Chapter 8 of 20
শোনো
19 min read
শোনো - ১
এই যে আপু, শোন! হ্যাঁ, তোমাকেই বলছি। ও কি, এত তাড়াহুড়ার কি আছে? তোমার যেতে হবে? আমারও তো যেতে হবে! তবে পাঁচ মিনিট শুনেই যাওনা। কথা দিচ্ছি তোমার বেশি সময় নেবনা আমি। এস, এখানটাতে বোস, তোমার সাথে একটা জরুরী কথা আছে।
কি জরুরী কথা? না, ভয় পেয়োনা। তোমার সিদ্ধান্ত বদলাবার চেষ্টা করব না আমি। তুমি কি আমার চেয়ে কম বোঝ নাকি? আমি তোমাকে ডেকেছি আমার প্রয়োজনে। তোমাকে একটা অনুরোধ করতে চাচ্ছিলাম। আমার একটা কাজ করে দেবে ভাই? একটু পর যখন তোমার আমার প্রভুর সাথে সাক্ষাত হবে তখন জানিয়ো আমি এক্সপ্রেস মেইলে খবর পাঠিয়েছি, তিনি যেন তাঁর অগাধ ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে আমাকে মাফ করে দেন। এ কি? আঁতকে উঠলে কেন? আমি এমন কি কষ্টের কাজ করতে বললাম তোমায়? তুমি তো রওয়ানা দিয়েছই, তাহলে এটুকু খবর পৌঁছতে পারবেনা? আসলে হয়েছে কি, কি বলব ভাই, লজ্জাই পাচ্ছি বলতে- তিনি আমাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম অবয়বে, নাক মুখ চোখ হাত পা সব ঠিকঠাকমত বুঝে পেয়েছি, জ্ঞানবুদ্ধিও খারাপ দেননি, তবু থ্যাঙ্ক ইউ বলতে মনে থাকেনা। আমার সব প্রয়োজনের দিকে তিনি খেয়াল রাখেন, সব সুবিধা অসুবিধা দেখেন, কিন্তু তাঁর প্রতি আমার ভালোবাসার পরীক্ষা নিতে গেলেই আমি তাঁর সাথে প্রতারণা করে বসি। তিনি আমার বেস্ট ফ্রেন্ড, আমার প্রতি তাঁর সদাসচেতন নজর, কিন্তু আমিই কেবল ফাঁক পেলে আমার শত্রুর সাথে পরকীয়া করে বসি। কি যে করি আপু! বুঝি সবই, তবু যে কেন বারবার পা পিছলে পড়ি! অনেক ভয়ে আছি আপু, কবে তাঁর সামনে গিয়ে উপস্থিত হতে হয়, কি লজ্জায় পড়ব তখন, মরারও উপায় থাকবেনা! তুমি যেহেতু আগেভাগেই হাজিরা দিতে যাচ্ছ, ভাবলাম নিশ্চয়ই তোমার প্রস্তুতি শেষ। এরকম একটা প্রতিষ্ঠিত মানুষ পেলাম, তাই ভাবলাম তাড়াতাড়ি খবরটা পাঠাই। আমার এটুকু কাজ তোমাকে করে দিতেই হবে!
অ্যাঁ, বল কি? তোমার প্রস্তুতি নেয়া হয়নি? তাহলে হন্তদন্ত হয়ে যাচ্ছিলে কোথায়? তোমার ওড়না তো এখনো ফ্যানের শোভাবর্ধন করছে! কি? জীবনের প্রতিকুলতা সহ্য করতে পারছ না, তাই রওয়ানা দিচ্ছিলে? পাগল নাকি? কেউ কি সাময়িক জ্বালাযন্ত্রণা থেকে বাঁচার জন্য চিরস্থায়ী জ্বালা বেছে নেয়? কেন গো আপু, এই যে এতগুলো বছর তুমি জীবনের রঙ রূপ গন্ধ স্পর্শ উপভোগ করলে, কোনদিন কি বলেছ, ‘না না, ব্যাস ব্যাস, হয়েছে, আর লাগবেনা, থ্যাঙ্ক ইউ’? তাহলে যিনি তোমাকে এত্ত এত্ত দিলেন, তিনি যদি বাজিয়ে দেখতে চান তুমি তাঁকে ভালোবাস না তাঁর উপহার সামগ্রীকে, তখন তুমি প্রেমের পরীক্ষায় ফেল মারতে চাও? এমন একজনকে কি তুমি গ্রহণ করতে যে তোমাকে নয়, তোমার আনুষাঙ্গিক বস্তুসামগ্রীকে ভালবাসে? তাহলে তুমি কি ভেবে এই অবস্থায় তাঁর সামনে উপস্থিত হতে যাচ্ছ?
শোন আপু, সহজ কথা। শরীরটা তো আর তোমার নয়, বরং একে একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমার কাছে দেয়া হয়েছে যেন তুমি একে খাটিয়ে পরবর্তী জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে নিতে পারো। ব্যাঙ্ক লোনের মত ব্যাপার। ব্যাঙ্ক তোমাকে লোন দেয় কেন? তোমার পুঁজি নেই বলে। ওরা তোমাকে কিছু পুঁজি দিয়ে দেয় যেন তুমি টাকাটা খাটিয়ে লাভ করতে পারো- তোমারও কিছু লাভ হোল, ব্যাঙ্কও তার আসল ফিরে পেল। কিন্তু তুমি যদি লোনের টাকাটা মেরে খেয়ে উড়িয়ে ফেল, তাহলে ব্যাঙ্ক কি তোমাকে ছেড়ে দেবে? শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার সৃষ্টিকর্তা তোমাকে এই শরীর দিয়েছেন বাবামায়ের সেবা করার জন্য, স্বামীর হাত ধরে জীবন গড়ার জন্য, তোমার সন্তানদের ভালোবাসার জন্য, গরীব দুস্থদের সাহায্য করার জন্য, বন্ধুদের সহযোগিতা করার জন্য, ফ্যানে ঝোলানোর জন্য ... মনে হয় না। তুমি পুঁজি নষ্ট করলে এই শরীরের সৃষ্টিকর্তা তোমাকে চিরস্থায়ী শাস্তিতে দন্ডিত করলে আমাদের কার কি বলার আছে বল? আইন ভঙ্গ করলে আইন কি শাস্তি দেয়ার অধিকার রাখেনা?
নাহ, তোমার প্রতি একটু বেশিই কঠিন হয়ে গেলাম মনে হয়। শোন আপু, আমাদের জীবনে সমস্যা হয় কেন? এগুলো তো আমাদেরই অবিবেচনা, স্বার্থপরতা, লোভ, মোহ, কাম, ক্রোধের ফল। প্রতিটা সমস্যারই সমাধান আছে। কিন্তু আমরা সমাধানের দিকে না গিয়ে বরং যে ভুল করে সমস্যায় নিপতিত হয়েছি সে ভুলকেই আঁকড়ে ধরে থাকতে চাই, আর মনে মনে আশা করি আমাদের প্রভু আলৌকিকভাবে সব পরিবর্তন করে দেবেন। আচ্ছা আপু, তুমিই বল, কারো শরীরে রোগ হলে অপারেশন করাতে হয়না? অপারেশান করলে কষ্ট হয়না? তাই বলে কি আমরা সুস্থ হবার আশায় অপারেশন না করিয়ে কষ্ট হবে বলে রোগটাকে লালন করি? তুমি ঠিকই বলছ, একটা প্রতিকুলতাকে সমাধান করতে অনেক অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেকে না বুঝে বেদনাদায়ক মন্তব্য করে, শারিরীক মানসিক প্রচুর চাপ যায়, কোন কোন সময় মনে হয় যেন আগুনের মাঝে বসবাস করছি। কিন্তু একদিন হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি নামে, গ্রীষ্মের দাবদাহ সরে গিয়ে চারিদিক ঘাসলতাপাতায় পরিপূর্ন হয়ে যায়, সেই সবুজের অঙ্গনে নিরাপদ ছাদের নীচে বসে বৃষ্টির দিকে তাকিয়ে আমরা স্মৃতি রোমন্থন করি, ‘আহ, কি কঠিন সময়ের ভেতর দিয়ে না আমার প্রভু আমাকে পথ দেখিয়ে বের করে নিয়ে এসেছেন এই স্বর্গীয় উদ্যানে!’ ভাবতেই অবিশ্বাস্য লাগে কিভাবে সে সময় পেরিয়ে এসেছি আর আমার প্রভু আমার গায়ে আঁচড় লাগলেও মনটি রেখেছিলেন প্রশান্ত! কিন্তু আপু, এর জন্য তাঁকে মনে প্রবেশ করতে দিতে হবে তো! আমি যদি নিজেকে সর্বেসর্বা ভেবে সব দায়িত্ব নিজের ওপর চাপিয়ে নেই, তাহলে সিদ্ধান্ত নিতে গিয়ে পর্বতপ্রমাণ বোঝা তো আমার ঘাড়েই চেপে বসবে, আমি দিশাহারা বোধ করব, যেমন এই মূহূর্তে তুমি দিশাহারা বোধ করছ।
তোমার হৃদয়ের দুয়ার খুলে দাও আপু, দৃষ্টিসীমাকে প্রসারিত কর দিগন্তের প্রতি, হাত বড়িয়ে দাও অসীমের প্রতি। একদিন আকাশের এই কালো মেঘের ঘনঘটা কেটে যাবে, আসমান হেসে উঠবে সাতরঙ্গা আলোয়। কিন্তু তুমি যদি আজ নিজেকে পরাভূত হতে দাও, তাহলে কি করে দেখেব সেই সোনালী সুদিন?
আপু, পৃথিবীটা গোল, তাই আমরা খুব বেশি দূর দেখতে পাইনা। কিন্তু তোমার চোখের সামনে যে দিগন্ত তার ওপাড়ে আরেকটা দিগন্ত আছে যেটা হয়ত আরো অনেক সুন্দর। মনের জানালাটা খুলে দাও, দরজা খুলে বেরিয়ে এসো দিগন্তের পথে, পথটা বন্ধুর হতে পারে, কিন্তু তুমি যদি তোমার প্রভুর হাত ধরে এগিয়ে যাও তাহলে হাঁটি হাঁটি পা পা করে পথের শেষে সেই দিগন্তে পৌঁছতে পারবে যা তুমি আজ কল্পনাও করতে পারছ না।
তবে কেন অল্প শোকে কাতর হয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতে চাইছ? কেন ভাবছনা প্রভুর সাক্ষাতে তুমি কি উত্তর দেবে, তোমার পরিবার বন্ধুবান্ধবের দুঃখের কারণ হয়ে তুমি কি কবরে শান্তি পাবে? কেন তবে শত্রুর ফাঁদে পা দিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে চলেছ? সে তো চায়ই যাবার সময় আমাদের সাথে নিয়ে যেতে। কিন্তু তুমি কেন সব বুঝেশুনে তার সাথে যেতে চাও জ্বালাযন্ত্রণার সাগরে হাবুডুবু খেতে যেখানে তুমি চিরহরিৎ আনন্দভূবনে শান্তি আর স্বস্তিতে কাটাতে পারো চিরকাল?
কি বলছ? সিদ্ধান্ত পাল্টেছ? ভাল, ভাল। চল, দেখি তোমার সমস্যার সমাধান কিভাবে করা যায়। সবাই মিলে হাল ধরলে চরে আটকা পড়া নৌকাও ঠেলে নদীতে নামানো যায়।
সব তো ঠিক আছে, কিন্তু ... আমার এক্সপ্রেস মেইলের কি হবে? থাক, থাক। সেটা না হয় রাত্তিরে এক্সপ্রেস মেইলেই পাঠিয়ে দেব!
শোনো - ২
অ্যামেরিকার সাবেক ফার্স্ট লেডী এবং সেক্রেটারী অফ স্টেট হিলারী ক্লিন্টন তাঁর ‘লিভিং হিস্ট্রি’ বইয়ে নিজের শিক্ষাজীবন প্রসঙ্গে লিখেছেন, তিনি প্রচন্ড অহং বোধ করেন যে তিনি ওয়েলেসলি কলেজ এর ছাত্রী ছিলেন। ওয়েলেসলি কলেজকে একসময় অ্যামেরিকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর একটি গণ্য করা হত। তিনি লিখেছেন, এই কলেজের বিদ্যার্থীদের মূল বৈশিষ্ট্য ছিলো লেখাপড়ার প্রতি তাদের ফোকাস। যেহেতু কলেজের শিক্ষক, কর্মচারী থেকে বিদ্যার্থী সবাই ছিল নারী, তাঁরা চুল আঁচড়ানো, জামাকাপড় নিয়ে আদিখ্যেতা, সাজগোজ এসব বাজে কাজে সময় নষ্ট করতেননা। ফলে গড়ে উঠেছিলো জ্ঞানার্জনের জন্য অনুকুল একটি পরিবেশ, যেখানে জ্ঞানানুসন্ধিৎসাই ছিলো মুখ্য এবং আর সবকিছুই ছিলো গৌণ। ঐ চ্যাপ্টারের শেষের দিকে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন, কলেজটি হয়ত অচিরেই ছেলেদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, ফলে তিনি আশংকা করেন কলেজটি তার পূর্বের মান হারাবে। কারণ, যেখানেই ছেলেরা থাকবে সেখানে মেয়েরা নিজেদের তাদের সামনে তুলে ধরার ব্যাপারে বিব্রত থাকবে, পোশাক আশাক মেকাপ এবং গল্প গুজবে সময় নষ্ট করবে প্রচুর, ফোকাস সরে যাবে লেখাপড়া থেকে অন্যদিকে, ফলে নারীশিক্ষার নিরাপদ এবং প্রগতিশীল কেন্দ্রটি আশানুরূপ মান বজায় রাখতে পারবেনা। আর যা কিছুই হোক, প্রচন্ড ব্যাক্তিত্বসম্পন্না, শিক্ষিতা, যোগ্যতার আধার এবং ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্টের স্ত্রী হিলারীকে নিশ্চয়ই আমার পশ্চাদপদতার দায়ে দায়ী করতে পারিনা। তিনি কেবল একটি ফ্যাক্ট তুলে ধরেছেন যা সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য।
এই প্রসঙ্গে মনে পড়ল কৈশোরে দেখা একটি ফটোর কথা। সম্ভবত ১৯৮৮ সালের কথা। গালফ নিউজ পত্রিকায় একটি ছবি দেখে হতবাক হয়ে যাই- এক দঙ্গল মেয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে, বসে, কপাল চাপড়ে চিৎকার করে কাঁদছে। ঘটনা কি? বিবরণে লেখা, অ্যামেরিকার একটি মহিলা ইউনিভার্সিটির ছাত্রীদের ছবি এটি, সরকার বিশ্ববিদ্যালয়টিকে ছেলেদের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা বিবেচনা করছে, আর এই হোল সেই খবরের রিঅ্যাকশন! এর বেশ কয়েকবছর পর আমার এক অ্যামেরিকান বান্ধবী জানান, তিনি হাইস্কুলে থাকতে স্কুলে যেতে ভয় পেতেন, কারণ ছেলেরা হাঁটতে চলতে ইচ্ছা করে মেয়েদের সাথে ধাক্কা খেত, স্পর্শের স্বাদ আস্বাদন করার জন্য। ধর্মীয় গ্রুপগুলো যখন স্টাডি ট্যূরে যেত সেখান থেকেই মেয়েরা প্রেগন্যান্ট হয়ে ঘরে ফিরত, আর সেকুলারদের তো কথাই নেই! আরেক অ্যামেরিকান বান্ধবী জানান ইসলাম গ্রহণ করার আগে একবার চাকরীর ইন্টারভিউ দিতে গিয়ে তিনি মালিক কর্তৃক আক্রান্ত হতে হতে বুদ্ধির জোরে বেঁচে যান।
এই সব ঘটনা সেই সত্যই নির্দেশ করে যা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন সেই হাজার বছর আগেঃ
পবিত্র তিনি যিনি ভূমি থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরকে (মানুষকে) এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। (সূরা ইয়াসীনঃ আয়াত ৩৬)
প্রতিটি মানুষ জন্মের পর থেকেই এক অবোধ্য আকর্ষনে তার জোড়ার অনুসন্ধান করতে শুরু করে। ফলে তিন বছর বয়সী মেয়েটি রান্নাবাটি আর পুতুল খেলায় মগ্ন থাকে, ছয় বছরের ছেলেটি বিয়ে করার জন্য উতলা হয়। কিন্তু এই নিষ্পাপ আকর্ষন যেন নিষ্পাপ থাকে সেজন্যই আল্লাহ বলছেনঃ
তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। (সূরা রূমঃ আয়াত ২১)
কিন্তু আমরা চিন্তা করিনা। তাই আমরা বিয়েকে কঠিন করে পাপকে সহজ করে দেই। অল্প বয়সী একটি ছেলে বা একটি মেয়েকে বাবামা বিয়ে দিতে গেলে তোলপাড় সৃষ্টি হয়ে যায়, অথচ তারা বিবাহবহির্ভূতভাবে একই কাজ করলে ক্লিনিকগুলোর লাভ হয়, পত্রিকার কাটতি বাড়ে, দেশ উন্নত হয়! ক্যানাডার সরকার এর সমাধান করেছেন এভাবে, কোন ছেলে বা মেয়ে বাবামায়ের সম্মতিসাপেক্ষে ১৬ বছর বয়সে বিয়ে করতে পারবে। ফলে বিয়েবাড়ীতে গিয়ে দেখি ক্লাস নাইন পড়ুয়া বাংলাদেশী ছেলেটি বাবামায়ের সাথে বৌ নিয়ে বেড়াতে এসেছে, কোন লুকোচুরি নেই, কোন অগ্রহনযোগ্যতার ব্যাপার নেই, সব স্পষ্ট। আর বাংলাদেশে দেখি ইউনিভার্সিটির থার্ড ইয়ারে পড়ুয়া মেয়েটি বয়ফ্রেন্ডের হাত ধরে রেস্টুরেন্টে প্রবেশ করতে গিয়ে আমাদের দেখে ভূত দেখার মত চমকে উঠে, ‘ম্যাডাম!’ ডাক ছেড়ে পালিয়ে যায়! শুধু ভাবুন, এটি যদি আপনার মেয়ে বা বোন হত, আপনি কি প্রথম উদাহরণটিকে বাস্তবায়ন করাটা পছন্দ করতেন, নাকি দ্বিতীয়টিকেই আদর্শ মনে করতেন?
মেয়েরা সৃষ্টিগতভাবে সংসার গড়তে চায়, নিজেকে অন্যের জন্য উজার করে দিয়ে পরিপূর্ণতা পেতে চায়। এটিই নারীর নিজেকে পুরুষের সামনে আকর্ষনীয়া হিসেবে তুলে ধরার দুর্বার আকাঙ্খার উৎস। যে নারী বুদ্ধিমতি সে জানে শারীরিক আকর্ষন ক্ষণস্থায়ী; জীবনের বন্ধুর পথে সুনির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে পরস্পরের হাতে ধরে চলতে গিয়ে গড়ে ওঠা পারস্পরিক নির্ভরশীলতা, সহযোগিতা এবং বন্ধুত্বের নামই প্রেম; সুতরাং এটি বিয়ের আগে সম্ভব নয়। কিন্তু যারা বোকা, তারা মনে করে একটি সুন্দর চেহারা দেখে মনের ভেতর জেগে ওঠা ক্ষুধাই বুঝি প্রেম। এই অনুভূতি যদিওবা কোন সম্পর্ককে টেনে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়, অধিকাংশ ক্ষেত্রে বাস্তবতার ঝাপ্টায় তা নিশ্চিহ্ন হয়ে যায়। কোন কোন বোকা বুদ্ধিমান হতে শেখে, ফলে সংসার টিকে যায়; কোন কোন বোকা নিরুপায় হয়ে রয়ে যায়। কিন্তু অধিকাংশ বোকা সংসারী হবার স্বপ্ন নিয়ে এই প্রেমের পিছু ছুটতে গিয়ে নিজেকে বিপদাপন্ন করে। কেউ কেউ ধোঁকা খায়, কেউ ঘুরে ফিরতে থাকে একজন থেকে আরেকজনের কাছে, কেউ সর্বস্ব হারায়, আর কেউ বা ধাঁধায় পড়ে নিজেকে পণ্য বানায় কিছু কামুক লোকের বাসনার জন্য।
আমরা যতই সভ্যতার কথা বলি না কেন, কিছু কিছু মানুষ কেবল প্রানীজ পর্যায়ে বাঁচে, এর বাইরে তাদের জীবনে কোন লক্ষ্য উদ্দেশ্য থাকেনা। আবার সমাজে যেহেতু কিছু সামাজিক নিয়ম নীতি শৃংখলা থাকে সেহেতু তারা খুব সহজেই এই প্রানীজ চাহিদা পূরণ করতে পারেনা। ফলে তারা একটি দুর্দান্ত ফাঁদ পেতে বসেছে যাতে মহিলারা নিজের অজান্তেই এদের চাহিদার খোরাকে পরিণত হয়। এরই নাম ফ্যাশন। কোথাকার কোন নারীলিপ্সু মানসিক রোগী নিজের লিপ্সা চরিতার্থ করা উদ্দেশ্যে পোশাকের নামে উলঙ্গ থাকার ব্যাবস্থা করে আর আমাদের মা বোন ভাবীরা তার হাতে নিজেদের জীবনের লাগাম ছেড়ে দেয়! হে আমার বোনেরা, নিজেকে একবার প্রশ্ন কর, তুমি তো শুধু একজনকে নিয়েই সুখী হতে চাও, তবে কেন এক অপরিচিত ব্যাক্তি- যারা দাদার সাথেও কোনদিন তোমার দাদার দেখা হয়নি- সে তোমাকে ঠিক করে দেবে তোমার শরীরের ওজন কত হবে, মাপ কোথায় কেমন হতে হবে, দাঁত নখ ঠোঁটের রং কেমন হবে, কিভাবে তুমি জনসমক্ষে নিজেকে আরো মোহনীয় করে তুলে ধরবে? তুমি কি ভুলে গেছ পোশাকের উদ্দেশ্য নিজের শরীরকে নিজের সম্পদ হিসেবে ডিক্লেয়ার করা; ‘প্রাইভেট প্রপার্টি, অনুপ্রবেশকারীকে গুলি করা হবে’ সাইন লাগানো; নিজেকে কেবল তার সামনেই তুলে ধরার অধিকার যে কেবল তোমার রূপের সাথী হবেনা, সেদিনও তোমার হাত ধরে রাখবে যেদিন তোমার চুল দাঁত পড়ে যাবে, চামড়া কুঁচকে যাবে? তুমি কি বোঝোনা, এই চামড়া চিরকাল এমন সতেজ থাকবেনা, এই চুল তো প্রতিদিনই ঝরে পড়ে, জীবনে দাঁত ফেলেছ ক’খানা মনে আছে কি? কিন্তু তোমার বুদ্ধি, তোমার মেধা, তোমার যোগ্যতা তোমার বয়সের সাথে বাড়বে কেবল। তাকেই মূল্যায়ন কর যে তোমাকে মূল্যায়ন করবে, যে তোমাকে একখন্ড মাংসপিণ্ড ছাড়া কিছুই মনে করেনা তাকে নয়।
সমাজে অনেক সুন্দর মনের মানুষ আছে, কিন্তু তারাও এর অংশ যাদের জীবনের লক্ষ্য একটি পশুর চেয়ে উচ্চতর কিছু নয়। তুমি কেন নিজেকে পশুখাদ্য বানাতে চাও? হে আমার ভাইয়েরা, তোমরা তোমাদের চাহিদাকে আখিরাতমুখী কর, একটি সংসার গড়ে তোলার উদ্দেশ্যে বিয়ে কর যার লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের চরিত্র সংরক্ষণ; বাকীটা আপনিতেই হবে, আর যদি না’ই হয় ধরে নাও তা আখিরাতে জমা রইল, কিন্তু এই পৃথিবীতে তুমি আর কিছু পাও বা না পাও, এমন একজন সঙ্গিনী অবশ্যই পাবে যে সুখে দুঃখে তোমার পাশে থাকবে। হে আমার বোনেরা, তোমরা নিজেদের সঙ্গীর জন্য অপেক্ষা কর, আর কারো মিষ্টি কথায় ভুলোনা, নিজের সৌন্দর্য তার জন্য সংরক্ষণ কর যে দুনিয়া এবং আখিরাতে তোমার সঙ্গী হবে, আর কারো তোমাকে সুন্দর লাগা জরুরী নয়। হে আমাদের সমাজের নীতিনির্ধারকগণ, একটু বুদ্ধি খরচ করুন। বিয়ের বয়স ঠিক না করে বিয়েটা কে দিচ্ছে, কেন দিচ্ছে সেটা নির্ধারন করুন। এখনও সময় আছে নিজেদের রক্ষা করার একটি গড্ডালিকা প্রবাহ থেকে যার শেষফল ধ্বংস। কিন্তু আমরা এখনও চোখ বন্ধ করে ভেসে চললে হয়ত আর হাতে সময় থাকবেনা নিজেদের সেই অগ্নিকুন্ড থেকে রক্ষা করার।
শোন! - ৩
হে বোন আমার, কেন বারবার বলছ, ‘আমি তো কোন অন্যায় করিনি, তবে আমার সাথে কেন এমন হবে?’ তুমি কি মানুষ নও? মানুষ কি ভুল করেনা? তুমি যদি ভুলের উর্ধ্বেই হয়ে থাকো তবে কেন তোমার ওপর কোন বিপদ আপতিত হলেই তুমি সেটা তোমার প্রভুর শাস্তি ধরে নিয়ে অস্থির হয়ে পড়ছ? কেন ভাবছনা এটা হয়ত তোমার প্রভুর প্রতি তোমার ভালোবাসার পরীক্ষা? তুমি কি চাওনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমার প্রভুর প্রিয়ভাজন হতে? না’কি তুমি চাও এই পরীক্ষা কেবল তোমার আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশীদের তোমার প্রভুর সন্তুষ্টির কাছাকাছি নিয়ে আসুক, তাঁদের চিরসবুজ উদ্যানে প্রবেশের পথ সুগম করুক? এতই কি নিঃস্বার্থ তুমি, হে বোন আমার, যে তুমি এই পৃথিবীর মরিচিকাটুকুর বিনিময়ে চিরন্তন সুখের সম্ভাবনা অন্যদের জন্য ছেড়ে দিতে চাও?
চল, আমরা একটু ইতিহাস ঘুরে দেখে আসি আমাদের পূর্বপুরুষরা বিপদের মূহূর্তে কি করেছেন। আদিপিতা আদম (আ) যখন ভুল করলেন, তিনি বিনা বাক্যব্যায়ে তাঁর প্রভুর ফায়সালা মেনে নিলেন। কিন্তু সময়ক্ষেপণ না করে ‘তারা উভয়ে বললঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব’ (সুরা আরাফঃ আয়াত ২৩)। তাঁদের প্রভূ তাঁদের ক্ষমা করে দিলেন এবং ফিরে আসার পথ বাতলে দিলেন। তাঁরা খন্ডকালীন বিপদের বিনিময়ে চিরস্থায়ী ক্ষমা কিনে নিলেন। ‘এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তাঁর পালনকর্তাকে আহবান করে বলেছিলেনঃ আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান (সুরা আম্বিয়াঃ আয়াত ৮৩)। তাঁর সম্পদ, সন্তান, স্বাস্থ্য, স্ত্রী সব একে একে তাঁকে ছেড়ে চলে যায়। এটা ছিলো তাঁর পরীক্ষা, শাস্তি নয়। তবু তিনি পরীক্ষা হটিয়ে দেয়ার অনুরোধ না করে পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য সাহায্য চেয়েছেন।
আশার কথা, আমাদের প্রভু আমাদের বলেছেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে’ (সুরা বাকারাঃ আয়াত ২৮৬)। তাই বলে তিনি আমাদের সাধ্যসীমার শেষপর্যন্ত পরীক্ষা করবেন না তা কিন্তু তিনি বলেননি, বরং তিনি স্মরন করিয়ে দিয়েছেন, ‘তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনিভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত এ’কথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্য! (সুরা বাকারাঃ আয়াত ২১৪)।
কিন্তু আমরা ভাগ্যবান। আমাদের একটি প্রতিষেধক দেয়া হয়েছে। আমাদের প্রভু স্বয়ং আমাদের বলতে শিখিয়ে দিয়েছেন, ‘হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর’ (সুরা বাকারাঃ আয়াত ২৮৬)। এতে করে আমাদের পরীক্ষা থেকে নিষ্কৃতি না মিললেও নিশ্চিত করা যায় যে সে পরীক্ষা এতটা কঠিন হবেনা যাতে আমরা অকৃতকার্য হই। বরং এই পরীক্ষায় অবতীর্ণ হবার জন্য পুরস্কারস্বরূপ আমাদের খাতায় ভুলত্রুটি মুছে দেয়া হবে!
সুতরাং আবেগের বশবর্তী হয়ে এমন কথা বোলনা, হে বোন, যা তোমাকে তোমার প্রভুর নিকটবর্তী করার পরিবর্তে আরো দূরে নিয়ে যায়। যা হতে পারত তোমার চিরন্তন সুখের দরজা, ক’খানা কাঁটালতা দেখে তা থেকে ছিটকে যেয়োনা, বোন আমার। এই তো আর মাত্র কয়েকটা কদম, তারপরই মুক্তি। তুমি ভয় পেয়োনা, অভিযোগ কোরনা, পিছিয়ে যেয়োনা, আমরা সবাই আছি তোমার সাথে। আমাদের রক্তের বন্ধন যে সেই আদিপিতামাতার কাছ থেকেই পাওয়া! তোমার পরীক্ষা ভিন্ন, আমার পরীক্ষা ভিন্ন, আরেকজনের পরীক্ষা আরেকরকম। কিন্তু আমরা সবাই তো পরীক্ষার্থী আপু! তবে কেন আমরা পরস্পরকে হাত ধরে, একে অপরকে সাহস দিয়ে, পরামর্শ দিয়ে, স্নেহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাইনা?
কিন্তু এর চেয়েও বড় বিপদ আমাদের আছে। সে আমাদের বড় স্পর্শকাতর জায়গা। অনেক আবেগ, ভালোবাসা, সম্মানের সে সম্পর্ক। আর হবে না’ই বা কেন? এর সাথে যে জড়িয়ে আছে নাড়ীর টান, রক্তের বন্ধন, স্নেহ ভালোবাসা ত্যাগের অনেক স্মৃতি! তাই বাবামায়ের কোন দুঃখ, কষ্ট, অসুখ, বিপদ দেখলে তুমি স্থির থাকতে না পেরে বলে ফেলো, ‘আমার বাবা/মা তো কোন অন্যায় করেনি, তবে তাঁর সাথে কেন এমন হবে?’ কেন আপু? তাঁরা কি মানুষ নন? মানুষ কি ভুল করেনা? তাঁদের জীবনের কতটুকুই বা তুমি জানো? অথচ তোমার এই আবেগী আক্ষেপ কি বিশাল ভুলের অবতারণা করছে তা তুমি যদি জানতে! প্রথমত, তোমার অভিযোগের অন্তর্নিহিত অর্থ হচ্ছে তোমার প্রভু তোমার বাবামায়ের প্রতি অবিচার করছেন, অথচ ‘আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন?’ (সুরা ত্বীনঃ আয়াত ৮)। যিনি তোমায় সৃষ্টি করেছেন, তিনি কি তাঁদেরও সৃষ্টি করেননি? তাঁর সৃষ্টির প্রতি তাঁর ভালোবাসা কি তোমার বাবামায়ের প্রতি তোমার ভালোবাসার চেয়ে কম? কতইনা ভালো হত তুমি যদি তোমার বাবামা অন্যায় করেছেন কি করেননি সে বিবেচনায় না গিয়ে বলতে, ‘হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন (সুরা ইসরাঃ আয়াত ২৪)। কেন তুমি তাঁদের প্রতি সম্মান ভালোবাসা দেখাতে গিয়ে তাঁদের প্রতি রাহমাতের দরজা, ক্ষমার দরজা বন্ধ করে দিচ্ছো আপু?
আর যদি আসে ন্যায় অন্যায়ের হিসেব, তবে তোমার প্রভু বলছেন, ‘হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্খী তোমাদের চাইতে বেশী। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত’ (সুরা নিসাঃ আয়াত ১৩৫)। মানুষের সামনে বাবামাকে উত্তম প্রমাণ করলেই কি আমাদের প্রভূর সামনে তাঁদের উত্তম প্রতীয়মান করা হয়? বাবামাকে প্রকৃতই ভালোবাসে সে সন্তান যে বলে, ‘আমার বাবার কিছু গুনাহ আছে, কিন্তু তিনি তাওবা করার সুযোগ পাননি। সন্তান হিসেবে আমি তাঁর গুনাহ মাফ হবার জন্য কি কি করতে পারি?’ এটাই কি অনেক বেশ ফলপ্রসূ ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আমাদের জীবনে বাবামায়ের অবদানের জন্য এর চেয়ে বেশি আর কিভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে আমাদের প্রভূর দৃষ্টিতে আমরা তাঁদের পবিত্র প্রতিভাত করার দায়িত্ব গ্রহণ করি?
অপর এক স্থানে আমরা আরো বেশি অনুভূতিপ্রবণ। এখানেও নাড়ীর টান, রক্তের বন্ধন, স্নেহ ভালোবাসা ত্যাগের অনেক স্মৃতি! কিন্তু এর প্রবাহ নিম্নমুখী, তাই জোয়ারের টান আরো বেশি। সেজন্যই হয়ত আমাদের প্রভু আমাদের স্মরন করিয়ে দিয়েছেন, ‘হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের শত্রু। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক’ (সুরা তাগাবুনঃ আয়াত ১৪)। স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা অনেক সময় আমাদের বিপথগামী করে। এই পরীক্ষা এত কঠিন যে আমাদের প্রভু যাদের ভালোবাসেন তাঁদের খানিক কষ্ট দিয়ে হলেও এই পরীক্ষা থেকে নিষ্কৃতি দেন। যেমন মুসা (আ) ও খিদরের ঘটনায়, খিদর মুসা (আ)কে ব্যাখ্যা করলেন, ‘বালকটির ব্যাপার, তার পিতা-মাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে, সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে, তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর, তার চাইতে পবিত্রতায় ও ভালবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন’ (সুরা কাহফঃ আয়াত ৮০-৮১)।
কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাইনা। আমাদের প্রভু বলেন, ‘তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল’ (সুরা আশ শুরাঃ আয়াত ৪৯-৫০)। অথচ স্বাভাবিক পন্থায় সন্তান পাওয়া না গেলে মানুষ ন্যায় অন্যায় সকল সীমা পার করে সন্তানপ্রাপ্তির জন্য মরিয়া হয়ে উঠে। এতে এই মনোভাব প্রকাশ পায়, ‘আমার প্রভূ না দিলেও আমি নিজ ইচ্ছায় সন্তান পেতে পারি’! উফ, কি ভয়ানক সে মরিয়াপনা! অথচ মানুষ ভাবেনা এর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। ভাবেনা কত এতিম শিশু একটু স্নেহভালোবাসার স্পর্শের জন্য উন্মুখ হয়ে আছে, কত আত্মীয়স্বজনের সন্তানদের সাহায্যের প্রয়োজন, ‘অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, এতীম আত্মীয়কে অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে। অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার’ (সুরা বালাদঃ আয়াত ১৪-১৭)।
আর যাদের সন্তান হয় তারা মনটাকে কিভাবে কঠোর করে ফেলে! আহা, তাঁদের মনের দুয়ার যেন বাকী পৃথিবীর জন্য বন্ধ হয়ে যায়। পথশিশুটির সামনে নিজের সন্তানকে মুখে খাবার তুলে দিতে গিয়ে, বা তার জন্য ডজন ডজন জামা কেনার সময় আমাদের একবারও মনে হয়না সে শিশুটিও আরেকজনের সন্তান! নিজের সন্তানের সুখের জন্য তার সমবয়সী আরেকটি শিশুকে খাটাতে আমাদের হৃদয় একটুও কম্পিত হয়না যে সে আরেকজনের বুকের ধন। সন্তানের প্রতি অন্ধ ভালবাসায় আমরা প্রাইভেসীর নাম দিয়ে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীদের আমাদের সন্তানদের সংশোধনের অধিকার কেড়ে নেই। ফলশ্রুতিতে সন্তান বিপথগামী হলে প্রানপণে তাদের বাঁচানোর প্রয়াস চালাই। হায়! এই চেষ্টা যদি সেই চিরন্তন আগুনকে নিভাতে পারত যাতে সে ঝাঁপ দিতে যাচ্ছে! ক’জন বাবামা পারেন এই সিদ্ধান্ত নিতে, ‘আমার সন্তান আমার প্রভুর সামনে অপরাধী প্রমাণিত হবার পরিবর্তে এই পৃথিবীতেই শাস্তি পেয়ে যাক যেন সে তাঁর সামনে গিয়ে বলতে পারে, আমি তো আমার অন্যায়ের শাস্তি পেয়েই গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও হে প্রভূ’? অথচ এই পৃথিবীর শাস্তি থেকে বাঁচানোর চেয়ে সেই অনির্বাপনীয় আগুন থেকে তাকে রক্ষা করা আরো কত বেশি জরুরী যার জ্বালানী হবে মানুষ ও পাথর!
সন্তানের অসুখ বিসুখে বাবামা ধৈর্য্যহারা হয়ে কি’ই না করে! এমনকি অন্যের সন্তানকে হত্যা করে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। বিশ্বাস হয়না? এত কিডনী, হার্ট আর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হাসপাতালগুলোতে আসে কোত্থেকে? এর সবই কি বৈধভাবে পাওয়া? খবর নেয়ার জন্য খুব বেশি দূর যাবার প্রয়োজন হয়না। সব মানবপাচারের উদ্দেশ্য কাজে খাটানো হয়না। কিন্তু আমরা জেনেও অন্ধের ভান করে থাকি। আর যারা এই কাজের সাথে জড়িত, তাদের নিজেদের কি সন্তান নেই? তাদের মুখে অন্নের যোগান দিতেই তো তারা এমন অমানবিক কাজ করে! হায় সন্তান!
ভালোবাসা একটি মহৎ অনুভূতি, কিন্তু তখন নয় যখন এটি আমাদের হৃদয়ে অন্ধত্বের, অন্ধকারের, পঙ্গুত্বের জন্ম দেয়। হে বোন, তোমার সন্তানকে নিয়ে তোমার প্রভূর অসীম উদ্যানে প্রবেশের সঙ্কল্প কর, পৃথিবীতে আয়ু যতটুকুই হোক না কেন। কিন্তু তার হাত ধরে যদি তুমি আগুনেই প্রবেশ করলে, তবে সে কেমন ভালোবাসা আপু?
আমাদের শত্রু ইবলিস যখন তার প্রভূর আদেশ অমান্য করলো তখন তিনি তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিলেন। কিন্তু সে আমাদের আদিপিতার উদাহরণ অনুসরণ করলোনা। সে নিজের ভুল স্বীকার করলোনা। বরং সে নিজের অহংবোধের ওপর অটল থাকলো এবং জাহান্নামের বিনিময়ে অপরকেও ভুলপথে পরিচালিত করার অস্ত্রশস্ত্র কিনে নিলো। এতে করে তার কি লাভ হোল, বল আপু? সে আদমের কিছু সন্তানকে নিজের সাথে আগুনে প্রবেশ করাবে, কিন্তু সে কি নিজে বাঁচতে পারবে, ‘বলুন, তোমরা কি ভেবে দেখেছ-যদি আল্লাহ তা’আলা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? (সুরা মুলকঃ আয়াত ২৮)?
চল আপু, আমরা কি, কেন, কিভাবে হিসেব না করে প্রতিটি কদম যখন যে অবস্থায় আছি তার জন্য কৃতজ্ঞতার সাথে পথ চলি। ধৈর্য্যহারা হয়ে গেলে ভেবে দেখি অবস্থা তো এর চেয়েও খারাপ হতে পারত! তখন আমাদের হৃদয় আপনাআপনিই বিগলিত হবে আমাদের প্রভুর সামনে। আমাদের প্রিয়জনদের মানুষের সামনে উত্তম প্রমাণ করার পরিবর্তে তখন আমরা তাঁদের সকল কিছুর বিনিময়ে আমাদের প্রভুর কাছে উত্তমরূপে তুলে ধরতে প্রণোদিত হব। ফলশ্রুতিতে হয়ত আমাদের প্রভূ আমাদের প্রচেষ্টা কবুল করে নেবেন। আমরা যেভাবে পরস্পর হাত ধরে এই পৃথিবীতে একে অপরকে এগিয়ে নিচ্ছি, সেভাবেই হাত ধরে একত্রে সেই চিরসবুজ উদ্যানে চিরন্তন প্রশান্তি লাভের উদ্দেশ্যে প্রবেশ করতে পারব!