Chapter 9 of 14
নকশী কাঁথার মাঠ – ০৯
1 min read
নয়
মত্স চেনে গহিন গম্ভ পঙ্খী চেনে ডাল ; মায় সে জানে বিটার দরদ যার কলিজার শ্যাল! নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ ; জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত। — গাজীর গান
আষাঢ় মাসে রূপীর মায়ে মরল বিকার জ্বরে, রূপা সাজু খায়নি খানা সাত আট দিন ধরে। লালন পালন যে করিত “ঠোঁটের” আধার দিয়া, সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া। ঘামলে পরে যে তাহারে করত আবের পাখা ; সেই শাশুড়ী মরে, সাজুর সব হইল ফাঁকা। সাজু রূপা দুই জনেতে কান্দে গলাগলি ; গাছের পাতা যায় যে ঝরে, ফুলের ভাঙে কলি। এত দুখের দিনও তাদের আস্তে হল গত, আবার তারা সুখেরি ঘর বাঁধল মনের মত।