Chapter 25 of 37
ঋণ পরিশোধ - মোহাম্মদ নাসির আলী
5 min read
তখন বাদশাহ আকবরের রাজত্বকাল । দিল্লিতে তাঁর রাজধানী । ইতিহাসে নিশ্চয়ই পড়েছ,বাদশাহ আকবর খুব বুদ্ধিমান ছিলেন,রাজ্য চালাবার দক্ষতাও তাঁর যথেষ্ট ছিল । যদিও নিজে তেমন বিদ্বান ছিলেন না,তবুও বিদ্বান ব্যক্তিত্বকে যথেষ্ট কদর করতেন তিনি ।গুণী,বিদ্বান,বুদ্ধিমান লোকদের জাতি-ধর্ম বিচার না করে নিজের দরবারে এনে তিনি পরম সমাদরে ঠাঁই দিতেন । আবুল ফজল,মোল্লা দোপিঁয়াজা,রাজা মানসিংহ,খান খানান,কবি গঙ্গা,ফৈজী,তানসেন,বীরবল ও তোডরমল-এই নয় জন বিশেষ জ্ঞানীলোক ছিলেন তাঁর দরবারে ।এক-এক বিষয়ে এক-একজন ছিলেন যেন একটি অমূল্য রত্ন । তাই তাঁদের নয়জনের দলটিকে বলা হত ‘নবরত্ন’।
বাদশা আকবরের এ-নবরত্নের এক ছিলেন এক গরিব ব্রাক্ষণ ।তিনি হাস্যরসিক ছিলেন আর খুব গল্প বলে আসর জমাতে পারতেন ।তাই যতই দিন যেতে লাগল বাদশা এ-ব্রাক্ষণের ওপর ততই খুশি হয়ে উঠলেন।একদিন তাঁর গল্প শুনে বললেন : তোমার গল্প শুনে আজ যেমন হেসেছি,তেমন জীবনে কোনোদিন হেসেছি বলে তো মনে পড়ে না। তুমি যেটি বকশিশ চাইবে,তা-ই দেব তোমাকে । কী চাও তুমি?
ব্রাক্ষণ তখন উঠে বাদশাকে কুর্নিশ করে বললেন : বাদশাহ্, সত্যিই যদি গরিবের ওপর খুশি হয়ে থাকেন, তা হলে আপনার জল্লাদকে হুকুম কর আমার পিঠে চাবুকের একশ ঘা দিতে । তা-ই হবে আমার মনের মতো বখশিশ ।
বাদশাহ্ এ-কথা শুনে তাজ্জব হয়ে চেয়ে রইলেন তাঁর মুখের দিকে । আমীর-ওমরাহ্ যাঁরা হাজির ছিলেন তাঁরাও অবাক! কে কবে শুনছে চাবুকের ঘা চেয়ে নিতে বখশিশের বদলে ?
বাদশাহ পুনরায় বললেন : কী তুমি চাও ঠিক করে বল । চাবুকের ঘা কি কখনও বখশিশ হতে পারে ? নিশ্চয়ই তুমি হাসি-তামাশা করছ ।
ব্রাক্ষণ করজোড়ে বলেন : হুজুরের সঙ্গে হাসি-তামাশা করব তেমন বেয়াদব আমি নই ।হয়তো আমিই প্রথম ব্যক্তি যে জাঁহাপনার কাছে এমন আজব ধরনের বখশিশ চেয়ে নিতে পারি ।কিন্তু আমি সত্যিই বলছি, একান্ত যদি আমাকে বখশিশ দিতে হয় তবে যেটি চেয়েছি তা-ই দিন । আর তা যদি না দিতে হয়,কিছুই দেবেন না জাঁহাপনা ।
বাদশাহ কিছুতেই রাজি হন না বেকুসুর একটা লোকের পিঠে চাবুক মারার হুকুম দিতে ।বখশিশ দিতে চেয়ে সাজা কী করে দেবেন ?
দরবারে নানারকম লোকই ছিল । কেউ-কেউ ছিল হিংসুটে । অল্পদিন হলো ব্রাক্ষণ এসেছেন শাহি দরবারে; কিন্তু এরই ভেতর তিনি বাদশাহের প্রিয়পাত্র হয়ে উঠেছেন । ব্রাক্ষণের এ-সৌভাগ্যে তারা তাঁকে হিংসে করত ।হিংসেয় জ্বলেপুড়ে মরতো । তাদেরই একজন টিপ্পনী কাটল : হয়তো বামুন ভেবেছে,চাবুকের পিটুনি খেয়ে ওর বুদ্ধি আরও খুলবে ।
ব্রাক্ষণ তার দিকে ফিরে বললেন : সত্যিই তা-ই । সেজন্যই ওস্তাদ তাঁর শাগরেদদের বেতের পিটুনি দেন।কোনো-না-কোনো লোক পিটুনি খেয়েই শেখে । রোগ সারাতে পিটুনি যে কেমন ভালো ঔষুধ একটু পরেই আপনারা তা দেখতে পাবেন ।
বাদশাহ দেখলেন উপায়ান্তর নেই । ব্রাক্ষণ নাছোড়বান্দা ,কিছুতেই তাঁর কথার নড়চড় হতে দেবেন না। অবশেষে নাচার হয়ে তিনি ব্রাক্ষণের পিঠে চাবুক মারতেই হুকুম দিলেন ।
জল্লাদ এসে বেচারা ব্রাক্ষণকে চাবুক মারতে শুরু করল-শপাং শপাং । পঞ্চাশ ঘা মারবার পরে হঠাত ব্রাক্ষণ হাত উঠিয়ে বলে উঠলেন : থামো,থামো,আর নয় ।
বাদশাহও বললেন : থামাও থামাও, আর মেরো না । এবার বুঝি বামুনের সুবুদ্ধির উদয় হয়েছে !
ব্রাক্ষণ বললেন : শাহানশাহর এবার আমার ঋণ পরিশোধের পালা ।আমার এক বন্ধু আছে,তার কাছে প্রতিজ্ঞা করেছি,আমার বখশিশের অর্ধেক আমি তাকে দেব । আমার সেই বন্ধুটিকে এবার এখানে আনতে অনুমতি দিন । সে বাইরে দাঁড়িয়ে আছে ।
ব্রাক্ষণের কথা শুনে আবার সবাই অবাক হয়ে রইল । বাদশাহ ভাবলেন, একটা রহস্য আছে এর ভেতর । তাই অনুমতি দিতে বিলম্ব হলো না । ব্রাক্ষণ তখন বাইরে গিয়ে ডেকে নিয়ে এলেন দেউড়িতে পাহারারত বিশালদেহী এক দারোয়ানকে । এনে বলেলন; এই আমার সেই বন্ধু,শাহানশাহ । আমার বখশিশের অর্ধেক প্রাপ্য এ-বন্ধুটির।
দারোয়ানকে দেখে বাদশাহ আকবর তাজ্জব হয়ে গেলেন ।ব্যাপার কী!তাঁর দারোয়ান কী করে এ বিদেশি ব্রাক্ষণের বন্ধু হতে পারে?
ব্রাক্ষণ তখন সব কথা বুঝিয়ে বলতে লাগলেন : দিল্লি থেকে অনেক দূরে কালপী নামক এক গ্রামে আমার বাস । অত্যন্ত গরিব আমি। বরাবর শাহানশাহর গুণগ্রাহিতার কথা শুনে আসছি । কিন্তু শাহি দরবারে হাজির হবার ভাগ্য বা সুবিধা কখনও হয়নি । একবার তাই ভারি ইচ্ছে হল দিল্লি আসতে । তারপর সত্যি একদিন পায়ে হেঁটে দিল্লি এসে হাজির হলাম। অনেক দুর হেঁটে অত্যন্ত ক্লান্ত হয়েছি,কিন্তু তবু অপার আনন্দ, এতদিনে মনের বাসনা পূর্ণ হল। দিল্লি এলাম । একপা-দুপা করে শাহি-মহলের দিকে ভয়ে-ভয়ে এগোচ্ছি । দেউড়ির কাছে আসতেই পথ আগলে দাঁড়াল হুজুরের বিশালবপু এই দারোয়ান ।
ধমক দিয়ে বলল : কোধায় যাচ্ছ ? আমি চমকে গেলাম । মিনতি করে বললাম : অনেক দূরদেশ থেকে পায়ে হেঁটে এসেছি বাবা, শাহানশাহ আকবরকে একটিবার চোখে দেখতে । আমার এ-কথায় দারোয়ানের মন ভিজল না ।সে অনেক টাকা বখশিশ চেয়ে বসল। বখশিশ না পেয়ে কাউকেই নাকি সে দরবারে ঢুকতে দেয় না । এদিকে আমার সঙ্গে নেই একটিও কানাকড়ি । কী বখশিশ দেব দারোয়ানকে ? অবশেষে ভাবতে-ভাবতে হঠাত এক বুদ্ধি খেলে গেল মাথায় । বললাম: ট্যাঁকে যে কিছু নেই তো দেখতেই পাচ্ছ । তবে হ্যাঁ, আশা আছে বাদশাহর দরবারে ঢুকে তাঁকে সন্তুষ্ট করতে পারলে কিছু এনাম নিশ্চয়ই পাব । যা-কিছু আমি পাই তার অর্ধেক তোমাকে দেব বলে ওয়াদা করছি ।আমার এ-সঙ্গত প্রস্তাবে হুজুরের দয়ালু দারোয়ান রাজি হল্ রাজি হয়ে আমাকে দরবারে ঢুকতে দিল । সে-অবধি দরবারে যাতায়াত করছি ।এতদিন হুজুরের নেকনজর আমার ওপর পড়েনি বলে ঋণ শোধেরও কোনো উপায় হয়নি । এ দারোয়ানোর দিন কেটেছে আশায় আশায় । হুজুরের দয়ায় আজ আমার সে-ঋণ পরিশোধের সুযোগ এসেছে ।
এটুকু বলে ব্রাক্ষণ হতভম্ব দারোয়ানের দিকে চেয়ে বললেন : বাদশাহ খুশি হয়ে আজ আমাকে একশ চাবুকের ঘা বখশিশ দিতে রাজি হয়েছেন । তার অর্ধেক আমি নিয়েছি । এবার বাকি অর্ধেক তোমাকে দেওয়ার পালা ।
ব্রাক্ষণের কথা শুনে উপস্থিত আরও অনেকে দারোয়ানের নামে নালিশ করল ।তারাও দারোয়ানকে বখশিশ দিয়েই দরবারে ঢুকেছে । এসব শুনে আকবর গেলেন ভীষণ চটে । তিনি হুকুম দিলেন : ওকে আচ্ছা করে পঞ্চাশ ঘা চাবুক মেরে রাজ্যের বাইরে তাড়িয়ে দাও ।
চাবুকের পিটুনি দেওয়ার কথা শুনে যে-লোকটা ব্রাক্ষণের ঠাট্টা করছিল ,এবার তার দিকে ফিরে ব্রাক্ষণ বললেন ; চাবুকের ঘা থেয়ে মানুষের জ্ঞানবুদ্ধি বাড়ে কিনা, দারোয়ানকে দেখে শিখে নিন।
সেদিনই দারোয়ানকে চাবুকে চাবুক মেরে তাড়িয়ে দেওয়া হলো । এ-ব্রাক্ষণ লোকটি কে তোমরা বোধহয় বুঝতে পেরেছে । ইনিই বিখ্যাত হাস্যরসিক বীরবল ।দরবারের অনেকেই তাঁকে ভালোবাসত। বাদশাহ্ সেদিন থেকে তাঁকে নবরত্নের এক জন করে নিলেন । তাঁকে অনেক টাকা বখশিশ দিলেন ।