Chapter 19 of 20
একজন ট্র্যাজিক হিরো
8 min read
আমার কাছে ইতিহাসের সবচেয়ে কৌতুহলোদ্দীপক চরিত্রগুলোর একটি হোল আজাজিল। তার উত্থান যেমন কিংবদন্তীতুল্য, তার পতন তেমনই হৃদয়বিদারক। একটি ভুল, কেবল একটি অবাধ্যতা, তার সমস্ত সাফল্যকে বিফলতায় পর্যবসিত করে। যাকে বলে পার্ফেক্ট ট্র্যাজিক হিরো। ট্র্যাজেডির নিয়ম হোল প্রত্যেক ট্র্যাজিক হিরোর চরিত্রের মাঝেই তার পতনের বীজ অন্তর্নিহিত থাকে। কি সেই বীজ যা তার পতন ঘটিয়েছিলো? এটা আমাদের উদঘাটন করা প্রয়োজন। কেননা কুর’আনে বর্ণিত কাহিনীগুলো নিছক কাহিনী হিসেবে পরিবেশন করা হয়নি, বরং এগুলো থেকে শিক্ষাগ্রহণ করাই এগুলো বর্ণনা করা মূল উদ্দেশ্য। এই কাহিনীটি কুর’আনে আমাদের জন্য নানান আঙ্গিক থেকে নানানভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং, নিশ্চয়ই এর মধ্যে কোন গভীর চিন্তার উদ্রেককারী এবং শিক্ষণীয় বিষয় রয়েছে।
আমার কাছে সবচেয়ে আগ্রহোদ্দীপক বিষয় মহান আল্লাহর সাথে তার সম্পর্ক। ভাবতেই অবাক লাগে আজাজিল নিজ চোখে আল্লাহকে দেখেছে, তাঁর সাথে কথা বলেছে, দীর্ঘকাল!!! সুতরাং, আল্লাহর অস্তিত্বের প্রতি তার বিশ্বাসের ব্যাপারে ন্যূনতম সন্দেহের অবকাশ নেই এবং সে আল্লাহকে নিজের ইলাহ হিসেবে স্বীকার করে তাতেও কোন সন্দেহ নেই, যেমন সূরা সোয়াদের ৭৯ নং আয়াতে সে আল্লাহকে ‘রাব্বি’ (আমার মালিক) বলে সম্বোধন করছে। অথচ আদমের প্রতি অবজ্ঞাবশত সে আল্লাহর আদেশ অমান্য করে এবং বিতাড়িত ইবলিসের আকার ধারণ করে। শুধু বুঝতে চেষ্টা করি সেই মায়াময় মহান প্রভুর কাছ থেকে দূরে থাকতে, যেখানে তাঁর ছায়াও সে দেখতে পায়না, প্রতিটা মূহূর্ত তার কেমন যাতনায় কাটে, যেখানে আমাদের আদিপিতা আদম (আ) একই আদেশ পেয়ে মর্মবেদনায় হাহাকার করে উঠেছিলেন, ‘হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব’ (সূরা আরাফঃ আয়াত ২৩), অথচ তিনি তুলনামূলকভাবে অল্প দিনই আল্লাহর সান্নিধ্যে কাটিয়েছিলেন!
কল্পনা করতেই শিহরণ জাগে যে আজাজিলের বন্ধু ছিলেন ফেরেশতারা! এই মহিমান্বিত সৃষ্টিদের সাথেই কাটত তার রাতদিন যারা ক্ষুধাতৃষ্ণা কামনাবাসনা থেকে পবিত্র, যাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এবং যারা জোড়া পাখায় ভর করে প্রচন্ড গতিতে উড়ে বেড়ান সপ্তাকাশে। এখনও সে তাঁদের দেখতে পায়। যেমন বদরের যুদ্ধে সে কুরাইশদের আশ্বস্ত করে, ‘আজকের দিনে কোন মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক’, কিন্তু ফেরেশতাদের আকাশ থেকে নেমে আসতে দেখেই সে দ্রুতবেগে পালিয়ে যায়, কুরাইশরা তাকে থামাতে গেলে সে বলে, ‘আমি তোমাদের সাথে নাই, আমি যা দেখছি তা তোমরা দেখছনা। আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহর আযাব অত্যন্ত কঠিন’ (সূরা আনফালঃ আয়াত ৪৮)। প্রতিদিন চোখের সামনে তাঁদের চলাচল করতে দেখে, তাঁরা কোন মহিমান্বিত সান্নিধ্য থেকে আসছেন তা জেনে, তাঁদের মর্যাদা প্রত্যক্ষ করে তার মনের ভেতর কেমন আন্দোলন হয় তা জানতে খুব ইচ্ছে করে।
আমার তাকে হিংসা হয় তার দীর্ঘ জীবনের সঞ্চিত জ্ঞানের জন্য। আবার ভয় হয় তার মত জ্ঞানের অপপ্রয়োগ আমাদের বিপথগামী না করে! যদিও মানবসম্প্রদায়কে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে সে আল্লাহর প্রেরিত বানীসমূহের সত্যতা সম্পর্কে মানুষের মাঝে প্রশ্ন এবং সন্দেহ সৃষ্টি করে, তার নিজের এর কোনটির ব্যাপারে ন্যূনতম সন্দেহ নেই যেহেতু সে এর সত্যতার চাক্ষুস সাক্ষী। তাই বুঝি সে মাঝে মাঝে নিজের অজান্তেই সত্য স্বীকার করে ফেলে এবং কায়দামত ধরা গেলে উত্তম উপদেশও দিয়ে থাকে। যেমন আবু হুরাইরা (রা)কে সে উপদেশ দেয় রাতে আয়াতুল কুরসী পড়ে শুতে যেন শয়তান তাঁকে বিরক্ত করতে না পারে (বুখারী)।
আদম (আ) এর সৃষ্টি সে নিজ চোখে পর্যবেক্ষণ করেছে। আদম (আ) কে সে তখন থেকে চেনে যখন তিনি ছিলেন কেবল এক প্রানহীন মৃ্ৎশিল্প। তাঁর শরীরের প্রতিটি শিরা উপশিরার গতিপথ তার পরিচিত। তাই তো সে আল্লাহকে বলতে পারে, ‘আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্যই তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো। এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না’ (সূরা আরাফঃ আয়াত ১৬-১৭)। কারণ সে জানে মানুষ স্বভাবত সরল পথ পছন্দ করে, কিন্তু মানুষের কৌতুহল তাকে সহজেই পথের কথা ভুলিয়ে দেয়, তখনই শয়তান তাকে বিপথগামী করার সুযোগ পায়। কিন্তু সে শর্ত দিয়ে দেয়, ‘যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া’ (সূরা সোয়াদঃ আয়াত ৮৩)। কারণ সে এটাও জানে কিছু মানুষ তার আওতার বাইরে থাকবে এবং কার্যত এদের কারো কারো সামনে সে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে নতি স্বীকার করেছে। এক্ষেত্রে মানুষের শ্রেষ্ঠত্ব ইচ্ছায় অনিচ্ছায় তাকে মেনে নিতে হয়েছে, যেমন নবী রাসূলদের ক্ষেত্রে। এক্ষেত্রে সে পরাজয় মেনে নিলেও, আমাদের ব্যাপারে সে হাল ছেড়ে দেয়নি।
ইবলিস ইবলিসে রূপান্তরিত হবার আগে জান্নাতের বাগানে ঘুরে বেরিয়েছে, জাহান্নামের ভয়াবহতা প্রত্যক্ষ করেছে। আদম (আ) কে আল্লাহ যখন বলেন, ‘তোমরা পরস্পর একে অপরের শক্র হয়ে নেমে যাও। তোমরা সেখানে কিছুকাল অবস্থান করবে ও পাথেয় সংগ্রহ করবে’ (সূরা বাক্কারাঃ আয়াত ৩৬), তখনই সে জানত কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ আদম (আ)কে আবার ফিরে যাবার সুযোগ দেবেন। তাই তো সে আল্লাহকে বলে, ‘হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন’, ‘আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব। তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া’ (সূরা সোয়াদঃ আয়াত ৭৯, ৮২-৮৩)। সুতরাং, সে জানে তার সময় কতটুকু, সে অনুযায়ী সে তার অ্যাজেন্ডা ঠিক করে নিয়েছে এবং তা যথাযথভাবে বাস্তবায়নে লিপ্ত হয়েছে।
আশ্চর্যের ব্যাপার এই যে, তার মধ্যে আকীদাগতভাবে একজন বিশ্বাসীর সকল বৈশিষ্ট্য বিদ্যমান। কিন্তু কার্যত সে অবিশ্বাসী। আল্লাহ বলছেন, ‘এবং যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলীস ব্যতীত সবাই সিজদা করলো। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার করল। ফলে সে কাফেরদের অন্তর্ভূক্ত হয়ে গেল’ (সূরা বাক্কারাহঃ আয়াত ৩৪)। অর্থাৎ, শুধু মনে বিশ্বাস ধারণ করাই যথেষ্ট নয়, বরং যে কাজ আমাদের করতে আদেশ করা হয়েছে তা করা হয়েছে তা করাও জরুরী। হায়! সে আদমকে একটি সিজদা করতে অস্বীকার করল এবং কাফির হয়ে গেল! সমস্ত আকীদাগত বিশ্বাস থাকা সত্ত্বেও সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল! আর আমরা? দৈনিক কতবার আমরা আমাদের প্রভু স্বয়ংকে সিজদা করতে অস্বীকার করি? দৈনিক কতবার আমরা তাঁর আদেশ অমান্য করি? এবং তারপরও আমরা মনে করি আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত!
আল্লাহ বললেন, ‘হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?’ সে বলল, ‘আমি এমন নই যে, একজন মানবকে সিজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন’ (সূরা হিজরঃ আয়াত ৩২-৩৩)। সে অহংকার করল, ‘আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা’ (সূরা আরাফঃ আয়াত ১২)। সুতরাং, তার কুফরের মূল কারণ ছিলো নিজের অহমিকাপ্রসূত কারণে আদমের প্রতি অবজ্ঞা। কিন্তু সে বুঝতেই পারেনি সে এর ফলে আল্লাহর হুকুম অমান্য করে বসেছে, যার কারণে সে আল্লাহকে অভিযোগ করে, ‘আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন ...’ (সূরা আরাফঃ আয়াত ১৬), অথচ তার ভ্রান্তির বীজ উপ্ত ছিলো তার অহংকারের মাঝে। এই ভুলকে সে আরও বর্ধিত করে নিজের ভুল স্বীকার করে আদম (আ)এর মত তৎক্ষণাৎ প্রায়শ্চিত্ত করার অভিব্যাক্তি প্রকাশ করার পরিবর্তে এই ভুলের ওপর দন্ডায়মান থাকায়, বরং একে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করার গভীর সংকল্প প্রকাশ করার মাধ্যমে। সুতরাং, তার পতনের যে কারণগুলো বীজ আকারে তার মধ্যে বিদ্যমান ছিলো সেগুলোর তালিকা করলে দাঁড়ায় – অহংকার করা, ভুল স্বীকার না করা, অনুতপ্ত হবার পরিবর্তে অন্যায়কে ধারণ করার সংকল্প করা। এই তিনটি ভুল তাকে সমস্ত বিশ্বাস থাকা সত্ত্বেও অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিয়েছে।
আমরা কি ইবলিসের পতন থেকে শিক্ষা গ্রহণ করেছি? সম্ভবত না। আমাদের অহং আমাদের এতটাই অন্ধ করে রেখেছে যে, ইবলিস যেমন নিজের পতনের জন্য আদমকে দায়ী করে, ঠিক তেমনই আমরা সবার অন্যায় দেখতে পাই, কিন্তু নিজের ভুল কিছুতেই বুঝতে চাইনা। তাই তো জাহান্নামের অধিবাসীরা নিজের দোষ স্বীকার করার পরিবর্তে পরস্পর তর্কবিতর্ক করবে কে কাকে পথভ্রষ্ট করেছে, তবু স্বীকার করবেনা তাদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। যদি বা কোনভাবে আমাদের ভুল আমাদের সামনে প্রতিভাত করা সম্ভব হয়, যেমন আল্লাহ আমাদের এক জায়গায় ৩১ বার প্রশ্ন করেছেন, ‘অতঃপর, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?’ (সূরা রাহমান), যেন অন্তত একবার আমাদের মাথায় ঢোকে, তখনও আমরা স্বীকার করতে চাইনা যে ভুলটা আমাদেরই। আমাদের ঔধ্যত্ব এবং অহংবোধ আমাদের স্বীকৃতির পথে পাহাড়প্রমাণ বাঁধা হয়ে দাঁড়ায়। আর যদিবা আমরা স্বীকার করতে বাধ্য হই, তখন আমরা একেই সঠিক বলে প্রমাণ করতে বদ্ধপরিকর হয়ে যাই। যেমন, যদি আমরা নামাজ না পড়ি তখন আমরা এমন এক নামাজী ব্যাক্তির উদাহরণ খুঁজি যার মাঝে হয়ত একটি ত্রুটি রয়েছে যা থেকে আমি মুক্ত; অথবা হয়ত আমি হিজাব করিনা, তখন আমি এমন একজন হিজাবীর উদাহরণ খুঁজে বের করব যে হিজাবের অপব্যাবহার করছে।
সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হোল মানুষ ইতিহাস পড়ে বটে, কিন্তু এর থেকে শিক্ষাগ্রহণ করেনা। তাই তো ইতিহাসের এমন কোন ভুল নেই যা পুণরাবৃত হয়না। আর তাই তো কেউ ইবলিসকে দোষারোপ করতে গেলে সে সত্য উপস্থাপন করবে এভাবে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, শুধু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব, তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’ (সূরা ইবরাহীমঃ আয়াত ২২)। অর্থাৎ, সে এটাও স্বীকার করে নেবে, তার দীর্ঘ জীবনের শেষ ফল শূণ্য, কারণ সে নিজেও মুক্তি পাবেনা, যেহেতু আল্লাহ তাকে ওয়াদা করেছেন, ‘আমি সত্য বলছি, তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব’ (সূরা সোয়াদঃ আয়াত ৮৪-৮৫)।
ট্র্যাজিক হিরোর কন্সেপ্টটা যতই রোমান্টিসাইজ করা হোক না কেন, প্রকৃতপক্ষে তা এক অন্তহীন মর্মেবেদনা, এক সীমাহীন দুর্ভোগ, এক চরম নিষ্ফলতা। নইলে কি ইবলিস সাধে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে একটি সুদীর্ঘ জীবন ব্যায় করে? আমরা সব জেনেও আর কতদিন তার পদাংক অনুসরণ করব? আমরা আদম (আ)এর সন্তান হয়ে কেন ইবলিসকে পিতা হিসেবে গ্রহণ করব? আমাদের কবে হুঁশ হবে? কবে আমরা আমাদের আদিপিতার মত ক্ষমা চেয়ে ফিরে আসব এবং ইবলিসকে পরাজিত করে প্রমাণ করব, সে আদতেই ভুলের ওপর দন্ডায়মান ছিল? কবে সংকল্প করব তাকে দেখিয়ে দেয়ার এবং বলার, ‘তুমি অধম বলিয়া আমি উত্তম হইবনা কেন?’