Chapter 19 of 22
ব্যাথা (বিয়ে ১১ )
8 min read
১.
হঠাৎ করেই বিয়েবাড়ির হৈহট্টগোল, টানাহ্যাঁচড়া, হুটোছুটি সব যেন ম্যাজিকের মতো থেমে গেল। চারিদিকে পিনপতন নিস্তব্ধতা। সবাই দাঁড়িয়ে আছে কোনো শিশুর সাজানো কাঠের পুতুলের মতো, যে যার জায়গায় অনড়, চলচ্ছক্তিহীন যেন। সবার দৃষ্টি আফসানার দিকে। আফসানার একটু অস্বস্তিই লাগতে শুরু করল। ছেলেমেয়ে উভয়পক্ষের লোকজন ওর দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন সে বিরাট অপরাধ করে ফেলেছে। আসাদকে দেখে মনে হচ্ছে সে প্রচন্ড মর্মাহত। আফসানার সংকল্প একটু টলে উঠল। আরেকবার চিন্তা করল সে, কথাটা কি ফিরিয়ে নেবে?
পরক্ষণেই একটি দৃশ্য আফসানার মনের পর্দায় ভেসে উঠল। একটি মেয়ে, এই কিছুক্ষণ আগে ওর বিয়ে হল। বরপক্ষ মেয়েকে নিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়াল, মেয়েটি কিছুতেই যাবে না। মা অসুস্থ। ওর মনটা কেমন যেন করছে। কিন্তু বরপক্ষ নাছোড়বান্দা। কনেকে বাড়ি নিয়ে যেতে উৎসুক বরপক্ষের সাথে মেয়েটির একপ্রকার ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে গেল। শেষে একপ্রকার জোরপূর্বক পাঁজাকোলা করেই মেয়েটিকে গাড়িতে ওঠানো হল। প্রবল কান্নাকাটি উপেক্ষা করে ওকে নিয়ে যাওয়া হল। শ্বশুরবাড়ি। সে রাতেই মেয়েটির মা হুট করেই মারা যান। এমন হালকা পাতলা অসুখে, যেখানে কেউ বিয়ে পেছানোর কথা ভাবেনি, সেখানে উনি কাউকে কিছু বোঝার সুযোগ না নিয়ে চলে যাবেন কেউ কল্পনাও করেনি। কিন্তু মেয়েটির আর মাকে বিদায় জানাবার সুযোগ হয়নি।
আফসানা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে দৃঢ়ভাবে বলল, ‘বেয়াইসাহেব, মিলি তো এখন আমাদেরই বৌ। সে আমাদের বাসায় আজ গেলেও যা দু'দিন পরে গেলেও তাই। আপনার প্রেসার বেড়েছে বলে ও ভয় পাচ্ছে। থাকুক না সে কয়দিন আপনার সাথে। আপনার শরীরটা একটু সুস্থ হলে আমি নিজে এসে ওকে নিয়ে যাব'। চারিদিকে কানাঘুষা শুরু হয়ে গেল। বিয়ে-শাদীর লক্ষ বছরের ইতিহাসে কেউ কোনোদিন এমন কথা শোনেনি। বৌ কিনা বিয়ের দিন শ্বশুরবাড়ি না গিয়ে বাপের বাড়ি রয়ে যাবে!
আফসানা আর কারো দিকে দৃষ্টিপাত করল না। তবে আসাদকে কানে কানে বোঝানোর চেষ্টা করল সেও যেন সদ্যশ্বশুর মাহফুজ সাহেবের দেখাশোনার জন্য মিলির সাথে থেকে যায়। কিন্তু ছেলের ইগোতে লাগল। সে কিছুতেই এই প্রস্তাবে রাজি হল না। মাহফুজ সাহেব কি বলবেন বুঝে পেলেন না। কিন্তু মেয়ের চোখে আফসানার প্রতি কৃতজ্ঞতার অশ্রু দেখে তিনি কিছুটা নরম হয়ে পড়লেন। সবার কৌতূহলী দৃষ্টি আর মুখ টিপে হাসি উপেক্ষা করে আফসানা মিলি আর মাহফুজ সাহেবকে তার গাড়িতে তুলে নিল। ওদের বাড়ি নিয়ে গিয়ে কিছুক্ষণ নতুন বেয়াইবাড়িতে বসল। আসাদকে বোঝাবার চেষ্টা করল আরেকবার। কিন্তু সে তখনো নিজের আহত আত্মাকে প্রশ্রয় দিতেই ব্যস্ত। শেষমেশ আফসানা হাল ছেড়ে দিয়ে বাড়ির পথে রওয়ানা দিল। যাবার আগে মিলিকে জড়িয়ে ধরে আদর করে অনেকক্ষণ চেয়ে রইল ওর মুখপানে।
২.
'বাবা, আমি দেখেছি মায়ের চোখে কোনো নালিশ ছিল না। উনি খুশি হয়েই আমাকে তোমার সাথে থাকতে দিয়েছেন। এখন বড় মামা কি বলল বা ছোট ফুফি কতটা রাগ করল এটা নিয়ে চিন্তা করে প্রেসার বাড়ালে আমার শ্বশুরবাড়ি যেতে কি তাড়াতাড়ি হবে না আরো দেরি হবে সেটা তুমিই চিন্তা কর', বলে মাহফুজ সাহবের হা করা মুখের ভেতর ওষুধটা ঢুকিয়ে দিল মিলি।
বাবার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মিলি ভাবনায় ডুবে গেল। মা নেই। ভাইটা এখনো বিয়ে করেনি। বিয়ের টেনশনে বাবার প্রেসারটা খুব বেড়ে গিয়েছিল। এই নিয়ে বাবা গেলেন বিয়েবাড়িতে। হুটোছুটি করে সবাইকে অপ্যায়ন করছেন, টুকটাক থেকে বড়সড় সব ব্যাপার সামাল দেওয়ার চেষ্টা করছেন যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। কিন্তু মিলি কেবল দেখছে বাবা এই শীতেও দরদর করে ঘামছেন, একটু পর পর বসে পড়ছেন, আবার কোনোদিকে ডাক পড়লে রুমাল দিয়ে কপালটা মুছে দৌড় দিচ্ছেন। কে দেখবে বাবাকে ও চলে গেলে? কিন্তু যেতে তো হবেই! বান্ধবী সুমাইয়াকে বলছিল এই চিন্তার কথা, গেল সে। , হঠাৎ পেছনে চোখ পড়তে দেখতে পেল নতুন শাশুড়িকে । একটু দমে
অনুষ্ঠান শেষে যখন কনে বিদায়ের পালা ওর পা কিছুতেই মাটি থেকে উঠতে চাইছে না। কে দেখবে বাবাকে? আত্মীয়স্বজন অনেক আছে, কিন্তু কার সময় আছে নিজের সংসার ফেলে বাবার সাথে থাকার? ভাইটা তো নিজের যত্নই করতে জানে না, বাবাকে কি দেখবে? মনের অজান্তেই সে বারবার বাবার দিকে ফিরে ওকে টেনে নিয়ে যাওয়া নিষ্ঠুর মানুষগুলোর কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। একসময় ওরা করেই গাড়িতে তোলার চেষ্টা করল। হঠাৎ শাশুড়ি বলে বসলেন, 'থাকুক না মিলি কয়েকদিন ওর বাবার সাথে, আজই যেতে হবে কথা নেই, কদিন পর বেয়াইসাহবে একটু সুস্থ হলে আমি এসে নিয়ে যাব।
বিয়েবাড়ির লোকজনের চেহারা মনে করে মিলির হাসি পেল। যেন একেবারে বজ্রপাতে সবাই মারা পড়েছে একসাথে! কিন্তু ওর চোখ পড়ল সদ্য স্বামী হওয়া আসাদের চেহারায়। বেচারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না মা নতুন বৌকে রেখে যাবার কথা বলছেন! মিলিও জানে আজ যাওয়া আর কাল যাওয়া এক কথা নয়। কিন্তু যে ছোট ফুফি আজ রাগ করছেন যে মিলি বিয়ের পর তিনদিন পর্যন্ত বাপের বাড়ি বসে আছে তিনিও তো একবার এগিয়ে এসে বলেননি, “ঠিক আছে, আমি নাহয় তিন দিন পরেই বাড়ি যাব, আমি আছি ভাইয়ার সাথে, তুই নিশ্চিন্তে শ্বশুরবাড়ি যা'। কাজ করার সময় কেউ নেই, দোষ ধরার সময় সব হাজির!
শাশুড়িমাকে নিয়ে মিলির চিন্তা নেই। সে তাঁর উদার্য্য আর সাহসের পরিচয় পেয়েছে বিয়ের দিনই । ছোট্ট ননদটা একটু পর পর ফোন করে খবর নেয় মিলি কি করছে, কি খাচ্ছে, ওকে মিস করছে কিনা। মিলি ঠিকই টের পায় লুনা জানার চেষ্টা করছে মিলি কবে ওদের বাড়ি যাবে। কিন্তু সে আশ্চর্য হচ্ছে আসাদের ব্যবহারে। সে একবারও ফোন করেনি, দেখতে আসেনি। আফসানা বার বার যোগাযোগ করে ব্যপারটা সামাল দিচ্ছেন ঠিকই কিন্তু মিলির চোখ এড়ায়না আসাদের অভিমান। ভেতরে ভেতরে ওরও অভিমান জাগে। জাগে খানিকটা চঞ্চলতা, কবে সে কথা বলে পরিস্থিতি ঠিক করতে পারবে।
৩.
চতুর্থ দিন থেকে মাহফুজ সাহেব যথেষ্ট ভালো বোধ করতে শুরু করলেন। পঞ্চম দিন তিনি মেয়েকে বললেন, 'আর না মা, এবার চল তোকে শ্বশুরবাড়ি দিয়ে আসি। বেয়াইন আমাদের প্রতি যে চমৎকার ব্যবহার করলেন, তার মর্যাদা রাখার জন্য হলেও আমাদের আর দেরি করা উচিত নয়। বাবার সুস্থতার সাথে সাথে মিলি আসাদের ব্যপারে ভাবার সময় পাচ্ছিল অনেক, তাতে ওর উৎকণ্ঠা বাড়ছিল বৈ কমছিল না। তাই ও কিছু বলল না। কিন্তু মাহফুজ সাহেব আফসানাকে যখন জানালেন উনি মেয়েকে নিয়ে রওয়ানা দিচ্ছেন, আফসানা তাকে ঘর থেকে বের হতে বারণ করে দিয়ে নিজেই এসে হাজির হলেন, সাথে লুনা। আসাদের অনুপস্থিতি মিলিকে আহত করল কিন্তু সে কিছুই বলল না।
শ্বশুরবাড়ি গিয়ে মিলির একটু অদ্ভুত লাগছিল। নতুন বৌকে যখন ঘরে তোলা হয় তখন অনেক আয়োজন থাকে, ঘরের চারপাশে তার আলামত দেখা যাচ্ছিল কিন্তু সে কবে বাসি হয়ে গেছে! এখন মনে হচ্ছিল সে এ বাড়িতে মেহমান এসেছে। এসে দেখছে ক'দিন আগে এই বাড়িতে বিয়ে হয়েছে। কিন্তু এক্ষত্রে বৌ সে নিজেই! আফসানা ওকে বেশিক্ষণ এসব ভাবার সুযোগ দিল না। ওর ঘরে নিয়ে আলমারী খুলে দেখাল ওর জন্য প্রস্তুত করে রাখা জামা, জুতো, গহনা আর প্রয়োজনীয় সামগ্রী। লুনা এসে ওকে বাসা থেকে নিয়ে আসা জিনিসপত্র বাক্স থেকে আলমারীতে তুলে রাখতে সাহায্য করতে হাত লাগাল। মাঝে হুট করে একবার আসাদ এল। মিলি অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ‘আসসালামু আলাইকুম। লুনা মুখ টিপে হেসে ফেলল। কিন্তু আসাদ কিচ্ছু না বলে বের হয়ে গেল।
রাতে খেতে বসে আসাদ একবারও মিলির দিকে তাকাল না। খাবার পর নিজের ঘরে ঢুকে মিলি দেখল আসাদ দেয়ালের দিকে ফিরে শুয়ে পড়েছে। কিছুক্ষণ ইতস্তত করে মিলি খাটের এক কোণায় উঠে বসল।
'শুনুন'
‘শুনছি’, না ফিরেই জবাব দেয় আসাদ, গলা ভীষণ ভারী।
‘একটু কষ্ট করে এদিকে ফিরুন । 'না ফিরেই শুনতে পাচ্ছি'।
‘কিন্তু আমি আপনার চেহারা দেখতে পাচ্ছি না, প্লিজ একটু এদিকে ফিরুন'। এবার আসাদ ওর দিকে ফিরে উঠে বসে।
‘আপনি কি আমার ওপর রেগে আছেন?'
আসাদ কিচ্ছু না বলে দেয়ালের দিকে তাকিয়ে থাকে।
“আচ্ছা, ধরুন আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে বিয়ে হলে ছেলেরা বৌয়ের বাড়ি গিয়ে থাকে। আমাদের বিয়ে হল। আপনি আপনার পরিবার পরিজন, চেনা পরিচিত সবকিছু চিরতরে বিসর্জন দিয়ে আপনার বাকী জীবনটা আমার সাথে থাকার জন্য চলে আসতে যাচ্ছেন। এমন সময় আপনার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। লুনা ছোট মানুষ। ও নিজেকেই দেখাশোনা করতে পারে না, মাকে দেখবে কী? নির্ভরযোগ্য আর কেউ নেই যে আপনার অনুপস্থিতিতে মাকে দেখাশোনা করতে পারে। আপনি কি চাইবেন না মায়ের সেবা করা জন্য ক'টা দিন আমার কাছ থেকে ধার নিতে?', আসাদের দৃষ্টি মিলির দিকে নিবন্ধ হল। ‘মা তো সেই ব্যাক্তি তাই না যে আপনাকে জন্ম দিয়েছেন, দেখাশোনা করেছেন, এত্তবড় করার পেছনে যার অবদান? আপনি কি চাইবেন তাঁকে অসুস্থ অবস্থায় ফেলে আমাকে সময় দিতে নাকি মনে মনে আশা করবেন যে শুধু আপনি না বরং আমিও তাঁর পাশে থেকে আপনাকে সাহস জোগাই?' মিলির গলা রুদ্ধ হয়ে এল, 'আর আপনি...'।
আর কথা বলতে পারল না মিলি, দু'ফোঁটা অশ্রু ওর শাসন অবহেলা করেই চোখ থেকে বেরিয়ে এলো।
আসাদ ওর হাত ধরে ফেলল, “আমাকে মাফ করে দাও মিলি। আমি অভিমানে মনুষ্যত্ব খুইয়ে বসেছিলাম। ভাবিনি তুমি তোমার সব ছেড়ে আমার কাছে আসছ, আমার তো উচিত ছিল তোমার বিপদে তোমার সাথে থাকা! ভাবিনি আমার মা এমন বুঝদার একজন মানুষ, আমার উচিত ছিল তার কথা মেনে নেওয়া। আমি ভীষণ লজ্জিত মিলি। তুমি আমাকে মাফ করে দাও। যে মেয়েটা আমার জন্য সব বিলিয়ে দিতে প্রস্তুত তার জন্য আমি ক'টা দিন সময় পর্যন্ত দিতে কার্পণ্য করেছি। বল, কি করলে এই পাপের প্রায়শ্চিত্ত হবে?....
8.
পরদিন সকালে নাস্তা খাওয়ার পর আসাদ মাকে গিয়ে সরি বলল। ছেলের রাগ অভিমান এতদিন তাকে শক্ত রেখেছিল, কিন্তু ছেলের মায়া সে সহ্য করতে পারল না। আফসানার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সে তখন ছেলেকে জানাল, বহু বছর যাবত বুকের কোণে চেপে রাখা চিনচিনে ব্যাথাটার অস্তিত্বের কথা জানাল কিভাবে তাকে টেনেহিচড়ে বিয়েবাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হয়, কিভাবে মায়ের সাথে শেষ সাক্ষাতের সুযোগ তার আর হয়নি। আসাদ বুঝতে পারে মা কেন মিলিকে ওর বাবার অসুস্থতার সময় নিয়ে আসতে রাজি হননি। মায়ের প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে যায় সে। অধিকাংশ মানুষ ভাবে, 'আমি যা পাইনি তা অন্যকেও পেতে দেব না'। ওর মা ভাবেন, 'আমি যে কষ্ট পেয়েছি তা অন্যকে পেতে দেব না। সে এমন এক মহতী রমণীর সন্তান। বুকটা ভরে ওঠে ওর।
আফসানা বলে, 'যা, একবার মিলিকে ওর বাবার সাথে দেখা করিয়ে নিয়ে আয়।
ওদের যাবার পথের দিকে তাকিয়ে আফসানা প্রাণভরে নিশ্বাস নেয়। অনেকবছর পর সে টের পেল বুকের ভেতরকার দেই চিনচিনে ব্যাথাটা কবে যেন চলে গেছে!