Chapter 29 of 29
ফিরে আসা - রৌদ্রময়ী
10 min read
— সিয়াম, তুমি আমাকে বিয়ে করবে?
প্রশ্নটা শুনে সিয়াম প্রায় কফিতে দম আটকে ফেলেছিল।
— কী বললে?
লিজা হাসল। তার হাসিতে দুষ্টুমি আছে, কিন্তু চোখ দুটো বেশ সিরিয়াস।
— প্রশ্নটা খুব কঠিন কিছু না। উত্তর দিতে এত সময় লাগছে কেন?
— কারণ তুমি প্রশ্নটা করার আগে আমাকে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দাওনি।
— আচ্ছা, তাহলে প্রস্তুতি নিয়ে উত্তর দিও।
লিজা উঠে দাঁড়াল। পায়ের কাছে এসে ভেঙে পড়া একটা ঢেউ তার স্যান্ডেল ভিজিয়ে দিয়ে গেল। সে সেদিকে তাকিয়ে হেসে আবার বলল,
— তবে খুব বেশি দেরি কোরো না। আমার কিন্তু তোমাকে নিয়ে কিছু সিরিয়াস প্ল্যান আছে।
সিয়াম মেয়েটার দিকে তাকিয়ে রইল।
মাত্র তিন মাসের পরিচয়। অথচ এই তিন মাসে লিজা তার জীবনের এমন একটা জায়গা দখল করে নিয়েছে, যেখানে অন্য কাউকে সে কখনো কল্পনাও করেনি।
সেদিন সিয়াম জানত না, এই মেয়েটার সঙ্গে বিয়েটা হবে না। আরও জানত না, এই সম্পর্কের মধ্য দিয়েই সে এমন একজনের সন্ধান পাবে, যাঁকে সে এতদিন ভুলেই ছিল।
নিউ জার্সির ছোট্ট সমুদ্রসৈকত শহরটায় সামারের দিনগুলো বড় সুন্দর। রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, কাঠের তৈরি বিচ হাউস, সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো মানুষ, আর বিকেল হলেই সমুদ্রের ধারে ভিড়।
সেদিনও সৈকতে বেশ ভিড় ছিল। কয়েকজন সার্ফার বোর্ড নিয়ে পানিতে নামছে। দূরে একটা বাচ্চা তার বাবার সঙ্গে বালুর দুর্গ বানাচ্ছে। কাছের দোকান থেকে ভেসে আসছে কফি আর দারুচিনির গন্ধ।
সিয়াম আর লিজা একটা ছোট্ট ক্যাফে থেকে কফি নিয়ে সৈকতের ধারে বসেছিল।
ইউনিভার্সিটির সামার ব্রেকে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। গৃহহীন মানুষদের জন্য খাবারের প্যাকেট তৈরি করছিল তারা। লিজা এসেছিল কয়েকজন বন্ধুর সঙ্গে। সিয়ামের হাত থেকে ভুল করে এক প্যাকেট স্যুপ পড়ে গেলে মেয়েটা এমনভাবে হেসেছিল, যেন পৃথিবীতে এর চেয়ে মজার ঘটনা আর ঘটতে পারে না।
তারপর পরিচয়, কফি, লম্বা ড্রাইভ, সিনেমা। একদিন লিজা তাকে নিয়ে গিয়েছিল তার পছন্দের বইয়ের দোকানে। আরেকদিন দুজনে মিলে একটা পুরোনো শহরে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে গাড়িতে গান চলছিল, লিজা গুনগুন করে গাইছিল। সিয়াম বারবার রাস্তা থেকে চোখ সরিয়ে তার দিকে তাকাচ্ছিল।
লিজা অর্থোডক্স খ্রিষ্টান। রবিবার চার্চে যায়। বড়দিনে পরিবারের সবাই একসঙ্গে হয়। তার দাদি ছোটবেলা থেকে তাকে ধর্মের গল্প শুনিয়েছেন। ঘরের এক কোণে ছোট্ট একটা প্রার্থনার জায়গাও আছে।
সিয়াম এসব নিয়ে কখনো আপত্তি করেনি। বরং মেয়েটার এই বিশ্বাসের জায়গাটা তার ভালো লাগত।
তার নিজের জীবনে তেমন কিছু নেই।
সিয়ামের বয়স যখন আট, তখন বাবা-মায়ের বিচ্ছেদ হয়।
মা পরে বিয়ে করেন ভারতীয় এক হিন্দু ভদ্রলোককে। মানুষটা খারাপ নন। সিয়ামের সঙ্গে ভালো ব্যবহারই করেন। তবু মায়ের বাসায় গেলে একটা অস্বস্তি কাজ করে। ডাইনিং টেবিলে তিনজনের গল্পের মধ্যে নিজেকে কখনো কখনো অতিথি মনে হয়।
বাবা বিয়ে করেছেন রোমানিয়ান এক নারীকে। তিনিও যথেষ্ট আন্তরিক। বাবার সঙ্গে সিয়ামের সম্পর্কও ভালো। কিন্তু সেই বাড়িতে গেলেও নিজের জায়গাটা খুঁজে পেতে কষ্ট হয়।
বাবা-মায়ের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। জন্মদিনে ফোন আসে, ছুটির দিনে দেখা হয়, উপহারও আসে।
তবু সিয়ামের মনে হয়, তার কোনো একটা জায়গা নেই।
ছোটবেলায় ঈদের কিছু স্মৃতি আছে। বাবার সঙ্গে নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাওয়ার কথা মনে পড়ে। ঈদের সকালে সেমাই খাওয়া, আত্মীয়দের বাড়িতে যাওয়া—এসবও মনে আছে। কিন্তু বড় হতে হতে ধর্মটা তার জীবন থেকে কখন যে হারিয়ে গেছে, সে নিজেও জানে না।
নামটা মুসলিম। এর বেশি কিছু নিয়ে কখনো ভাবেনি।
কখনো কখনো তার খুব ইচ্ছে করে কাউকে আঁকড়ে ধরতে। এমন কাউকে, যার কাছে তাকে বারবার নিজের জায়গাটা বুঝিয়ে দিতে হবে না।
লিজার সঙ্গে পরিচয়ের পর প্রথমবার মনে হয়েছিল, হয়তো এমন কাউকে সে পেয়েছে।
সেদিন সৈকত থেকে ফেরার পথে গাড়িতে লিজা আবার বিয়ের প্রসঙ্গ তুলল।
— আমি মা-বাবাকে তোমার কথা বলেছি।
— কী বলেছে তারা?
— তোমাকে পছন্দ করেছে। কিন্তু একটা বিষয় নিয়ে তারা চিন্তিত।
— কী বিষয়?
লিজা একটু ইতস্তত করল।
— তুমি জানো, আমার পরিবার ধর্মকে খুব গুরুত্ব দেয়। তারা চাইবে আমি এমন কাউকে বিয়ে করি, যার সঙ্গে আমার বিশ্বাসের জায়গাটা মেলে।
সিয়াম স্টিয়ারিংয়ে হাত রেখেই বলল,
— আমি তো তোমার ধর্মকে সম্মান করি।
— জানি। কিন্তু সম্মান করা আর বিশ্বাস করা এক জিনিস নয়, সিয়াম।
সিয়াম চুপ করে গেল।
লিজা বলল,
— আমি চাই না বিয়ের পর আমাদের সন্তান হলে তাকে নিয়ে প্রতিদিন প্রশ্ন তৈরি হোক। সে কোন ধর্মে বড় হবে? চার্চে যাবে, নাকি মসজিদে? আমি চাই, এসব বিষয়ে আমরা আগে থেকেই একমত থাকি।
সিয়াম একটু বিরক্ত হয়ে বলল,
— তাহলে তুমি চাও আমি তোমার ধর্ম গ্রহণ করি?
— না। আমি চাই না তুমি আমাকে খুশি করার জন্য কোনো বিশ্বাস গ্রহণ করো। সেটা তোমার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত।
কথাটা সিয়ামের ভালো লাগল না। অথচ সে বুঝতে পারল, লিজা অন্যায় কিছু বলছে না।
সেদিন রাতে বাড়ি ফিরে অনেকক্ষণ ঘুমাতে পারল না।
একটা সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় তাকে যতটা কষ্ট দিচ্ছিল, তার চেয়ে বেশি অস্বস্তি হচ্ছিল একটা প্রশ্নে।
সে নিজে আসলে কী বিশ্বাস করে?
রাত তখন প্রায় দুটো।
সিয়াম বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। পরদিন সকালে ক্লাস আছে, অথচ ঘুম আসছে না। লিজার সঙ্গে কথাগুলো বারবার মনে পড়ছে।
কিছুক্ষণ পর ফোনে একটা ভিডিও এসে থামল। একজন ক্বারি কুরআন তিলাওয়াত করছেন। নিচে ইংরেজি অনুবাদ।
সিয়াম আরবিটা বুঝল না। তবে অনুবাদের একটা লাইন চোখে পড়তেই থেমে গেল।
Your Lord has not abandoned you, nor has He become displeased.
তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।
সিয়াম লাইনটা আবার পড়ল।
তারপর ভিডিওটা শুরু থেকে চালাল।
সূরা আদ-দুহা।
সে জানত না কেন, কথাগুলো তার এত ভালো লাগছে। গত কয়েক সপ্তাহ ধরে তার মনে হচ্ছিল, সে যেন কারও জীবনের স্থায়ী অংশ নয়। মা-বাবার আলাদা সংসার, নিজের আলাদা জীবন, লিজার সঙ্গে ভবিষ্যতের অনিশ্চয়তা—সব মিলিয়ে একটা অদ্ভুত শূন্যতা।
অথচ এই আয়াতগুলো যেন অন্য কথা বলছে।
তার রব তাকে পরিত্যাগ করেননি।
সিয়াম ফোনটা বালিশের পাশে রেখে দিল। অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল।
তারপর আবার ফোন হাতে নিল। সার্চ করল, Surah Ad-Duha English translation.
সেদিন রাতে সে আর ঘুমাতে পারেনি। তবে অস্থিরতা নিয়ে নয়, একটা অদ্ভুত কৌতূহল নিয়ে।
পরদিন সকালে কফি বানাতে বানাতে আবার আয়াতগুলোর অনুবাদ পড়ল। তারপর পুরো সূরাটা।
কিছু বুঝল, কিছু বুঝল না। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারল, কুরআন সম্পর্কে তার জানাশোনা বলতে গেলে কিছুই নেই।
সেদিন দুপুরে সে বাবাকে ফোন করল।
— ড্যাড, ছোটবেলায় তুমি আমাকে মসজিদে নিয়ে যেতে, মনে আছে?
ওপাশ থেকে বাবা একটু হেসে বললেন,
— অবশ্যই মনে আছে। হঠাৎ?
— এমনি। অনেক কিছুই তো আর মনে নেই।
বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
— তোমার দাদু তোমাকে নিয়ে খুব খুশি হতেন। তুমি ছোটবেলায় নামাজের সময় ওনার পাশে দাঁড়াতে।
সিয়াম আর কথা বাড়াল না।
ফোন রেখে অনেকক্ষণ বসে রইল।
পরের শুক্রবার ইউনিভার্সিটি থেকে ফেরার পথে সে মসজিদে গেল।
মসজিদটা খুব বড় নয়। রাস্তার পাশেই একটা সাধারণ ভবন। নিচতলায় ছোট্ট অফিস, ওপরের তলায় নামাজের জায়গা। দরজার কাছে কয়েক জোড়া জুতো, ভেতরে কার্পেটের ওপর বসে কয়েকজন কথা বলছেন।
সিয়াম একটু অস্বস্তি নিয়েই ভেতরে ঢুকল।
অনেক বছর পর মসজিদে এসেছে। অজু করার নিয়মগুলোও ঠিকমতো মনে নেই। একজন বয়স্ক লোক তাকে দেখে এগিয়ে এসে অজুর জায়গাটা দেখিয়ে দিলেন। কোনো প্রশ্ন করলেন না।
নামাজে দাঁড়িয়ে সিয়ামের মনে হচ্ছিল, সে অনেক কিছুই ভুলে গেছে। ইমামের পেছনে দাঁড়িয়ে অন্যদের অনুসরণ করছিল। কিছু জায়গায় কী পড়তে হয়, জানে না। তবু অনেকদিন পর একটা পরিচিত পরিবেশে এসে তার বুকটা হালকা লাগছিল।
নামাজ শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, সিয়াম একটু দূরে দাঁড়িয়ে থাকা ইমামকে দেখল। বয়স চল্লিশের কাছাকাছি। সাধারণ পোশাক, চোখে চশমা। কয়েকজন তরুণের সঙ্গে ইংরেজিতে কথা বলছিলেন। কথাবার্তার মধ্যে একটা সহজ ভঙ্গি।
সিয়াম এগিয়ে গেল।
— ইমাম সাহেব, একটা কথা জিজ্ঞেস করতে পারি?
— অবশ্যই।
— আপনি কি সূরা আদ-দুহা নিয়ে একটু বলতে পারবেন?
ইমাম তাকালেন।
— কেন, কোনো বিশেষ কারণে জানতে চাইছেন?
সিয়াম একটু লজ্জা পেয়ে বলল,
— কয়েকদিন আগে শুনছিলাম। একটা আয়াত ভালো লেগেছে। আসলে আমি কুরআন খুব একটা পড়িনি।
ইমাম হাসলেন।
— কোন আয়াতটা?
সিয়াম ইংরেজি অনুবাদটা বলল।
ইমাম মাথা নেড়ে বললেন,
— সূরাটার শুরুটা জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু সময় ওহি আসা বন্ধ ছিল। তখন তাঁকে নিয়ে নানা কথা বলা হচ্ছিল। এই সূরায় আল্লাহ তাঁকে আশ্বস্ত করেছেন, তাঁর রব তাঁকে পরিত্যাগ করেননি।
একটু থেমে তিনি যোগ করলেন,
— কুরআনের অনেক জায়গায় এমন সান্ত্বনা আছে। আমরা অনেক সময় নিজেদের কষ্টের মধ্যে এমনভাবে ডুবে যাই যে, আল্লাহর কথা মনে থাকে না। অথচ তাঁর বাণী আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমরা একা নই।
সিয়াম কথাগুলো শুনছিল।
ইমাম জানতে চাইলেন,
— আপনি কি এখানে পড়াশোনা করেন?
— জি। পাশের ইউনিভার্সিটিতে।
— আমিও সেখানে পড়াই। দর্শন বিভাগে। ধর্মতত্ত্ব নিয়েও কাজ করি।
সিয়াম একটু অবাক হলো।
তারপর কথায় কথায় নিজের কথা বলল। বাবা-মায়ের বিচ্ছেদ, দুই বাড়িতে নিজেকে অতিথি মনে হওয়া, ধর্ম থেকে দূরে সরে যাওয়া—সবকিছু।
ইমাম মন দিয়ে শুনলেন। কোনো উপদেশের বন্যা বইয়ে দিলেন না।
শেষে শুধু বললেন,
— একটা কাজ করতে পারেন। প্রতিদিন অল্প করে কুরআনের অনুবাদ পড়বেন। বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন। ধর্মের দিকে ফিরতে গেলে একদিনেই সব শিখে ফেলতে হবে, এমন কোনো কথা নেই।
সিয়াম জিজ্ঞেস করল,
— কোথা থেকে শুরু করব?
— যেখান থেকে আপনার আগ্রহ তৈরি হয়েছে, সেখান থেকেই শুরু করুন।
সেদিন মসজিদ থেকে বেরিয়ে সিয়াম রাস্তার পাশের একটা বইয়ের দোকানে গেল। ইংরেজি অনুবাদসহ কুরআনের একটা কপি কিনল।
পরের কয়েক সপ্তাহে সিয়ামের জীবন খুব নাটকীয়ভাবে বদলে গেল, এমন নয়।
সে এখনো ইউনিভার্সিটিতে যায়, বন্ধুদের সঙ্গে কফি খায়, লিজার সঙ্গে দেখা করে। তবে রাতে ঘুমানোর আগে কিছুটা সময় কুরআনের অনুবাদ পড়তে শুরু করেছে।
কখনো একটা আয়াত পড়ে থেমে যায়। কখনো একই অর্থ বারবার পড়ে। কিছু জায়গায় প্রশ্ন তৈরি হয়। সেগুলো লিখে রাখে। শুক্রবার মসজিদে গিয়ে ইমামের সঙ্গে আলোচনা করে।
একদিন সূরা আল-বাকারার একটা আয়াত পড়ে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। আরেকদিন সূরা আর-রহমানের তিলাওয়াত শুনতে শুনতে মনে হলো, এই কথাগুলো এত সুন্দর অথচ সে এতদিন জানতই না।
তারপর নামাজ শেখা শুরু করল।
প্রথম দিকে ফোনে দেখে দেখে পড়ত। কোথায় কী বলতে হয়, ভুলে যেত। মাঝে মাঝে নিজের ভুলে নিজেই হাসত। কিন্তু এবার তার আর লজ্জা লাগত না।
এক শুক্রবার ইমাম সাহেব তাকে বললেন,
— আপনার পড়াশোনা কেমন চলছে?
সিয়াম বলল,
— ভালো। তবে একটা জিনিস বুঝেছি, এতদিন নিজেকে অনেক কিছু জানি মনে করতাম। আসলে নিজের ধর্ম সম্পর্কেই কিছু জানতাম না।
ইমাম হেসে বললেন,
— এটা বুঝতে পারাও তো একটা শুরু।
সেদিন বাড়ি ফেরার পথে সিয়াম একটা ছোট্ট জায়নামাজ কিনল।
লিজার সঙ্গে তার সম্পর্ক তখনো চলছিল। কিন্তু দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল।
এক সন্ধ্যায় লিজা বলল,
— তুমি ইদানীং অনেক বদলে গেছ।
— খারাপ কিছু?
— না। তুমি আগের চেয়ে অনেক শান্ত। কিন্তু আমার মনে হয়, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ।
সিয়াম কিছুক্ষণ চুপ করে রইল।
— আমি নিজেকেই চিনতে চেষ্টা করছি, লিজা।
লিজা তার হাতটা ধরল।
— আমি কি তোমার সেই নতুন জীবনের অংশ হতে পারব না?
সিয়ামের বুকটা ভারী হয়ে এল।
— তুমি আমার জীবনের একটা সুন্দর অংশ। কিন্তু বিশ্বাসের জায়গাটা আমি আর এড়িয়ে যেতে পারছি না।
লিজার চোখ ভিজে উঠল।
— আমি তোমাকে ভালোবাসি, সিয়াম।
— আমিও তোমাকে ভালোবাসি।
— তাহলে?
সিয়াম জানত না কী উত্তর দেবে।
লিজা নিজের বিশ্বাস ছাড়তে পারবে না। সিয়ামও বুঝতে পারছে, তার নিজের বিশ্বাসের জায়গাটা আর অস্পষ্ট রাখা সম্ভব নয়। দুজনের ভালোবাসা সত্যি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে সব পার্থক্য মুছে ফেলা যায় না।
কিছুদিন পর তারা আলাদা হয়ে গেল।
কোনো ঝগড়া হয়নি। কেউ কাউকে দোষ দেয়নি। শুধু দুজনেই বুঝেছিল, যে ভবিষ্যৎ তারা চেয়েছিল, সেখানে একসঙ্গে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
শীতের এক গভীর রাত।
সিয়ামের ঘরে ছোট্ট একটা ল্যাম্প জ্বলছে। জানালার বাইরে বৃষ্টি পড়ছে। রাস্তার বাতিগুলো ভেজা ফুটপাতে আলো ফেলেছে।
রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেল তার।
ফোনে সময় দেখে কিছুক্ষণ শুয়ে রইল। তারপর উঠে অজু করল। জায়নামাজ বিছিয়ে দাঁড়াল।
নামাজ শেষে দুহাত তুলে বসে রইল।
লিজার কথা মনে পড়ল। সেই প্রথম দিনের কথা। সমুদ্রের ধারে বসে কফি খাওয়া, ঝিনুক কুড়ানো, হাসাহাসি। মনে পড়ল, মেয়েটা একদিন তাকে বিয়ের কথা জিজ্ঞেস করেছিল।
চোখের কোণে পানি জমল।
কিন্তু আজ তার ভেতরে শুধু হারানোর কষ্ট নেই। আছে এক ধরনের কৃতজ্ঞতা।
সে আস্তে আস্তে বলল,
— আল্লাহ, আমি জানি না, এতদিন কোথায় ছিলাম। কী খুঁজছিলাম। কত মানুষের কাছে নিজের জায়গা খুঁজেছি।
কণ্ঠটা ভারী হয়ে এল।
— আমি ভেবেছিলাম, কাউকে পেলে আমার একাকিত্ব শেষ হবে। একটা সংসার হলে হয়তো আমারও একটা ঘর হবে।
একটু থেমে আবার বলল,
— অথচ আপনি তো সবসময় ছিলেন। আমি শুধু আপনার কথা ভুলে ছিলাম।
সিয়ামের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল।
— আমার ভুলগুলো মাফ করে দিন। আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দিয়েন না। আমি যেন আবার হারিয়ে না যাই।
বাইরে বৃষ্টি থেমে গেছে।
সিয়াম জায়নামাজে বসে রইল আরও কিছুক্ষণ।
লিজার সঙ্গে তার বিয়ে হবে না। হয়তো জীবনের অনেক স্বপ্নই আর আগের মতো থাকবে না। কিন্তু আজ তার মনে হচ্ছে, সে আর শিকড়হীন নয়।
তার একটা পরিচয় আছে। একটা ঠিকানা আছে। এমন একজন আছেন, যাঁর কাছে ফিরতে কোনো অনুমতি লাগে না, কোনো দূরত্ব পেরোতে হয় না।
এতদিন সে মানুষের কাছে নিজের জন্য একটা স্থায়ী জায়গা খুঁজেছে।
আজ সে জানে, তার রবের কাছে তার জায়গাটা কখনো হারিয়ে যায়নি।
সিয়াম জানালার বাইরে তাকাল।
পূর্ব আকাশে সামান্য আলো ফুটছে।
অনেকদিন পর তার মনে হলো, সে ঠিক জায়গায় ফিরে এসেছে।
___________________
#Additional