, প্রফেসর বললেন। তারমানে ভূত ভূতটার কাছেই দেখতে বলা হয়েছে। চিঠিতে তো আয়নার মধ্যেও দেখতে বলা হয়েছে, মনে করিয়ে দিল কিশোর। ভূতটাকে আয়নার মধ্যে দেখতেই বলা হয়েছে, আমার বিশ্বাস। কিন্তু এখানে আয়না কই! চারপাশে তাকাতে লাগল মুসা। নেই। আয়না বলে আসলে আয়নার মত বোঝাতে চেয়েছে। আয়নায় প্রতিবিম্ব দেখা যায়। ওই প্রতিবিম্বকে ব্যবহার করেই হয়ত গুপ্তধন বের করতে বলেছে। গাছটার দিকে তাকিয়ে আছে কিশোর। ভূত নির্দেশ করছে পুকুরের দিকে। দেখা যাক, পুকুরে ভূতের প্রতিবিম্ব, বা ছায়া দেখা যায় কিনা। সাইপ্রেসের কাছে দাঁড়িয়ে, ওটার নির্দেশিত দিকে তাকাল ছেলেরা। যা বৃষ্টি, রবিন বলল। কিছুই তো দেখি না। দেখি, এড, তোমার টর্চটা, হাত বাড়াল কিশোর। সাইপ্রেসের লম্বা বাহুটায় আড়াআড়ি ভাবে টর্চটা ধরল সে, সুইচ টিপল। বৃষ্টির চদর খুঁড়ে যেন বেরিয়ে গেল উজ্জ্বল আলোকরশ্মি। পড়ল গিয়ে সমতল একটা জায়গার ওপর, ঘন ঝোপ ওখানে। সেদিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল সে, চল! জলদি চল। প্রতিবিম্ব কোথায়…। মুসা কথা শেষ করতে পারল না। চেঁচিয়ে উঠল গোয়েন্দাপ্রধান, প্রতিবিম্ব চুলোয় যাক, জলদি এস, বলেই ঢাল বেয়ে দৌড় দিল জায়গাটার দিকে। ঘন ঝোপঝাড়ের ভেতরে সমতল জায়গাটা এমনই, এমনিতে দেখে বোঝার কোন উপায় নেই, ওখানে মাটির নিচে কিছু লুকানো রয়েছে। এখন দেখা গেল, ডালপালা ভাঙা, মাটিতে একটা গর্ত। সদ্য খোঁড়া। নিয়ে গেছে! কেঁদে ফেলবে যেন এড। তোমার আগেই কেউ আন্দাজ করে ফেলেছিল, কিশোর, গুঙিয়ে উঠল মুসা। গর্তের কিনার থেকে পিতলের একটা বোতাম কুড়িয়ে নিলেন প্রফেসর। টিক বানাউ। এজন্যেই আমাকে মেরে দৌড়ে পালিয়েছে। নিয়ে গেছে গুপ্তধন। পুলিশকে জানানো দরকার, বলেই দৌড় দিল বোরিস। লজে ফিরে এল ওরা। ইয়ান ফ্লেচারকে ফোন করতে বলল মিসেস ডাইকে কিশোর। প্রফেসরকে বলল, স্যার, চলুন। যেখানে আপনাকে মেরেছিল, সেখানে ভালমত খুঁজে দেখি। কিছু ফেলেটেলে গেল কিনা। কোথায় গেছে হয়ত আন্দাজ করা যাবে। প্রফেসরের গাড়ির কাছে খুঁজতে লাগল ওরা। মাঝে মাঝে টর্চ জ্বালছে, ভাল করে দেখার জন্যে। কিছুই পাওয়া গেল না। গাড়ি থেকে খানিক দূরে একটা জায়গা দেখালেন তিনি। কাদা হয়ে আছে, তাতে বুটের ছাপ, চলে গেছে সোজা হাইওয়ের দিকে। জোরে নিঃশ্বাস ফেললেন প্রফেসর। নিশ্চয় গাড়ি রেখে এসেছিল। গেল বোধহয়! আর ধরা যাবে না। বুটের ছাপগুলো পরীক্ষা করল কিশোর। ছাপগুলো তেমন দাবেনি। স্যার, ওর হাতে কিছু ছিল? দেখেছেন? না, ছিল না। হাত খালি। গুপ্তধনগুলো নিশ্চয় গাড়িতে রেখে কিছু নিতে ফিরে এসেছিল। আফসোস করলেন, গেছে, পালিয়েছে। আর ধরা যাবে না। হ্যাঁ-না কিছু বলল না কিশোর। আবার স্টেশন ওয়াগনের কাছে ফিরে আসতে আসতে ঝট করে মাথা তুলল। ডিনো কোথায়? ডিনো? এড বলল। সারা সকালই দেখিনি। থাকে না কোনদিনই। মর্নিং ওয়াকে যায়। ঝিক করে উঠল কিশোরের চোখ। এড, মাত্র একবছর হল ও এসেছে। কিভাবে এল? কিভাবে?…জাস্ট চলে এল। স্কটল্যাণ্ডে আমাদের আত্মীয়দের কাছ থেকে একটা চিঠি নিয়ে। আমাদের পুরানো বাড়ির সবাইকে চেনে ও, পরিবারের সব কথা জানে। ওরকম যে কেউ জেনে নিতে পারে, মুসা বলল। কিশোর, টিক বানাউয়ের সঙ্গে কাজ করছে না তো ডিনো? নাকি সে-ই টিক, ছদ্মবেশে রয়েছে? লম্বা-চওড়া তো একই রকম, থাকতে অসুবিধে নেই। তাছাড়া, গোড়া থেকেই গুপ্তধন খোঁজায়, বাধা দিয়েছে আমাদের। দুবার আমাদের কাছ থেকে জার্নাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে টিক, দুবারই তখন লজে অনুপস্থিত ছিল ডিনো। ভূতুড়ে শহরেও টিক বানাউ পালিয়ে যাওয়ার পর পরই এসে হাজির হয়েছিল সে। আড়তে আমাদের নিয়ে গিয়েছিল, রবিন বলল। কাজেই জানা ছিল আমরা কোথায় গেছি। ড্যানিয়েলদের ওখানে যা যা জেনে এসেছি, ও শুনেছে আমাদের মুখে। আমাদের ছাউনিতে আটকে রেখে ফিরে এসে স্মোকহাউসটা ভাঙা সহজ ছিল তার জন্যে। তখনও জানত না সে, কোন ধরনের পাথর কিনেছিলেন বাওরাড। কিন্তু ছাউনিতে তো শুধু নোবলকে দেখলাম, প্রফেসর বললেন। হ্যাঁ, মাথা ঝাঁকাল কিশোর। কিন্তু নোবল দরজার তালা খোলার চেষ্টা করেছে প্রথমে। সে-ই জানালা আটকে থাকলে দরজা খুলতে যাবে কেন? তার জানাই থাকার কথা দরজা বন্ধ। আর…। কি যেন ভাবল গোয়েন্দাপ্রধান। বন্ধুদের দিকে তাকাল। লজের ছাউনিতে আগুন লাগার সময় কি কাউকে পালাতে দেখেছি আমরা? পরস্পরের দিকে তাকাল রবিন, মুসা আর এড। কেউ দেখেনি। আমিও দেখিনি, কিশোর বলল। আমরা ছুটে গেছি, কারণ, ডিনো আমাদের বলেছে সে চোর দেখেছে। কিন্তু সত্যি কি দেখেছে ডিনো? তুমি কি বলতে চাইছ ডিনোই আগুন লাগিয়েছে? রবিন জিজ্ঞেস করল। টিককে দেখেছে বলে সন্দেহমুক্ত হতে চেয়েছে? কারণ সে নিজেই টিক বানাউ বলে? এড মনে করিয়ে দিল, প্রফেসরও তো একটা লোককে দৌড়ে যেতে দেখেছেন। এবং লোকটা নোবল, বলল কিশোর। স্যার, সত্যি কি নোবলকেই দেখেছিলেন? নাকি ভুল করে বানাউকে নোবল বলেছেন? হতেও পারে, ধীরে ধীরে বললেন প্রফেসর। সারাক্ষণই নোবলের কথা ভাবছিলাম, তাছাড়া তাড়াহুড়া, উত্তেজনা, ভুল হতেই পারে মানুষের। ডিনো বলেছে, টিককে দেখেছে। আমার মনে হয়েছে, টিক নয়, নোবল। নী-হে, এখনও মনে হচ্ছে আমার, নোবলকেই দেখেছি। ডিনোই চোর, বলে উঠল মুসা। ডিনোই তুলে নিয়ে গেছে…। বৃষ্টির মধ্যে গর্জে উঠল একটা কণ্ঠ, কি নিয়ে গেছে ডিনো? রাস্তায় দাঁড়িয়ে ওদের দিকে কড়া চোখে তাকিয়ে আছে স্কটসম্যান। আ-আপনি! ঢোক গিলল কিশোর। এতই চমকে গিয়েছে, স্টেশন ওয়াগনের হঙ-এ ভর দিয়ে নিজেকে স্থির রাখতে হল। হাত থেকে পড়ে গেল টর্চ। তোলার জন্যে ঝুঁকল। বোরিস, আদেশ দিলেন প্রফেসর, ধর ব্যাটাকে! সোজা হল কিশোর। চৌখে অদ্ভুত দৃষ্টি। বিস্মিত। আবার ভর দিল প্রফেসরের গাড়িতে। না, বোরিসভাই, বলল সে। ধরার দরকার নেই। আমার ভুল হয়েছে।