Chapter 8 of 22
০৮. প্রচণ্ড শব্দ
6 min read
প্রচণ্ড শব্দ। আবার গুলি করল লোকটা। ছাই হয়ে গেছে মুসার চেহারা। আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছে। ককিয়ে উঠল, আমি…আমি কি..গুলি খেয়েছি? চোখ মেলল সে। অন্যদের অবস্থাও কমবেশি তারই মত। মিস করেছে! রবিন বলল। আসলে…আসলে আমাদের ভয় দেখাতে চেয়েছে, বলল এড। আবার বুনো হাসি হেসে উঠল লোকটা। রাইফেল তুলে হুমকি দিল, চুরি করে যারা ঢোকে, তাদের কি করে তাড়াতে হয়, জানি আমরা! আবার টিপে দিল ট্রিগার। পর পর দুটো গুলির শব্দ কাঁপন তুলল সুড়ঙ্গের দেয়ালে। এবারও মিস করেছে! চিৎকার করে বলল এড। সাহস করে লোকটার দিকে এক পা এগোল সে। কি ব্যাপার? আমাদের… দাঁড়াও, এড, ডাকল কিশোর। ভালমত দেখ সবাই। কি বলে শোন। লোকটার দিকে তাকিয়ে আছে ওরা। খনির ভেতর থেকে এখনও ভেসে আসছে পানি পড়া আর মেশিন চলার আওয়াজ। দীর্ঘ এক মিনিট পর কট করে মৃদু একটা শব্দের পরই খড়খড় করে উঠল কিছু, সঙ্গে সঙ্গে বন্য হাসি হেসে রাইফেল তুলল লোকটা। একঘেয়ে কণ্ঠে বলল, চুরি করে যারা ঢোকে, তাদের কি করে তাড়াতে হয়, জানি আমরা! টিপে দিল ট্রিগার। পর পর দুবার। ওটা নকল মানুষ! বলেই হাসতে শুরু করল কিশোর। যান্ত্রিক পুতুল। ভেতরে রেকর্ড করা ক্যাসেট ভরা। নানারকম শব্দের ব্যবস্থাও করা হয়েছে ক্যাসেটের সাহায্যেই। কায়দা করে বিশেষ বিশেষ জায়গায় বসিয়ে দিয়েছে স্পীকারগুলো। হঠাৎ কপালে চাপড় মারল রবিন। হায় হায়রে, গাধা বানিয়ে ছেড়েছে। আমাদের! ইস আরও আগেই বোঝা উচিত ছিল। পেপারেই তো পড়েছি। পাউডার গালচের সংস্কার করে টুরিস্ট আকর্ষণের ব্যবস্থা করেছে। গড়ে তুলেছে পুরানো ওয়েস্টার্ন পরিবেশ। সেজন্যেই চারপাশে বেড়া, গেটে তালা। হুঁ, তিক্তকণ্ঠে বলল কিশোর। ধোকা খেয়েছে বলে নিজের ওপরই বিরক্ত। আমিও পড়েছি। কিছুদিন আগে। এগিয়ে গিয়ে পুতুলটার মুখে হাত বোলাল মুসা। স্টিক। আসল না নকল বোঝাই যায় না। স্যালুনের ভূতটাও নিশ্চয় পুতুল। খোদা, কি জিনিস বানায় ওরা আজকাল! হ্যাঁ, ভালই বানায়। খালি কথা বললে হবে না, আরও কাজ আছে। কোন সূত্র-টুত্র পাওয়া গেছে? কাজে লাগার মত? হিসেবের খাতাটার কথা জানাল রবিন। আর কি পরিমাণ খাবার কিনেছে বাওরাড ডাই। একজনের জন্যেও কিনতে পারেন। শুনে কিশোর বলল, অনেক দিন কোথাও থেকে কিছু বানানোর দরকার হলে। একটা ব্যাপার বোঝা যাচ্ছে, নোরিয়াকে চমকে দেয়ার জন্যে যা বানিয়েছেন, বাওরাড, সেটা বড় রকমের কিছু। কিন্তু কি বানিয়েছেন, কোথায় বানিয়েছেন এখনও জানি না আমরা। পাতলা জার্নালটা খুলল সে। ঊনত্রিশে অক্টোবর এমন কিছু লেখা নেই, যাতে কোন ইঙ্গিত পাওয়া যায়। স্যালুনে সূত্র খোঁজার সুযোগই পাইনি,মুসা বলল। বেশ, তাহলে আবার যাব আমরা। জার্নাল বন্ধ করল কিশোর। তারপর জেলখানায়। শেরিফের ফেলে যাওয়া রেকর্ড থাকতেও পারে। শেষে টু মারব। পত্রিকা অফিসে। ফিরে চলল ওরা। ঢোকার সময় তাড়াহুড়োয় খেয়াল করেনি রবিন আর মুসা। এখন দেখল ভালমত। ঠেলাগাড়ি, নানারকমের যন্ত্রপাতি, আরও একটা পুতুল কালো দাড়িওয়ালা এক খনি-শ্রমিক, হাতে গাঁইতি। বাহ্, চমৎকার, হেসে বলল মুসা। তখন এটা দেখলেও দৌড় পেতাম…। হাত থেকে গাইতি ফেলে দিল দাড়িওয়ালা। লাফিয়ে কিশোরের কাছে গিয়ে একটানে তার হাত থেকে জার্নালটা নিয়ে দৌড় দিল। বেরিয়ে গেল সুড়ঙ্গ থেকে। টিক বানাউ! চেঁচিয়ে উঠল রবিন। এতই দ্রুত ঘটে গেছে ঘটনা, ক্ষণিকের জন্যে যেন পঙ্গু হয়ে গিয়েছিল ওরা। রবিন চেঁচাতেই কিশোরও চিৎকার করে উঠল, নিয়ে গেল! ধর, ধর! ম্লান আলোকিত সুড়ঙ্গ ধরে ছুটল ওরা। বেরিয়ে এল কড়া রোদে। ভীষণ গরম। ওই যে ব্যাটা! হাত তুলে দেখাল এড। পথের শেষ মাথায় চলে গেছে বেঁটে নাবিক, এখনও দৌড়াচ্ছে। থাম! এইই, থাম, চোর কোথাকার! মুসা চেঁচাল। আরে, থামছে না তো! বলল এড। এই, এইই, থাম! ফিরে চেয়ে হাসল টিক। তারপর ছুটে গেল স্যালুনের দিকে। এই সময় দরজায় দেখা দিল একটা আবছা মূর্তি, দুই হাতে পিস্তল। চমকে উঠল মুসা। সেই ভূতটা…। মূর্তিটাকে টিকও দেখেছে। সে-ও চিৎকার করে উঠল। পরক্ষণেই মোড় নিয়ে আরেকদিকে দৌড়াতে গেল। ঘোড়াকে পানি খাওয়ানোর একটা পুরানো গামলায় পা বেঁধে পড়ে গেল হুমড়ি খেয়ে। হাত থেকে উড়ে চলে গেল জার্নালটা। হচড়েপাচড়ে কোনমতে উঠে দাঁড়াল সে। ধর ব্যাটাকে! মুসা বলল। ধর! ফিরে তাকাল ভূত। তারপর কাঠের সিঁড়ি বেয়ে নামতে শুরু করল, চোরটাকে ধরার জন্যে। পিস্তলে রোদ লেগে ঝিক করে উঠল। ধরা পড়ার জন্য দাঁড়িয়ে থাকল না টিক। বাড়িটার ধার দিয়ে আবার দৌড় দিল। বেড়ার কাছে পৌঁছে দেরি করল না এক মুহূর্ত। ওপরে চড়ে লাফ দিয়ে নামল ওপাশে। খাড়ির পাড়ে ওখানে ঘন ঝোপঝাড়, হারিয়ে যেতে অসুবিধে হবে না তার। ভূতের কাছে ছুটে এল ছেলেরা। কালো ওয়েস্টার্ন পোশাক পরা একজন মানুষ। জার্নালটা তুলে নিল কিশোর। এখানে কি করছ তোমরা? কৈফিয়ত তলব করল ভূতটা। জলদি সব খুলে বল। আর ওটা দাও, জার্নালটার কথা বলল সে। নিশ্চয় এখানকার জিনিস। না, স্যার, মোলায়েম গলায় বলল কিশোর। জানতাম না এখানে কেউ আছে। তাহলে অনুমতি নিয়েই ঢুকতাম, পাউডার গালচে বাওরাড ডাইয়ের গতিবিধির খবর নিতে এসেছে, জানাল সে। দারুণ হয়েছে আপনার ভূত ভূত খেলা! রীতিমত ভয় পাইয়ে দিয়েছেন। ভূত হাসল। প্র্যাকটিস করছিলাম। দেখতে চাইছিলাম, কি প্রতিক্রিয়া হয় তোমাদের। আমি এখানকার কেয়ারটেকার। চোয়াল ডলল সে। বাওরাড ডাই, না? বোধহয় সাহায্য করতে পারব। পুরানো রেকর্ড আছে আমার অফিসে। বাওরাড ডাই এখানে তেমন কিছু করে থাকলে নিশ্চয় পাওয়া যাবে। স্যালুনের ভেতর দিয়ে এসে ছোট একটা অফিসে ঢুকল ওরা। একটা ফাইলিং ক্যাবিনেট খুলল কেয়ারটেকার এখানে আছে রেকর্ড। দেখা যাক, বুড়ো বাওরাড কি করেছে। একটা ফাইল খুলে, পড়ে, মাথা নাড়ল কেয়ারটেকার। না, তেমন কিছু নেই। শুধু দুটো রেফারেন্স। জেনারেল স্টোরে জিনিস কিনেছে, হিসেবের খাতায় তোমরা যা দেখেছ। আর দৈনিক গালচ-এ দুই লাইনের একটা নোসিশ, আঠারশো ছিয়ানব্বই সালে, কয়েকদিনের জন্যে কিছু শ্রমিক চেয়েছে। ব্যস। এইই? নিরাশ হল মুসা। দূর! এত কষ্ট করে কোন লাভ হল না… বাইরে ডাক শোনা গেল, এই, কোথায় গেলে তোমরা?…এড? এডবার… আই, ছেলেরা…? ডিনো, এড বলল। দ্রুত বেরিয়ে এল ছেলেরা। রাস্তায় দাঁড়িয়ে আছে ডিনো, সঙ্গে আরেক লোক। হিসটোরিক্যাল সোসাইটির সেই প্রফেসর, হারম্যান কেইন। ছেলেদের দেখে এগিয়ে এলেন তিনি। গেটের বাইরে দেখা হল ডিনাম্যান হ্যাংবারের সঙ্গে। বললেন, তোমরা এখানে এসেছ। এসে তোমাদের সাইকেল পড়ে থাকতে দেখলাম। ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাদের কিছু হয়েছে ভেবে…। বিনা অনুমতিতে ঢুকেছ? ডিনো বলে উঠল। জানতাম, গোলমাল বাধাবে। সেজন্যেই তাড়াতাড়ি ছুটে এসেছি। না, কিছু হয়নি ওদের, কেয়ারটেকার বলল। তবে বেশ উত্তেজনার মধ্যে ছিল, আমাদের কাজ দেখে। তাই না, ছেলেরা? প্রফেসরকে জানাও সেকথা। খুশি হবেন। আমাদের হিসটোরিক্যাল অ্যাডভাইজার তিনি। নতুন করে আবার সব সাজাতে সাহায্য করেছেন সোসাইটি। শুনব, শুনব সব, পরে, হাত তুললেন প্রফেসর। রিমলেস চশমার ওপাশে উজ্জ্বল হল তার চোখ। কেয়ারটেকারের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানিয়ে ছেলেদের নিয়ে রওনা হলেন ওয়েস্টার্ন শহরের পথ ধরে। বাওরাড ডাইয়ের আরেকটা জার্নাল নাকি পেয়েছ তোমরা? গুপ্তধন সত্যি আছে ভাবছ নাকি? পাওয়া গেলে কি সাংঘাতিক ব্যাপার হবে। বল, জলদি খুলে বল সব। কিভাবে জার্নালটা পাওয়া গেছে, জানাল কিশোর। টিক বানাউয়ের কথাও বলল। লাল হয়ে গেল প্রফেসরের লাল মুখ। ওই শয়তানটা? টিক বানাউ। ডাইয়ের গুপ্তধন চুরির মতলব করেছে? নিয়ে গিয়ে নিশ্চয় গলিয়ে ফেলবে সমস্ত সোনার অলঙ্কার। নষ্ট করে ফেলবে! মানুষ নাকি ও? এত মূল্যবান ঐতিহাসিক জিনিসপত্র নষ্ট করে! আরিব্বাপরে, ভাবতেই রোম খাড়া হয়ে যায়—ঈস্ট ইনডিয়ান জলদস্যুদের লুটের মাল! বিখ্যাত হয়ে যাবে আমাদের সোসাইটির মিউজিয়ম। তা কোন সূত্রে পেলে? না, বেশি কিছু না, দ্বিধা করছে কিশোর। শুধু জেনেছি, স্ত্রীর জন্যে বড় কিছু একটা বানিয়ে গেছে বাওরাড ডাই। হুঁ। এখানে নয় নিশ্চয়? ফ্যান্টম লেকে না তো? এই এলাকার অনেক জায়গাই চিনি আমি। তোমাদের চোখে না পড়লেও হয়ত আমার চোখে পড়বে। একটা স্টেশন ওয়াগন দেখিয়ে বললেন প্রফেসর, যাও, সাইকেলগুলো আমার গাড়িতে তোল। ফ্যান্টম লেকে যাব আমরা। কিছুতেই টিক বানাউকে নিতে দেব না গুপ্তধন। আরেক দিকে মুখ ফেরাল ডিনো। বিড়বিড় করল, আরেকটা বেকুব। কী? কি বললেন? কথাটা শুনে ফেলেছেন প্রফেসর। বেকুব আমি, না আপনি? এসবের কি কচুটা জানেন আপনি? আপনি কোথাকার বুদ্ধিমান? এই, যাও তোমরা, সাইকেল তোল। ডিনোর চেহারা দেখে ফিক করে হেসে ফেলল মুসা। ছুটল সাইকেল আনার জন্যে।