Chapter 20 of 23
একটি ডিএনএ'র জবানবন্দী
14 min read
সেদিন সকালবেলা বাসায় ছিলাম। আমার ক্লাশ ছিলো না বলে আমি ইউনিভার্সিটি তে যাইনি। সাজিদের ক্লাশ ছিলো। আমি বাসায় বসে বসে শেক্সপিয়ারের 'হ্যামলেট' পড়ছিলাম।
দুঃখের কাহিনী আমি একদম পড়তে পারি না। হ্যামলেট পড়তে গিয়ে কখন যে আমার চোখজোড়া অশ্রুসজল হয়ে উঠলো, আমি খেয়ালই করিনি। এই জিনিস আর বেশিক্ষণ পড়া যাবে না। নাহলে কেঁদেকেটে আমি বুক ভাসিয়ে ফ্লোরে ছোটখাটো জলাশয় বানিয়ে ফেলবো, শিওর।
হাত থেকে ধপ করে টেবিলের উপর রাখলাম 'হ্যামলেট'। খুব মন খারাপ।
এই মূহুর্তে সাজিদ থাকলে সে নিশ্চয় আমাকে নিয়ে রসিকতা করতো।
একবারের কথা। টেলিভিশনে একটা মুভি দেখাচ্ছিলো। মুভিতে দেখাচ্ছিলো নায়কের সৎ মা নায়ককে খেতে দিচ্ছে না, পরতে দিচ্ছে না। নায়কের বাবা নায়কের জন্য প্রচুর সম্পত্তি উইল করে রেখে যায়। সেগুলো থেকে বঞ্চিত করতে নায়কের সৎ মা নায়ককে ছোটবেলায় শহর থেকে অনেক দূরে রেখে আসে। নায়ক খুবই মানবেতর জীবনযাপন করে। একটি চা'য়ের দোকানে চাকরি করে।
এই দৃশ্য দেখে টপটপ করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেদিন আমার এই অবস্থা দেখে সাজিদ আমাকে নিয়ে এতোই হাসাহাসি করলো যে, আমি এরপর থেকে তার সাথে বসে আর কোনকিছুই দেখি না। আজকে হ্যামলেট পড়েও আমার একই অবস্থা। খুব কান্না পাচ্ছে আর কষ্ট লাগছে হ্যামলেটের জন্য।
মনটাকে হালকা করা দরকার। একবার ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। কি মনে করে আবার সিদ্ধান্ত পাল্টালাম।
সাজিদের টেবিলের পাশে এসে দেখলাম তার সেই বিখ্যাত (আমার মতে) ডায়েরি টেবিলের উপর থেকে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে।
এই ডায়েরির অনেক কিছুই আমার পড়া। নতুন কিছু লেখা আছে কিনা দেখার জন্য উল্টাতে লাগলাম।
মাঝামাঝিতে এসে দেখলাম নতুন কিছু লেখা।
লেখাটার শিরোনাম 'একটি ডিএনএ'র জবানবন্দী'
মজার বিষয় মনে হচ্ছে। ডিএনএ'র জবানবন্দী আবার কি জিনিস? পড়া শুরু করলাম। সে ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই তুলে ধরছি-
'একটি ডিএনএ'র জবানবন্দী'
আমি একটি DNA । আমার পূর্ণরূপ Deoxyribo Nucleic Acid ।
আমার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা আগে জেনে নিন DNA আসলে কি?
DNA হচ্ছে বংশপরম্পরায় বৈশিষ্ট্য নির্ধারক ‘জিন’ এর ধারক ও বাহক। আপনারা কেউ আপনাদের বাবার মত, কেউ মায়ের মত আবার কেউ দাদা-দাদি বা নানা-নানীর মত হয়ে থাকেন। DNA আপনাদের পূর্ব পুরুষদের বৈশিষ্ট্য আপনাদের মাঝে নিয়ে এসেছে এবং একইভাবে আপনাদের বৈশিষ্ট্য আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাবে।
আপনারা প্রায়ই বলেন, 'তোমার সাথে আমার রক্তের সম্পর্ক।'
এই কথাটা আসলে ভুল। রক্তের সম্পর্ক বলে কিছু আসলে নেই। আপনাদের আসলে বলা উচিত, 'তোমার সাথে আমার DNA'র সম্পর্ক।'
আপনার চোখ দেখতে আপনার বাবার মতো। নাক আপনার মায়ের মতো। মুখ একদম আপনার দাদার মতো। চুল আপনার ভাইয়ের মতো কোঁকড়া। এই যে আপনি আপনার আত্মীয়স্বজনের মতো দেখতে হলেন, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য পেলেন, এটা কিসের জন্য? এটার কারণ হলো- DNA..
সংক্ষেপে এটাই DNA তথা আমাদের পরিচিতি।
আমাদের ব্যাপারে আরো বিস্তারিত লেখা যায়। তবে, আমরা সেদিকে না গিয়ে এখন অন্যদিকে লাফ দেবো।
আচ্ছা, আপনারা 'ইনফরমেশন' তথা 'তথ্য' সম্পর্কে তো জানেন, তাই না?
ইনফরমেশন হচ্ছে এমন কিছু যা আপনাদের কোন ব্যাপারে ইনফর্ম করে। সিম্পলি, যার মধ্যে জ্ঞান থাকে, নির্দেশ-নির্দেশনা থাকে তাই হলো ইনফরমেশন তথা তথ্য।
আরেকটু আগাই। ধরুন, আপনি কোন একটি সাগর পাড়ে হাঁটছেন।ধরে নিই যে, সাগর পাড়ের এই এলাকাটিতে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি গার্ড রেখে এই জায়গাটিতে অন্য কোন মানুষ, পশু-পাখির প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন।এমনকি, বীচের এই জায়গাটায় যাতে কোন জাহাজও নোঙর করতে না পারে, তাও নিশ্চিত করেছেন।
ধরুন, হাঁটতে হাঁটতে আপনি বীচের একটি নির্জন এলাকায় এসে দেখলেন যে বীচের বালুতে লেখা ' I Love You।'
আচ্ছা, বীচের বালুতে 'I Love You' র মতো অর্থপূর্ণ, সাজানো-গোছানো, ভাব প্রকাশক একটি বাক্য দেখার পরে আপনার তৎক্ষণাৎ কি মনে হবে? আপনি ১০০% শিওর যে এটি আপনি কোনভাবেই লিখেন নি।
নিশ্চয় মনে হবে যে, কোন মানুষ, যার অক্ষরজ্ঞান আছে, যে 'I Love You' এর অর্থ বুঝে, তা লিখতে সক্ষম, স্পেলিং করতে সক্ষম এমন কেউ এটি লিখে গেছে। যে এটি লিখে গেছে তার বুদ্ধি আছে। সে একটি বুদ্ধিমান সত্বা।
ধরুন, এটি দেখে আপনি খুব রেগে গেলেন। বুঝতে পারলেন যে আপনার গার্ডদের অসচেতনতায় কেউ একজন এখানে এসেছে এবং এটি লিখে চলে গেছে।
আপনি আপনার গার্ডকে ডাকলেন। বললেন, 'শোন, আমি বলেছিলাম না এখানে আমি ছাড়া অন্যকেউ যেন কোনমতেই ঢুকতে না পারে? আমার অবর্তমানে এখানে কে ঢুকেছে বলো?'
গার্ড কাচুমাচু করতে করতে বললো, 'সাহেব, সত্যি বলছি এখানে কেউই ঢুকেনি। আল্লাহর কসম।'
গার্ডের কথা শুনে আপনি আরো বেশি রেগে উঠলেন।বললেন, 'হুয়াট দ্য হেল ইট ই্যজ? এখানে যদি কেউ না-ই ঢুকে তাহলে এই 'I Love You' লেখাটি কিভাবে এলো? তুমি কি বলতে চাচ্ছো সমুদ্রের বালু, পানি আর বাতাস একসাথে মিশে এই 'I Love You' বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে গেছে? তুমি আমাকে এটি বিশ্বাস করতে বলছো?'
এই 'I Love You' লেখা বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে, এটি কি আপনি কোনমতেই বিশ্বাস করবেন? নিশ্চয় না।
ধরুন, গার্ডকে বকাঝকা করে আপনি আবার হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে আরো কিছুদূর গেলেন।
হঠাৎ আপনি দেখলেন যে, বীচের বালুর উপরে একটি বই রাখা আছে। অদ্ভুত ব্যাপার। আপনি বইটি হাতে নিলেন। খুলে দেখলেন যে এটি একটি উপন্যাসের বই। আপনি আবার গার্ডকে ডাক দিলেন। জানতে চাইলেন এই বই এখানে কিভাবে এলো? কে রেখে গেলো?'
সে আবার মুখ নিচু করে বললো, 'সত্যি বলছি সাহেব, এখানে কেউ আসেইনি।'
আপনি চিৎকার করে আবার বলে উঠলেন, 'তাহলে এই বইটাও কি সমুদ্রের বালু, পানি আর হাওয়ার মিশ্রণে নিজে নিজে লেখা হয়ে গেছে? প্রিন্ট হয়ে গেছে? বাঁধাই হয়ে গেছে?'
একটি উপন্যাসের বই, যাতে কিছু বর্ণমালা পাশাপাশি বসে শব্দ হয়েছে, কিছু শব্দ পাশাপাশি বসে অক্ষর হয়েছে, কিছু অক্ষর পাশাপাশি বসে বাক্য হয়েছে আর অনেকগুলো অর্থপূর্ণ বাক্য নিয়ে হয়েছে একটি পুরো উপন্যাসের বই।
আচ্ছা, সমুদ্রের পানি, বাতাস আর বালুর মিশ্রণে এই বইটি নিজে নিজে লেখা হয়ে গেছে এমনটি কেউ দাবি করলে কি আপনি বিশ্বাস করবেন? করবেন না।
আপনি পাল্টা তাকে বলবেন যেন সে পাবনা ম্যান্ট্যাল হসপিটালে সিট বুক করে রাখে নিজের জন্য।ব্যাপারটা এতোটাই হাস্যকর!!
এমনকি, স্বয়ং মহামতি আইনষ্টাইন এসে যদি পদার্থবিজ্ঞানের দোহাই দিয়ে বলে এই বইটি অটোমেটিক লেখা হয়ে গেছে কোন লেখক ছাড়াই, আপনি আইনষ্টাইনকেও বলবেন, 'স্যার, দয়া করে নিজের রাস্তা মাপুন। কোন তথ্য, কোন ইনফরমেশন, কোন অক্ষর, কোন বর্ণমালা, কোন অর্থপূর্ণ রচনা লিখতে যে একটি বুদ্ধিমান সত্বার দরকার অনিবার্য, তা একটা বাচ্চা ছেলেও জানে।'
ধরুন, আপনি আর কিছুদূর হেঁটে গেলেন। গিয়ে দেখলেন, অপরূপ সুন্দর, ঠিক তাজমহলের মতো ডিজাইন করে মার্বেল পাথর দিয়ে একটি বিল্ডিং তৈরি করা আছে। আপনি খুব অবাক হলেন। এতো সুন্দর মহলটি এখানে কিভাবে এলো?
এটি দেখার সাথে সাথে আপনার কি মনে হবে?
সমুদ্রে টর্নেডোর মতো ভয়ঙ্কর ঝড় উঠতো, আর সেই ঝড়ের সাথে সাথে সমুদ্রের গভীর থেকে মণি-মুক্তো ওয়ালা পাথর উড়ে এসে বালু আর পানি দিয়ে এই অপূর্ব মহলটি তৈরি হয়ে গেছে?
একদম না। এটি ক্ষুর্নাক্ষরেও আপনার মনে আসবে না।
আপনার যা মনে আসবে তা হলো প্রথমে একজন ডিজাইনার তথা ইঞ্জিনিয়ারের কথা, যে এই সুন্দর মহলটির নকশা করেছে। এরপরে অন্যসব।
এই সুন্দর মহলটি তৈরির জন্য কিছু ইনফরমেশান দরকার। মহলের সামনের দরজা কোনদিকে হবে, কোনপাশে ঝর্ণা থাকবে, কোনপাশে বাগান। কোনদিকে গাড়ি পার্কিং ব্যবস্থা, কোনদিকে উদ্যান এসবের জন্য কিছু দরকারি তথ্য তথা ইনসষ্ট্রাকশন দরকার। এই ইনষ্ট্রাকশন একজন ইঞ্জিনিয়ার তার নকশায় বিস্তারিত একেঁ রাখে এবং এটার উপর ভিত্তি করেই একটি মহল তৈরি হয়।
ধরুন, আপনি সেই মহলে প্রবেশ করলেন। যেই আপনি মহলে প্রবেশ করলেন, দেখলেন আপনার সামনে একটি কাগজ রাখা। কাগজটি আপনি হাতে নিলেন। খুললেন। তাতে লেখা, 'এই মহলের ডান দিকটা আপনার জন্য অনিরাপদ। আপনি ভুলেও ডান দিকটায় যাবেন না। তবে, বাম দিকটা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ।'
আচ্ছা, কাগজের এই লেখাটা পাওয়ার পরে আপনি কি এমন কারো অস্তিত্ব অনুভব করবেন না যে বুদ্ধিমান? যে লিখতে জানে, পড়তে জানে? যে চায়না আপনি বিপদে পডুন?
নাকি আপনি ভাববেন যে এই কাগজ,এই লেখা সবকিছুই আপনাআপনি হয়েছে? অবশ্যই সেটা ভাববেন না।
এবার ধরুন, আপনি মহলটি ঘুরেফিরে দেখা অবস্থায় খেয়াল করলেন যে বাইরে, সমুদ্র পাড়ে ভীষণ ঝড় উঠেছে।খুব প্রলয়ঙ্করী ঝড়। ঝড়টা বেশ কয়েক ঘণ্টা ছিলো।
ধরুন, ঝড় থামলো আর আপনি মহল থেকে বের হয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। একটু এগুতেই দেখলেন একটি বালুর স্তুপ, তার উপর কিছু ছেঁড়া পলিথিন, ছেঁড়া ব্যাগ, কিছু নুড়ি পাথর এদিক-সেদিক ছড়ানো-ছিটানো। এই স্তুপ আসার পথে আপনি দেখেন নি।যাবার পথেই দেখছেন।
আচ্ছা বলুন তো, এই বিদঘুটে বালুর স্তুপটা দেখে আপনার কি প্রথমেই কোন ইঞ্জিনিয়ারের কথা মনে আসবে? মনে হবে কি এই স্তুপটা তৈরিতে একজন ইঞ্জিনিয়ারের একটি নকশা আঁকতে হয়েছে? হা হা হা। কখনোই না। আপনি নিশ্চিত ধরে নেবেন যে, এই বালুর স্তুপটি একটু আগের ঝড়ে তৈরি হওয়া।কারন, এর মধ্যে কোন শিল্প নেই, সৌন্দর্য নেই। নেই কোন কারুকার্যতা। ঝড়-ঝাপ্টার ফলে এরকম কিছু এবড়োথেবড়ো বালুর স্তুপ, আবর্জনার স্তুপ তৈরি হতেই পারে, কিন্তু একটি অপরূপ মহল? অসম্ভব।
এতক্ষন ধরে যা বললাম তা হলো 'তথ্য'। সেই 'I Love You', সেই উপন্যাসের 'বই', সেই মহলের 'নকশা', সেই কাগজের লেখা সবকিছুতে কিছু না কিছু তথ্য আছে। আর এই তথ্যের পেছনে আছে কোন কনসিয়াস মাইন্ড তথা বুদ্ধিমান সত্বা।
কোন জড় পদার্থ, প্রাকৃতিক কোন দূর্ঘটনা কোনদিনও কোন ইনফরমেশন দিতে পারে না। কারন, ইনফরমেশন দিতে লাগে একটি 'মন'।
যেমন, সমুদ্রের পাড়ে 'অ থেকে ঁ' পর্যন্ত কিছু অক্ষর রেখে আসলে হাজার কোটিবার ঝড়-ঝাপ্টার পরে সেই অক্ষরগুলো কোন একদিন পাশাপাশি মিলে রবীন্দ্রনাথের সোনার তরীর মতো কোন কবিতা হয়ে যাবে এই সম্ভাবনা 0.0000000%....
কারন, সোনার তরী কবিতা লিখতে একটি মন লাগবে, বুদ্ধিমান সত্বা লাগবে। ঝড়-ঝাপ্টার পর হয়তো সেখানে আপনি কিছু অর্থবোধক শব্দ পেলেও পেতে পারেন।যেমন, প্রচন্ড ঝড়ের কারনে 'ব' এর পাশে 'ল' অক্ষরটি এসে বসতে পারে। আর, বসলে সেটি হয়ে যাবে 'বল'। বল একটি অর্থপূর্ণ শব্দ। 'ম' এর পাশে 'হ' এবং তার পাশে 'ল' এসে বসলে পাওয়া যাবে 'মহল' শব্দ (যদিও তার সম্ভাবনা কয়েক হাজারে ১ বার হলেও হতে পারে)।
দেখুন, আপনি এরকম দু'চারটি ছন্নছাড়া শব্দ পেলেও পেতে পারেন কিন্তু রবীন্দ্রনাথের সোনার তরীর মতো একটি কবিতা পাওয়া কোনদিনও সম্ভব না।হাজার কেনো, কোটি কোটি বছর সময় দেওয়া হলেও পাওয়া সম্ভব না।
এতোক্ষন বলা হলো তথ্যের ব্যাপারে। উপরের আলোচনা থেকে আমরা দুটি সিদ্ধান্তে উপনীত হতে পারি-
১/ ইনফরমেশন তথা তথ্য পেতে দরকার একটি কনসিয়াস মাইন্ড তথা বুদ্ধিমান সত্বা যার বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা করার ক্ষমতা আছে এবং
২/ কোন জড় পদার্থ, কোন অচেতন পদার্থ (টর্নেডো, ঘূর্ণিঝড়, পদার্থবিজ্ঞানের সূত্র) যার প্রাণ নেই, বুদ্ধি নেই, চিন্তা করার ক্ষমতা নেই তার কাছ থেকে কখনোই তথ্য পাওয়া সম্ভব না।
এবার আমরা আবার DNA তে ফিরে আসি।
প্রাণীদের শরীরের একেবারে গাঠনিক যে উপাদান, তার নাম হলো কোষ। এই কোষের নিউক্লিয়াসের ভেতরে, একদম কেন্দ্রে যা থাকে তার নামই DNA।
এই DNA তে চারটি অক্ষর দিয়ে আপনার পুরো শরীরের গঠনের একটি ব্লুপ্রিন্ট (নকশা) সেট করা আছে। এই চারটি অক্ষর হলো- A, T, G, C
A= adenine
T=thymine
G =guanine
C=cytosine
বায়োলিজিষ্টরা সংক্ষেপে এটাকে বলে 'জেনেটিক কোড'।
কখনো কম্পিউটার প্রোগ্রামিং করেছেন? কম্পিউটারের প্রোগ্রামে যে বাইনারি কোড ব্যবহার করা হয় সেটি কি রকম? সেখানে যে সংখ্যা দুটি ব্যবহার করা হয় তা হলো 0 এবং 1 ।
কম্পিউটার প্রোগ্রামে বাইনারি সংখ্যাগুলো সাজানো থাকে এভাবে- 0000100011001011
এই সংখ্যাগুলোকে কোড হিসেবে ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয়, সেটার উপরই কম্পিউটারের পরবর্তী কাজ নির্দেশিত হয়।
ঠিক একইভাবে, DNA তেও A, T, G এবং C এই অক্ষর চারটির সমন্বয়ে কম্পিউটার প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম DNA তে সেট করা আছে।
এই প্রোগ্রামের নির্দেশনা অনুসারেই প্রাণীর শরীরে প্রোটিন তাদের কাজ করে।
এই প্রোগ্রামে যদি লেখা থাকে আপনার চোখ দেখতে হবে আপনার মায়ের মতো, তাহলে আপনার চোখ ঠিক সেরকমই হবে। এই কাজটা করবে প্রোটিন। প্রোটিন এই নির্দেশটা পাবে RNA থেকে। RNA তে এই নির্দেশ ডেলিভারি করবে DNA ।
আপনার বাবা আপনাকে কোলে নিয়ে কপালে চুমু খেতে খেতে আপনার মা'কে বলবেন, 'দেখো, বাবুর চোখ দুটো দেখতে ঠিক তোমার মতো?'
এটা কেনো হলো? কারন, DNA.....
ঊনবিংশ শতাব্দীর নাস্তিকতা যার কাঁধের উপর ভর করে এগিয়েছিলো, তাঁর নাম Antony Flew।
উনাকে বলা হতো নাস্তিকদের 'ভাবগুরু।'
নাস্তিকতার পক্ষে উনি প্রচুর সংখ্যক বই লিখেছেন, লেকচার দিয়েছেন, তর্ক করেছেন।
কিন্তু ২০০৪ সালে এই বিখ্যাত নাস্তিক একদম ঢাক-ঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে আস্তিক হয়ে গেলেন।
আস্তিক হবার যে কয়েকটি মেজর কারণ/প্রমান তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো DNA'র মধ্যে এই অপূর্ব 'তথ্য' তথা 'ইনফরমেশন'।
তিনি প্রশ্ন করেছেন, 'কোন ফিজিক্সের ল, কোন ন্যাচারাল কজ কখনোই একটি সিঙ্গেল কোড তৈরিতেও অক্ষম। তাহলে প্রাণের স্পন্দন DNA'র মধ্যে এই ইনফরনেশন তথা এরকম সুনির্দিষ্ট নির্দেশনা কিভাবে এলো যার উপর ভিত্তি করে গড়ে উঠে প্রাণীর শরীর? নিশ্চই এতে কোন সুপার ন্যাচারাল ইন্টেলিজেন্সের হাত আছে।'
তিনি লিখেছেন, ‘almost entirely because of the DNA investigations . What I think the DNA material has done is that it has shown, by the almost unbelievable complexity of the arrangements which are needed to produce ( life ), that intelligence must have been involved in getting these extraordinarily diverse elements to work together'
এই DNA'র মধ্যে কি পরিমাণ তথ্য তথা ইনফরমেশন মজুদ আছে বা রাখা যাবে জানেন?
বিখ্যাত এথেইষ্ট বায়োলজিষ্ট, রিচার্ড ডকিন্স লিখেছেন- ‘There is enough information capacity in a single human cell to store the Encyclopaedia Britannica, all 30 volumes of it , three or four times over’.
একটা মাত্র কোষের মধ্যে (কোষের মধ্যে থাকে DNA) সে পরিমাণ তথ্য রাখা যাবে যা দিয়ে ৪-৫ টি ৩০ ভলিউমের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেখা যাবে।চিন্তা করতে পারেন?
শুধুমাত্র একটা কোষের মধ্যে যে পরিমাণ তথ্য আছে তা যদি কোন মানুষ পড়া শুরু করে, প্রতি ১ সেকেন্ডে যদি ৩ টি শব্দ সে পড়তে পারে, তাহলে একটি কোষের তথ্য পড়ে শেষ করতে একজন মানুষের সময় লাগবে ৩১ বছর।
বিজ্ঞানি Dr. Francis Collins, যিনি Human Genome Project এর হেড ডিরেক্টর, তিনি DNA সম্পর্কে বলেছেন,- "think of DNA as an instructional script, a software program, sitting in the nucleus of the cell."
DNA কি পরিমান তথা তথা ইনফরমেশন ধারন করে উপরে তার কিছুটা নমুনা দেখানো হলো মাত্র।
এই ইনফরমেশন DNA'র মধ্যে কিভাবে এলো?
কোথা হতে এলো? এর কোন সদুত্তর নাস্তিক জীব বিজ্ঞানীরা দিতে পারেন নি।
তারা যা বলে তা হচ্ছে এরকম, ' ধরুন, আপনার কিচেনে একটি হিটার আছে। হিটারের পাশে একটি পটে চিনি, একটি পটে চা পাতা, একটি পটে দুধ এবং একটি মগে কিছু পানি রাখা আছে। এখন হলো কি, আপনার হিটারটি নিজে নিজে অন হয়ে গেলো, মগ থেকে পানি নিজে নিজে গিয়ে হিটারের উপর রাখা পাত্রে এসে পড়লো, পানি গরম হলো। এরপর পটগুলো থেকে পরিমিত পরিমাণ চিনি, চা পাতা, দুধ নিজে নিজে গিয়ে পাত্রের গরম হওয়া জলে মিশে গেলো এবং তৈরি হয়ে গেলো এককাপ সুস্বাদু চা। এই চা আবার নিজে নিজেই একটি কাপে গিয়ে সুন্দর করে পরিবেশন হলো।আপনি এসে দেখলেন যে আপনার পড়ার টেবিলে এককাপ গরম গরম চা। প্রশ্ন- 'এই চা কিভাবে এলো?'
তাদের উত্তর- 'সাইন্সের ব্লাইন্ড ল অনুসারে।'
হাস্যকর!!
সাইন্সের ব্লাইন্ড ল মেনে এককাপ চা তৈরি হলেও হতে পারে (!!), কিন্তু ইনফরমেশন তথা তথ্য আসার জন্য যে একটি কনসিয়াস মাইন্ড দরকার, তা আমরা ইতোপূর্বে ক্লিয়ার করেছি। এমনকি, বিজ্ঞান মহলে সুপরিচিত 'ইনফরমেশন থিওরি' ও বলে, কোন এনার্জি বা ম্যাটার থেকে কোন ইনফরমেশন পাওয়া যায় না।
তাহলে DNA'র মধ্যে এরকম সুনির্দিষ্ট, সুপরিকল্পিত, সুসজ্জিত তথ্য কোথা থেকে এলো?
আমরা এর জন্য ৪ টি ধারণার অবতারণা করতে পারি।
১/ হয়তো, কোন মানুষ এই তথ্যগুলো DNA তে লিখে দিয়েছে।
২/ হয়তো কোন এলিয়েন এই তথ্যগুলো DNA তে লিখে দিয়েছে।
৩/ হয়তো সাইন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকরী হয়ে এটা লিখে ফেলেছে।
৪/ হয়তো কোন অতি প্রাকৃতিক বুদ্ধিমান সত্বা এই তথ্যগুলো DNA তে লিখে রেখেছে।
এখন, সমী (১) অনুসারে যদি ধরে নিই যে কোন মানুষ এটি লিখে রেখেছে, তাহলে প্রশ্ন আসে, এই মানুষের শরীরে যে DNA আছে, তাতে কে তথ্যগুলো লিখলো তাহলে?
দেখা যাচ্ছে সমী-১ বাতিল।
সমী-২ অনুসারে যদি ধরে নিই যে, কোন এলিয়েন এটি লিখেছে, তাহলেও একই প্রশ্ন- এই এলিয়েনের যে বুদ্ধি তা কোন বুদ্ধিমান সত্বা দান করেছে?
তাহলে এটাও বাতিল।
ইনফরমেশন থিওরি মতে সমী-৩ নিজে নিজেই বাতিল হয়ে যায়। কারন, কোন আনকসিয়াস মাইন্ড, কোন বস্তু কখনোই কোন তথ্য তথা ইনফরমেশন প্রোডিউস করতে সক্ষম নয়। পৃথিবীতে এমন একটি প্রমাণও নেই, যেখানে দেখা গেছে সাইন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকর হয়ে শেক্সপিয়ারের মতো একটি সনেট লিখে ফেলেছে। তাহলে এটাও বাতিল।
বাকি থাকলো সমী- ৪। এই তথ্য DNA তে কোথা হতে এলো?
প্রপার এবং লজিক্যাল এন্সার হলো- অতি প্রাকৃত কোন সত্বা থেকে।
ঠিক যেমনটা বলেছেন এককালের নাস্তিকদের গুরু, Dr. Antony Flew- ‘almost entirely because of the DNA investigations . What I think the DNA material has done is that it has shown, by the almost unbelievable complexity of the arrangements which are needed to produce ( life ), that intelligence must have been involved in getting these extraordinarily diverse elements to work together'
যেমনটা বলেছেন হার্ভাডের গবেষক, বায়োলজিষ্ট Dr. Stephen C Meyer - ' the kind of information that DNA contains, namely, functionally specified information.And it requires a designer'
তাহলে DNA তে এই তথ্য কোথা হতে এলো এর একটিই গ্রহণযোগ্য উত্তর হলো- স্রষ্টা থেকে।'
সাজিদের ডায়েরিতে এইটুকুই লেখা। আমি ডায়েরিটা বন্ধ করলাম। ভাবলাম, আমি নিজেও একজন জেনেটিক্সের ছাত্র। এই DNA নিয়ে আমি কতো পড়েছি, কতো জেনেছি কিন্তু এভাবেও যে ভাবা যায়, তা-ই আমি কোনদিন ভাবিনি।
হঠাৎ খেয়াল করলাম আমার কাঁধে কেউ একজনের হাত। আমি পাশ ফিরলাম। দেখলাম সাজিদ দাঁড়িয়ে। সে বললো, 'কি পড়ছিস?'
-
'একটি DNA'র জবানবন্দী'
-
'কি বুঝলি?'
আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসলো এই আয়াত,- 'শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো আর তাদের নিজেদের মধ্যেও। যখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে, এ কুরআন সত্য।'
সাজিদ মুচকি হাসলো। খুব রহস্যময় সেই হাসি।
রেফারেন্সঃ
1/ 'If Darwin had known about DNA'- Dr. Harun Yahya
2/ 'There is a God : How the world's most notorious atheists changed his mind'- Antony Flew
3/ 'The blind watchmaker'- Richard Dawkins
4/ 'Siganature in the Cell'- Dr. Stephen C Mayer
5/ 'Language Of God'- Dr. Francis Collins