Chapter 13 of 23
রিলেটিভিটির গল্প
9 min read
মফিজুর রহমান স্যার পুরো একঘণ্টা ধরে আইনষ্টাইনের ‘থিওরি অফ রিলেটিভিটি’ বুঝালেন ক্লাশে। এই থিওরি কি, কখন আবিষ্কৃত হয়, কিভাবে কাজ করে এসব একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝানোর পরে তিনি পুরো দুই গ্লাস পানি পান করলেন। পানি পান শেষে বললেন, ‘এখন আমি পরীক্ষা করবো কে কিরকম বুঝেছো।এখানে একজন একজন এসে বুঝিয়ে যাও।’
বুধবারে মফিজ স্যারের ক্লাশের এই এক জ্বালা। টানা একঘণ্টা ক্লাশ নেওয়ার পরে আরো টানা একঘণ্টা নিবেন সেটার প্রেজেন্টেশান। অনুপস্থিত থাকারও সুযোগ নেই। ডিপার্টেমেণ্টে এই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনো বেঞ্চের উপরে তুলে দাঁড় করিয়ে রেখে ক্লাশ মিস করার শাস্তি দেন। কি বিদঘুটে ব্যাপার!
মফিজ স্যারের টানা একঘণ্টার লেকচার থেকে যে যতোটুকু গলাধঃকরণ করতে পেরেছে, সেটা একে একে সবাই আবার উগরে দিয়ে আসতে লাগলো।
কেউ ৫ মিনিট, কেউ ৭ মিনিট কেউবা ৮ মিনিট করে লেকচারটার পুনরাবৃত্তি করতে লাগলো।সবাই ‘থিওরি অফ রিলেটিভিটি’র বিভিন্ন দিক নিয়ে বলতে লাগলো।
সবার শেষে এলো সাজিদের পালা। অনিচ্ছা সত্বেও সাজিদকে চার-পাঁচ মিনিটের একটি লেকচার ঝেড়ে আসতে হবে এখন।
সাজিদ উঠে এলো। মফিজ স্যার উনার স্বভাবসুলভ ভঙ্গিতে মুচকি হেসে বললেন, ‘সমাপ্তি পর্বে এবার মহামতি আইনষ্টাইনের কাছ থেকে আমরা সবচে চমকপ্রদ কিছু শুনবো। You may start Sir Mr. Einstein’….
মফিজ স্যারের বিদ্রুপাত্মক বাক্যব্যয় অন্যদের জন্য সবসময় হাসির খোরাক।ক্লাশের সবাই হো হো হো করে হেসে উঠলো। ব্যাপারটা নতুন কিছু নয়, তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখে না।
সাজিদ হাসি হাসি মুখে শুরু করলো-
‘বিজ্ঞানী আইনষ্টাইনের ‘থিওরি অফ রিলেটিভিটি’ একদম পানির মতো সোজা। এটা এতোই সোজা যে, ক্লাশ এইটের একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারে ‘
এতোটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখে হাঁ করে তাকালো। মফিজ স্যার চেয়ারে হেলান দেওয়া অবস্থাতে ছিলেন। সাজিদের কথা শুনে উনি একটু নড়েচড়ে বসলেন। উনার মোটা কালো ফ্রেমের চশমাটিকে ঠিকঠাক করে নিয়ে বললেন, ‘Come to the point…..’
সাজিদ বললো, ‘স্যার, আমি তো পয়েন্টেই আছি। আমি কি বলবো নাকি বসে পড়বো?’
‘No no, carry on’- মফিজ স্যারের প্রতিউত্তর।
সাজিদ আবার শুরু করলো-
‘এই সোজা থিওরিটিকেই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সবচে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনষ্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয়।
এতোক্ষণ আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বুঝালেন এই জিনিসটা। এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেলো।যেহেতু আমাকেও কিছু বলতে হবে, তাই আমি এই থিওরির সবচে মজার দিক, ‘Time Dilation’ নিয়েই বলবো। এই থিওরিটি ‘সময়’ নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে, বিজ্ঞানের অন্য কোন আবিষ্কার তা পারে নি।
সময় নিয়ে আগেকার মানুষদের ধারনা ছিলো অন্যরকম। তারা ভাবতো, সময় সবখানে সমান। অর্থাৎ, আমার কাছে যেটা একঘণ্টা , সেটা অন্য কোন গ্রহের, অন্য কোন প্রাণীর কাছেও একঘণ্টা। আমার কাছে যেটা একদিন, সেটা অন্য সবার কাছেও একদিন।অর্থাৎ, মাত্রাভেদে সময়ের কোনই পরিবর্তন হয় না।
১৯০০ সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারনা ছিলো এইরকম। ঊনিশ শো সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক এইচ.জি ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখাজোখা করেন। তিনি তাঁর কিছু সাইন্স ফিকশানে দেখান যে, তাঁর সৃষ্ট কিছু চরিত্র ‘বর্তমান’ কে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে।অতীতে চলে যাচ্ছে। এইচ.জি ওয়েলস তাঁর এই কথাগুলোকে সাইন্স ফিকশানে ঠাঁই দিলেও, তখনো মানুষের মনে প্রশ্ন ছিলো- ‘সত্যিই কি মানুষ কোনদিন ভবিষ্যতে যেতে পারবে? অতীতে যেতে পারবে?’
আইনষ্টাইনের আগ পর্যন্ত এটা সাইন্স ফিকশানে থাকলেও, আইনষ্টাইন এসে প্রমাণ করে দেখালেন যে, ‘হ্যাঁ, মানুষ চাইলেই ভবিষ্যত ভ্রমণ করতে পারে।’
কিন্তু কিভাবে? মজাটা এখানেই। আগেকারদিনে মানুষ ভাবতো, সময় সর্বস্থানে, সর্বাবস্থায়, সর্বমাত্রায় একই রকম। ওই যে একটু আগে বললাম, আমার কাছে যেটা একদিন, পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোন গ্রহে অন্য কারো কাছেও সেটা একদিন।
কিন্তু আইনষ্টাইন এসে বললেন, ‘না, সময় ঠিক এরকম নয়। মাত্রাভেদে সময় পাল্টে যায়।’
কিন্তু কিভাবে? আইনষ্টাইন বলেছেন, ‘কম গতিশীল কোন বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে।আর, যে বস্তু অধিক গতিতে চলে, তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে। আর এটাকেই বলা হয় ‘Time Dilation’..
অর্থাৎ, যে বস্তুর গতি কম, তার সময় চলবে দ্রুত।আর, যে বস্তুর গতি বেশি, তার সময় চলবে আস্তে। ব্যাপারটি কেমন জগাখিচুড়ি জগাখিচুড়ি মনে হচ্ছে, তাই না?
কিন্তু আইনষ্টাইন এটাকে ম্যাথম্যাটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন।
ব্যাপারটিকে বোঝানোর জন্য ১৯৮০ সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তাঁর বিখ্যাত ‘কসমস’ সিরিজে পুরো একটি পর্ব করেছেন।
কার্ল সেগান তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন ‘টুইন প্যারাডক্স’ বা ‘যমজ বিভ্রান্তি।’
শুধু কার্ল সেগান নয়, Time Dilation এর উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাষ্টার মুভিও তৈরি হয়েছে ২০১৪ সালে। নাম- Interstellar….
ধরা যাক, আমি আর আমার এক জমজ ভাই। আমাদের দু’জনের বয়স এখন ১৮ করে।
হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে, আমি স্পেসশিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হবো। পৃথিবী থেকে পাঁচহাজার আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে, তা আমি দেখে আসবো।কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে। অর্থাৎ, স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে তিন বছরের মধ্যে পাঁচহাজার আলোকবর্ষ ভ্রমণ করে আসবো।
এখন, কথা হচ্ছে, তিন বছরের মধ্যে আমি যদি পাঁচহাজার আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরতে চাই, আমার স্পেসশিপটাকে তো আলোর গতির (সেকেন্ডে একলক্ষ ছিয়াশি হাজার মাইল) কাছাকাছি গতিতে ছুটতে হবে। তা নাহলে এটা কোনদিনও সম্ভব না। কিন্তু আইনষ্টাইন এও বলেছেন, কোন বস্তু কোনদিনও আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারবেনা। এটা অসম্ভব।
ধরে নিলাম, আইনষ্টাইনকে বুড়ো আঙুল দেখিয়ে আমি আর আমার ভাই সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে ১ লক্ষ পঞ্চাশ হাজার মাইল।
আমি আমার ভাইয়ের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলাম। ২০১৬ সালের ২৫ শে নভেম্বর আমি তাঁর কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে করে রওনা হলাম মহাশূন্যের পথে। যখন বিদায় নিচ্ছি, তখন দুইজনেরই বয়স ঠিক কাটায় কাটায় ১৮ করে।’
এতোটুকু বলার পরে সাজিদ একটু থামলো। কারো মুখে কোন কথা নেই। সবাই মনোযোগ দিয়ে শুনছে। মফিজ স্যারও। তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেষ্টিং লাগছে।
সাজিদ আবার বলতে আরম্ভ করলো-
‘এইখানেই থিওরিটির মজা। আইনষ্টাইন বলেছেন, যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির একটি স্পেসশিপে, সেহেতু আমার গতি (মানে, স্পেসশিপের গতি) আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি।
এখন থিওরি মতে, গতিশীল বস্তুতে সময় কম দ্রুত চলে।
তাহলে আমার সময় চলবে আস্তে।
থিওরি আবার বলেছে, কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে।
তাহলে, আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত।
এখন আরো ধরি, স্পেসশিপে যাবার সময় আমার হাতে যে ঘড়ি ছিলো, সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় তিন বছর পরে ৫০০০ আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম।
তাহলে তখন আমার বয়স কতো? ১৮+৩ = ২১।
পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাবো, তখন তার বয়স কতো হবে? তাঁর বয়সও কি ২১ হবে?
হাহাহাহাহা। একদম না। আলোর কাছাকাছি গতির স্পেসশিপ নিয়ে আমি যে তিনবছর মহাশুন্যে কাটিয়ে এসেছি, সে তিনবছরে পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় ৫০ বছর। কেনো এমনটা হলো? কিভাবে? কারন, দুইটা মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে। আমি দ্রুত গতির স্পেসশিপে থাকার কারনে আমার সময় যেখানে স্লো (সেটা আমার গতি বিবেচনায় পারফেক্ট) চলেছে, আমার ভাইয়ের সময় সেখানে চলেছে দ্রুত (তার গতির তুলনায় সেটা তাঁর জন্য পারফেক্ট)।
আমার যমজ ভাই, যাবার সময় যার বয়স ছিলো আমার মতোই ১৮, আমি এসে দেখবো সে তখন ৬৮ বছরের একটা বৃদ্ধ। তাঁর হাতে একটা লাঠি।কোমড় নুঁয়ে গেছে। শরীর ভেঙে পড়েছে।
এটাকে রূপকথার গল্পের মতো মনে হলেও এটাই সত্যি। এইজন্য কার্ল সেগান এটাকে ‘টুইন প্যারাডক্স’ বা ‘যমজ বিভ্রান্তি’ হিসেবে উল্লেখ করেছেন।
এভাবে ২০১৬ সালে এরকম দ্রুত গতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিনবছর পর এসে আমি চাইলেই ২০৬৬ সালের পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র তিনবছর বয়স বাড়িয়ে।এটাই ভবিষ্যত ভ্রমণ। আমার সমবয়সীরা যখন কেউ কবরে, কেউ মৃত্যুশয্যায়, তখনো আমি থাকতে পারি ২১ বছরের টগবগে তরুণ। ব্যাপারটা এরকম। এটাই ‘Time Dilation’.. স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচে মজার অংশ।’
সাজিদের প্রেজেন্টেশান শেষ। সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো।
মফিজুর রহমান দাঁড়ালেন। তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন, ‘তোমাদের কোরানে এই থিওরির ব্যাপারে কি কিছু আছে?’
সাজিদ বুঝতে পারলো যে স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাচ্ছেন। সে মাথা নিঁচু করে ফেললো।
মফিজ স্যার বললেন, ‘না, তোমরাই তো বলো তোমাদের কোরান আধুনিক বিজ্ঞান টিজ্ঞান নিয়ে নাকি কতো কথাই বলেছে সেইই ১৫০০ বছর আগে। তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছুও বলেছে কি না। হা হা হা হা।’
স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাশের আরো কয়েকজন হেসে উঠলো। এরা তারা, যারা সাজিদকে একদম সহ্য করতে পারে না।
সাজিদ বললো, ‘স্যার, with due respect, আল কোরআন বিজ্ঞানের কোন থিওরিটিক্যাল বই নয় যে এখানে বিজ্ঞানের সবকিছু সব সাইড নিয়ে বলা থাকবে। এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি। এটার মেইন পারপাস হলো এই- মানুষ যেন জাগতিক জীবনে সৎ, ন্যায় এবং সুন্দর জীবনযাপন করে, তাকওয়াবান হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে।যে রিক্সাওয়ালা থিওরি অফ রিলেটিভিটি বুঝেনা বা কখনো বুঝবেনা, সে যদি সৎ হয়, ঈমানদার হয়, তাকওয়াবান হয় তাহলে পরকালে সেও জান্নাতে যাবে।’
মফিজ স্যার বললেন, ‘ও, তার মানে কোরআনে এরকম কিছুই বলা নাই? আপসোস! আমি ভাবলাম হয়তো থাকবে।’
সাজিদ মাথা তুলে বললো, ‘ জ্বি না স্যার, কোরআনে এরকম কিছু আছে।’
সাজিদের কথা শুনে পুরো ক্লাশ থ হয়ে রইলো।
সাজিদ বললো, ‘স্যার, আমি এতোক্ষন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে অংশটি নিয়ে বললাম, সেটার সারমর্ম হলো এই- সময় দুইটা মাত্রায়, দুইটা অবস্থায় দুই রকম আচরন করে।কেন করে সেটাও বললাম। সময়ের ব্যাপারে এতো চমকপ্রদ তথ্য আমাদের জানিয়েছেন মহামতি আইনষ্টাইন।১৯০৫ সালে। এর আগে তা আমরা জানতাম না। আমরা জানতাম, সময় সবখানে, সব অবস্থায় সমান।
শুধু আমরাই নই, সুপ্রাচীন কাল থেকে তাবৎ পৃথিবীর মানুষের ধারনাই ছিলো এটা। আল কোরআন যখন নাজিল হচ্ছে,তখনও আরবের মানুষদের এটাই ধারনা ছিলো। তারা কল্পনাও করতে পারতো না যে, দুইটা অবস্থানে সময় দুই রকম হতে পারে।
আমার কাছে যেটা ৩ বছর, আমার ভাইয়ের কাছে সেটা যে ৫০ বছর হতে পারে, তারা সেটা ভাবতেও পারে নি।
কিন্তু আল কোরআন এসে তাদের অন্যরকম কিছু জানালো। আল কোরআন জানাচ্ছে- ‘হ্যাঁ, এইটা সম্ভব।’
আল কোরআন বলছে-
‘ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ (তোমাদের হিসাব মতে) পঞ্চাশ হাজার বছর।’- সূরা আল মা’আরিজ ০৪
‘The angels and the Spirit will ascend to Him during a Day the extent of which is fifty thousand years’
দেখুন, আল্লাহ বলছেন যে, ফেরেস্তারা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছরের সমান।
তাদের ১ দিন = আমাদের ৫০,০০০ বছর।
তারা মানে কারা? ফেরেস্তারা। ফেরেস্তারা কিসের তৈরি? নূর, অর্থাৎ আলোর। আলোর গতি কি রকম? সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল।
এই আলোর তৈরি ফেরেস্তারা এমন একদিনে আল্লাহর কাছে পৌঁছায়, যেটা আমাদের গণনায় ৫০,০০০ বছরের সমান।
এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ‘টুইন প্যারাডক্সের’ ব্যাপারটা মিলান তো।
‘আমি এমন তিনবছরে ৫০০০ আলোকবর্ষ ভ্রমণ করে এলাম যা আমার যমজ ভাইয়ের হিসাব মতে ৫০ বছরের সমান।’
আমার তিনবছর = আমার যমজ ভাইয়ের ৫০ বছর।
ফেরেস্তাদের একদিন = আমাদের ৫০,০০০ হাজার বছর।
এটাই হলো আইনষ্টাইনের থিওরির বিশেষ অংশ।এটার নাম ‘Time Dilation’…
১৫০০ বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে সময়ের এরকম পার্থক্য হতে পারে? ইম্পসিবল।
এটা সেই স্রষ্টা থেকে আসা, যিনি সবকিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা।সৃষ্টিকর্তাই তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানবেন, তাই না? সময়ের যে পার্থ্যক্যের ব্যাপারে আমাদের আইনষ্টাইন জানালেন ১৯০৫ সালে, সেটা ১৫০০ বছর আগে নিরক্ষর মুহাম্মদ সাঃ কিভাবে জানবেন যদি না সময়ের সৃষ্টিকর্তাই উনাকে না জানান?
আপনি বলতে পারেন, আল কোরআন কি তাহলে এখানে থিওরি অফ রিলেটিভিটি শিখাচ্ছে? একদম না। আমি আগেও বলেছি, কোরআন বিজ্ঞানের কোন থিওরিটিক্যাল বই নয়। এটা Science এর বই নয়, এটা Sign এর বই। এটা একটা চিরন্তন সত্য স্রষ্টার কাছ থেকে আসা।তাই এটাতে বিভিন্ন উপমায়, উদাহরণে, ভঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে। এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা, এটার বিশ্বাসযোগ্যতা, এটার অথেনটিসিটি বেড়ে যাবে। এই বই তাঁর এসব Sign দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে। যেমন দাগ কেটেছে ড. গ্যারি মিলারের মনে, বিজ্ঞানী ড. মরিস বুকাইলির মনে, বিজ্ঞানি কিথ মূরদের মনে।যেমন দাগ কাটছে পশ্চিমের হাজার হাজার খ্রিষ্টানদের মনে।এইসব Sign দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ।’
ক্লাশ পিরিওড শেষের দিকে। মফিজুর রহমান স্যার উনার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে চশমার কাঁচ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন। দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিকে তাকালেন। সাজিদ বললো, ‘আসসালামু আলাইকুম স্যার।’
উল্লেখ্য, বোঝার সুবিধার্থে আমি ৩ বছরে ৫ হাজার আলোকবর্ষ ঘুরে আসার কথা লিখেছি। আদতে, ৩ বছরে সেটা সম্ভব নয়। শুধু উদাহরণ হিসেবে আর বুঝার সুবিধার্থে সময়টা কমিয়ে ধরা।